02 Mar 2026 +880 1886 456688
image

Laws & Rules

বয়লার আইন, ২০২২
Click here for Deep-Dive

বয়লার আইন, ২০২২

দ্বিতীয় অধ্যায় : প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয়, কার্যাবলি, বোর্ড, ইত্যাদি ( বয়লার আঃ, ২২ )
৪। প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয়

প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয় ঢাকায় থাকিবে, তবে সরকার, প্রয়োজনে, দেশের যে কোনো স্থানে উহার আঞ্চলিক কার্যালয় স্থাপন করিতে পারিবে।

৫। প্রধান বয়লার পরিদর্শকের কার্যাবলি

এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, প্রধান বয়লার পরিদর্শকের কার্যাবলি হইবে নিম্নরূপ, যথা :-

(ক)  স্থানীয়ভাবে নির্মিত বয়লারের মান নিয়ন্ত্রণ করা;

(খ)  আমদানিকৃত বয়লারের মান যাচাইকরণ;

(গ)  মানসম্মত ও নিরাপদ বয়লার ব্যবহার নিশ্চিতকরণ;

(ঘ)  বয়লার পরিচালনার জন্য লাইসেন্স প্রদান করা;

(ঙ)  বয়লার নর্মাণ ও মেরামতের ক্ষেত্রে নির্মাণকারী, মেরামতকারী, পরিদর্শনকারী প্রতিষ্ঠান ও ঝালাই (welding) পরীক্ষণকারী প্রতিষ্ঠান তালিকাভুক্তকরণ;

(চ)  বয়লার আমদানির ক্ষেত্রে কোড এবং পরিদর্শনকারী প্রতিষ্ঠান ও ইনডেন্টর তালিকাভুক্তকরণ;

(ছ)  প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, বয়লার নির্মাণকারী, বয়লার ব্যবহারকারী, বয়লার পরিদর্শনকারী প্রতিষ্ঠান, ইনডেন্টর, ঝালাই পরীক্ষণ প্রতিষ্ঠান, বয়লার পরিচালনার জন্য লাইসেন্স প্রার্থী বা বয়লার পরিচালনার কাজে নিয়োজিত ব্যক্তিদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠানের তালিকাভুক্তকরণ;

(জ)  প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের জন্য দফা (ছ) এ বর্ণিত প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠান দ্বারা বা অন্য কোনোভাবে প্রশিক্ষণের আয়োজন করা; এবং

(ঝ)  সরকার কর্তৃক, সময় সময়, অর্পিত অন্যান্য দায়িত্ব পালন।

৬। বয়লার বোর্ড

(১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, সরকার, আদেশ দ্বারা, বয়লার বোর্ড নামে একটি বোর্ড গঠন করিবে।

(২) নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে বোর্ড গঠিত হইবে, যথা :-

(ক)  সচিব, শিল্প মন্ত্রণালয়, যিনি ইহার চেয়ারম্যানও হইবেন;

(খ)  বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কর্তৃক মনোনীত উক্ত বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগের একজন অধ্যাপক;

(গ)  সরকার কর্তৃক মনোনীত কোনো বয়লার ব্যবহারকারী সরকারি প্রতিষ্ঠান হইতে বয়লার সম্পর্কে অভিজ্ঞ একজন যন্ত্রপ্রকৌশলী;

(ঘ)  বয়লার নির্মাণকারী পেশাজীবী সংগঠন কর্তৃক মনোনীত কোনো বয়লার নির্মাণকারী প্রতিষ্ঠান হইতে বয়লার সম্পর্কে অভিজ্ঞ একজন যন্ত্রপ্রকৌশলী;

(ঙ)  বয়লার ব্যবহারকারী পেশাজীবী সংগঠন কর্তৃক মনোনীত কোনো বয়লার ব্যবহারকারী প্রতিষ্ঠান হইতে বয়লার সম্পর্কে অভিজ্ঞ একজন যন্ত্রপ্রকৌশলী;

(চ)  সরকার কর্তৃক মনোনীত কোনো প্রাক্তন প্রধান বয়লার পরিদর্শক বা উপ-প্রধান বয়লার পরিদর্শক;

(ছ)  সচিব কর্তৃক মনোনীত শিল্প মন্ত্রণালয়ের অন্যূন ১ (এক) জন যুগ্মসচিব; এবং

(জ)  প্রধান বয়লার পরিদর্শক, যিনি ইহার সদস্য সচিবও হইবেন।

(৩) দফা (খ) হইতে (চ) তে বর্ণিত মনোনীত সদস্যগণের মেয়াদ হইবে ৩ (তিন) বৎসর :

