02 Mar 2026 +880 1886 456688
image

Laws & Rules

কপিরাইট আইন, ২০২৩
Click here for Deep-Dive

কপিরাইট আইন, ২০২৩

পঞ্চদশ অধ্যায় : কপিরাইট লঙ্ঘন, ইত্যাদি ( কপিরাইট’২৩ )
৬৯। কপিরাইট লঙ্ঘন, ইত্যাদি

(১) যদি কোনো ব্যক্তি কপিরাইটের মালিক বা বোর্ড কর্তৃক প্রদত্ত লাইসেন্স ব্যতীত বা লাইসেন্সের শর্ত বা কপিরাইট সমিতি কর্তৃক আরোপিত কোনো শর্ত লঙ্ঘনপূর্বক নিম্নবর্ণিত কোনো কার্য করেন, তাহা হইলে উক্তরূপ কার্য দ্বারা কোনো কর্মের কপিরাইট লঙ্ঘিত হইয়াছে বলিয়া গণ্য হইবে, যথা:-

(ক)এইরূপ কিছু করা যাহা করিবার একচেটিয়া অধিকার এই আইন দ্বারা কপিরাইটের মালিককে প্রদান করা হইয়াছে; অথবা

(খ) লাভবান হইবার উদ্দেশ্যে জনসাধারণ্যে এইরূপ কোনো কর্ম সম্পাদনের জন্য অনুমতি প্রদান করা যাহাতে কর্মটির কপিরাইট লঙ্ঘিত হয়, যদি না ইহা প্রমাণ করা হয় যে, বিষয়টি সম্পর্কে তিনি অবগত ছিলেন না বা অনুরূপ সম্পাদন কপিরাইটের লঙ্ঘন হইবে মর্মে বিশ্বাস করিবার কোনো যুক্তিসংগত কারণ ছিল না।

(২) যদি কোনো ব্যক্তি নিম্নবর্ণিত কোনো কার্য করেন, তাহা হইলে উক্তরূপ কার্য দ্বারা কোনো কর্মের কপিরাইট লঙ্ঘিত হইয়াছে বলিয়া গণ্য হইবে, যথা:-

(ক) কর্মটির বিক্রয় বা ভাড়া প্রদান করা বা বিক্রয় বা ভাড়া প্রদানের ব্যবস্থা করা অথবা বাণিজ্যিক উদ্দেশ্যে প্রদর্শন করা বা বিক্রয় বা ভাড়া প্রদানের প্রস্তাব করা;

(খ) বাণিজ্যিক উদ্দেশ্যে অথবা কপিরাইটের মালিকের অধিকার ক্ষুণ্ণ হয় এইরূপ মাত্রায় উহার বিতরণ করা;

(গ) বাণিজ্যিকভাবে উহা জনসাধারণকে প্রদর্শন করা;

(ঘ) কোনো কর্মের অধিকার লঙ্ঘিত অনুলিপি বাংলাদেশে আমদানি করা;

(ঙ) জাতীয় সংগীত, দেশাত্ববোধক ও ধর্মীয় সংগীত (হামদ্, নাত, গজল, কীর্তন, ইত্যাদি) এর কথা ও সুর পরিবর্তন করিয়া প্যারোডি বা ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপন করা; অথবা

(চ) ইচ্ছাকৃতভাবে বা জ্ঞাতসারে অথবা অনুমতি ব্যতিরেকে কোনো কম্পিউটার প্রোগ্রাম, কম্পিউটার সিস্টেম, কম্পিউটার নেটওয়ার্ক, ডিজিটাল ডিভাইস, ডিজিটাল সিস্টেম, ডিজিটাল নেটওয়ার্কে বা সামাজিক যোগাযোগ মাধ্যমের কোনো তথ্য পরিবর্তন করা, মুছিয়া ফেলা, নূতন কোনো তথ্যের সংযুক্তি বা বিকৃতি ঘটানোর মাধ্যমে উহার মূল্য বা উপযোগিতা হ্রাস করা।

