02 Mar 2026 +880 1886 456688
image

Laws & Rules

ফাইন্যান্স কোম্পানি আইন, ২০২৩
Click here for Deep-Dive

ফাইন্যান্স কোম্পানি আইন, ২০২৩

সপ্তম অধ্যায় : লাইসেন্সবিহীন অর্থায়ন ব্যবসা ( ফাইন্যান্স কো. আ., ২০২৩ )
৪২। লাইসেন্সবিহীন অর্থায়ন ব্যবসার তথ্য তলব, ইত্যাদি

বাংলাদেশ ব্যাংকের নিকট যদি এই মর্মে প্রতীয়মান হয় যে, কোনো ব্যক্তি লাইসেন্স ব্যতিরেকে অর্থায়ন ব্যবসা পরিচালনা করিতেছে বা কোনো সময় করিয়াছিল বা উহার সহিত সংশ্লিষ্ট ছিল, তাহা হইলে বাংলাদেশ ব্যাংক উহা তদন্ত করিতে পারিবে এবং তদন্তের স্বার্থে-

(ক) নির্ধারিত সময়ের মধ্যে উক্তরূপ ব্যক্তির অবগতিতে, দখলে, জিম্মায় বা নিয়ন্ত্রণে রহিয়াছে এইরূপ সকল প্রয়োজনীয় তথ্য, হিসাব বিবরণী, বহি, দলিল (লিখিত বা ইলেকট্রনিক), নথিপত্র বা ইলেকট্রনিক সরঞ্জাম দাখিল করিবার নির্দেশ প্রদান করিতে পারিবে;

(খ) বাংলাদেশ ব্যাংকের গভর্নরের অনুমোদনক্রমে ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা লাইসেন্স বিহীন অর্থায়ন ব্যবসা বন্ধ এবং উহার তথ্য, হিসাব বিবরণী, দলিল (লিখিত বা ইলেকট্রনিক), নথিপত্র বা ইলেকট্রনিক সরঞ্জাম স্থানান্তর নিষিদ্ধকরণ ও জব্দ করিবার আদেশ প্রদান করিতে পারিবে;

(গ) এই ধারায় উল্লিখিত সকল তথ্য, হিসাব বিবরণী, দলিল (লিখিত বা ইলেকট্রনিক), নথিপত্র বা ইলেকট্রনিক সরঞ্জাম পরিদর্শন বা পরীক্ষা করিতে পারিবে এবং উল্লিখিত ব্যবসায়ের সহিত সম্পর্কিত যে কোনো ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করিতে পারিবে।

৪৩। ঘোষণা প্রদানের ক্ষমতা

(১) বাংলাদেশ ব্যাংকের নিকট ধারা ৪২ এর অধীন তদন্তের পর যদি প্রতীয়মান হয় যে, কোনো ব্যক্তি ধারা ৪ এর উপ-ধারা (১) এর বিধান লঙ্ঘন করিয়া লাইসেন্স ব্যতিরেকে অর্থায়ন ব্যবসা পরিচালনা করিতেছে, তাহা হইলে বাংলাদেশ ব্যাংক এতদসংক্রান্ত বিষয়ে একটি ঘোষণা প্রদান করিবে।

(২) বাংলাদেশ ব্যাংক উপ-ধারা (১) এর অধীন ঘোষণা প্রদানের পূর্বে ধারা ৪ এর উপ- ধারা (১) এর বিধান লঙ্ঘনকারী ব্যক্তিকে প্রয়োজনীয় ব্যক্তব্য প্রদানের সুযোগ প্রদান করিয়া ন্যূনতম ২ (দুই) টি জাতীয় দৈনিক পত্রিকায় এতদসংক্রান্ত ঘোষণা প্রকাশ করিবে।

(৩) বাংলাদেশ ব্যাংক প্রয়োজন মনে করিলে উপ-ধারা (১) এ বর্ণিত ঘোষণার তথ্য বাংলাদেশের বিদেশি মিশনে প্রেরণ করিবে এবং এইরূপ প্রকাশনার পর উক্ত ব্যক্তি বা উহাদের প্রধান নির্বাহী কর্মকর্তা, পরিচালক, ম্যানেজার, কর্মকর্তা, কর্মচারী বা প্রতিনিধি বা উক্ত প্রতিষ্ঠানের সহিত যে কোনোভাবে সম্পর্কিত কোনো ব্যক্তি উক্ত ঘোষণা সম্পর্কে অবহিত নহেন এই মর্মে কোনো কারণ প্রদর্শন করিতে পারিবে না।

৪৪। ঘোষণা প্রদানের ফলাফল

(১) কোনো ব্যক্তি সম্পর্কে ধারা ৪৩ অনুযায়ী কোনো ঘোষণা প্রকাশিত হইলে সংশ্লিষ্ট ব্যক্তি এতদসংক্রান্ত সকল কার্য ও লেনদেন হইতে বিরত থাকিবে।

