- ৪৮। প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ
- ৪৯। ফাইন্যান্স কোম্পানির অর্থায়ন ব্যবসা সাময়িক স্থগিতকরণ, পুনর্গঠন ও একত্রীকরণ
- ৫০। ফাইন্যান্স কোম্পানির স্বতঃপ্রণোদিত একত্রীকরণ ও পুনর্গঠন
অষ্টম অধ্যায় : প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ, সাময়িক স্থগিতকরণ, পুনর্গঠন ও একত্রীকরণ ( ফাইন্যান্স কো. আ., ২০২৩ )
৪৮। প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ
(১) যদি কোনো ফাইন্যান্স কোম্পানির নিকট এই মর্মে সন্দেহ করিবার কারণ থাকে যে,-
(ক) উহা গ্রাহকের দায় প্রতিপালনে সামর্থ্য নয়; অথবা
(খ) উহার ক্ষেত্রে গ্রাহকের দায় প্রতিপালনে অসামর্থ্য হইবার কারণ রহিয়াছে; অথবা
(গ) উহা গ্রাহকের পাওনা পরিশোধে ব্যর্থ হয়;
তাহা হইলে ফাইন্যান্স কোম্পানি উক্ত বিষয়টি অবিলম্বে বাংলাদেশ ব্যাংককে অবহিত করিবে।
(২) উপ-ধারা (১) এর অধীন কোনো ফাইন্যান্স কোম্পানির ব্যর্থতার বিষয়ে বাংলাদেশ ব্যাংক অবহিত হইলে বা বাংলাদেশ ব্যাংকের যদি এই মর্মে বিশ্বাস করিবার কারণ থাকে যে, কোনো ফাইন্যান্স কোম্পানি-
(ক) জনস্বার্থ পরিপন্থিতে পরিচালিত হইতেছে; বা
(খ) আমানতকারীর স্বার্থ পরিপন্থিতে পরিচালিত হইতেছে; বা
(গ) উহার পাওনা পরিশোধে ব্যর্থ; বা
(ঘ) এর সংরক্ষিত মূলধন আবশ্যিক মূলধনের শতকরা ৫০ (পঞ্চাশ) শতাংশের নিম্নে; বা
(ঙ) এই আইনের কোনো বিধান লঙ্ঘন করিয়াছে; বা
(চ) লাইসেন্সের শর্ত লঙ্ঘন করিয়াছে; বা
(ছ) ফৌজদারি অপরাধ সংঘটন করিয়াছে;
তাহা হইলে উক্ত ফাইন্যান্স কোম্পানিকে প্রয়োজনীয় বক্তব্য উপস্থাপনের সুযোগ প্রদান করিয়া বাংলাদেশ ব্যাংক উপ-ধারা (৩) এ বর্ণিত ব্যবস্থা গ্রহণ করিতে পারিবে।
(৩) উপ-ধারা (২) এর অধীন বর্ণিত বিষয়ে বাংলাদেশ ব্যাংক ফাইন্যান্স কোম্পানির ক্ষেত্রে নিম্নবর্ণিত সকল বা যে কোনো ব্যবস্থা গ্রহণ করিতে পারিবে, যথা:-
(ক) উহার অর্থায়ন ব্যবসা পরিচালনার বিষয়ে যে কোনো নির্দেশ প্রদান;
(খ) উহার পরিচালক পর্ষদ বা কোনো কমিটির কার্যধারা পর্যবেক্ষণের জন্য শর্ত সাপেক্ষে বাংলাদেশ ব্যাংকের কোনো কর্মকর্তা নিযুক্তকরণ;
(গ) উহার ব্যবসা সুষ্ঠুভাবে নিয়ন্ত্রণ ও পরিচালনার উদ্দেশ্যে এক বা একাধিক ব্যক্তিকে শর্ত সাপেক্ষে উহার নিজস্ব ব্যয় বা খরচে নিযুক্তকরণ; এবং
(ঘ) উহার ব্যবস্থাপনায় কোনো পরিবর্তন প্রয়োজন হইলে নির্ধারিত সময়ের মধ্যে উক্ত পরিবর্তন বাংলাদেশ ব্যাংক কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে কার্যকর করিবার নির্দেশ প্রদান।
