06 Mar 2026 +880 1886 456688
image

Laws & Rules

ঔষধ ও কসমেটিকস্ আইন, ২০২৩
Click here for Deep-Dive

ঔষধ ও কসমেটিকস্ আইন, ২০২৩

চতুর্দশ অধ্যায় : রহিতকরণ ও হেফাজত ইত্যাদি ( ২৯ )
৮২। রহিতকরণ ও হেফাজত

(১) এই আইন কার্যকর হইবার সঙ্গে সঙ্গে Drugs Act, 1940 (Act XXIII of 1940) এবং Drugs (Control) Ordinance, 1982 (Ordinance No. VIII of 1982), অতঃপর উক্ত Act বা Ordinance বলিয়া উল্লিখিত, এতদ্দ্বারা রহিত হইবে।

(২) উপ-ধারা (১) এর অধীন রহিতকরণ সত্ত্বেও-

(ক) উক্ত Act বা Ordinance এর অধীন, ক্ষেত্রমত, প্রণীত, জারীকৃত বা প্রদত্ত বিধিমালা প্রজ্ঞাপন, আদেশ, নির্দেশনা, ফরম, পরিপত্র, সার্কুলার, অনুমোদন, ইত্যাদি এই আইনের সহিত সামঞ্জস্যপূর্ণ হওয়া সাপেক্ষে, এই আইনের অনুরূপ বিধানের অধীন, ক্ষেত্রমত, প্রণীত, জারীকৃত বা প্রদত্ত বলিয়া গণ্য হইবে এবং এই আইনের অধীন রহিত, সংশোধিত বা পুনঃপ্রণীত না হওয়া পর্যন্ত বলবৎ থাকিবে;

(খ) এই আইন প্রবর্তনের অব্যবহিত পূর্বে উক্ত Act বা Ordinance এর অধীন কোনো কার্য বা কার্যধারা নিষ্পন্নাধীন থাকিলে, উক্ত কার্য বা কার্যধারা উক্ত Act বা Ordinance এর বিধান অনুসারে এইরূপে নিষ্পত্তি করিতে হইবে যেন এই আইন প্রবর্তিত হয় নাই।

(৩) উপধারা (১) এর অধীন রহিতকরণ সত্ত্বেও-

(ক) লাইসেন্সিং কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত বা ইস্যুকৃত লাইসেন্স, নিবন্ধন বা মার্কেটিং অথরাইজেশন সনদ অথবা কৃত কোনো কাজ, গৃহীত কোনো ব্যবস্থা বা সূচিত কোনো কার্যধারা এই আইনের অধীন প্রদত্ত, ইস্যুকৃত, কৃত গৃহীত বা সূচিত হইয়াছে বলিয়া গণ্য হইবে;

(খ) অনিষ্পন্ন লাইসেন্স বা নিবন্ধন এর আবেদনসমূহ এই আইন প্রণয়নের পূর্বে যে বিধি বা নিয়ম অনুযায়ী নিষ্পন্ন করা হইত সেইরূপভাবে নিষ্পন্ন করিতে হইবে;

(গ) বাতিল বা সাময়িকভাবে স্থগিতকৃত লাইসেন্স বা নিবন্ধন অথবা অনুরূপ গৃহীত কোনো ব্যবস্থা বা সূচিত কোনো কার্যধারা এই আইনের অধীন বাতিল, সাময়িকভাবে স্থগিত, গৃহীত বা সূচিত হইয়াছে বলিয়া গণ্য হইবে;

(ঘ) দায়েরকৃত কোনো মামলা বা কার্যধারা অনিষ্পন্ন বা চলমান থাকিলে উহা এমনভাবে নিষ্পত্তি করিতে হইবে বা চলমান থাকিবে যেন উক্ত Act বা Ordinance রহিত হয় নাই;

(ঙ) উক্ত Ordinance এর অধীন স্থগিত Drugs Court এই আইনের বিধান সাপেক্ষে ঔষধ আদালত নামে স্থাপিত হইয়াছে বলিয়া গণ্য হইবে এবং উক্ত Court এ চলমান ও অনিষ্পন্ন মামলাসমূহ এমনভাবে নিষ্পন্ন করিতে হইবে যেন উহা এই আইনের অধীন স্থাপিত ঔষধ আদালত কর্তৃক বিচারযোগ্য;

(চ) সম্পাদিত কোনো চুক্তি বা সমঝোতা স্মারক, আইনগত দলিল বা ইনস্ট্রুমেন্ট এমনভাবে বহাল থাকিবে যেন উহা এই আইনের অধীন সম্পাদিত হইয়াছে;

(ছ) আটক বাজব্দকৃত ঔষধ যে অবস্থায় সংরক্ষিত আছে উহা এমনভাবে সংরক্ষিত থাকিবে যেন উহা এই আইনের অধীন সংরক্ষণ করা হইয়াছে।

(৪) উক্ত Act এর অধীন নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীগণ যে শর্তে চাকরিতে নিয়োজিত হইয়াছিলেন, এই আইনের অধীন পরিবর্তিত বা সংশোধিত না হওয়া পর্যন্ত, সেই একই শর্তে চাকরিতে নিয়োজিত থাকিবেন।

(৫) উক্ত Act বা Ordinance এর অধীন সরকার বা অধিদপ্তরের সকল প্রকার ঋণ, দায়, প্রকল্প এবং আইনগত বাধ্যবাধকতা এই আইনের বিধান অনুযায়ী সেই একই শর্তে সরকার বা অধিদপ্তরের ঋণ, দায়, প্রকল্প ও আইনগত বাধ্যবাধকতা হিসাবে গণ্য হইবে।

৮৩। ইংরেজিতে অনূদিত নির্ভরযোগ্য পাঠ প্রকাশ

(১) এই আইন প্রবর্তনের পর সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, এই আইনের ইংরেজিতে অনূদিত একটি নির্ভরযোগ্য পাঠ (Authentic English Text) প্রকাশ করিতে পারিবে।

(২) এই আইনের বাংলা ও ইংরেজি পাঠের মধ্যে বিরোধের ক্ষেত্রে এই বাংলা পাঠ প্রাধান্য পাইবে।

img