- ২২। প্রকাশিত সাহিত্য, নাটক, সংগীত ও শিল্পকর্মে কপিরাইটের মেয়াদ
- ২৩। চলচ্চিত্রের কপিরাইটের মেয়াদ
- ২৪। শব্দ-ধ্বনি রেকডিং এর কপিরাইটের মেয়াদ
- ২৫। ফটোগ্রাফের কপিরাইটের মেয়াদ
- ২৬। তথ্য প্রযুক্তি-ভিত্তিক ডিজিটাল কর্মের কপিরাইটের মেয়াদ
- ২৭। অজ্ঞাতনামা বা ছদ্মনামীয় কর্মের কপিরাইটের মেয়াদ
- ২৮। সরকারি কর্মের কপিরাইটের মেয়াদ
- ২৯। আন্তর্জাতিক সংস্থার কর্মের কপিরাইটের মেয়াদ
পঞ্চম অধ্যায় : কপিরাইটের মেয়াদ ( কপিরাইট’২৩ )
২২। প্রকাশিত সাহিত্য, নাটক, সংগীত ও শিল্পকর্মে কপিরাইটের মেয়াদ
(১) প্রণেতার জীবনকালে প্রকাশিত কোনো সাহিত্য, নাটক, সংগীত বা শিল্পকর্মের (ফটোগ্রাফ ব্যতীত) কপিরাইট তাহার জীবদ্দশায় এবং তাহার মৃত্যুর পরবর্তী ৬০ (ষাট) বৎসর পর্যন্ত বিদ্যমান থাকিবে।
(২) প্রণেতার মৃত্যুর তারিখে কপিরাইট বিদ্যমান থাকে এইরূপ সাহিত্য, নাট্য বা সংগীত কর্ম বা খোদাই-কর্ম, বা অনুরূপ কর্মের যৌথ প্রণেতার ক্ষেত্রে, যিনি শেষে মৃত্যুবরণ করিয়াছেন তাহার মৃত্যুর তারিখে বা উক্ত তারিখের পূর্বে কিন্তু যাহা বা যাহার অভিযোজন উক্ত তারিখের পূর্বে হয় নাই, তদ্রুপ ক্ষেত্রে, কর্মটির প্রথম প্রকাশের পরবর্তী বৎসরের শুরু হইতে বা কমিটির কোনো অভিযোজন পূর্ববর্তী কোনো বৎসরে প্রকাশিত হইয়া থাকিলে সে বৎসরের পরবর্তী বৎসরের শুরু হইতে ৬০ (ষাট) বৎসর পর্যন্ত কপিরাইট বিদ্যমান থাকিবে।
ব্যাখ্যা।- এই ধারার উদ্দেশ্যপূরণকল্পে, সাহিত্য, নাট্য বা সংগীত কর্ম বা উক্ত কর্মের অভিযোজন প্রকাশিত হইয়াছে বলিয়া গণ্য হইবে যদি উক্ত কর্মের বিষয়ে তৈরি কোনো রেকর্ড জনসাধারণের নিকট বিক্রয় বা বিক্রয়ের প্রস্তাব করা হইয়া থাকে।
২৩। চলচ্চিত্রের কপিরাইটের মেয়াদ
যে কোনো ধরন বা যে কোনো দৈর্ঘ্যের চলচ্চিত্রের ক্ষেত্রে যে বৎসর কর্মটি প্রকাশিত হইয়াছে তাহার পরবর্তী ৬০ (ষাট) বৎসর পর্যন্ত কপিরাইট বিদ্যমান থাকিবে।
২৪। শব্দ-ধ্বনি রেকডিং এর কপিরাইটের মেয়াদ
কোনো শব্দ-ধ্বনি রেকর্ডিং এর ক্ষেত্রে যেই বৎসর উহা প্রকাশিত হইয়াছে তাহার পরবর্তী ৬০ (ষাট) বৎসর পর্যন্ত কপিরাইট বিদ্যমান থাকিবে।
২৫। ফটোগ্রাফের কপিরাইটের মেয়াদ
ফটোগ্রাফের ক্ষেত্রে যেই বৎসর ফটোগ্রাফটি প্রকাশিত হইয়াছে তাহার পরবর্তী ৬০ (ষাট) বৎসর পর্যন্ত কপিরাইট বিদ্যমান থাকিবে।
২৬। তথ্য প্রযুক্তি-ভিত্তিক ডিজিটাল কর্মের কপিরাইটের মেয়াদ
তথ্য প্রযুক্তি-ভিত্তিক ডিজিটাল কর্মের ক্ষেত্রে যে বৎসর কর্মটি প্রথম প্রকাশিত হইয়াছে তাহার পরবর্তী ৬০ (ষাট) বৎসর পর্যন্ত কপিরাইট বিদ্যমান থাকিবে।
২৭। অজ্ঞাতনামা বা ছদ্মনামীয় কর্মের কপিরাইটের মেয়াদ
অজ্ঞাতনামা বা ছদ্মনামে প্রকাশিত কোনো সাহিত্য, নাটক সংগীত বা শিল্পকর্মের ক্ষেত্রে, বিধি দ্বারা নির্ধারিত শর্ত ও সীমা সাপেক্ষে, যে বৎসর কর্মটি প্রথম প্রকাশিত হইয়াছে তাহার পরবর্তী ৬০ (ষাট) বৎসর পর্যন্ত কপিরাইট বিদ্যমান থাকিবে:
তবে শর্ত থাকে যে, উক্ত মেয়াদ শেষ হইবার পূর্বে প্রণেতার পরিচয় প্রকাশ পাইলে, যে বৎসর প্রণেতার মৃত্যু হয় তাহার পরবর্তী ৬০ (ষাট) বৎসর পর্যন্ত কপিরাইট বিদ্যমান থাকিবে
২৮। সরকারি কর্মের কপিরাইটের মেয়াদ
কোনো সরকারি কর্মের কপিরাইটের ক্ষেত্রে, যে বৎসর কর্মটি প্রথম প্রকাশিত হইয়াছে তাহার পরবর্তী ৬০ (ষাট) বৎসর পর্যন্ত কপিরাইট বিদ্যমান থাকিবে।
২৯। আন্তর্জাতিক সংস্থার কর্মের কপিরাইটের মেয়াদ
ধারা ৬৩ প্রযোজ্য হয় এইরূপ কোনো আন্তর্জাতিক সংস্থার কর্মের ক্ষেত্রে, যে বৎসর কর্মটি প্রথম প্রকাশিত হইয়াছে তাহার পরবর্তী ৬০ (ষাট) বৎসর পর্যন্ত কপিরাইট বিদ্যমান থাকিবে।