- ৩৬। ঔষধের আদর্শ মান
- ৩৭। মিসব্র্যান্ডেড ঔষধ বা মিসব্র্যান্ডেড কসমেটিকস্
- ৩৮। নকল ঔষধ বা নকল কসমেটিকস্
- ৩৯। ভেজাল ঔষধ বা ভেজাল কসমেটিকস্
- ৪০। কতিপয় ঔষধ বিক্রয়ের ক্ষেত্রে বিধি-নিষেধ
ষষ্ঠ অধ্যায় : ঔষধের আদর্শ মান এবং মিসব্র্যান্ডেড, নকল ও ভেজাল ঔষধ বা কসমেটিকস্, ইত্যাদি ( ২৯ )
৩৬। ঔষধের আদর্শ মান
(১) কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান, আদর্শ মানের নহে এইরূপ কোনো নিম্নমানের ঔষধ উৎপাদন, বিক্রয়, মজুত, বিতরণ, বিক্রয়ের উদ্দেশ্যে প্রদর্শন বা আমদানি করিতে পারিবেন না।
(২) কোনো ব্যক্তি আদর্শ মানের নহে এইরূপ কোনো নিম্নমানের বিক্রীত ঔষধের মানের বিষয়ে, স্বত্বাধিকারী অথবা প্রতিনিধি হিসাবে, ক্রেতাগণকে জ্ঞাতসারে উক্ত ঔষধ সেবন বা ব্যবহারের ফলে কোনো ক্ষতি হইবে না এবং তদ্দ্বারা এই আইনের কোনো বিধান লঙ্ঘিত হইবে না মর্মে নিশ্চয়তা প্রদান করিতে পারিবেন না।
(৩) এই ধারার উদ্দেশ্য পূরণকল্পে আদর্শ মান অর্থ-
(ক) ইউনানী, আয়ূর্বেদিক, হোমিওপ্যাথিক ও বায়োকেমিক বা হারবাল ঔষধসহ যে কোনো ঔষধের ক্ষেত্রে, সরকার কর্তৃক নির্ধারিত আদর্শ মান; এবং
(খ) অন্যান্য ঔষধের ক্ষেত্রে, অফিসিয়াল কমপেনডিয়ার সর্বশেষ ৫(পাঁচ) টি সংস্করণে বর্ণিত মান অথবা, অফিসিয়াল কমপেনডিয়ায় কোনো ঔষধের সুনির্দিষ্ট মনোগ্রাফ পাওয়া না গেলে, মান স্থিরীকরণের ক্ষেত্রে অফিসিয়াল কমপেনডিয়ায় বর্ণিত সাধারণ নির্দেশিকা বা উদ্ভাবক প্রতিষ্ঠান কর্তৃক নির্ধারিত স্পেসিফিকেশন।
ব্যাখ্যা: এই ধারায় উল্লিখিত “অফিসিয়াল কমপেনডিয়া” অর্থ ব্রিটিশ ফার্মাকোপিয়া ইউনাইটেড স্টেটস ফার্মাকোপিয়া, ইউনাইটেড স্টেটস ন্যাশনাল ফরমুলারি, ইউরোপিয়ান ফার্মাকোপিয়া বা স্বীকৃত আন্তর্জাতিক ফার্মাকোপিয়া।
৩৭। মিসব্র্যান্ডেড ঔষধ বা মিসব্র্যান্ডেড কসমেটিকস্
(১) কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান মিসব্র্যান্ডেড ঔষধ বা মিসব্র্যান্ডেড কসমেটিকস্ উৎপাদন, বিক্রয়, মজুত, বিতরণ বা বিক্রয়ের উদ্দেশ্যে প্রদর্শন করিতে পারিবেন না।
(২) লাইসেন্সিং কর্তৃপক্ষ ঔষধ ও কসমেটিকস্ এর ব্র্যান্ড নাম সংরক্ষণ করিবে এবং কোনো মিসব্র্যান্ডেড ঔষধ বা মিসব্র্যান্ডেড কসমেটিকস্ এর ব্র্যান্ড নাম অনুমোদন করিবে না।
(৩) এই ধারার উদ্দেশ্য পূরণকল্পে কোনো ঔষধ বা কসমেটিকস্ মিসব্র্যান্ডেড বলিয়া গণ্য হইবে, যদি-
(ক) উহা এইরূপে রঙিন, আবরিত, চূর্ণ অথবা পলিশ করা হয়, যাহাতে উহার ক্ষতি অপ্রকাশিত থাকে অথবা উহা এইরূপে তৈরি করা হয় যাহার দ্বারা প্রতীয়মান হয় যে, প্রকৃতপক্ষে উহার যাহা নহে উহাতে তদাপেক্ষা শ্রেয় বা উচ্চতর মান রহিয়াছে;
(খ) উহা নির্ধারিত পদ্ধতিতে লেবেলযুক্ত না হইয়া থাকে;
(গ) উহার লেবেল বা কন্টেইনারে বা সংশ্লিষ্ট অন্য কিছুতে যে কোনো বিবরণ, নকশা বা ডিভাইস এমনভাবে উল্লেখ করে যাহা উক্ত ঔষধ বা কসমেটিকস্ এর বিষয়ে মিথ্যা দাবি করে অথবা যাহা মিথ্যা বা কোনো নির্দিষ্ট বিষয়ে বিভ্রান্তিকর; এবং
(ঘ) উহার ব্র্যান্ড নাম কনো বিদ্যমান ব্র্যান্ড নামের সদৃশ হয় বা অনুরূপ ধ্বনিত হয় বা অনুরূপ প্রতীয়মান হয়, যাহার দ্বারা উক্ত ঔষধ বা কসমেটিকস্ এর ব্যবহারকারী প্রতারিত হইবার সম্ভাবনা থাকে।
