- ৭৭। কপিরাইট লঙ্ঘনের জন্য দেওয়ানি প্রতিকার।-
- ৭৮। প্রণেতার বিশেষ স্বত্ব
- ৭৯। কোনো কর্মের অন্তর্ভুক্ত ভিন্ন ভিন্ন অধিকারের রক্ষণ
- ৮০। অধিকার লঙ্ঘনকারী অনুলিপির দখলকার বা লেনদেনকারী ব্যক্তির বিরুদ্ধে মালিকের অধিকার
- ৮১। কপিরাইটের মালিক কার্যধারায় পক্ষ হইবে
- ৮২। সেবা প্রদানকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানের দায়বদ্ধতা
- ৮৩। দেওয়ানি প্রতিকারের জন্য মামলা দায়ের
ষোড়শ অধ্যায় : দেওয়ানি প্রতিকার ( কপিরাইট’২৩ )
৭৭। কপিরাইট লঙ্ঘনের জন্য দেওয়ানি প্রতিকার।-
(১) যেক্ষেত্রে কোনো কর্মের কপিরাইট অথবা এই আইনের অধীন অর্পিত অন্য কোনো অধিকার লঙ্ঘন করা হয়, সেইক্ষেত্রে কপিরাইটের বা, ক্ষেত্রমত, অনুরূপ অন্য অধিকারের স্বত্বাধিকারী, এই আইনে ভিন্নরূপ বিধান না থাকা সাপেক্ষে, নিষেধাজ্ঞা, ক্ষতিপূরণ, হিসাব এবং অন্যান্য সকল প্রতিকার এবং স্বত্ব লঙ্ঘনের দায়ে আইনে প্রদত্ত অন্যান্য প্রতিকার পাইবেন:
তবে শর্ত থাকে যে, অভিযুক্ত ব্যক্তি যদি প্রমাণ করিতে সক্ষম হন যে, স্বত্ব লঙ্ঘনের তারিখে সংশ্লিষ্ট কর্মে কপিরাইট বিদ্যমান ছিল মর্মে তিনি অবগত ছিলেন না এবং উক্ত কর্মের কপিরাইট ছিল না মর্মে তাহার বিশ্বাস করিবার যুক্তিসঙ্গত কারণ ছিল, তাহা হইলে অভিযোগকারী, স্বত্ব লঙ্ঘন সম্পর্কে আদালতের নিষেধাজ্ঞা ও আদেশ ব্যতীত স্বত্ব লঙ্ঘনকৃত কপি বিক্রয়ের মাধ্যমে অর্জিত অর্থের বিষয়ে কোনো দেওয়ানি প্রতিকার পাইবার অধিকারী হইবেন না।
(২) যখন কোনো সাহিত্য, নাট্য, লোকসংস্কৃতি ও সংগীত কর্মের ক্ষেত্রে কর্মটি প্রকাশিত হইবার সময় উহার কপির উপর প্রণেতা বা, ক্ষেত্রমত, প্রকাশকের পরিচয় বহনকারী কোনো নাম দৃষ্টিগোচর হয়, অথবা কোনো শিল্পকর্মের ক্ষেত্রে, কর্মটি তৈরি হইবার সময় উহার উপর কোনো নাম দৃষ্টিগোচর হয়, সেইক্ষেত্রে যে ব্যক্তির নাম ঐরূপে দৃষ্টিগোচর হয় বা হইয়াছিল, ঐরূপ কর্মের কপিরাইট লঙ্ঘন সম্পর্কে যে কোনো আইনগত কার্যক্রমে সেই ব্যক্তিকে প্রণেতা বা, ক্ষেত্রমত, প্রকাশক হিসাবে অনুমান করা হইবে, যদি না ভিন্নরূপ কিছু প্রমাণিত হইয়া থাকে ।
৭৮। প্রণেতার বিশেষ স্বত্ব
(১) কোনো কর্মে উহার প্রণেতার, ক্ষেত্র বিশেষে সম্পাদনকারীর, অনপনেয় অধিকার থাকিবে এবং কোনো কর্মের প্রণেতা তাহার কর্মের কপিরাইট স্বত্ব নিয়োগ বা পরিত্যাগ করা সত্ত্বেও, কর্মটির প্রণয়নস্বত্ব দাবি করিতে পারিবেন এবং উক্ত কর্মের কোনো বিকৃতি বা অন্যান্য পরিবর্তন সম্পর্কে অথবা উক্ত কর্মটির বিষয়ে তাহার সম্মান ও সুখ্যাতি ক্ষুণ্ণ হইতে পারে এইরূপ অন্যান্য কার্যের জন্য, বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে, ক্ষতিপূরণ এবং উক্তরূপ কার্যের দেওয়ানি প্রতিকার দাবি করিতে পারিবেন :
