02 Mar 2026 +880 1886 456688
image

Laws & Rules

বাংলাদেশ পেটেন্ট আইন, ২০২৩
Click here for Deep-Dive

বাংলাদেশ পেটেন্ট আইন, ২০২৩

অষ্টম অধ্যায় : ইউটিলিটি মডেল পেটেন্ট ( পেটেন্ট আঃ’২৩ )
৪২। ইউটিলিটি মডেল পেটেন্ট এর সংজ্ঞা ও এর সুরক্ষা বহির্ভূত বিষয়সমূহ

(১) “ইউটিলিটি মডেল পেটেন্ট” অর্থ সরকার কর্তৃক প্রদত্ত পেটেন্ট অধিকার, যাহা কোনো পণ্যের বা সংযোজনের গঠন বা আকৃতির সহিত সম্পৃক্ত, শিল্প ক্ষেত্রে ব্যবহারের উপযুক্ত, এবং যাহাতে প্রযুক্তির অগ্রগতির বৈশিষ্ট্য রহিয়াছে এবং যাহা জ্ঞাতপূর্বত্বের আওতাবহির্ভূত এবং এই আইনের অধীন নিবন্ধিত।

(২) নিম্নবর্ণিত বিষয়সমূহ ইউটিলিটি মডেল হিসাবে সুরক্ষা বহির্ভূত হইবে, যথা:-

(ক) ডিভাইসের কোনো প্রক্রিয়া বা পদ্ধতি;

(খ) থিউরি বা আবিষ্কারসমূহ;

(গ) স্বতন্ত্রভাবে কম্পিউটার প্রোগ্রাম;

(ঘ) যদি বায়োটেকনোলজি বা মাইক্রোবায়োলজি বা ফার্মাসিউটিক্যাল বা অ্যাগ্রো-কেমিক্যাল কম্পোজিশন এর অধীন দাবিকৃত বিষয়বস্তু এই আইনের অধীন নিষিদ্ধ হয়;

(ঙ) যদি জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর বা জনশৃঙ্খলা ও নৈতিকতা বিরোধী হয়;

(চ) কোনো গঠন বা কেমিক্যাল যৌগ বা লিকুইড ব্যালাস্ট, রাস্তার জন্য ব্যবহৃত অমসৃণ দানা সংশ্লিষ্ট পণ্য যাহা কোনো নির্দিষ্ট আকৃতি ধারণ করে না;

(ছ) পরিচিত বস্তুর নূতন ব্যবহারসহ একটি ব্যবহার অথবা বংশক্রমসহ প্রাকৃতিকভাবে প্রাপ্ত জৈবিক (বায়োলজিক্যাল) উপাদান, সম্পূর্ণ হউক বা আংশিক;

(জ) এই আইনের অধীন নিষিদ্ধ কোনো প্রক্রিয়া বা পণ্যের উদ্ভাবন;

(ঝ) উদ্ভিদ ও প্রাণী, সম্পূর্ণ বা উহাদের অংশবিশেষ, রূপান্তরিত হউক না হউক, বীজ, বা প্রকৃতিতে সম্পূর্ণ বা আংশিকভাবে প্রাপ্ত কোনো বস্তু, জীবিত বস্তু বা বায়োলজিক্যাল রিসোর্স, যদিও উহা পরিশোধিত বা উহা হইতে পৃথককৃত বা রূপান্তরিত;

(ঞ) কোনো সংযোজন বা সংমিশ্রণ বা একাধিক সংযোজনের মাধ্যমে প্রাপ্ত কোনো বস্তু বা উপাদান যাহার ফলে উহার উপাদানের বৈশিষ্ট্যসমূহ একত্রিত হয়;

(ট) জ্ঞাত একাধিক ডিভাইসের সুবিন্যাস বা পুনরুৎপাদন বা প্রতিলিপিকরণ যাহাদের প্রত্যেকে স্বাধীনভাবে জ্ঞাত কোনো পদ্ধতিতে কার্যরত থাকে।

৪৩। ইউটিলিটি মডেল পেটেন্টের অন্যান্য শর্তাবলি

(১) যে কোনো ব্যক্তি বা উদ্ভাবক ইউটিলিটি মডেল পেটেন্টের জন্য আবেদন করিতে পারিবেন।

(২) বিবৃতি সম্বলিত নির্দিষ্ট ফরমে ফি সহকারে যথাযথভাবে পূরণকৃত অনুরোধ দাখিল করিতে হইবে।

(৩) ইউটিলিটি মডেল পেটেন্টের আবেদন দাবি আকারে হইবে এবং উক্ত দাবি বা দাবিসমূহ সুস্পষ্ট ও সংক্ষিপ্ত এবং পূর্ণাঙ্গ বিবরণ দ্বারা সমর্থিত হইবে।

(৪) কোনো আবেদন সাধারণ ও কারিগরি শর্তাদি প্রতিপালন করিলে অধিদপ্তরের ওয়েবসাইটে বা প্রচলিত পদ্ধতিতে প্রকাশ করা হইবে।

(৫) যেক্ষেত্রে ইউটিলিটি মডেল পেটেন্টের অগ্রাধিকার দাবি করা হয়, সেইক্ষেত্রে অগ্রাধিকার তারিখ কার্যকর থাকিবে।

(৬) নূতনত্ব, শিল্পে ব্যবহারযোগ্যতা ও উহা নিবন্ধন অযোগ্য ইউটিলিটি মডেল পেটেন্ট কিনা এবং এই আইন ও এর আওতায় প্রণীত বিধিমালার বর্ণিত সকল বিষয় ও শর্তাদি প্রতিপালন সম্পর্কিত পরীক্ষা সম্পন্ন করিতে হইবে। আবেদনকারীর অনুরোধ বা পরীক্ষা প্রতিবেদনের ভিত্তিতে বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে আবেদন সংশোধন করা যাইবে। পরীক্ষা প্রতিবেদন অনুযায়ী আবেদন নিবন্ধন বা প্রত্যাখ্যান করা যাইবে।

(৭) যেক্ষেত্রে তৃতীয় কোনো পক্ষ কর্তৃক ইউটিলিটি মডেল পেটেন্ট নিবন্ধনের বিরোধিতা করা হয়, সেইক্ষেত্রে উক্ত পক্ষ বা পক্ষগণকে বিরোধিতার সমর্থনে পর্যাপ্ত তথ্য ও প্রমাণাদি দাখিল করিতে হইবে। প্রাপ্ত তথ্য ও প্রমাণাদির আলোকে প্রস্তুতকৃত প্রতিবেদনের ভিত্তিতে, প্রযোজ্য ক্ষেত্রে শুনানি গ্রহণ করে মহাপরিচালকের বিবেচনায় যথোপযুক্ত সিদ্ধান্ত প্রদান করিতে হইবে।

(৮) ইউটিলিটি মডেল পেটেন্ট নিবন্ধনের মেয়াদ হইবে নবায়ন সাপেক্ষে ৮ (আট) বৎসর এবং ইহা আবেদন দাখিলের তারিখ বা ক্ষেত্রমত অগ্রাধিকার তারিখ হইতে কার্যকর হইবে।

(৯) ইউটিলিটি মডেল পেটেন্ট সংক্রান্ত অন্যান্য বিষয়াদি বিধি দ্বারা নির্ধারিত হইবে।

img