- ৪। ফাইন্যান্স কোম্পানির লাইসেন্স
- ৫। ফাইন্যান্স কোম্পানির তালিকা প্রকাশ
- ৬। ব্যবসা কেন্দ্র, শাখা বা বুথ স্থাপন ও বিদ্যমান ব্যবসা স্থানান্তরের ক্ষেত্রে বাধা-নিষেধ
- ৭। লাইসেন্স বাতিলকরণ
দ্বিতীয় অধ্যায় : ফাইন্যান্স কোম্পানির লাইসেন্স, ব্যবসা কেন্দ্র স্থাপন ( ফাইন্যান্স কো. আ., ২০২৩ )
৪। ফাইন্যান্স কোম্পানির লাইসেন্স
(১) কোনো কোম্পানি বাংলাদেশ ব্যাংক কর্তৃক এতদুদ্দেশ্যে প্রদত্ত লাইসেন্স ব্যতীত বাংলাদেশে কোনো অর্থায়ন ব্যবসা পরিচালনা করিতে পারিবে না।
(২) কোনো ব্যক্তি লাইসেন্স প্রাপ্তির জন্য বাংলাদেশ ব্যাংক বরাবর এই আইনের অধীন এতদুদ্দেশ্যে নির্ধারিত ফরমে লিখিত আবেদন করিবে।
(৩) ফাইন্যান্স কোম্পানি হিসাবে কোনো কোম্পানিকে লাইসেন্স প্রদানের পূর্বে বাংলাদেশ ব্যাংককে নিম্নরূপ বিষয়সমূহে সন্তুষ্ট হইতে হইবে, যথা:-
(ক) আর্থিক অবস্থা;
(খ) ব্যবস্থাপনার বৈশিষ্ট্য;
(গ) মূলধনের পর্যাপ্ততা, কাঠামোগত যথার্থতা ও উপার্জনের সক্ষমতা;
(ঘ) সংঘ-স্মারকে উল্লিখিত উদ্দেশ্যাবলি; এবং
(ঙ) জনস্বার্থ।
(৪) এই ধারার অধীন লাইসেন্স প্রদানের সময় বাংলাদেশ ব্যাংক উহার বিবেচনায় সঙ্গত যে কোনো শর্ত আরোপ করিতে পারিবে।
(৫) বাংলাদেশ ব্যাংক যে কোনো সময় ফাইন্যান্স কোম্পানির লাইসেন্সের শর্ত সংযোজন, বিয়োজন, পরিমার্জন বা সংশোধন করিতে পারিবে।
(৬) অর্থায়ন ব্যবসায়ে নিয়োজিত লাইসেন্স প্রাপ্ত ফাইন্যান্স কোম্পানি ব্যতীত অন্য কোনো প্রতিষ্ঠান উহার নামের অংশ হিসাবে ফাইন্যান্স অভিব্যক্তিটি ব্যবহার করিতে পারিবে না যাহাতে উহাকে ফাইন্যান্স কোম্পানি হিসাবে মনে করিবার কারণ থাকে:
তবে শর্ত থাকে যে, এই উপ-ধারা নিম্নবর্ণিত ক্ষেত্রে প্রযোজ্য হইবে না, যথা:-
(ক) ফাইন্যান্স কোম্পানি কর্তৃক গঠিত সাবসিডিয়ারি; বা
(খ) ফাইন্যান্স কোম্পানির পারস্পরিক স্বার্থ রক্ষার উদ্দেশ্যে গঠিত কোনো সংস্থা।
৫। ফাইন্যান্স কোম্পানির তালিকা প্রকাশ
এই আইনের অধীন কোনো ফাইন্যান্স কোম্পানিকে লাইসেন্স প্রদানের অব্যবহিত পর বাংলাদেশ ব্যাংক উক্ত কোম্পানির নাম ও ঠিকানা সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা প্রকাশ করিবে।
৬। ব্যবসা কেন্দ্র, শাখা বা বুথ স্থাপন ও বিদ্যমান ব্যবসা স্থানান্তরের ক্ষেত্রে বাধা-নিষেধ
(১) বাংলাদেশ ব্যাংকের লিখিত পূর্বানুমোদন ব্যতিরেকে কোনো ফাইন্যান্স কোম্পানি বাংলাদেশের অভ্যন্তরে বা বাংলাদেশের বাহিরে উহার কোনো নূতন ব্যবসা কেন্দ্র, শাখা বা বুথ স্থাপন করিতে পারিবে না ও বিদ্যমান ব্যবসা কেন্দ্র, শাখা বা বুথ স্থানান্তর করিতে পারিবে না। এই উপ-ধারার উদ্দেশ্য পূরণকল্পে বাংলাদেশ ব্যাংক কর্তৃক নির্ধারিত অন্য যে কোনো স্থানও নূতন ব্যবসা কেন্দ্র, শাখা বা বুথ এর অন্তর্ভুক্ত হইবে।