(৪) এই ধারার অধীন কোনো ফাইন্যান্স কোম্পানির নিয়ন্ত্রণ বা পরিচালনার জন্য নিয়োজিত ব্যক্তির পারিতোষিক ও কার্যের শর্ত বাংলাদেশ ব্যাংক নির্ধারণ করিবে এবং এইরূপ পারিতোষিক (emolument) ও নিয়ন্ত্রণ বা পরিচালনা বাবদ সকল ব্যয় সংশ্লিষ্ট ফাইন্যান্স কোম্পানি বহন করিবে।
(৫) বাংলাদেশ ব্যাংক উপ-ধারা (১) বা (২) এ বর্ণিত কারণে সংশ্লিষ্ট ফাইন্যান্স কোম্পানি অবসায়নের জন্য হাইকোর্ট বিভাগে আবেদন দাখিল করিতে পারিবে।
৪৯। ফাইন্যান্স কোম্পানির অর্থায়ন ব্যবসা সাময়িক স্থগিতকরণ, পুনর্গঠন ও একত্রীকরণ
(১) আমানতকারীর স্বার্থে বা জনস্বার্থে কোনো ফাইন্যান্স কোম্পানির অর্থায়ন ব্যবসা সাময়িকভাবে স্থগিত রাখিবার প্রয়োজন মনে করিলে, সরকারের সহিত পরামর্শক্রমে, বাংলাদেশ ব্যাংক লিখিত আদেশ দ্বারা ৬ (ছয়) মাসের জন্য এবং প্রয়োজনে উক্ত সময় অনধিক ৬ (ছয়) মাস পর্যন্ত বর্ধিত করিয়া উক্ত ফাইন্যান্স কোম্পানির ব্যবসা সাময়িক স্থগিত রাখিবার আদেশ প্রদান করিতে পারিবে।
(২) উপ-ধারা (১) এর আদেশ বলবৎ থাকাকালীন কোনো ফাইন্যান্স কোম্পানি বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন ব্যতীত উহার কোনো আমানতকারীর পাওনা বা কোনো পাওনাদারের দায় পরিশোধ করিবে না বা অন্য কোনো কার্যক্রম পরিচালনা করিবে না।
(৩) এই আইনের অন্য কোনো বিধান বা আপাতত বলবৎ অন্য কোনো আইনের বিধানকে ক্ষুণ্ণ না করিয়া, অর্থায়ন ব্যবসা সাময়িক স্থগিত রাখিবার আদেশের মেয়াদ বলবৎ থাকাকালীন জনস্বার্থে বা উক্ত ফাইন্যান্স কোম্পানির সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতকরণের স্বার্থে বাংলাদেশ ব্যাংক এতদুদ্দেশ্যে নিম্নরূপ স্কিম প্রণয়ন করিতে পারিবে, যথা:-
(ক) কোনো ফাইন্যান্স কোম্পানি পুনর্গঠন; বা
(খ) ফাইন্যান্স কোম্পানিকে অন্য কোনো ফাইন্যান্স কোম্পানি বা ব্যাংক- কোম্পানি, অতঃপর এই ধারায় গ্রহীতা প্রতিষ্ঠান বলিয়া উল্লিখিত, এর সহিত একত্রীকরণের প্রয়োজন।
(৪) উপ-ধারা (৩) এ উল্লিখিত স্কিমে নিম্নবর্ণিত এক বা একাধিক বিষয় থাকিতে পারিবে, যথা:-
(ক) পুনর্গঠিত ফাইন্যান্স কোম্পানি বা, ক্ষেত্রমত, গ্রহীতা প্রতিষ্ঠানের নাম, নিবন্ধীকরণ, মূলধন, সম্পদ, ক্ষমতা, অধিকার, স্বার্থ, কর্তৃত্ব, সুবিধা, দায়-দায়িত্ব এবং কর্তব্য;
(খ) পুনর্গঠিত ফাইন্যান্স কোম্পানি বা, ক্ষেত্রমত, গ্রহীতা প্রতিষ্ঠানের পরিচালক পর্ষদের পুনর্গঠন, পরিচালনা পদ্ধতি, মেয়াদ এবং অন্যান্য শর্তাবলি;
(গ) মূলধন পরিবর্তনের জন্য বা পুনর্গঠন বা একত্রীকরণ কার্যকর করার উদ্দেশ্যে পুনর্গঠিত ফাইন্যান্স কোম্পানি বা, ক্ষেত্রমত, গ্রহীতা প্রতিষ্ঠানের সংঘ-স্মারক সংশোধন;
