02 Mar 2026 +880 1886 456688
image

Laws & Rules

কপিরাইট আইন, ২০২৩
Click here for Deep-Dive

কপিরাইট আইন, ২০২৩

দ্বিতীয় অধ্যায় : কপিরাইট অফিস, রেজিস্ট্রার এবং কপিরাইট বোর্ড, ইত্যাদি ( কপিরাইট’২৩ )
7। কপিরাইট অফিস

(১) কপিরাইট আইন, ২০০০ (২০০০ সনের ২৮ নং আইন) এর অধীন প্রতিষ্ঠিত কপিরাইট অফিস এইরূপে বলবৎ থাকিবে যেন উহা এই আইনের অধীন প্রতিষ্ঠিত।

(২) কপিরাইট অফিস কপিরাইট রেজিস্ট্রারের প্রত্যক্ষ নিয়ন্ত্রণাধীন থাকিবে এবং তিনি সরকারের তত্ত্বাবধান ও নির্দেশ সাপেক্ষে, তাহার দায়িত্ব পালন করিবেন।

(৩) কপিরাইট অফিসের একটি সাধারণ সিলমোহর থাকিবে।

৮। কপিরাইট অফিসের কার্যাবলি

এই আইনের উদ্দেশ্যপূরণকল্পে, কপিরাইট অফিসের কার্যাবলি হইবে নিম্নরূপ, যথা:-

(ক) কোনো কর্মের নিবন্ধনকরণ ও সনদপত্র প্রদান;

(খ) কপিরাইট বিষয়ে উদ্ভূত বিরোধসমূহ নিষ্পত্তিকরণ;

(গ) বিদেশি ভাষা হইতে বাংলা ভাষায় অনুবাদ বা পুনঃপ্রকাশের লাইসেন্স প্রদান;

(ঘ) সম্প্রচার সংক্রান্ত বিদেশি কর্মের বাংলায় অনুবাদ করিবার লাইসেন্স প্রদান;

(ঙ) কপিরাইট রেজিস্ট্রিকৃত কর্মের অবৈধ কপি আমদানি বন্ধকরণ;

(চ) সাহিত্যকর্ম বা নাট্যকর্মের অনুবাদ, প্রকাশ কিংবা পুনরুৎপাদনের লাইসেন্স প্রদান;

(ছ) কপিরাইট সমিতি বা Collective Management Organization (CMO) নিবন্ধনকরণ;

(জ) কপিরাইট সংক্রান্ত রেজিস্ট্রিকৃত কর্মের নমুনা সংরক্ষণ;

(ঝ) কপিরাইট স্বত্বাধিকারী ও স্বার্থ সংশ্লিষ্টদের স্বার্থ সংরক্ষণ;

(ঞ) লোকসংস্কৃতি ও লোকজ্ঞান সংরক্ষণ;

(ট) কপিরাইট বিষয়ে সরকারকে, সময় সময়, পরামর্শ প্রদান;

(ঠ) শৈল্পিক (artistic) কার্যক্রমকে প্রণোদনা ও উৎসাহ প্রদান; এবং

(ড) সরকার নির্ধারিত অন্য যে কোনো বিষয়।

৯। রেজিস্ট্রার ও অন্যান্য কর্মচারী নিয়োগ, ইত্যাদি

(১) এই আইনের উদ্দেশ্যপূরণকল্পে, সরকার, একজন কপিরাইট রেজিস্ট্রার এবং প্রয়োজনীয় সংখ্যক অতিরিক্ত কপিরাইট রেজিস্ট্রার, ডেপুটি কপিরাইট রেজিস্ট্রার, সহকারী কপিরাইট রেজিস্ট্রার ও অন্যান্য কর্মচারী নিয়োগ করিতে পারিবে এবং তাহাদের চাকুরির শর্তাবলি বিধি দ্বারা নির্ধারিত হইবে।

(২) রেজিস্ট্রার এই আইনে বর্ণিত এবং বিধি দ্বারা নির্ধারিত দায়িত্ব পালন করিবেন।

(৩) অতিরিক্ত কপিরাইট রেজিস্ট্রার, ডেপুটি কপিরাইট রেজিস্ট্রার, সহকারী কপিরাইট রেজিস্ট্রার ও অন্যান্য কর্মচারী রেজিস্ট্রারের তত্ত্বাবধান ও নির্দেশ সাপেক্ষে, দায়িত্ব পালন করিবেন।

(৪) রেজিস্ট্রার তাহার যে কোনো দায়িত্ব অতিরিক্ত কপিরাইট রেজিস্ট্রার, ডেপুটি কপিরাইট রেজিস্ট্রার বা সহকারী কপিরাইট রেজিস্ট্রারকে অর্পণ করিতে পারিবেন।