তবে শর্ত থাকে যে, ধারা ৭০ প্রযোজ্য হয় এইরূপ কম্পিউটার প্রোগ্রামের কোনো অভিযোজন নিয়ন্ত্রণের বা উক্তরূপ বাবদ ক্ষতিপূরণ দাবি করিবার কোনো অধিকার উক্ত প্রণেতার থাকিবে না।
ব্যাখ্যা।- কোনো কর্ম প্রদর্শনে বা প্রণেতার নিকট সন্তোষজনকভাবে উহা প্রদর্শনে ব্যর্থতা এই ধারার অধীন অধিকার লঙ্ঘন মর্মে গণ্য হইবে না
(২) কোনো কর্মের প্রণয়নস্বত্ব দাবি করিবার অধিকার ব্যতীত উপধারা (১) এর অধীন কোনো কর্মের প্রণেতাকে প্রদত্ত অন্য কোনো অধিকার উক্ত প্রণেতার আইনানুগ প্রতিনিধি দ্বারা প্রয়োগ করা যাইবে।
৭৯। কোনো কর্মের অন্তর্ভুক্ত ভিন্ন ভিন্ন অধিকারের রক্ষণ
এই আইনের অন্যান্য বিধান সাপেক্ষে, যেক্ষেত্রে বিভিন্ন ব্যক্তি কোনো কর্মের কপিরাইটের অন্তর্ভুক্ত ভিন্ন ভিন্ন অধিকারের মালিক হন, সেইক্ষেত্রে উক্তরূপ যে কোনো অধিকারের মালিক উক্ত অধিকারের পরিসীমায় এই আইনে বিধৃত দেওয়ানি প্রতিকার পাইবেন এবং কোনো মামলা দায়ের, ব্যবস্থা গ্রহণ বা অন্যান্য আইনগত কার্যক্রমের মাধ্যমে উক্তরূপ মামলা বা আইনগত কার্যক্রমে অন্য যে কোনো অধিকারের মালিককে পক্ষ না করিয়া স্বতন্ত্রভাবে উক্তরূপ স্বত্ব প্রয়োগ করিতে পারিবেন।
৮০। অধিকার লঙ্ঘনকারী অনুলিপির দখলকার বা লেনদেনকারী ব্যক্তির বিরুদ্ধে মালিকের অধিকার
কপিরাইট বিদ্যমান রহিয়াছে এইরূপ কোনো কর্মের অধিকার লঙ্ঘনকারী সকল অনুলিপি এবং উক্তরূপ অধিকার লঙ্ঘনকারী অনুলিপি তৈরির জন্য ব্যবহৃত বা ব্যবহারের জন্য উদ্দিষ্ট প্লেট এবং কম্পিউটার প্রোগ্রামের ক্ষেত্রে সংশ্লিষ্ট সোর্স কোড কমপাইলেশন, ডাটা, ডিজাইন ডকুমেন্টেশন, টেবিল এবং আনুষঙ্গিক চার্টসমূহ কপিরাইটের মালিকের সম্পত্তি বলিয়া গণ্য হইবে, যিনি উহাদের দখল পুনরুদ্ধারের বা উহাদের রূপান্তর সম্পর্কে দেওয়ানি আইনগত কার্যক্রম গ্রহণ করিতে পারিবেন :
তবে শর্ত থাকে যে, কপিরাইটের মালিক কোনো অধিকার লঙ্ঘনকারী অনুলিপির রূপান্তর সম্পর্কে কোনো প্রতিকার পাইবেন না, যদি বিবাদী আদালতে প্রমাণ করিতে সক্ষম হন যে-
(ক) কর্মটির কপিরাইট বিদ্যমান রহিয়াছে মর্মে তিনি জ্ঞাত ছিলেন না এবং তাহার এই মর্মে বিশ্বাস করিবার যুক্তিসংগত কারণ ছিল যে, কর্মটির অনুলিপি অধিকার লঙ্ঘনকারী অনুলিপি নহে এবং উহার কপিরাইট বিদ্যমান ছিল; বা
