02 Mar 2026 +880 1886 456688
image

Laws & Rules

কপিরাইট আইন, ২০২৩
Click here for Deep-Dive

কপিরাইট আইন, ২০২৩

নবম অধ্যায় : কপিরাইট সমিতি ( কপিরাইট’২৩ )
৩৮। কপিরাইট সমিতির নিবন্ধন

(১) এই আইনের অধীন নিবন্ধন ব্যতীত কোনো সমিতি কপিরাইট বিদ্যমান রহিয়াছে এইরূপ কোনো কর্মের জন্য অথবা এই আইনের অধীন প্রদত্ত অন্য কোনো অধিকারের বিষয়ে লাইসেন্স ইস্যু করিতে অথবা অব্যাহত রাখিতে পারিবে না:

তবে শর্ত থাকে যে, কোনো কপিরাইটের মালিক কোনো নিবন্ধিত কপিরাইট সমিতির সদস্য হিসাবে তাহার উপর প্রযোজ্য বাধ্যবাধকতার সহিত সঙ্গতিপূর্ণ উপায়ে নিজস্ব কোনো কর্মের বিষয়ে লাইসেন্স প্রদানের অধিকার অব্যাহত রাখিতে পারিবেন।

(২) কোনো সমিতি কপিরাইট সমিতি হিসাবে নিবন্ধনের উদ্দেশ্যে, বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে, রেজিস্ট্রারের নিকট আবেদন করিতে পারিবে এবং রেজিস্ট্রার উক্ত আবেদন যাচাই করিয়া শনাক্তকরণ সংখ্যা উল্লেখপূর্বক সরকারের নিকট প্রস্তাব দাখিল করিবেন।

(৩) উপধারা (২) এর অধীন প্রাপ্ত যাচাইকৃত আবেদনপত্র, প্রণেতা এবং এই আইনের অধীন অন্যান্য অধিকারের মালিকদের স্বার্থ, জনস্বার্থ এবং বিশেষত, লাইসেন্স প্রার্থী হইতে পারে এইরূপ ব্যক্তিসমষ্টির স্বার্থ ও সুবিধা এবং আবেদনকারীগণের যোগ্যতা এবং পেশাগত দক্ষতা বিবেচনা করিয়া সরকার, বিধি দ্বারা নির্ধারিত শর্ত ও পদ্ধতিতে, কোনো সমিতিকে কপিরাইট সমিতি হিসাবে নিবন্ধন প্রদান করিতে পারিবে:

তবে শর্ত থাকে যে, সরকার সাধারণত একই শ্রেণির কর্মের বিষয়ে কার্যক্রম পরিচালনার জন্য একের অধিক সমিতিকে নিবন্ধিত করিবে না।

৩৯। কপিরাইট সমিতির নিবন্ধন বাতিল বা স্থগিত

(১) যদি সরকার এই মর্মে সন্তুষ্ট হয় যে, কোনো কপিরাইট সমিতি কপিরাইট মালিকদের স্বার্থের পরিপন্থিভাবে উহার কার্যক্রম পরিচালনা করিতেছে, সেইক্ষেত্রে সরকার নির্ধারিত পদ্ধতিতে তদন্তপূর্বক উক্ত সমিতির নিবন্ধন বাতিল করিতে পারিবে।

(২) যেক্ষেত্রে সংশ্লিষ্ট কপিরাইট মালিকদের স্বার্থে প্রয়োজন মনে করিবে সেইক্ষেত্রে সরকার, আদেশ দ্বারা, উপধারা (১) এর অধীনে তদন্তাধীন কোনো সমিতির নিবন্ধন অনধিক ১ (এক) বৎসরের জন্য স্থগিত করিতে পারিবে এবং সরকার উক্ত কপিরাইট সমিতির কার্য নির্বাহের জন্য ১ (এক) জন প্রশাসক নিযুক্ত করিতে পারিবে।

