02 Mar 2026 +880 1886 456688
image

Laws & Rules

জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন, ২০০৪
Click here for Deep-Dive

জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন, ২০০৪

অধ্যায়-২ : নিবন্ধক ও নিবন্ধন ( ২৯ )
৪। নিবন্ধক

(১) উপ-ধারা (২) এর বিধান সাপেক্ষে, জন্ম ও মৃত্যু নিবন্ধনের জন্য নিম্নবর্ণিত ব্যক্তিগণ নিবন্ধক হিসাবে দায়িত্ব পালন করিবেন, যথাঃ-

(ক) সিটি কর্পোরেশন এলাকায় জন্মগ্রহণকারী, মৃত্যুবরণকারী অথবা স্থায়ীভাবে বসবাসকারী ব্যক্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্পোরেশনের মেয়র বা, ক্ষেত্রমত, প্রশাসক কর্তৃক, নির্ধারিত সময় ও অধিক্ষেত্রের জন্য, ক্ষমতাপ্রাপ্ত কোন কর্মকর্তা বা কাউন্সিলর;

(খ) পৌরসভা এলাকায় জন্মগ্রহণকারী, মৃতুবরণকারী অথবা স্থায়ীভাবে বসবাসকারী ব্যক্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট পৌরসভার মেয়র বা, ক্ষেত্রমত, প্রশাসক বা তৎকর্তৃক, নির্ধারিত সময় ও অধিক্ষেত্রের জন্য, ক্ষমতাপ্রাপ্ত কোন কর্মকর্তা বা কাউন্সিলর;

(গ) ইউনিয়ন পরিষদ এলাকায় জন্মগ্রহণকারী, মৃতুবরণকারী অথবা স্থায়ীভাবে বসবাসকারী ব্যক্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা সরকার কর্তৃক, নির্ধারিত সময় ও অধিক্ষেত্রের জন্য, ক্ষমতাপ্রাপ্ত কোন কর্মকর্তা বা সদস্য;

(ঘ) ক্যান্টনমেন্ট এলাকায় জন্মগ্রহণকারী, মৃতুবরণকারী অথবা স্থায়ীভাবে বসবাসকারী ব্যক্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট ক্যান্টনমেন্ট বোর্ডের নির্বাহী কর্মকর্তা বা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোন কর্মকর্তা;

(ঙ) বিদেশে জন্মগ্রহণকারী, মৃতুবরণকারী অথবা সরকার কর্তৃক সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা নির্দিষ্ট সময় বা তারিখ পর্যন্ত বিদেশে বসবাসরত কোন বাংলাদেশীর ক্ষেত্রে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোন কর্মকর্তা।

(২) জন্ম ও মৃত্যু নিবন্ধনের জন্য একই এলাকায় একই সময়ে একাধিক ব্যক্তি নিবন্ধক হিসাবে দায়িত্ব পালন করিতে পারিবেন না।]

৫৷ নিবন্ধন

(১) জাতি, ধর্ম, বর্ণ, গোষ্ঠী, লিঙ্গ নির্বিশেষে নিবন্ধক সকল ব্যক্তির জন্ম ও মৃত্যু নিবন্ধন বহিতে নিবন্ধন করিবে৷

(২) নির্দিষ্ট সময় ও নির্ধারিত পদ্ধতিতে কোন ব্যক্তির জন্ম বা মৃত্যু নিবন্ধনের জন্য নিবন্ধকের নিকট তথ্য প্রেরণ করিতে হইবে

(৩) জন্ম ও মৃত্যু নিবন্ধনের জন্য এই ধারার অধীন তথ্য প্রদানের ক্ষেত্রে তথ্য প্রদানকারীর এই মর্মে একটি ঘোষণা থাকিবে যে, উক্ত তথ্য সঠিক এবং উক্ত জন্ম বা মৃত্যু ইতিপূর্বে নিবন্ধিত হয় নাই৷

৬৷ নিবন্ধকের দায়িত্ব

 নিবন্ধকের নিম্নবর্ণিত দায়িত্ব থাকিবে, যথা:-

(ক) সকল ব্যক্তির জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিত করা;

