- ১৮। বয়লার ব্যবহারের জন্য নিবন্ধন ও সনদ গ্রহণ
- ১৯। বয়লার ব্যবহারের সনদ নবায়ন
- ২০। বয়লারের নিবন্ধন বাতিল
- ২১। বয়লার ব্যবহার বিধি-নিষেধ
- ২২। বয়লার ব্যবহারকারীর দায়িত্ব
- ২৩। বয়লার হস্তান্তর বা স্থানান্তর
- ২৪। বয়লার মেরামত
পঞ্চম অধ্যায় : বয়লার ব্যবহার, বয়লার ব্যবহারের জন্য নিবন্ধন ও সনদ, বয়লার হস্তান্তর বা স্থানান্তর এবং বয়লার মেরামত ( বয়লার আঃ, ২২ )
১৮। বয়লার ব্যবহারের জন্য নিবন্ধন ও সনদ গ্রহণ
(১) বাংলাদেশের অভ্যন্তরে কোনো বয়লার ব্যবহারের জন্য প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয়ে নিবন্ধন করিতে হইবে।
(২) কোনো ব্যক্তি বা বয়লার ব্যবহারকারীকে উপ-ধারা (১) এর অধীন নিবন্ধন প্রাপ্তির জন্য বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতি অনুসরণ এবং নির্ধারিত ফি প্রদান সাপেক্ষে প্রধান বয়লার পরিদর্শক বরাবর আবেদন দাখিল করিতে হইবে।
(৩) প্রধান বয়লার পরিদর্শক বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতি অনুসরণপূর্বক আবেদনকারীর আবেদন মঞ্জুর বা নামঞ্জুর করিতে পারিবেন।
(৪) বয়লার ব্যবহারের সনদের মেয়াদ হইবে অনধিক ১ (এক) বৎসর এবং উহা নবায়নযোগ্য হইবে।
১৯। বয়লার ব্যবহারের সনদ নবায়ন
(১) বয়লার ব্যবহারের সনদ নবায়নের জন্য প্রধান বয়লার পরিদর্শক বা, ক্ষেত্রমত, তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোনো কর্মকর্তার নিকট আবেদন দাখিল করিতে হইবে।
(২) বয়লার ব্যবহারের সনদ নবায়নের জন্য আবেদন দাখিলের পদ্ধতি, ফি, নবায়ন প্রক্রিয়া ও অন্যান্য শর্তাদি বিধি দ্বারা নির্ধারিত হইবে।
২০। বয়লারের নিবন্ধন বাতিল
(১) প্রধান বয়লার পরিদর্শক নিম্নবর্ণিত যে কোনো কারণে বয়লারের নিবন্ধন বাতিল করিতে পারিবেন, যথা :-
(ক) মিথ্যা তথ্য বা দলিলের মাধ্যমে নিবন্ধন গ্রহণ করা হইলে;
(খ) নিবন্ধিত বয়লার ক্ষতিগ্রস্ত হইলে বা কর্মোপযোগী না থাকিলে;
(গ) ধারা ২৪ এ বর্ণিত শর্তাদি অনুসরণ ব্যতিরেকে বয়লার মেরামত করিলে; এবং
(ঘ) বয়লার ব্যবহারের সনদ নবায়নের আবেদন প্রত্যাখ্যান করা হইলে।
(২) উপ-ধারা (১) এ যাহা কিছুই থাকুক না কেন, বয়লারের নিবন্ধন বাতিল করিবার পূর্বে বয়লার ব্যবহারকারীকে ১৫ (পনেরো) দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ প্রদান করিতে হইবে।
(৩) উপ-ধারা (১) এর অধীন বয়লারের নিবন্ধন বাতিল করা হইলে বয়লার ব্যবহারকারীকে লিখিতভাবে উহার কারণ অবহিত করিতে হইবে।
(৪) নিবন্ধন বাতিলের পদ্ধতি বিধি দ্বারা নির্ধারিত হইবে।
২১। বয়লার ব্যবহার বিধি-নিষেধ