৪০। কপিরাইট সমিতি কর্তৃক মালিকদের অধিকার নির্বাহ, ইত্যাদি

(১) বিধি দ্বারা নির্ধারিত শর্ত সাপেক্ষে, কোনো কপিরাইট সমিতি যে কোনো অধিকারের মালিকের নিকট হইতে অনুমোদন গ্রহণ, কর্মটি ব্যবহারকারীদের লাইসেন্স প্রদান, ফি আদায় বা উভয়বিধ কার্যের মাধ্যমে তাহার কোনো কর্মের কোনো অধিকার পরিচালনার জন্য একচ্ছত্র কর্তৃত্ব গ্রহণ করিতে পারিবে।

(২) সংশ্লিষ্ট চুক্তির অধীন কপিরাইট সমিতির অধিকার ক্ষুণ্ণ না করিয়া, কোনো অধিকারের মালিক উপধারা (১) এ উল্লিখিত কর্তৃত্ব প্রত্যাহার করিতে পারিবেন।

(৩) এই আইনের অধীন উদ্ভূত অধিকারের অনুরূপ অধিকার পরিচালনা করে এইরূপ বিদেশি সমিতি বা সংস্থার সহিত কোনো কপিরাইট সমিতি নিম্নরূপ কার্য সম্পাদনের নিমিত্ত চুক্তি করিতে পারিবে, যথা:-

(ক) উক্ত বিদেশি সমিতি বা সংস্থাকে কোনো বিদেশি রাষ্ট্রে উক্ত বাংলাদেশি কপিরাইট সমিতির প্রশাসনাধীন কোনো অধিকার ব্যবস্থাপনার দায়িত্ব প্রদান; এবং

(খ) উক্ত বিদেশি সমিতি বা সংস্থার ব্যবস্থাপনাধীন কোনো অধিকারের ব্যবস্থাপনা বাংলাদেশে পরিচালনার দায়িত্ব অর্পণ:

তবে শর্ত থাকে যে, অনুরূপ কোনো সমিতি বা সংস্থা বাংলাদেশি কর্ম এবং অন্যান্য কর্মের লাইসেন্সের শর্ত বা আদায়কৃত ফি বণ্টনের ক্ষেত্রে কোনোরূপ বৈষম্য করিতে পারিবে না ।

(৪) নির্ধারিত শর্ত সাপেক্ষে, প্রত্যেক কপিরাইট সমিতি -

(ক) এই আইনের অধীন কোনো অধিকারের বিষয়ে ধারা ৪৫ এর অধীন লাইসেন্স প্রদান করিতে ও ফি আদায় করিতে পারিবে;

(খ) স্বীয় ব্যয় কর্তনপূর্বক অনুরূপ ফি অধিকারের মালিকদের মধ্যে বণ্টন করিতে পারিবে; এবং

(গ) ধারা ৪২ এর বিধানাবলির সহিত সামঞ্জস্যপূর্ণ অন্য যেকোনো কার্য সম্পাদন করিতে পারিবে।

৪১। কপিরাইট সমিতি কর্তৃক রয়্যালটি প্রদান

কপিরাইট সমিতি, বিধি সাপেক্ষে, কোনো কর্মের প্রচার সংখ্যা বিবেচনাপূর্বক কপিরাইটের প্রত্যেক মালিককে প্রদেয় রয়্যালটির অংশ নির্ধারণের জন্য একটি স্কিম তৈরি করিবে :

তবে শর্ত থাকে যে, উক্ত অর্থ কপিরাইট সমিতির যুক্তিসংগত বিবেচনায় কর্মের প্রচার সংখ্যার ভিত্তিতে উহার মালিকদের মধ্যে সীমিত থাকিবে।

৪২। কপিরাইট সমিতির উপর কপিরাইট মালিকদের নিয়ন্ত্রণ

(১) ধারা ৪০ এর উপধারা (৩) এ বর্ণিত বিদেশি সমিতি বা সংস্থা কর্তৃক পরিচালিত অধিকারসমূহের মালিকগণ ব্যতীত, কপিরাইটের মালিকগণের যৌথ নিয়ন্ত্রণাধীন প্রত্যেক কপিরাইট সমিতি বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে-