(ঘ) সাময়িক স্থগিতাদেশের অব্যবহিত পূর্বে সংশ্লিষ্ট ফাইন্যান্স কোম্পানির বিরুদ্ধে গৃহীত অনিষ্পন্ন পদক্ষেপ বা কার্যধারা পুনর্গঠিত ফাইন্যান্স কোম্পানি বা, ক্ষেত্রমত, গ্রহীতা প্রতিষ্ঠান কর্তৃক অব্যাহত রাখিবার বিষয়;
(ঙ) জনস্বার্থে, অথবা ফাইন্যান্স কোম্পানির শেয়ারহোল্ডার, আমানতকারী বা অন্যান্য পাওনাদারের স্বার্থে অথবা ফাইন্যান্স কোম্পানির ব্যবসা চলমান রাখিবার স্বার্থে, বাংলাদেশ ব্যাংক যেইরূপ প্রয়োজন মনে করিবে সেইরূপ উক্ত শেয়ারহোল্ডার, আমানতকারী বা অন্যান্য পাওনাদারের প্রাক-পুনর্গঠন বা প্রাক- একত্রীকরণ স্বার্থ বা দাবি হাসের বিষয়;
(চ) ফাইন্যান্স কোম্পানির পুনর্গঠন অথবা একত্রীকরণের জন্য অন্য কোনো নিয়ম ও শর্ত;
(ছ) পুনর্গঠন অথবা একত্রীকরণ কার্যকর সংক্রান্ত আবশ্যকীয় বিষয়।
(৫) বাংলাদেশ ব্যাংক উপ-ধারা (৩) এর অধীন স্কিমটি অনুমোদনের জন্য সরকারের নিকট প্রেরণ করিবে এবং সরকার কর্তৃক অনুমোদন সাপেক্ষে নির্ধারিত তারিখ হইতে উক্ত স্কিম কার্যকর হইবে।
(৬) স্কিম অথবা উহার কোনো বিধান কার্যকর হইবার তারিখ হইতে নিম্নবর্ণিত ফাইন্যান্স কোম্পানি, গ্রহীতা প্রতিষ্ঠান, ইত্যাদির উপর প্রযোজ্য হইবে, যথা:-
(ক) ফাইন্যান্স কোম্পানি, গ্রহীতা প্রতিষ্ঠান এবং একত্রীকরণের সহিত সম্পর্কিত অন্য কোনো ফাইন্যান্স কোম্পানি;
(খ) সংশ্লিষ্ট ফাইন্যান্স কোম্পানির শেয়ারহোল্ডার, আমানতকারী এবং অন্যান্য পাওনাদার;
(গ) সংশ্লিষ্ট ফাইন্যান্স কোম্পানি এবং গ্রহীতা প্রতিষ্ঠানের কর্মচারী; এবং
(ঘ) সংশ্লিষ্ট ফাইন্যান্স কোম্পানি বা গ্রহীতা প্রতিষ্ঠান কর্তৃক কোনো ভবিষ্য তহবিল বা অন্য কোনো তহবিলের ব্যবস্থাপনার সহিত কোনো ট্রাস্টি বা সংশ্লিষ্ট ফাইন্যান্স কোম্পানি বা গ্রহীতা প্রতিষ্ঠানে অধিকার বা দায় রহিয়াছে এইরূপ সকল ব্যক্তি।
(৭) স্কিম কার্যকর করিবার ক্ষেত্রে কোনো অসুবিধার সৃষ্টি হইলে তাহা দূরীকরণে সরকার প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করিবে।
৫০। ফাইন্যান্স কোম্পানির স্বতঃপ্রণোদিত একত্রীকরণ ও পুনর্গঠন
কোম্পানির সহিত একীভূত হইতে চাহিলে অথবা কোনো ফাইন্যান্স কোম্পানির নিজের অর্থায়ন ব্যবসার অংশবিশেষ অন্য কোনো ফাইন্যান্স কোম্পানি বা ব্যাংক-কোম্পানির নিকট হস্তান্তরের মাধ্যমে বা বিদ্যমান দায় সম্পদের পুনর্মূল্যায়নের মাধ্যমে পুনর্গঠিত হইতে চাহিলে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদনক্রমে একত্রীকরণ বা পুনর্গঠন করিতে পারিবে।