04 Mar 2026 +880 1886 456688
image

Laws & Rules

ঔষধ ও কসমেটিকস্ আইন, ২০২৩
Click here for Deep-Dive

ঔষধ ও কসমেটিকস্ আইন, ২০২৩

দ্বিতীয় অধ্যায় : অধিদপ্তর, মহাপরিচালক, জাতীয় নিয়ন্ত্রণ পরীক্ষাগার, ইত্যাদি ( ২৯ )
৪। ঔষধ প্রশাসন অধিদপ্তর

এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, বিদ্যমান ঔষধ প্রশাসন অধিদপ্তর এমনভাবে বহাল থাকিবে যেন উহা এই আইনের অধীন প্রতিষ্ঠিত হইয়াছে।

৫। অধিদপ্তরের কার্যালয়

(১) অধিদপ্তরের প্রধান কার্যালয় ঢাকায় অবস্থিত হইবে।

(২) সরকার, প্রয়োজনে, বিভাগ, জেলা, উপজেলা বা অন্য যে কোনো স্থানে অধিদপ্তরের শাখা কার্যালয় স্থাপন করিতে পারিবে।

৬। অধিদপ্তরের কার্যাবলি

অধিদপ্তরের কার্যাবলি হইবে নিম্নরূপ, যথা:-

(ক) ঔষধের উৎপাদনকারী, বিক্রয়কারী, আমদানিকারী ও রপ্তানিকারী প্রতিষ্ঠানের লাইসেন্স সংক্রান্ত এবং কসমেটিকস্ এর উৎপাদনকারী, আমদানিকারী ও রপ্তানিকারী প্রতিষ্ঠানের লাইসেন্স সংক্রান্ত;

(খ) ঔষধের নিবন্ধন এবং মার্কেটিং অথরাইজেশন সনদ এবং কসমেটিকস্ এর নিবন্ধন সংক্রান্ত;

(গ) ঔষধের বাজার তদারকি ও নিয়ন্ত্রণ;

(ঘ) কসমেটিকস্ উৎপাদন, বিতরণ, মান নিয়ন্ত্রণ, পরিদর্শন, তদারকি এবং আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রণ;

(ঙ) ফার্মাকোভিজিল্যান্স কার্যক্রম বাস্তবায়ন;

(চ) ঔষধ ও কসমেটিকস্ উৎপাদন ও বিক্রয়কারী প্রতিষ্ঠান পরিদর্শন, তদারকি ও নিয়ন্ত্রণ;

(ছ) ক্লিনিক্যাল ট্রায়াল অনুমোদন এবং পর্যবেক্ষণ;

(জ) ঔষধ পরীক্ষাগারের কার্যক্রম পর্যবেক্ষণসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ;

(ঝ) ভ্যাকসিনের লট রিলিজ সংক্রান্ত কার্যক্রম;

(ঞ) ঔষধের মান নির্ধারণ ও নিয়ন্ত্রণ সক্রান্ত ব্যবস্থা গ্রহণ;

(ট) সরকার কর্তৃক, সময় সময়, অর্পিত অন্য যে কোনো দায়িত্ব পালন; এবং

(ঠ) উপরি-উক্ত কার্যাবলি সম্পাদনের জন্য প্রয়োজনীয় যে কোনো আইনগত ব্যবস্থা গ্রহণ।

৭। মহাপরিচালক

(১) ঔষধ প্রশাসন অধিদপ্তরের একজন মহাপরিচালক থাকিবে।

(২) মহাপরিচালক সরকার কর্তৃক নিযুক্ত হইবেন এবং তাহার চাকরির শর্তাবলি সরকার কর্তৃক স্থিরীকৃত হইবে।

(৩) মহাপরিচালক অধিদপ্তরের সার্বক্ষণিক কর্মকর্তা এবং প্রধান নির্বাহী হইবেন।

(৪) মহাপরিচালকের পদ শূন্য হইলে, বা অনুপস্থিতি, অসুস্থতা বা অন্য কোনো কারণে মহাপরিচালক তাহার দায়িত্ব পালনে অসমর্থ হইলে, শূন্য পদে নবনিযুক্ত মহাপরিচালক কার্যভার গ্রহণ না করা পর্যন্ত বা মহাপরিচালক পুনরায় স্বীয় দায়িত্ব পালনে সমর্থ না হওয়া পর্যন্ত, অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক বা সরকার কর্তৃক নিযুক্ত কোনো ব্যক্তি অস্থায়ীভাবে মহাপরিচালকের দায়িত্ব পালন করিবেন।

৮। মহাপরিচালকের ক্ষমতা ও কার্যাবলি

(১) মহাপরিচালক এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে অধিদপ্তরের সকল প্রশাসনিক ও আর্থিক কার্যাদি পরিচালনা এবং এই আইন এবং বিধি অনুসারে তাহার উপর অর্পিত ক্ষমতা প্রয়োগ, দায়িত্ব পালন ও কার্যাবলি সম্পাদন করিবেন।

(২) উপধারা (১) এর বিধানাবলিকে ক্ষুণ্ন না করিয়া মহাপরিচালক সরকার কর্তৃক, সময়ে সময়ে, অর্পিত দায়িত্ব পালন করিবেন।

৯। ক্ষমতা অর্পণ

মহাপরিচালক এই আইনের অধীন তাহার কোনো ক্ষমতা বা দায়িত্ব, প্রয়োজনবোধে, লিখিত আদেশ দ্বারা, তাহার অধস্তন যে কোনো কর্মচারীকে অর্পণ করিতে পারিবেন।

