04 Mar 2026 +880 1886 456688
image

Laws & Rules

বাংলাদেশ শিল্প-নকশা আইন, ২০২৩
Click here for Deep-Dive

বাংলাদেশ শিল্প-নকশা আইন, ২০২৩

ষষ্ঠ অধ্যায় : বিবিধ ( শিল্প-নকশা আঃ’২৩ )
৩২। শিল্প-নকশা প্রতিনিধি নিয়োগ

(১) এই আইনের অধীন কোনো আবেদনকারীর সাধারণ বাসস্থান বা প্রধান ব্যবসাস্থল বাংলাদেশের বাহিরে অবস্থিত হইলে, তিনি বাংলাদেশে বসবাসকারী কোনো ব্যক্তিকে তাহার শিল্প-নকশা প্রতিনিধি হিসাবে নিয়োগ করিবেন।

(২) বাংলাদেশে বসবাসকারী কোনো আবেদনকারী, প্রয়োজনে, বাংলাদেশে বসবাসকারী যে কোনো ব্যক্তিকে তাহার শিল্প-নকশা প্রতিনিধি হিসাবে নিয়োগ করিতে পারিবেন।

(৩) শিল্প-নকশা প্রতিনিধি হিসাবে নিয়োগের যোগ্যতা ও অন্যান্য শর্তাবলি, নিবন্ধন এবং আনুষঙ্গিক অন্যান্য বিষয় বিধি দ্বারা নির্ধারিত হইবে।

৩৩। অনুসন্ধান

 (১) কোনো ব্যক্তি নির্ধারিত ফরমে, পদ্ধতিতে ও ফি প্রদান করিয়া কোনো শিল্প-নকশার অনুসন্ধানের জন্য আবেদন করিতে পারিবেন।

(২) অনুসন্ধান সম্পর্কিত অন্যান্য বিষয়াদি বিধি দ্বারা নির্ধারিত হইবে।

৩৪। বিধি প্রণয়নের ক্ষমতা

 এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, বিধি প্রণয়ন করিতে পারিবে।

৩৫। মোবাইল কোর্ট আইন, ২০০৯ এর প্রয়োগ

এই আইনে বর্ণিত অপরাধসমূহ মোবাইল কোর্ট আইন, ২০০৯ (২০০৯ সনের ৫৯ নং আইন) এর তপশিলভুক্ত হওয়া সাপেক্ষে, মোবাইল কোর্ট কর্তৃক বিচার্য হইবে।

৩৬। ২০০১ সনের ১৯ নং আইন এর সংশোধন

ট্রেডমার্ক আইন, ২০০৯ (২০০৯ সনের ১৯ নং আইন) এর যে সকল স্থানে “ট্রেডমার্ক নিবন্ধক” শব্দগুলি রহিয়াছে সে সকল স্থানে “মহাপরিচালক” শব্দটি প্রতিস্থাপিত হইবে।

৩৭। ২০১৩ সনের ৫৪ নং আইন এর সংশোধন

ভৌগলিক নির্দেশক পণ্য (নিবন্ধন ও সুরক্ষা) আইন, ২০১৩ (২০১৩ সনের ৫৪ নং আইন) এর যে সকল স্থানে “রেজিস্ট্রার" শব্দটি রহিয়াছে সে সকল স্থানে “মহাপরিচালক” শব্দটি প্রতিস্থাপিত হইবে।

৩৮। ২০২২ সনের ৫ নং আইন এর সংশোধন

বাংলাদেশ পেটেন্ট আইন, ২০২২ (২০২২ সনের ৫ নং আইন) এর যে সকল স্থানে “রেজিস্ট্রার” শব্দটি রহিয়াছে সে সকল স্থানে “মহাপরিচালক" শব্দটি প্রতিস্থাপিত হইবে।

৩৯। আন্তর্জাতিক চুক্তির প্রয়োগ

বাংলাদেশ শিল্প-নকশা সম্পর্কিত কোনো আন্তর্জাতিক চুক্তির পক্ষভুক্ত হইলে উহার বিধানসমূহ এই আইনের সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রযোজ্য হইবে।

৪০। রহিতকরণ ও হেফাজত

(১) এই আইন প্রবর্তনের সঙ্গে সঙ্গে The Patents And Designs Act, 1911 (Act No. II of 1911), অতঃপর উক্ত Act বলিয়া উল্লিখিত, এতদ্দ্বারা রহিত হইবে।

(২) উক্ত Act রহিত হইবার সঙ্গে সঙ্গে-

(ক) উহার অধীন প্রতিষ্ঠিত Department of Patents, Designs and Trade Marks, অতঃপর বিলুপ্ত Department বলিয়া উল্লিখিত, বিলুপ্ত হইবে;

(খ) বিলুপ্ত Department কর্তৃক বা উহার বিরুদ্ধে দায়েরকৃত কোনো মামলা বা কার্যধারা অধিদপ্তর কর্তৃক বা উহার বিরুদ্ধে মামলা বা কার্যধারা বলিয়া গণ্য হইবে; এবং

(গ) বিলুপ্ত Department এর সকল কর্মকর্তা ও কর্মচারী অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারী হইবেন এবং এই আইন প্রবর্তনের অব্যবহিত পূর্বে তাহারা যে শর্তাধীনে চাকরিতে ছিলেন, উহা এই আইনের বিধান অনুযায়ী পরিবর্তন না হওয়া পর্যন্ত, সেই একই শর্তে চাকরিরত থাকিবেন।

(৩) উক্ত Act রহিত হওয়া সত্ত্বেও-

(ক) উহার অধীন কৃত কোনো কার্য, গৃহীত কোনো ব্যবস্থা, প্রণীত কোনো বিধি বা প্রবিধান, জারীকৃত কোনো প্রজ্ঞাপন, প্রকাশিত কোনো বিজ্ঞপ্তি, প্রদত্ত কোনো আদেশ, নির্দেশ, নোটিশ, অনুমোদন এবং মঞ্জুরকৃত কোনো লাইসেন্স এই আইনের কোনো বিধানের সহিত অসঙ্গতিপূর্ণ না হওয়া সাপেক্ষে, এই আইন এবং বাংলাদেশ পেটেন্ট আইন, ২০২২ (২০২২ সনের ৫ নং আইন) এর অনুরূপ বিধানের অধীন কৃত, গৃহীত, প্রণীত, জারীকৃত, প্রকাশিত, প্রদত্ত, অনুমোদিত এবং মঞ্জুরকৃত বলিয়া গণ্য হইবে, এবং মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত বা এই আইন এবং বাংলাদেশ পেটেন্ট আইন, ২০২২ (২০২২ সনের ৫ নং আইন) এর অধীন রহিত বা সংশোধিত না হওয়া পর্যন্ত বলবৎ থাকিবে; এবং

(খ) চলমান কোনো কার্যক্রম বা আবেদন এই আইন এবং বাংলাদেশ পেটেন্ট আইন, ২০২২ (২০২২ সনের ৫ নং আইন) এর অধীন অব্যাহত থাকিবে এবং নিষ্পন্ন করিতে হইবে।

৪১। ইংরেজিতে অনূদিত পাঠ প্রকাশ

(১) এই আইন কার্যকর হইবার পর সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, এই আইনের মূল বাংলা পাঠের ইংরেজিতে অনূদিত একটি নির্ভরযোগ্য পাঠ (Authentic English Text) প্রকাশ করিবে।

(২) এই আইনের বাংলা পাঠ ও ইংরেজি পাঠের মধ্যে বিরোধের ক্ষেত্রে বাংলা পাঠ প্রাধান্য পাইবে।

img