02 Mar 2026 +880 1886 456688
image

Laws & Rules

কপিরাইট আইন, ২০২৩
Click here for Deep-Dive

কপিরাইট আইন, ২০২৩

ঊনবিংশ অধ্যায় : বিবিধ ( কপিরাইট’২৩ )
১১৯। তামাদি গণনা

এই অধ্যায়ের অধীন আপিলের জন্য প্রদত্ত তিন মাসের সময় গণনায়, যে আদেশ বা সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা হইয়াছে, উহার সার্টিফাইড কপি বা, ক্ষেত্রমত, সিদ্ধান্তের রেকর্ড প্রদানের জন্য গৃহীত সময় বাদ দিতে হইবে।

১২০। রেজিস্ট্রার এবং বোর্ডের দেওয়ানী আদালতের কতিপয় ক্ষমতা

এই আইনের অধীন কপিরাইট সংশ্লিষ্ট কোনো কার্যধারায় রেজিস্ট্রার ও বোর্ডের নিম্নরূপ বিষয়ে দেওয়ানি আদালতের ক্ষমতা থাকিবে, যথা:-

(ক) সমন প্রদান এবং কোনো ব্যক্তির উপস্থিতি নিশ্চিত করা এবং তাহাকে শপথপূর্বক পরীক্ষা;

(খ) কোনো দলিল প্রদর্শন এবং উপস্থাপন;

(গ) হলফনামাসহ সাক্ষ্য গ্রহণ;

(ঘ) সাক্ষ্য বা দলিল পরীক্ষার জন্য কমিশন মঞ্জুর;

(ঙ) কোনো আদালত বা কার্যালয় হইতে কোনো সরকারি নথি বা উহার অনুলিপি তলব;

(চ) বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে মধ্যস্থতা;

(ছ) যৌক্তিক প্রয়োজনে অস্থায়ী নিষেধাজ্ঞা আরোপ; এবং

(জ) বিধি দ্বারা নির্ধারিত অন্য যে কোনো বিষয়।

১২১। রেজিস্ট্রার বা বোর্ড কর্তৃক প্রদত্ত অর্থ প্রদানের আদেশ ডিক্রির ন্যায় কার্যকর হইবে

রেজিস্ট্রার বা বোর্ড কর্তৃক এই আইনের অধীন প্রদত্ত অর্থ প্রদানের প্রত্যেক আদেশ বা বোর্ড কর্তৃক প্রদত্ত অনুরূপ আদেশের বিরুদ্ধে আনীত আপিলে হাইকোর্ট বিভাগ কর্তৃক প্রদত্ত আদেশ, রেজিস্ট্রার, বোর্ড বা, ক্ষেত্রমত, সুপ্রীম কোর্টের রেজিস্ট্রার কর্তৃক প্রদত্ত সার্টিফিকেট দেওয়ানি আদালতের ডিক্রি মর্মে গণ্য হইবে এবং অনুরূপ আদালতের ডিক্রির ন্যায় অভিন্ন পদ্ধতিতে কার্যকরযোগ্য হইবে।

১২২। কর্ম সংরক্ষণে সরকারের বিশেষ ক্ষমতা

এই আইনের অন্যান্য বিধানে যাহা কিছুই থাকুক না কেন, সরকার, জনস্বার্থে, দেশের ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণের নিমিত্ত যেকোনো কর্ম, বিধি অনুযায়ী সরকারি ব্যবস্থাপনার অন্তর্ভুক্ত করিতে পারিবে।

১২৩। অবৈধ সম্প্রচার বন্ধে কপিরাইট রেজিস্ট্রারের ক্ষমতা

কোনো কর্মের অবৈধ সম্প্রচার সম্পর্কে কোনো কপিরাইট বা সম্পৃক্ত অধিকারের স্বত্বাধিকারীর লিখিত অভিযোগের প্রেক্ষিতে রেজিস্ট্রার সম্প্রচার সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী কর্তৃপক্ষকে অবহিত করা হইলে উক্ত কর্তৃপক্ষ অবিলম্বে, উক্তরূপ অবৈধ সম্প্রচার বন্ধ করিবার ব্যবস্থা করিবেন।