(২) ঘোষণা প্রকাশের পর সংশ্লিষ্ট ব্যক্তি তাহার বা উহার পক্ষে কর্মরত কোনো ব্যক্তি বা অনুরূপ কর্মরত বলিয়া বিবেচিত কোনো ব্যক্তির সহিত কোনো লেনদেন করা হইলে, উক্ত লেনদেন অবৈধ বলিয়া গণ্য হইবে।

৪৫। লাইসেন্সবিহীন অর্থায়ন ব্যবসায় জড়িত ব্যক্তির সম্পদের নিয়ন্ত্রণ

(১) ধারা ৪৪ এ যাহা কিছুই থাকুক না কেন, কোনো ব্যক্তি সম্পর্কে ধারা ৪৩ অনুযায়ী কোনো ঘোষণা প্রকাশিত হইলে উক্ত ব্যক্তির বা তাহার পক্ষে কোনো ব্যক্তির দখলে, অধিকারে, তত্ত্বাবধানে, নিয়ন্ত্রণে বা জিম্মায় রহিয়াছে এইরূপ সকল স্থাবর ও অস্থাবর সম্পত্তি, শেয়ার, সম্পত্তির স্বত্ব- দলিল বা অন্য কোনো দলিল অবিলম্বে বাংলাদেশ ব্যাংক কর্তৃক নির্ধারিত পদ্ধতি ও সময়ের জন্য এবং নির্ধারিত কোনো ব্যক্তির জিম্মায় রাখিতে হইবে।

(২) উপ-ধারা (১) এ উল্লিখিত কোনো ব্যক্তি যদি স্থাবর ও অস্থাবর সম্পত্তি, শেয়ার, সম্পত্তির স্বত্ব-দলিল বা অন্য কোনো দলিল এই আইনের ধারা ৪৪ এর অধীন প্রদত্ত ঘোষণা প্রকাশিত হইবার ২ (দুই) দিনের মধ্যে জমা প্রদান করিতে ব্যর্থ হয়, তাহা হইলে বাংলাদেশ ব্যাংক কর্তৃক এতদুদ্দেশ্যে ক্ষমতাপ্রাপ্ত কোনো ব্যক্তি ব্যবসা অঙ্গনে প্রবেশ করিতে, উহা তল্লাশি করিতে এবং উক্ত স্থাবর ও অস্থাবর সম্পত্তি, শেয়ার, সম্পত্তির স্বত্ব-দলিল বা অন্য কোনো দলিল জব্দ করিয়া উপ-ধারা (১) অনুযায়ী জমা রাখিতে পারিবেন।

৪৬। সম্পদ এবং দায় সংবলিত বিবৃতি দাখিল

কোনো ব্যক্তি সম্পর্কে ধারা ৪৩ এর অধীন ঘোষণা প্রকাশিত হইবার ৩ (তিন) দিনের মধ্যে বা বাংলাদেশ ব্যাংক কর্তৃক বর্ধিত সময়ের মধ্যে উহার প্রধান নির্বাহী কর্মকর্তা, পরিচালক, ম্যানেজার, কর্মকর্তা ও প্রতিনিধি এবং উহার কোনো দাবিদার, তাহার হেফাজতে উক্ত ব্যক্তির যে সকল সম্পদ রক্ষিত রহিয়াছে তৎসম্পর্কে একটি তালিকা সংবলিত বিবৃতি বাংলাদেশ ব্যাংকের নিকট দাখিল করিবে।

৪৭। লাইসেন্সবিহীন অর্থায়ন ব্যবসা অবসায়ন

(১) প্রাকৃতিক ব্যক্তি ব্যতীত অন্য সকল ব্যক্তি সর্ম্পকে ধারা ৪৩ অনুযায়ী কোনো ঘোষণা প্রদান করা হইলে উক্ত ব্যক্তি কোম্পানি আইন এর অধীন অবসায়ন যোগ্য অনিবন্ধিত কোম্পানি হিসাবে গণ্য হইবে।

(২) কোনো ফাইন্যান্স কোম্পানি সম্পর্কে ধারা ৪৩ অনুযায়ী কোনো ঘোষণা প্রদান করা হইলে উক্ত ঘোষণার তারিখ হইতে ৭ (সাত) দিনের মধ্যে বা সরকার কর্তৃক এতদুদ্দেশ্যে বর্ধিত সময়ের মধ্যে উক্ত কোম্পানি অবসায়নের উদ্দেশ্যে বাংলাদেশ ব্যাংক হাইকোর্ট বিভাগে আবেদন করিতে পারিবে।

(৩) এই আইন এবং কোম্পানি আইনের বিধানাবলির যেই অংশ ফাইন্যান্স কোম্পানির অবসায়নের ক্ষেত্রে প্রযোজ্য সেই অংশ উপ-ধারা (২) এর অধীন দাখিলকৃত আবেদন এবং উহার নিষ্পত্তির ক্ষেত্রে প্রযোজ্য হইবে।

img