(৫) কোনো কারণে রেজিস্ট্রারের পদ শূন্য হইলে বা তিনি তাহার দায়িত্ব পালনে অক্ষম হইলে, পরবর্তী রেজিস্ট্রার নিযুক্ত না হওয়া পর্যন্ত বা তিনি দায়িত্ব পালনে সক্ষম না হওয়া পর্যন্ত সরকার, অতিরিক্ত কপিরাইট রেজিস্ট্রারগণের মধ্য হইতে যিনি জ্যেষ্ঠ তাহাকে রেজিস্ট্রারের দায়িত্ব পালনের আদেশ প্রদান করিতে পারিবে।

১০। রেজিস্ট্রারের ক্ষমতা

(১) কোনো কর্মের কপিরাইট বা, ক্ষেত্রমত, সম্পৃক্ত অধিকার সংক্রান্ত কোনো অভিযোগ দাখিল করা হইলে, রেজিস্ট্রার স্বয়ং বা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা যথাযথ তদন্তপূর্বক উহার প্রকৃত মালিকানা নির্ধারণ করিতে পারিবেন :

তবে শর্ত থাকে যে, এইরূপ মালিকানা সংক্রান্ত কার্যধারা গ্রহণের পর রেজিস্ট্রার বিরোধীয় স্বত্ব সংশ্লিষ্ট কর্মের উপর যেকোনো পক্ষের দাবি স্থগিত করিতে পারিবেন এবং ক্ষেত্রবিশেষে আপত্তিটি মীমাংসা না হওয়া পর্যন্ত কোনো পক্ষ উক্ত কর্মের প্রকাশ, উৎপাদন, পুনরুৎপাদন, সম্প্রাচার, পরিবেশন বা বাজারজাত করিবার উপর নিষেধাজ্ঞা আরোপ করিতে পারিবেন :

আরও শর্ত থাকে যে, তদন্তে অভিযোগটি সঠিক প্রমাণিত হইলে রেজেস্ট্রার দোষী ব্যক্তিকে, বিধি দ্বারা নির্ধারিত পরিমাণ অর্থ ক্ষতিপূরণ আরোপ করিতে পারিবেন।

(২) রেজিস্ট্রার, এই আইনে ভিন্নরূপ কোনো বিধান না থাকিলে, যেরূপ যুক্তসঙ্গত বিবেচনা করিবেন, সেইরূপ আদেশ প্রদান করিতে পারিবেন এবং উক্তরূপ আদেশ দেওয়ানি আদালতের ডিক্রির ন্যায় কার্যকর হইবে।

(৩) যদি রেজিস্ট্রারের নিকট প্রতীয়মান হয় যে, এই ধারার অধীন গৃহীত কার্যধারায় আদেশ প্রদানের সময় সাক্ষ্য সম্পর্কে কোনো নূতন ও গুরুত্বপূর্ণ বিষয় উদঘাটিত হইয়াছে বা উপস্থাপিত সাক্ষ্য প্রমাণে কোনো ভুলত্রুটি রহিয়াছে, তাহা হইলে, নির্ধারিত পদ্ধতিতে, দাখিলকৃত আবেদনের ভিত্তিতে অথবা নিজ উদ্যোগে রেজিস্ট্রার তাহার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করিতে পারিবেন।

১১। কপিরাইট বোর্ড

(১) এই আইনের উদ্দেশ্যপূরণকল্পে, কপিরাইট বোর্ড নামে একটি বোর্ড থাকিবে যাহা ১ (এক) জন চেয়ারম্যান ও অন্যূন ২ (দুই) জন কিন্তু অনধিক ৬ (ছয়) জন সদস্য সমন্বয়ে গঠিত হইবে।

(২) কপিরাইট বোর্ডের চেয়ারম্যান ও সদস্যগণ সরকার কর্তৃক নিযুক্ত হইবেন, তবে কপিরাইট আইন বিষয়ে পারদর্শী ও অভিজ্ঞ ব্যক্তিগণের মধ্য হইতে সরকার অন্যূন একজনকে সদস্য হিসাবে নিয়োগ করিবে।

(৩) কপিরাইট বোর্ডের চেয়ারম্যান ও সদস্যগণ সরকার কর্তৃক নির্ধারিত মেয়াদ ও শর্তাধীনে স্বীয় পদে বহাল থাকিবেন।

(৪) রেজিস্ট্রার বোর্ডের সাচিবিক দায়িত্ব পালন করিবেন।

(৫) কোনো কারণে বোর্ডের চেয়ারম্যানের পদ শূন্য হইলে বা তিনি তাহার দায়িত্ব পালনে অক্ষম হইলে, পরবর্তী চেয়ারম্যান নিযুক্ত না হওয়া পর্যন্ত বা তিনি দায়িত্ব পালনে সক্ষম না হওয়া পর্যন্ত সরকার, বোর্ডের একজন জ্যেষ্ঠ সদস্যকে চেয়ারম্যানের দায়িত্ব পালনের আদেশ প্রদান করিতে পারিবে, তবে এইরূপ আদেশের মেয়াদ ৬ (ছয়) মাসের অধিক হইবে না।