(খ) নিবন্ধনের জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ, এবং ফরম, রেজিস্টার ও সনদ ছাপানো অথবা সংগ্রহ;

1[(গ) নিবন্ধন সংক্রান্ত কার্যাবলী, নথিপত্র এবং নিবন্ধন বহি সংরক্ষণ করা;]

(ঘ) জন্ম ও মৃত্যু সনদ সরবরাহ করা; এবং

(ঙ) বিধি দ্বারা নির্ধারিত অন্য কোন দায়িত্

৭৷ নিবন্ধকের ক্ষমতা

(১) কোন ব্যক্তির নিবন্ধন করার জন্য তথ্যের সত্যতা যাচাই এর প্রয়োজনে নিবন্ধক নিজে অথবা তত্কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির দ্বারা তদন্ত করিতে পারিবেন৷

(২) নির্দিষ্ট সময়ের কোন ব্যক্তির জন্ম বা মৃত্যু নিবন্ধন করা না হইলে নিবন্ধক সংশ্লিষ্ট ব্যক্তির পিতা মাতা বা পুত্র বা কন্যা বা অভিভাবক অথবা নির্ধারিত কোন ব্যক্তিকে জন্ম ও মৃত্যুর তথ্য প্রদানের নির্দেশ সম্বলিত নোটিশ জারী করিতে পারিবেন৷

(৩) উপ-ধারা (১) এর অধীন তদন্তের স্বার্থে নিবন্ধক বা তত্কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি নিবন্ধন বহি তলব করিতে এবং প্রয়োজনে কোন ব্যক্তিকে সাক্ষ্য প্রদানের নোটিশ দিতে পারিবেন৷

৭ক। রেজিষ্ট্রার জেনারেল নিয়োগ, ইত্যাদি

(১) সরকার, এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে একজন রেজিস্ট্রার জেনারেল এবং প্রয়োজনীয় সংখ্যক কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ করিতে পারিবে এবং তাহাদের চাকুরির শর্তাবলী সরকার কর্তৃক স্থিরীকৃত হইবে।

(২) রেজিস্ট্রার জেনারেল এর দায়িত্ব ও কার্যাবলী বিধি দ্বারা নির্ধারিত হইবে।]

৮৷ জন্ম ও মৃত্যু তথ্য প্রদানের জন্য দায়ী ব্যক্তি

(১) শিশুর পিতা বা মাতা বা অভিভাবক বা নির্ধারিত ব্যক্তি উক্ত শিশুর জন্মের ৪৫ (পঁয়তাল্লিশ) দিনের মধ্যে জন্ম সংক্রান্ত তথ্য নিবন্ধকের নিকট প্রদানের জন্য বাধ্য থাকিবেন৷

(২) মৃত ব্যক্তির পুত্র বা কন্যা বা অভিভাবক বা নির্ধারিত ব্যক্তি মৃত্যুর 1[৪৫ (পঁয়তাল্লিশ)] দিনের মধ্যে মৃত্যু সংক্রান্ত তথ্য নিবন্ধকের নিকট প্রদানের জন্য বাধ্য থাকিবেন৷

৯৷ কতিপয় কর্মকর্তা বা কর্মচারীর দায়িত্ব

(১) নিম্নবর্ণিত ব্যক্তিগণ কোন ব্যক্তির জন্ম বা মৃত্যু নিবন্ধনের জন্য নিবন্ধকের নিকট তথ্য প্রেরণ করিতে পারিবেন, যথা:-

(ক) ইউনিয়ন পরিষদের সদস্য, এবং সচিব;

(খ) গ্রাম পুলিশ;

(গ) সিটি কর্পোরেশন বা পৌরসভার 1[কাউন্সিলর];

(ঘ) ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন অথবা ক্যান্টনমেন্ট এলাকায় নিয়োজিত স্বাস্থ্যকর্মী ও পরিবার কল্যাণ কর্মী;

(ঙ) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সেক্টরে নিয়োজিত বেসরকারী প্রতিষ্ঠানের (এনজিও) মাঠকর্মী;