ব্যাখ্যা।- এই ধারার উদ্দেশ্যপূরণকল্পে, সাহিত্য, নাটক, সংগীত বা অন্য কোনো শিল্পকর্মকে চলচ্চিত্রে রূপান্তর উহার অধিকার লঙ্ঘনকারী অনুলিপি বলিয়া গণ্য হইবে।

৭০। কতিপয় কার্য যাহাতে কপিরাইট লঙ্ঘন হইবে না

(১) এতদুদ্দেশ্যে বিধিতে উল্লিখিত উদ্দেশ্য ও শর্ত অনুসারে যদি কোনো সাহিত্য, নাট্য, সংগীত বা শিল্পকর্মের পুনরুৎপাদন, অভিযোজন, শব্দ-ধ্বনি রেকর্ডিং প্রচার, সম্প্রচার, প্রদর্শন, প্রকাশন বা সদ্ব্যবহার করা হয় কিংবা অন্য যে কোনো ভাষায় অনুবাদ তৈরি বা প্রকাশনা করা হয় তাহা হইলে উক্তরূপ কার্যাদি দ্বারা কপিরাইট লঙ্ঘিত হইবে না।

(২) যেক্ষেত্রে কোনো কর্মের সাধারণ ফরম্যাট দৃষ্টি প্রতিবন্ধীদের ব্যবহারের উপযোগী না হইয়া থাকে সেইক্ষেত্রে দৃষ্টি প্রতিবন্ধীদের স্বার্থে কাজ করিয়া থাকে এইরূপ কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক তৈরিকৃত দৃষ্টি প্রতিবন্ধীদের পাঠ বা ব্যবহার উপযোগী ব্রেইল বা অন্য কোনো বিশেষ বিন্যাস তৈরি বা আমদানি দ্বারা কপিরাইট লঙ্ঘিত হইবে না:

তবে শর্ত থাকে যে, উক্ত তৈরিকৃত বিশেষ বিন্যাসের অনুলিপি দৃষ্টি প্রতিবন্ধীদের মধ্যে উৎপাদন ব্যয়ের মূল্য ব্যতিরেকে সম্পূর্ণ অলাভজনক ভিত্তিতে বিতরণ করিতে হইবে:

আরও শর্ত থাকে যে, উক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠান নিশ্চিত করিবে যে, উক্ত বিশেষ বিন্যাসে তৈরিকৃত অনুলিপি কেবল দৃষ্টি প্রতিবন্ধীগণ ব্যবহার করিবে এবং ইহার বাণিজ্যিকীকরণ বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করিবে।

৭১। সম্প্রচার পুনরুৎপাদন অধিকার লঙ্ঘন

ধারা ৭৩ এর বিধান সাপেক্ষে, কোনো সম্প্রচারিত বিষয়ে সম্প্রচার পুনরুৎপাদন অধিকার অব্যাহত থাকাকালে কোনো ব্যক্তি সংশ্লিষ্ট সম্প্রচার সংস্থার লাইসেন্স ব্যতীত নিম্নের এক বা একাধিক কার্য সম্পাদন করেন, তাহা হইলে তিনি সম্প্রচার পুনরুৎপাদনের অধিকার লঙ্ঘন করিয়াছেন বলিয়া গণ্য হইবে, যথা:-

(ক)সম্প্রচারটি পুনঃসম্প্রচার করা;

(খ) অর্থের বিনিময়ে সম্প্রচারটি জনগণকে দেখা বা শুনিবার ব্যবস্থা করা;

(গ) সম্প্রচারটির যে কোনো সংযোজন, বিয়োজন বা সম্পাদন করা;

(ঘ) সম্প্রচারটির প্রাথমিক সম্পাদনা বা লাইসেন্স থাকিবার ক্ষেত্রে উহার উদ্দেশ্যে বহির্ভূত ক্ষেত্রে সম্পাদনাটির পুনরুৎপাদন করা; এবং