১২। বোর্ডের কার্যাবলি

(১) নিম্নবর্ণিত কোনো বিষয়ে বিরোধ দেখা দিলে বিরোধটি বোর্ডের নিকট প্রেরণ করা যাইবে, যথা :-

(ক) কোনো কর্ম প্রকাশিত হইয়াছে কিনা অথবা কর্মটির প্রকাশনার তারিখ ও কপিরাইটের মেয়াদ সম্পর্কে;

(খ) অন্য কোনো দেশে কোনো কর্মের কপিরাইটের মেয়াদ এই আইনের অধীন উক্ত কর্মের কপিরাইটের মেয়াদ হইতে সংক্ষিপ্ততর কিনা;

(গ) সংগীত কর্মের স্বত্ব; অথবা

(ঘ) রয়্যালটির হার সম্পর্কে।

(২) বোর্ডের নিকট বিরোধীয় বিষয় দাখিল ও উহা নিষ্পত্তির পদ্ধতি বিধি দ্বারা নির্ধারিত হইবে

(৩) উপধারা (১) এ বর্ণিত কোনো বিরোধীয় বিষয়ে বোর্ডের সিদ্ধান্ত চূড়ান্ত হইবে।

(৪) এই আইনের কোনো বিধানের লঙ্ঘন বোর্ডের গোচরীভূত করা হইলে, বোর্ড উহার প্রতিবিধানকল্পে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করিতে পারিবে।

(৫) এই ধারার উদ্দেশ্যপূরণকল্পে, বোর্ড, ফৌজদারি কার্যবিধির section 480 ও 482 অনুযায়ী একটি দেওয়ানি আদালতরূপে গণ্য হইবে এবং ব্যবস্থা গ্রহণের জন্য বোর্ডের নিকট উপস্থাপিত সকল বিষয় Penal Code, 1860 (Act No. XLV of 1860) এর section 193 ও 228 এর অর্থে বিচার বিভাগীয় কার্যক্রম হিসাবে গণ্য হইবে।

(৬) বোর্ড, রেজিস্ট্রার কর্তৃক প্রদত্ত যে কোনো আদেশ বহাল রাখিতে বা উহার সংশোধন করিতে পারিবে।

(৭) বোর্ডের কোনো সদস্য বোর্ডের নিকট উত্থাপিত এইরূপ কোনো কার্যধারায় অংশগ্রহণ করিবেন না যাহাতে তাহার ব্যক্তিগত স্বার্থ রহিয়াছে।

(৮) রেজিস্ট্রারের কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে বোর্ড কর্তৃক শুনানি গ্রহণকালে রেজিস্ট্রার বোর্ডের সাচিবিক দায়িত্ব হিসাবে শুনানিতে নথিপত্র ইত্যাদি উপস্থাপন করিতে পারিবেন কিন্তু বোর্ডের কার্যধারায় অংশগ্রহণ করিতে পারিবেন না।

১৩। বোর্ডের সভা ও কার্যপদ্ধতি

(১) এই ধারার অন্যান্য বিধান সাপেক্ষে, বোর্ড উহার সভার কার্যপদ্ধতি নির্ধারণ করিবে।

(২) বোর্ডের চেয়ারম্যান কর্তৃক নির্ধারিত সময়, তারিখ ও স্থানে বোর্ডের সভা অনুষ্ঠিত হইবে:

তবে শর্ত থাকে যে, অনধিক ৯০ (নব্বই) দিন অন্তর বোর্ডের অন্যূন একটি সভা অনুষ্ঠিত হইবে।

(৩) বোর্ডের চেয়ারম্যান ও অন্যূন ২ (দুই) জন সদস্যের উপস্থিতিতে সভার কোরাম গঠিত হইবে।

(৪) উপস্থিত সদস্যগণের সংখ্যাগরিষ্ঠ ভোটে সভার সিদ্ধান্ত গৃহীত হইবে, তবে ভোটের সমতার ক্ষেত্রে বোর্ডের চেয়ারম্যানের দ্বিতীয় বা নির্ণায়ক ভোট প্রদানের ক্ষমতা থাকিবে।

(৫) বোর্ডের কোনো সদস্যপদ শূন্য রহিয়াছে বা বোর্ড গঠনে ত্রুটি রহিয়াছে কেবল এই কারণে বোর্ডের কোনো কার্য বা কার্যধারা অবৈধ হইবে না বা উহার বৈধতা লইয়া প্রশ্ন করা যাইবে না।

img