- ৩১। কসমেটিকস্ এর লাইসেন্স
- ৩২। কসমেটিকস্ নিবন্ধন
- ৩৩। বিদ্যমান কসমেটিকস্ উৎপাদন, বিতরণ, আমদানি ও রপ্তানি, ইত্যাদির ক্ষেত্রে বিশেষ বিধান
- ৩৪। ধারা ৪৮ এর প্রয়োগ ও প্রযোজ্যতা
- ৩৫। কসমেটিকস্ এর মান নির্ধারণ, নিয়ন্ত্রণ, প্রয়োগ, ইত্যাদি
পঞ্চম অধ্যায় : কসমেটিকস্, ইত্যাদি ( ২৯ )
৩১। কসমেটিকস্ এর লাইসেন্স
(১) কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান লাইসেন্সিং কর্তৃপক্ষের নিকট হইতে লাইসেন্স গ্রহণ ব্যতীত অথবা লাইসেন্সে আরোপিত শর্ত বহির্ভূতভাবে কসমেটিকস্ উৎপাদন, বিতরণ, আমদানি বা রপ্তানি করিতে পারিবেন না।
(২) লাইসেন্স প্রাপ্তির যোগ্যতা, লাইসেন্সের ও লাইসেন্স নবায়নের আবেদন, আবেদন মঞ্জুর বা নামঞ্জুর, লাইসেন্স ও লাইসেন্স নবায়ন ফি এবং লাইসেন্সের শর্ত সহ এতৎসংশ্লিষ্ট অন্যান্য বিষয়াদি বিধি দ্বারা নির্ধারিত হইবে:
তবে শর্ত থাকে যে, বিধি প্রণীত না হওয়া পর্যন্ত অধিদপ্তর, সরকারের পূর্বানুমোদনক্রমে, আদেশ জারির মাধ্যমে উল্লিখিত বিষয়ে প্রয়োজনীয় বিধান করিতে পারিবে:
আরও শর্ত থাকে যে, সরকার, সময় সময়, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, লাইসেন্স ও লাইসেন্স নবায়ন ফি এবং, ক্ষেত্রমত, বিলম্ব ফি পুনঃনির্ধারণ করিতে পারিবে।
৩২। কসমেটিকস্ নিবন্ধন
(১) কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান লাইসেন্সিং কর্তৃপক্ষের নিকট হইতে নিবন্ধন গ্রহণ ব্যতিরেকে যে কোনো ধরনের কসমেটিকস্ উৎপাদন, বিতরণ, আমদানি বা রপ্তানি করিতে পারিবেন না।
(২) নিবন্ধন প্রাপ্তির যোগ্যতা, নিবন্ধন ও নিবন্ধন নবায়নের আবেদন, আবেদন মঞ্জুর ও নামঞ্জুর, নিবন্ধন ও নিবন্ধন নবায়ন ফি এবং নিবন্ধনের শর্তসহ এতৎসংশিষ্ট অন্যান্য বিষয়াদি বিধি দ্বারা নির্ধারিত হইবে:
তবে শর্ত থাকে যে, বিধি প্রণীত না হওয়া পর্যন্ত অধিদপ্তর, সরকারের পূর্বানুমোদনক্রমে, আদেশ জারীর মাধ্যমে, উল্লিখিত বিষয়ে প্রয়োজনীয় বিধান করিতে পারিবে:
আরও শর্ত থাকে যে, সরকার, সময় সময়, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, নিবন্ধন ও নিবন্ধন নবায়ন ফি এবং, ক্ষেত্রমত, বিলম্ব ফি পুনঃনির্ধারণ করিতে পারিবে।
৩৩। বিদ্যমান কসমেটিকস্ উৎপাদন, বিতরণ, আমদানি ও রপ্তানি, ইত্যাদির ক্ষেত্রে বিশেষ বিধান
(১) কসমেটিকস্ উৎপাদন, বিতরণ, আমদানি ও রপ্তানির সহিত সংশ্লিষ্ট বিদ্যমান কারখানা বা ব্যবসা প্রতিষ্ঠানকে সংশ্লিষ্ট বিষয়ে এই আইনের অধীনে বিধি প্রণীত হইবার অথবা, ক্ষেত্রমত, আদেশ জারি হইবার অনধিক ৬(ছয়) মাসের মধ্যে, ক্ষেত্রমত, লাইসেন্স এবং নিবন্ধনের জন্য লাইসেন্সিং কর্তৃপক্ষের নিকট আবেদন করিতে হইবে।
(২) উপধারা (১) এর অধীন আবেদন প্রাপ্তির পর লাইসেন্সিং কর্তৃপক্ষ, ক্ষেত্রমত, ধারা ৩১ বা ৩২ এর বিধান সাপেক্ষে, সংশ্লিষ্ট আবেদন নিষ্পত্তির ব্যবস্থা গ্রহণ করিবে।
৩৪। ধারা ৪৮ এর প্রয়োগ ও প্রযোজ্যতা
এই অধ্যায়ের উদ্দেশ্য পূরণকল্পে নবম অধ্যায়ে পরিদর্শকের ক্ষমতা সম্পর্কিত বিধানাবলি, যতদূর প্রযোজ্য, ধারা ৩১, ৩২ এবং ৩৩ এর বিধান কার্যকর ও বাস্তবায়নের ক্ষেত্রে ঠিক ততটুকু প্রয়োগ ও প্রযোজ্য হইবে।
৩৫। কসমেটিকস্ এর মান নির্ধারণ, নিয়ন্ত্রণ, প্রয়োগ, ইত্যাদি
(১) সরকার, এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, কসমেটিকস্ এর মান নির্ধারণ ও নিয়ন্ত্রণ, পরীক্ষাগার, অ্যানালিস্ট ও তাহার প্রতিবেদন, বিজ্ঞাপন এবং মিসব্র্যান্ডিং, নকল, ভেজাল ও স্পোরিয়াস চিহ্নিতকরণসহ আনুষঙ্গিক অন্যান্য বিষয় বিধি দ্বারা নির্ধারণ করিবে:
তবে শর্ত থাকে যে, কসমেটিকস্ এর মান নির্ধারণ করিবার ক্ষেত্রে এতদ্বিষয়ক বিদ্যমান বাংলাদেশ মান, এবং EU, USFDA ও ASEAN -সহ আন্তর্জাতিক সংস্থা ও দেশ কর্তৃক নির্ধারিত মান অনুসরণ করিতে পারিবে।
(২) বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) কর্তৃক নিবন্ধিত চিকিৎসক বা উক্ত চিকিৎসকের তত্ত্বাবধান ব্যতীত অন্য কোনো ব্যক্তি ইঞ্জেকশন দ্বারা বা অন্য কোনোভাবে মানবদেহে ফিলার (Filler), বোটক্স (Botox), গ্লুটাথিয়ন (Glutathione) বা অনুরূপ কোনো কসমেটিকস্ প্রয়োগ করিতে পারিবেন না
(৩) সরকার, বিউটি পার্লারে কসমেটিকস্ এর অপপ্রয়োগ ও অপব্যবহার রোধকল্পে, বিধি দ্বারা, বিউটি পার্লার কর্তৃক কসমেটিকস্ এর প্রয়োগ ও ব্যবহার সংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় বিধান করিতে পারিবে।