সপ্তম অধ্যায় : প্রকাশিত কর্মের সংস্করণের ক্ষেত্রে প্রকাশকের অধিকার, ফোনোগ্রাম সংরক্ষণ ও উহার মেয়াদ, ইত্যাদি ( কপিরাইট’২৩ )
৩২। মুদ্রণশৈলী সংরক্ষণ এবং উহার মেয়াদ
কোনো প্রকাশক বাণিজ্যিক উদ্দেশ্যে কোনো গ্রন্থের সংস্করণ প্রকাশের নিমিত্ত ফটোগ্রাফিক বা অনুরূপ কোনো প্রক্রিয়ায় মুদ্রণশৈলীগত বিন্যাসপূর্বক উহার কপি তৈরি করিবার ক্ষমতা প্রদানের অধিকার ভোগ করিবেন এবং এইরূপ অধিকার যে বৎসর সংস্করণটি প্রথম প্রকাশিত হইয়াছে উহার পরবর্তী বৎসর হইতে ২৫ (পঁচিশ) বৎসর পর্যন্ত বিদ্যমান থাকিবে:
তবে শর্ত থাকে যে, সাহিত্যকর্মের ক্ষেত্রে, প্রথম স্বত্বাধিকারী উহার স্বত্বানিয়োগীর সহিত সম্পাদিত চুক্তি মোতাবেক যে কোনো সময় স্বত্ব নিয়োগ প্রত্যাহার করিলে প্রকাশক মুদ্রণশৈলীগত বিন্যাস এবং প্রচ্ছদ নকশা প্রণয়নের অধিকারী হইবেন না, যদি না তিনি উহার প্রথম স্বত্বধিকারী হন।
৩৩। ফোনোগ্রাম সংরক্ষণ ও উহার মেয়াদ
(১) সংগীত প্রকাশক বাণিজ্যিক উদ্দেশ্যে কোনো সংগীত বা শব্দ-ধ্বনির সংস্করণ প্রকাশের নিমিত্ত, সুর সংযোজনপূর্বক বা ব্যতীত, হুবহু বা কোনো প্রক্রিয়ায় সুরের পুনঃবিন্যাসপূর্বক উহার কপি তৈরি এবং স্থির বা ডিজিটাল বা কোনো মাধ্যমে উহা সম্প্রচার করিবার অধিকার ভোগ করিবেন এবং এইরূপ অধিকার যে বৎসর সংস্করণটি প্রথম প্রকাশিত হইয়াছে উহার পরবর্তী বৎসর হইতে ২৫ (পঁচিশ) বৎসর পর্যন্ত বিদ্যমান থাকিবে।
(২) সংগীত বা শব্দধ্বনির রচয়িতা ও সম্পাদনকারী কর্তৃক চুক্তির মাধ্যমে, ভিন্নরূপ কিছু না থাকিলে, প্রকাশককে উপধারা (১) এ উল্লিখিত অধিকার প্রদান সত্ত্বেও উহার সম্প্রচারের উপর উক্ত সংগীত বা শব্দ-ধ্বনির রচয়িতা বা সম্পাদনকারীর নির্ধারিত রয়্যালটির অধিকার বহাল থাকিবে।
(৩) ফোনোগ্রামের সংস্করণ ও সম্প্রচারের অধিকার ক্ষুণ্ন না করিয়া, কপিরাইট সমিতি কপিরাইটের স্বত্বাধিকারী ও সম্পাদনকারীর নির্ধারিত রয়্যালটির অধিকার প্রয়োগের নিমিত্ত কার্যক্রম গ্রহণ করিবে।