(চ) কোন সরকারী বা বেসরকারী হাসপাতাল বা ক্লিনিক বা মাতৃসদন বা অন্য কোন প্রতিষ্ঠানে জন্মগ্রহণ ও মৃত্যুবরণের ক্ষেত্রে উহার দায়িত্বপ্রাপ্ত মেডিক্যাল অফিসার অথবা ডাক্তার বা ক্ষমতাপ্রাপ্ত কোন কর্মকর্তা;

(ছ) কোন গোরস্থান বা শ্মশান ঘাটের তত্ত্বাবধায়ক;

(জ) নিবন্ধক কর্তৃক নিয়োজিত অন্য কোন কর্মকর্তা বা কর্মচারী;

(ঝ) জেলখানায় জন্ম ও মৃত্যুর ক্ষেত্রে জেল সুপার বা জেলার বা তত্কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি;

(ঞ) পরিত্যক্ত শিশু বা সাধারণ স্থানে (Public Place) পড়িয়া থাকা পরিচয়হীন মৃত ব্যক্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা; এবং

(ট) নির্ধারিত অন্য কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান৷

(২) কোন ব্যক্তির জন্ম ও মৃত্যু সংক্রান্ত তথ্য উপ-ধারা (১) এ উল্লেখিত ব্যক্তির নিকট সরবরাহ করিলে তিনি নিজে উহা নিবন্ধনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করিবেন অথবা তথ্য প্রদানকারী ব্যক্তিকে নিবন্ধনের পরামর্শসহ প্রয়োজনীয় সহায়তা প্রদান করিবেন৷

১০৷ নিবন্ধক ও নিবন্ধন শিশুর নাম নির্ধারণ

জন্ম নিবন্ধনের পূর্বে শিশুর নাম নির্ধারণ করিতে হইবে:

তবে শর্ত থাকে যে, কোন শিশুর নাম নির্ধারণ করা না হইলে উক্ত শিশুর জন্ম নিবন্ধন করা যাইবে এবং সেইক্ষেত্রে নিবন্ধনের পরবর্তী ৪৫ (পঁয়তাল্লিশ) দিনের মধ্যে তাহার নাম সরবরাহ করিতে হইবে৷

১১৷ জন্ম ও মৃত্যু সনদ প্রদান

কোন ব্যক্তির আবেদনক্রমে নিবন্ধক নির্ধারিত ফি ও পদ্ধতিতে নিবন্ধিত ব্যক্তির জন্ম বা মৃত্যু সনদ প্রদান করিবেন৷

১২৷ নিবন্ধন সংক্রান্ত তথ্য অনুসন্ধান

(১) কোন ব্যক্তি নির্ধারিত ফি প্রদান সাপেক্ষে নিবন্ধন বহির যে কোন তথ্যের বা উদ্ধৃতাংশের জন্য নিবন্ধকের নিকট আবেদন করিতে পারিবেন:

তবে শর্ত থাকে যে, উপ-ধারা (১) এর অধীন প্রদত্ত উদ্ধৃতাংশে মৃত্যুর কারণ অন্তর্ভুক্ত করা যাইবে না৷

(২) উপ-ধারা (১) এর অধীন প্রদত্ত সকল তথ্য ও উদ্ধৃতাংশ নিবন্ধক কর্তৃক প্রত্যায়িত হইতে হইবে এবং উহা সাক্ষ্য হিসাবে গ্রহণযোগ্য হইবে৷

১৩৷ বিলম্বিত নিবন্ধন

ধারা ৮ এ উল্লিখিত নির্দিষ্ট সময়ের মধ্যে জন্ম বা মৃত্যুর তথ্য নিবন্ধকের নিকট প্রেরণ করা না হইলে পরবর্তী সময় উহা নির্ধারিত সময়, পদ্ধতি ও ফি প্রদান সাপেক্ষে নিবন্ধন করা যাইবে:

তবে শর্ত থাকে এই আইন কার্যকর হইবার পূর্বে জীবিত ও মৃত ব্যক্তির নিবন্ধনের ক্ষেত্রে এই আইন কার্যকর হইবার ২ (দুই) বত্সরের মধ্যে ফি এর প্রয়োজন হইবে না৷

img