(ঙ) দফা (গ) অথবা (ঘ) এ উল্লিখিত কোনো সম্পাদনা বা অনুরূপ সম্পাদনার পুনরুৎপাদনকে জনগণের জন্য বিক্রয় করা, ভাড়া দেওয়া অথবা বিক্রয় বা ভাড়া দেওয়ার প্রস্তাব করা।

৭২। সম্পাদনকারীর অধিকার লঙ্ঘন

ধারা ৭৩ এর বিধান সাপেক্ষে, কোনো সম্পাদনের বিষয়ে সম্পাদনকারীর অধিকার অব্যাহত থাকাকালে কোনো ব্যক্তি সম্পাদনকারীর অনুমতি ব্যতীত উক্ত সম্পাদন অথবা উহার মৌলিক অংশের বিষয়ে নিম্নরূপ কোনো কার্য করিলে তিনি সম্পাদনকারীর অধিকার লঙ্ঘন করিয়াছেন মর্মে গণ্য হইবে, যথা :-

(ক) সম্পাদনটি কোনো মাধ্যমে রেকর্ডিং করা;

(খ) রেকর্ডিংকৃত সম্পাদনটির পুনরুৎপাদন করা যাহাতে-

(অ) সম্পাদনকারীর সম্মতি না থাকে; বা

(আ) সম্পাদনকারী যে উদ্দেশ্যে সম্মতি দিয়াছিলেন উহা ভিন্ন অন্য উদ্দেশ্যে ব্যবহার করা; বা

(ই) উক্ত সম্পাদন ধারা ৭৩ এর বিধানাবলিতে বর্ণিত উদ্দেশ্য হইতে ভিন্ন হয়;

(গ) সম্পাদনটি এইরূপে সম্প্রচার করা হয় যাহাতে শব্দ-ধ্বনি রেকর্ডিং বা দর্শনসাধ্য রেকর্ডিং না করিয়া সম্পাদন করা হয় অথবা একই সম্প্রচার সংস্থা কর্তৃক ইতঃপূর্বে সম্প্রচারিত বিষয়ের পুনঃসম্প্রচার যাহা সম্পাদনকারীর অধিকার লঙ্ঘন করে নাই, ইহার ব্যতিক্রম কিছু করা হইলে; এবং

(ঘ) সম্প্রচার ব্যতীত অন্য কোনোভাবেও সম্পাদনটি জনগণের নিকট পৌঁছানোর ব্যবস্থা করা।

৭৩। সম্প্রচার পুনরুৎপাদন অধিকার বা সম্পাদনকারীর অধিকার লঙ্ঘন করে না এইরূপ কার্য, ইত্যাদি

(১) উপধারা (২) এর বিধান সাপেক্ষে, কোনো সম্প্রচার পুনরুৎপাদন অধিকার বা সম্পাদনকারীর অধিকার নিম্নবর্ণিত কার্যাবলি দ্বারা লঙ্ঘিত হইয়াছে বলিয়া গণ্য হইবে না, যথা:-

(ক) শব্দ রেকর্ডিং বা দর্শনসাধ্য রেকর্ডিং তৈরিকারকের ব্যক্তিগত ব্যবহার অথবা কেবল শিক্ষাদান অথবা গবেষণার উদ্দেশ্যে তৈরি;

(খ) কোনো সম্পাদন বা সম্পাদনের উদ্বৃত্ত অংশ সদ্ব্যবহার, চলমান ঘটনা প্রচার, পর্যালোচনা, শিক্ষা অথবা গবেষণার জন্য ব্যবহার; এবং

(গ) প্রয়োজনীয় অভিযোজন এবং সংশোধনীসহ অনুরূপ অন্যান্য কার্য যাহাতে ধারা ৭০ এর অধীন কপিরাইট লঙ্ঘন সংঘটিত হয় না।