১০। জাতীয় ঔষধ নিয়ন্ত্রণ পরীক্ষাগার, ঔষধ পরীক্ষাগার, ইত্যাদি

(১) ঔষধের মান নিয়ন্ত্রণের উদ্দেশ্যে অধিদপ্তরের অধীন ঢাকায় একটি পরীক্ষাগার থাকিবে, যাহা জাতীয় ঔষধ নিয়ন্ত্রণ পরীক্ষাগার [National Drug Control Laboratory (NDCL)] নামে অভিহিত হইবে।

(২) উপধারা (১) এ উল্লিখিত পরীক্ষাগার ঔষধ সম্পর্কিত পরীক্ষা, বিশ্লেষণ, মূল্যায়ন ও গবেষণাসহ সরকার ও অধিদপ্তর কর্তৃক নির্ধারিত ও অর্পিত কার্যাবলি সম্পাদন করিবে।

(৩) উপধারা (১) এ উল্লিখিত পরীক্ষাগার ছাড়াও বাংলাদেশের যে কোনো স্থানে অধিদপ্তরের প্রয়োজনীয় সংখ্যক ঔষধ পরীক্ষাগার [Drug Testing Laboratory (DTL)] থাকিবে।

(৪) উপধারা (১) এবং (৩) এ উল্লিখিত পরীক্ষাগারসমূহের কার্যাবলি এবং পরিচালনা, ব্যবস্থাপনা ও কর্মচারী নিয়োগসহ আনুষঙ্গিক বিষয় বিধি দ্বারা নির্ধারিত হইবে।

১১। কর্মচারী নিয়োগ

সরকার, অধিদপ্তরের কার্যাবলি সুষ্ঠুভাবে সম্পাদনের উদ্দেশ্যে, তৎকর্তৃক অনুমোদিত সাংগঠনিক কাঠামো অনুযায়ী, প্রয়োজনীয় সংখ্যক কর্মচারী নিয়োগ করিতে পারিবে এবং তাহাদের চাকুরির শর্তসহ আনুষঙ্গিক বিষয় বিধি দ্বারা নির্ধারিত হইবে।

১২। ঔষধ ও কসমেটিকস্ নিয়ন্ত্রণ কমিটি ও উপকমিটি গঠন এবং কর্মপরিধি নির্ধারণ, ইত্যাদি

(১) সরকার, এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, ঔষধ নিয়ন্ত্রণ কমিটি নামে একটি কমিটিসহ প্রয়োজনীয় সংখ্যক অন্যান্য কমিটি ও উপ-কমিটি গঠন এবং উহাদের মেয়াদ, কার্যাবলি এবং আনুষঙ্গিক বিষয়াদি নির্ধারণ করিতে পারিবে।

(২) সরকার, এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, কসমেটিকস্ নিয়ন্ত্রণ কমিটি নামে একটি কমিটিসহ প্রয়োজনীয় সংখ্যক অন্যান্য কমিটি ও উপ-কমিটি গঠন এবং উহাদের মেয়াদ, কার্যাবলী এবং আনুষঙ্গিক বিষয়াদি নির্ধারণ করিতে পারিবে।

১৩। জাতীয় ঔষধ উপদেষ্টা পরিষদ

(১) সরকার, একজন চেয়ারম্যান এবং সময়ে সময়ে যেরূপ উপযুক্ত বিবেচনা করিবে সেইরূপ সংখ্যক সদস্য সমন্বয়ে, একটি জাতীয় ঔষধ উপদেষ্টা পরিষদ গঠন করিবে।

(২) জাতীয় ঔষধ উপদেষ্টা পরিষদ নিম্নবর্ণিত বিষয়ে সরকারকে পরামর্শ প্রদান করিবে, যথা:-

(ক) সরকার কর্তৃক প্রণীত জাতীয় ঔষধনীতি বাস্তবায়ন;

(খ) দেশীয় ঔষধ শিল্পের উন্নয়ন এবং দেশের চাহিদা পূরণের জন্য ঔষধের উৎপাদন ও সরবরাহ;

(গ) দফা (খ) এর উদ্দেশ্য পূরণকল্পে অ্যালোপ্যাথিক, আয়ুর্বেদিক, ইউনানী, হোমিওপ্যাথিক ও বায়োকেমিক এবং হারবাল ও ভেটেরিনারী ঔষধের মধ্য হইতে কতিপয় ঔষধকে ‘অত্যাবশ্যকীয় ঔষধ’ হিসাবে ঘোষণা করিয়া তালিকা প্রকাশ এবং প্রতি দুই বৎসর অন্তর অন্তর উক্ত তালিকা হালনাগাদকরণ;

(ঘ) ঔষধ এবং ঔষধের কাঁচামাল আমদানি;

(ঙ) বিভিন্ন মন্ত্রণালয়, সরকারি সংস্থা এবং ঔষধ উৎপাদন, আমদানি, বিতরণ ও বিক্রয়ের সহিত জড়িত ব্যক্তিবর্গের কার্যক্রমের সমন্বয়; এবং

(চ) জরুরী পরিস্থিতিতে প্রয়োজনীয় ও আনুষঙ্গিক বলিয়া বিবেচিত যে কোনো বিষয়।

(৩) সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, জাতীয় ঔষধ উপদেষ্টা পরিষদের গঠন, মেয়াদ ও কার্যাবলি নির্ধারণ করিবে।

img