তবে শর্ত থাকে যে, কোনো মনোনীত সদস্য সরকারের উদ্দেশ্যে স্বাক্ষরযুক্ত পত্রযোগে স্বীয় পদ ত্যাগ করিতে পরিবেন :

আরও শর্ত থাকে যে, সরকার, প্রয়োজনে, উক্ত মেয়াদ শেষ হইবার পূর্বে যে কোনো সময় কারণ দর্শানো ব্যতিরেকে কোনো মনোনীত সদস্যকে অপসারণ করিতে পারিবে।

(৪) কোনো সদস্য পদের শূন্যতা বা বোর্ড গঠনে ত্রুটি থাকিবার কারণে বোর্ডের কোনো কার্য বা কার্যধারা অবৈধ হইবে না বা তৎসম্পর্কে কোনো আদালতে বা অন্য কোথাও কোনো প্রশ্ন উত্থাপন করা যাইবে না।

(৫) বোর্ডের সদস্যগণ বোর্ডের সভায় উপস্থিতির জন্য এবং তাহাদের কার্যপরিধিভুক্ত কোনো বিষয়ে পরিদর্শনের জন্য বিধি দ্বারা নির্ধারিত হারে সম্মানি প্রাপ্য হইবেন।

৭। বোর্ডের কার্যাবলি

বোর্ডের কার্যাবলি হইবে নিম্নরূপ, যথা :-

(ক)  বয়লার নির্মাণ, আমদানি, স্থাপন, ব্যবহার ও মেরামত বিষয়ক কোড প্রণয়নের বিষয়ে সরকারের নিকট সুপারিশ প্রদান;

(খ)  বয়লার নির্মাণ ও মেরামতের ক্ষেত্রে বয়লার নির্মাণকারী, মেরামতকারী, পরিদর্শনকারী প্রতিষ্ঠান ও ঝালাই পরীক্ষণ কাজে সহায়তা প্রদানকারী প্রতিষ্ঠানের তালিকা অনুমোদন;

(গ)  আমদানিকৃত বয়লারের ক্ষেত্রে বয়লার নির্মাণ কোডের তালিকা অনুমোদন;

(ঘ)  আমদানিকৃত বয়লারের ক্ষেত্রে পরিদর্শনকারী প্রতিষ্ঠান ও ইনডেন্টরের তালিকা অনুমোদন;

(ঙ)  বয়লার বিষয়ক প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠান তালিকাভুক্তকরণের বিষয়ে অনুমোদন প্রদান;

(চ)  প্রাপ্ত আপিল আবেদন নিষ্পত্তিকরণ; এবং

(ছ)  সরকার কর্তৃক, সময় সময়, অর্পিত অন্যান্য দায়িত্ব পালন।

৮। বোর্ডের সভা

(১) এই ধারার অন্যান্য বিধানাবলি সাপেক্ষে, বোর্ড উহার সভার কার্যপদ্ধতি নির্ধারণ করিতে পারিবে।

(২) বোর্ডের সভা চেয়ারম্যানের সম্মতিক্রমে, উহার সদস্য সচিব কর্তৃক আহুত হইবে এবং উহা চেয়ারম্যান কর্তৃক নির্ধারিত তারিখ, সময় ও স্থানে অনুষ্ঠিত হইবে।

(৩) অন্যূন এক-তৃতীয়াংশ সদস্যের উপস্থিতিতে বোর্ডের কোরাম হইবে, তবে মুলতবি সভার ক্ষেত্রে কোরামের প্রয়োজন হইবে না।

(৪) বোর্ড, প্রয়োজনে, কোনো বয়লার বিশেষজ্ঞ ব্যক্তিকে বোর্ডের সদস্য হিসাবে কো-অপ্ট করিতে পারিবে।

(৫) বোর্ডের সকল সভায় চেয়ারম্যান সভাপতিত্ব করিবেন, তবে চেয়ারম্যানের অনুপস্থিতিতে তৎকর্তৃক মনোনীত কোনো সদস্য সভায় সভাপতিত্ব করিতে পারিবেন।

(৬) বোর্ডের সভায় উপস্থিত সংখ্যাগরিষ্ঠ সদস্যগণের ভোটে সকল সিদ্ধান্ত গৃহীত হইবে।

(৭) বোর্ডের সভায় প্রত্যেক সদস্যের একটি করিয়া ভোট থাকিবে, তবে ভোটের সমতার ক্ষেত্রে, সভাপতিত্বকারী ব্যক্তির দ্বিতীয় বা নির্ণায়ক ভোট থাকিবে :

তবে শর্ত থাকে যে, বোর্ডের সভায় কো-অপ্টকৃত সদস্যের কোনো ভোটাধিকার থাকিবে না।

(৮) প্রতি বৎসর বোর্ডের অন্যূন ৩ (তিন) টি সভা অনুষ্ঠান করিতে হইবে।

img