(২) নূতন ব্যবসা কেন্দ্র, শাখা বা বুথ স্থাপনের অনুমতি প্রদানের ক্ষেত্রে, প্রযোজ্য ক্ষেত্রে, ধারা ৪ এর উপ-ধারা (৩) এ বর্ণিত বিষয়সমূহ বিবেচনা করিতে হইবে।
৭। লাইসেন্স বাতিলকরণ
(১) ধারা ৪ এর অধীন প্রদত্ত লাইসেন্স বাংলাদেশ ব্যাংক নিম্নবর্ণিত কারণে বাতিল করিতে পারিবে, যথা:-
(ক) লাইসেন্সের কোনো শর্ত ভঙ্গ করিলে; বা
(খ) লাইসেন্স প্রাপ্তির ক্ষেত্রে মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য বা দলিল সরবরাহ করিলে; বা
(গ) লাইসেন্স প্রাপ্তির ৬ (ছয়) মাসের মধ্যে অর্থায়ন ব্যবসা আরম্ভ করিতে ব্যর্থ হইলে; বা
(ঘ) আমানতকারীর স্বার্থহানি হয় এইরূপ অর্থায়ন ব্যবসা পরিচালনা করিলে; বা
(ঙ) আমানতকারীর দায় পরিশোধে কোম্পানির সম্পদের অপর্যাপ্ততা থাকিলে; বা
(চ) ন্যূনতম সংরক্ষিতব্য মূলধন অপেক্ষা কম মূলধন সংরক্ষণ করিয়া অর্থায়ন ব্যবসা পরিচালনা করিলে; বা
(ছ) যেই কার্যক্রম পরিচালনার জন্য কোম্পানি প্রতিষ্ঠা করা হইয়াছিল সেই কার্যক্রম পরিচালনা না করিলে; বা
(জ) আদালত কর্তৃক দণ্ডিত হইলে; বা
(ঝ) বাংলাদেশ ব্যাংকের অনুমতি ব্যতিরেকে কার্যক্রম বন্ধ রাখিলে।
(২) উপ-ধারা (১) এ যাহা কিছুই থাকুক না কেন, কোনো ফাইন্যান্স কোম্পানির লাইসেন্স বাতিল করিবার পূর্বে অনিয়ম লিপিবদ্ধ করিয়া কেন লাইসেন্স বাতিল করা হইবে না, সেই মর্মে কারণ দর্শানোর জন্য অনূর্ধ্ব ১৫ (পনেরো) দিনের লিখিত নোটিশ প্রদান করিতে হইবে।
(৩) কোনো ফাইন্যান্স কোম্পানির লাইসেন্স বাতিল করা হইলে বাংলাদেশ ব্যাংক উহা লিখিতভাবে সংশ্লিষ্ট ফাইন্যান্স কোম্পানিকে অবহিত করিবে এবং বাতিলকরণের নোটিশ সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা প্রকাশ করিবে।
(৪) উপ-ধারা (৩) এর অধীন বাতিলকরণের নোটিশ প্রকাশিত হইবার তারিখ হইতে সংশ্লিষ্ট ফাইন্যান্স কোম্পানি, কোনো আর্থিক লেনদেন করিতে পারিবে না:
তবে শর্ত থাকে যে, বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন সাপেক্ষে কেবল প্রশাসনিক কার্যক্রম সম্পাদন করিতে পারিবে:
আরও শর্ত থাকে যে, এই উপ-ধারার বিধান কোনো ফাইন্যান্স কোম্পানির সহিত সম্পর্কিত কোনো ব্যক্তির অধিকার বা দাবি অথবা কোনো ব্যক্তির সহিত সম্পর্কিত কোনো ফাইন্যান্স কোম্পানির অধিকার বা দাবি ক্ষুণ্ণ করিবে না।