(২) কোনো কর্ম বা সম্পাদনের ক্ষেত্রে কপিরাইট বা সম্পাদনকারীর অধিকার যদি বিদ্যমান থাকে সেইক্ষেত্রে উক্ত সম্প্রচার পুনরুৎপাদনের জন্য প্রদত্ত কোনো লাইসেন্স কার্যকর হইবে না, যদি না উহা কপিরাইটের মালিক বা, ক্ষেত্রমত, সম্পাদনকারীর অথবা উভয়ের সম্মতিক্রমে প্রদত্ত হয়।

৭৪। প্রকাশকের অধিকার লঙ্ঘন, ইত্যাদি

প্রকাশকের নিকট হইতে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি ব্যতিরেকে অন্য কোনো ব্যক্তি বাণিজ্যিক ভিত্তিতে বিক্রয়ের উদ্দেশ্যে ফটোগ্রাফিক, ডিজিটাল বা অন্য কোনো প্রক্রিয়ায় কোনো সংস্করণ বা উহার মৌলিক অংশের মুদ্রণশৈলীগত বিন্যাসের কপি তৈরি করিলে বা করিবার কারণ ঘটাইলে, তিনি প্রকাশকের অধিকার লঙ্ঘন করিয়াছেন বলিয়া গণ্য হইবে; উক্ত প্রক্রিয়া এবং বিষয়বস্তুর প্রকৃতির গ্রহণযোগ্যতা সাপেক্ষে প্রকাশক এবং সংস্করণসমূহের মুদ্রণশৈলীগত বিন্যাস যথাক্রমে প্রণেতা ও কর্ম হিসাবে বিবেচিত হইবে।

ব্যাখ্যা।- “মুদ্রণশৈলীগত বিন্যাস” অর্থে ক্যালিগ্রাফিও অন্তর্ভুক্ত হইবে।

৭৫। শব্দ-ধ্বনি রেকর্ডিং ও ভিডিও ডিজিটাল কর্মে অন্তর্ভুক্ত তথ্যাদি

এতদুদ্দেশ্যে বিধি দ্বারা নির্ধারিত শর্ত ও পদ্ধতি মোতাবেক তথ্যাদি ও বিবরণী অন্তর্ভুক্ত না করিয়া, কোনো শব্দ-ধ্বনি বা ভিডিও কর্ম রেকর্ডিং কিংবা প্রকাশ করা যাইবে না।

৭৬। অধিকার লঙ্ঘনকারী অনুলিপি আমদানি

(১) বাংলাদেশে তৈরি করা হইলে কপিরাইট লঙ্ঘন হইত এইরূপ কোনো কর্মের বাংলাদেশের বাহিরে তৈরিকৃত অনুলিপি বাংলাদেশে আমদানি করা যাইবে না।

(২) এতদুদ্দেশ্যে প্রণীত বিধি সাপেক্ষে, রেজিস্ট্রার বা এতদুদ্দেশ্যে তাহার নিকট হইতে ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা উপধারা (১) এ উল্লিখিত অনুলিপি পাওয়া যাইতে পারে এইরূপ কোনো উড়োজাহাজ, জাহাজ, যানবাহন, ডক বা আঙিনায় প্রবেশ করিতে পারিবেন এবং অনুরূপ অনুলিপি পরীক্ষা করিতে পারিবেন।

(৩) উপধারা (১) এর বিধান প্রযোজ্য হয়, আমদানিকৃত এইরূপ অনুলিপি Customs Act, 1969 (Act No. IV of 1969) এর section 16 এর বিধানানুসারে বাংলাদেশে আমদানি নিষিদ্ধ বা নিয়ন্ত্রিত পণ্যদ্রব্যরূপে গণ্য হইবে এবং উক্ত আইনের বিধানানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হইবে:

তবে শর্ত থাকে যে, উক্ত আইনের অধীন বাজেয়াপ্তকৃত সকল কপি সরকারের নিকট ন্যস্ত করিতে হইবে বা সরকারকে অবগত করিয়া কর্মটির কপিরাইটের মালিকের আবেদনের প্রেক্ষিতে প্রযোজ্য বিমোচন ফি সরকারের অনুকূলে পরিশোধ সাপেক্ষে তাহাকে ফেরত প্রদান করা যাইবে।

img