১২৪। সরল বিশ্বাসে কৃত কার্য রক্ষণ

এই আইনের অধীন সরল বিশ্বাসে কৃত কোনো কার্যের ফলে কোনো ব্যক্তি ক্ষতিগ্রস্ত হইলে বা তাহার ক্ষতিগ্রস্ত হইবার সম্ভাবনা থাকিলে, তজ্জন্য সরকার, বোর্ড, রেজিস্ট্রার বা কপিরাইট অফিসের কোনো কর্মকর্তা বা কর্মচারীর বিরুদ্ধে দেওয়ানি বা ফৌজদারি মামলা বা অন্য কোনো আইনগত কার্যক্রম গ্রহণ করা যাইবে না।

১২৫। জনসেবক

রেজিস্ট্রার, বোর্ডের সকল সদস্য, কপিরাইট অফিসে নিযুক্ত সকল কর্মকর্তা ও কর্মচারী Penal Code, 1860 (Act No. XLV of 1860) এর section 21 এ জনসেবক (public servant) অভিব্যক্তিটি যে অর্থে ব্যবহৃত হইয়াছে সেই অর্থে জনসেবক বলিয়া গণ্য হইবেন।

১২৬। বিধি প্রণয়নের ক্ষমতা

সরকার, এই আইনের উদ্দেশ্যপূরণকল্পে, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, বিধি প্রণয়ন করিতে পারিবে।

১২৭। রহিতকরণ ও হেফাজত

(১) কপিরাইট আইন, ২০০০ (২০০০ সনের ২৮ নং আইন), অতঃপর উক্ত আইন বলিয়া উল্লিখিত, এতদ্বারা রহিত করা হইল

(২) উক্তরূপ রহিতকরণ সত্ত্বেও উক্ত আইনের অধীন-

(ক) কৃত কোনো কাজ-কর্ম, গৃহীত কোনো ব্যবস্থা, প্রণীত কোনো বিধি, জারীকৃত প্রজ্ঞাপন বা নোটিশ বা বিজ্ঞপ্তি, প্রদত্ত আদেশ, স্বত্বনিয়োগ, নিবন্ধন বা লাইসেন্স, এই আইনের বিধানাবলির সহিত সামঞ্জস্যপূর্ণ হওয়া সাপেক্ষে, রহিত বা সংশোধিত না হওয়া পর্যন্ত, বলবৎ থাকিবে, এবং এই আইনের সংশ্লিষ্ট ধারার অধীন কৃত, গৃহীত, প্রণীত, জারীকৃত বা প্রদত্ত বলিয়া গণ্য হইবে;

(খ) উক্ত আইনের অধীন সূচিত কোনো কার্যধারা অসম্পূর্ণ থাকিলে উহা উক্ত আইন অনুযায়ী এইরূপে সমাপ্ত করা হইবে, যেন উক্ত আইন রহিত হয় নাই;

(গ) দায়েরকৃত কোনো মামলা বা মোকদ্দমা কোনো আদালতে চলমান থাকিলে উহা এমনভাবে নিষ্পত্তি করিতে হইবে যেন উক্ত আইন রহিত হয় নাই;

(ঘ) উক্ত আইনের অধীন প্রতিষ্ঠিত বোর্ড এইরূপে বহাল থাকিবে যেন উহা এই আইনের অধীন প্রতিষ্ঠিত হইয়াছে; এবং

(ঙ) কপিরাইট অফিসে নিযুক্ত কর্মকর্তা ও কর্মচারীগণ এই আইন প্রবর্তনের অব্যবহিতপূর্বে যে শর্তাধীনে চাকুরিতে নিয়োজিত ছিলেন, এই আইনের বিধান অনুযায়ী পরিবর্তিত না হওয়া পর্যন্ত, সেই একই শর্তে চাকুরিতে নিয়োজিত থাকিবেন এবং পূর্বের নিয়মে বেতন, ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হইবেন।

১২৮। ইংরেজিতে অনূদিত পাঠ প্রকাশ

(১) এই আইন কার্যকর হইবার পর, সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, এই আইনের ইংরেজিতে অনূদিত একটি নির্ভরযোগ্য পাঠ (Authentic English Text) প্রকাশ করিতে পারিবে।

(২) বাংলা ও ইংরেজি পাঠের মধ্যে বিরোধের ক্ষেত্রে বাংলা পাঠ প্রাধান্য পাইবে।

img