(খ) ঐরূপ অনুলিপি বা প্লেট কোনো কর্মের কপিরাইটের অধিকার লঙ্ঘন সংশ্লিষ্ট নহে মর্মে তাহার বিশ্বাস করিবার যুক্তিসংগত কারণ ছিল।
৮১। কপিরাইটের মালিক কার্যধারায় পক্ষ হইবে
(১) কোনো একচেটিয়া লাইসেন্সধারী কর্তৃক কপিরাইট লঙ্ঘন বিষয়ে দায়েরকৃত প্রত্যেক দেওয়ানি মামলা বা অন্যান্য দেওয়ানি কার্যধারায় কপিরাইটের মালিককে বিবাদী করিতে হইবে, যদি না আদালত ভিন্নরূপ নির্দেশ দান করে, এবং যেক্ষেত্রে এইরূপ মালিক বিবাদী হয়, একচেটিয়া লাইসেন্সধারীর দাবির বিরোধিতা করিবার অধিকার তাহার থাকিবে।
(২) যেক্ষেত্রে কপিরাইট লঙ্ঘন বিষয়ে একচেটিয়া লাইসেন্সধারী কর্তৃক দায়েরকৃত কোনো দেওয়ানি মামলায় প্রতিকার পাওয়া যায়, সেইক্ষেত্রে একই কারণে কপিরাইটের মালিক কর্তৃক আনীত নতুন মামলা বা অন্য কোনো দেওয়ানি কার্যধারা গ্রহণ করা যাইবে না।
৮২। সেবা প্রদানকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানের দায়বদ্ধতা
(১) নেটওয়ার্ক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান বা অন্য কোনো তৃতীয় পক্ষের মাধ্যমে কোনো কর্মের প্রণেতা বা তাহার বৈধ লাইসেন্সধারীর কপিরাইট বা অন্যান্য অধিকার লঙ্ঘিত হইয়াছে মর্মে প্রতীয়মান হইলে উক্ত কর্মের প্রণেতা বা তাহার বৈধ লাইসেন্সধারী ব্যক্তি বা প্রতিষ্ঠান বা নেটওয়ার্ক সেবা প্রদানকারী বা তৃতীয় পক্ষ বরাবর লিখিত আপত্তি জানানো সাপেক্ষে উক্ত নেটওয়ার্ক সেবা প্রদানকারী ব্যক্তি বা মাধ্যম বা প্রতিষ্ঠান উক্ত আপত্তিকৃত কর্মের সমুদয় অনুলিপি তাহার নিয়ন্ত্রণাধীন যে কোনো মাধ্যম হইতে যথাশীঘ্র অপসারণপূর্বক অভিযোগকারীকে লিখিতভাবে অবহিত করিবে; অন্যথায় উক্ত সেবা প্রদানকারী নেটওয়ার্ক বা প্রতিষ্ঠান, ব্যক্তি বা তৃতীয় পক্ষ কপিরাইট লঙ্ঘনজনিত অপরাধের জন্য দায়ী হইবে।
(২) কোনো কর্মের বাণিজ্যিক ব্যবহারের ক্ষেত্রে যে কোনো প্রতিষ্ঠানকে বাংলাদেশ কপিরাইট অফিস হইতে লাইসেন্স গ্রহণ করিতে হইবে।
ব্যাখ্যা।- এই ধারার উদ্দেশ্য পূরণকল্পে, “সেবা প্রদানকারী” অর্থ তথ্য প্রযুক্তি, ইন্টারনেট, ডিজিটাল প্লাটফর্মসহ যেকোনো মাধ্যমে সম্প্রচার, প্রকাশনা এবং প্রকাশকারী নেটওয়ার্ক, ব্যক্তি বা প্রতিষ্ঠান।
৮৩। দেওয়ানি প্রতিকারের জন্য মামলা দায়ের
কপিরাইট লঙ্ঘনজনিত প্রত্যেক দেওয়ানি মামলা বা অন্য কোনো দেওয়ানি কার্যধারা সংশ্লিষ্ট এলাকার এখতিয়ারসম্পন্ন জেলা জজ আদালতে দায়ের করা যাইবে।