৩৮। নকল ঔষধ বা নকল কসমেটিকস্
(১) কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান নকল ঔষধ বা নকল কসমেটিকস্ উৎপাদন করিতে অথবা জ্ঞাতসারে কোনো নকল ঔষধ বা নকল কসমেটিকস্ বিক্রয়, মজুত, বিতরণ বা বিক্রয়ের উদ্দেশ্যে প্রদর্শন করিতে পারিবেন না।
(২) এই ধারার উদ্দেশ্যে পূরণকল্পে নিম্নবর্ণিত ঔষধ বা কসমেটিকস্ নকল Counterfeit or Falsified or Spurious) বলিয়া গণ্য হইবে, যদি-
(ক) অসৎ উদ্দেশ্যে কোনো বহুল প্রচলিত ঔষধ বা কসমেটিকস্ এর বোতল, স্ট্রিপ, ফয়েল, লেবেল, মনোগ্রাম, লোগো, ইত্যাদির সমন্বয়ে কোনো ঔষধ বা কসমেটিকস্কে এমনভাবে অনুকরণ করা হয়, যাহাতে বাহ্যিকভাবে উক্ত ঔষধ বা কসমেটিকস্ই মূল ঔষধ বা কসমেটিকস্ হিসাবে প্রতিভাত হয়;
(খ) উহা অন্য কোনো ঔষধ বা কসমেটিকস্ এর বিকল্প বা সদৃশ হয়, যাহার দ্বারা জনগণের প্রতারিত হইবার সম্ভাবনা থাকে;
(গ) উহা প্রকৃতপক্ষে যে স্থানে বা দেশে উৎপাদিত হয় নাই সেই স্থান বা দেশের ঔষধ বা কসমেটিকস্ বলিয়া দাবি করে বা ধারণা জন্মায়;
(ঘ) উহা এইরূপ কোনো নামে আমদানি করা হয়, যাহা প্রকৃতপক্ষে অন্য কোনো ঔষধ বা কসমেটিকস্ এর অন্তর্ভুক্ত; বা
(ঙ) উহার লেবেল বা কন্টেইনারে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা কোম্পানির নাম এমনভাবে প্রকাশ করা হয়, যাহার দ্বারা উক্ত ব্যক্তি, প্রতিষ্ঠান বা কোম্পানিকে উক্ত ঔষধ বা কসমেটিকস্ এর উৎপাদনকারী বা প্রস্তুতকারক বলিয়া জনগণের নিকট বিশ্বাসযোগ্য মনে হয়, কিন্তু প্রকৃতপক্ষে উক্ত ব্যক্তি, প্রতিষ্ঠান বা কোম্পানি অস্তিত্ববিহীন ও ভূয়া হয়।
৩৯। ভেজাল ঔষধ বা ভেজাল কসমেটিকস্
(১) কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান ঔষধ বা কসমেটিকস্ ভেজাল করিতে অথবা কোনো ভেজাল ঔষধ বা ভেজাল কসমেটিকস্ উৎপাদন বিক্রয়, মজুত, বিতরণ বা বিক্রয়ের উদ্দেশ্যে প্রদর্শন করিতে পারিবেন না।
(২) এই ধারার উদ্দেশ্যে পূরণকল্পে কোনো ঔষধ বা কসমেটিকস্ ভেজাল বলিয়া গণ্য হইবে, যাহা ব্যবহৃত বা বিক্রয় হইবে অথবা বিক্রয় বা ব্যবহৃত হইতে পারে জানিয়া ইচ্ছাকৃতভাবে বা অসাধু উপায়ে অন্যায্য মুনাফা লাভের উদ্দেশ্যে কিংবা নাশকতা বা অন্য কোনো অসৎ উদ্দেশ্যে উহাতে এমন কোনো বস্তু, উপকরণ বা উপাদান এইরূপে মিশ্রণ করা অথবা উহার অপরিহার্য কোনো বস্তু, উপকরণ বা উপাদান এইরূপে অপসারণ করা হয়, যাহাতে উক্ত ঔষধ বা কসমেটিকস্ এর ফলপ্রসূতা হ্রাস পায় বা কার্যকারিতা পরিবর্তিত হয় অথবা অন্য কোনো প্রকারে উহার অনিষ্ট সাধিত হয় যাহা শারীরিক ক্ষতির কারণ বা জীবনের জন্য হুমকিস্বরূপ।
৪০। কতিপয় ঔষধ বিক্রয়ের ক্ষেত্রে বিধি-নিষেধ
কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান নিম্নবর্ণিত ঔষধ বিক্রয় করিতে পারিবেন না বা, প্রযোজ্য ক্ষেত্রে, বিক্রয়ের উদ্দেশ্যে মজুত বা প্রদর্শন করিতে পারিবেন না, যথা:-
(ক) সরকারি ঔষধ;
(খ) মেয়াদোত্তীর্ণ ঔষধ ও সরকার কর্তৃক নিষিদ্ধ ঔষধ;
(গ) ফিজিশিয়ান স্যাম্পল জাতীয় ঔষধ; অথবা
(ঘ) Over the Counter ঔষধ ছাড়া রেজিস্টার্ড চিকিৎসকের ব্যবস্থাপত্র ব্যতীত এন্টিবায়োটিক বা অন্য কোনো ঔষধ।