(ক)ফি আদায় ও বণ্টনের জন্য কপিরাইট ও সম্পৃক্ত অধিকারের স্বত্বাধিকারীগণের অনুমোদন গ্রহণ করিবে;

(খ) আদায়কৃত ফি হইতে অধিকারের মালিকগণের মধ্যে বণ্টন ব্যতীত অন্য কোনো উদ্দেশ্যে ব্যবহার করিবার জন্য উক্ত অধিকারের মালিকদের অনুমোদন গ্রহণ করিবে; এবং

(গ) উক্ত মালিকগণকে তাহাদের অধিকার পরিচালনার বিষয়ে উহার কার্যকলাপ সম্পর্কে নিয়মিত পূর্ণ ও বিস্তারিত তথ্য প্রদান করিবে।

(২) আদায়কৃত ফি কপিরাইটের মালিকগণের মধ্যে, তাহাদের কর্মের প্রকৃত ব্যবহারের অনুপাতে, বণ্টন করিতে হইবে।

৪৩। রিটার্ন ও প্রতিবেদন

(১) প্রত্যেক কপিরাইট সমিতি, বিধি দ্বারা নির্ধারিত সময়সীমা এবং পদ্ধতিতে, যে সকল কর্মের ক্ষেত্রে উহার লাইসেন্স প্রদান করিবার এখতিয়ার রহিয়াছে সেই সকল লাইসেন্স প্রদান বাবদ যে সকল ফি, চার্জ, রয়্যালটি আদায় করিবার প্রস্তাব করে উহার বিবরণসহ অন্যান্য রিটার্ন প্রস্তুত করিয়া রেজিস্ট্রারের নিকট দাখিল করিবে।

(২) সরকার হইতে যথাযথভাবে ক্ষমতাপ্রাপ্ত কোনো কর্মকর্তা কপিরাইট সমিতি কর্তৃক পরিচালিত অধিকার বাবদ আদায়কৃত ফি এই আইনের বিধানাবলি অনুসারে যথাযথভাবে ব্যবহৃত ও বণ্টিত হইতেছে কিনা সেই সম্পর্কে সন্তুষ্ট হইবার জন্য কপিরাইট সমিতি হইতে যেকোনো প্রতিবেদন অথবা নথি তলব করিতে পারিবেন।

৪৪। হিসাব ও নিরীক্ষা

 (১) প্রত্যেক কপিরাইট সমিতি, এতদুদ্দেশ্যে প্রণীত ফরমে, যথাযথভাবে উহার হিসাব বিবরণী ও অন্যান্য রেকর্ড সংরক্ষণ করিবে।

(২) কপিরাইট সমিতি কর্তৃক সরকারের নিকট হইতে প্রাপ্ত অর্থের হিসাব মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক কর্তৃক নিরীক্ষিত হইবে, এবং কপিরাইট সমিতির অন্যান্য অর্থ Bangladesh Chartered Accountants Order, 1973 (P. O. No. 2 of 1973) এ সংজ্ঞায়িত কোনো chartered accountant দ্বারা নিরীক্ষা করা যাইবে এবং এইরূপ নিরীক্ষা বাবদ ব্যয়িত অর্থ কপিরাইট সমিতি কর্তৃক প্রদেয় হইবে।

(৩) নিরীক্ষার উদ্দেশ্যে মহা হিসাব-নিরীক্ষক বা তাহার নিকট হইতে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি বা উপধারা (২) এর অধীন নিয়োগকৃত chartered accountant কপিরাইট সমিতির সকল রেকর্ড, দলিল, নগদ বা ব্যাংকে গচ্ছিত অর্থ এবং সংশ্লিষ্ট অন্যান্য দলিল পরীক্ষা করিতে পারিবেন এবং সমিতির যে কোনো কর্মকর্তা বা কর্মচারীকে জিজ্ঞাসাবাদ করিতে পারিবেন।

img