- ৩৪। লোকজ্ঞান ও লোকসংস্কৃতির অধিকার
- ৩৫। লোকজ্ঞান ও লোকসংস্কৃতির তালিকা সংরক্ষণ
- ৩৬। লোকজ্ঞান ও লোকসংস্কৃতির অধিকার সুরক্ষায় করণীয়
- ৩৭। অর্থ বণ্টন
অষ্টম অধ্যায় : লোকজ্ঞান ও লোকসংস্কৃতির অধিকার সুরক্ষা ( কপিরাইট’২৩ )
৩৪। লোকজ্ঞান ও লোকসংস্কৃতির অধিকার
(১) এই আইনের অধীন লোকজ্ঞান ও লোকসংস্কৃতির (folklore) নিম্নরূপ অভিব্যক্তিসমূহের অধিকার সুরক্ষা পাইবে, যথা:-
(ক) লোকসংস্কৃতির মৌখিক অভিব্যক্তি;
(খ) লোকসংস্কৃতির সাংকেতিক বা সুর সংবলিত অভিব্যক্তিসমূহ;
(গ) লোকসংস্কৃতির শারীরিক কসরত প্রদান অভিব্যক্তিসমূহ;
(ঘ) লোকসংস্কৃতির মূর্ত অভিব্যক্তিসমূহ;
(ঙ) লোকভাষা, চিহ্ন, প্রতীক, ইত্যাদি;
(চ) লুপ্ত বা লুপ্তপ্রায় অভিব্যক্তি; এবং
(ছ) শনাক্তকৃত নূতন কোনো মূর্ত বা বিমূর্ত অভিব্যক্তি।
(২) উপধারা (১) এ উল্লিখিত অভিব্যক্তিসমূহের মেয়াদ সংশ্লিষ্ট সমাজ বা কমিউনিটির যতদিন অস্তিত্ব থাকিবে ততদিন বিদ্যমান থাকিবে এবং কোনো কমিউনিটি বিলুপ্ত হইলে সরকার সেই অধিকারের মালিক হইবে।
৩৫। লোকজ্ঞান ও লোকসংস্কৃতির তালিকা সংরক্ষণ
(১) সরকার শনাক্তকৃত লোকজ্ঞান ও লোকসংস্কৃতির একটি তালিকা সংরক্ষণ করিবে।
(২) সরকার শনাক্তকৃত লোকজ্ঞান ও লোকসংস্কৃতির তালিকা, লোকজ্ঞান ও লোকসংস্কৃতির উৎস-সমাজ (origin-community) এবং তাহাদের প্রতিনিধিত্বকারী স্বীকৃত কমিউনিটি, সংগঠন, মিউজিয়াম, ইত্যাদির হালনাগাদ তালিকা সংরক্ষণ করিবে।
৩৬। লোকজ্ঞান ও লোকসংস্কৃতির অধিকার সুরক্ষায় করণীয়
(১) লোকজ্ঞান ও লোকসংস্কৃতির বাণিজ্যিক বা অবাণিজ্যিক ব্যবহারের পূর্বে উৎস সমাজের বা, প্রযোজ্য ক্ষেত্রে, উহার পরিপোষণে নিয়োজিত সরকারি কর্তৃপক্ষের পূর্বানুমতি গ্রহণ করিতে হইবে।
(২) লোকজ্ঞান ও লোকসংস্কৃতির কোনো অভিব্যক্তির বাণিজ্যিক ব্যবহারের পূর্বে উক্তরূপ ব্যবহারকারী, উৎপাদনকারী বা সরবরাহকারীকে উহার উৎস-সমাজের সহিত উহা ব্যবহারের শর্ত ও সীমা উল্লেখপূর্বক চুক্তি সম্পাদন করিতে হইবে এবং এইরূপে সম্পাদিত যেকোনো চুক্তি কপিরাইট রেজিস্ট্রার কর্তৃক প্রতিস্বাক্ষরিত হইতে হইবে এবং উহার একটি বিবরণ কপিরাইট অফিসে দাখিল করিতে হইবে।
৩৭। অর্থ বণ্টন
লোকজ্ঞান ও লোকসংস্কৃতির বাণিজ্যিক ব্যবহারের নিমিত্ত সম্পাদিত চুক্তির অধীন প্রাপ্ত অর্থ লোকজ্ঞান, লোকসংস্কৃতি ও সামগ্রিক সাংস্কৃতিক উন্নয়নকল্পে ব্যয় করা হইবে এবং বিধি অনুযায়ী, জীবিত অংশীজনের মধ্যে অর্জিত অর্থ বণ্টন করিতে হইবে।