এই আইনে ভিন্নরূপ কোনো বিধান না থাকিলে, কোনো বয়লার ব্যবহারকারী বয়লার ব্যবহার করিতে অথবা বয়লারটি ব্যবহারের অনুমতি প্রদান করিতে পারিবেন না, যদি-
(ক) এই আইনের বিধান অনুসারে বয়লার নিবন্ধিত না হয়;
(খ) কোনো বয়লার ক্ষতিগ্রস্ত হয় বা কর্মোপযোগী না থাকে;
(গ) বয়লার ব্যবহারের জন্য প্রদত্ত সনদের মেয়াদ উত্তীর্ণ হয়;
(ঘ) বয়লার ব্যবহারের সনদে উল্লিখিত নির্ধারিত চাপের অধিক চাপে বয়লার ব্যবহার করা হয়;
(ঙ) উপযুক্ত লাইসেন্সধারী ব্যক্তির তত্ত্বাবধানে বয়লার পরিচালনা না করা হয়;
(চ) বয়লারে ব্যবহৃত পানির মান-মাত্রা বিধি ও কোড অনুযায়ী নিয়ন্ত্রণে না থাকে;
(ছ) ধারা ২৩ এ বর্ণিত শর্তাদি অনুসরণ ব্যতিরেকে বয়লার হস্তান্তর বা স্থানান্তর করা হয়; এবং
(জ) ধারা ২৪ এ বর্ণিত শর্তাদি অনুসরণ ব্যতিরেকে বয়লার মেরামত করা হয়।
২২। বয়লার ব্যবহারকারীর দায়িত্ব
(১) এই আইনের অধীন বয়লার ব্যবহারকারীর দায়িত্ব হইবে নিম্নরূপ, যথা :-
(ক) বিদ্যমান বিল্ডিং কোড অনুসরণপূর্বক বয়লার হাউস বা বয়লার রুম নির্মাণ;
(খ) এই আইন, বিধি ও কোড অনুযায়ী নির্মিত বয়লার ক্রয় বা আমদানি ও ব্যবহার;
(গ) প্রধান বয়লার পরিদর্শক কর্তৃক প্রদত্ত নিবন্ধন নম্বর বয়লারের গায়ে স্থায়ীভাবে অঙ্কন বা সংযোজন;
(ঘ) বয়লারের গায়ে স্থায়ীভাবে অঙ্কিত বা সংযোজিত নিবন্ধন নম্বর অবিকৃত অবস্থায় সংরক্ষণ;
(ঙ) উপযুক্ত লাইসেন্সধারী ব্যক্তি কর্তৃক বয়লার পরিচালনা;
(চ) বয়লারের বাষ্প, বর্জ্য বা অন্য কোনো কার্য দ্বারা পরিবেশের ক্ষতিসাধন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ;
(ছ) বয়লার সংশ্লিষ্ট কার্যে নিয়োজিত শ্রমিকের জন্য স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিতকরণ;
(জ) বয়লার পরিদর্শক কর্তৃক বয়লার পরীক্ষণের সময় বয়লার পরিদর্শককে বয়লারের নকশা, নির্দেশিকা, নিবন্ধনপত্র, সনদ এবং চাহিত অন্যান্য তথ্য প্রদানসহ সকল ধরনের সহযোগিতা প্রদান;
(ঝ) পরিদর্শন ও জলীয় পরীক্ষণের সময় বয়লারটি প্রস্তুত রাখা;
(ঞ) বয়লার ব্যবহার সাময়িকভাবে বন্ধ রাখিলে উহা সংশ্লিষ্ট উপ-প্রধান বয়লার পরিদর্শককে লিখিতভাবে অবহিতকরণ; এবং
(ট) সরকার কর্তৃক, সময় সময়, নির্ধারিত অন্যান্য দায়িত্ব পালন।
(২) উপ-ধারা (১) এর বিধান অনুযায়ী বয়লার ব্যবহারকারী দায়িত্ব পালনে ব্যর্থ হইলে বা অবহেলা করিলে বয়লার নিবন্ধনের আবেদন বা বয়লার ব্যবহারের সনদ নবায়নের আবেদন নামঞ্জুর করা যাইবে।
২৩। বয়লার হস্তান্তর বা স্থানান্তর
(১) প্রধান বয়লার পরিদর্শককে অবহিতক্রমে বয়লার ব্যবহারকারী তাহার বয়লার হস্তান্তর বা স্থানান্তর করিতে পারিবেন।
(২) উপ-ধারা (১) এর অধীন বয়লার হস্তান্তর বা স্থানান্তর করা হইলে উহার ব্যবহারকারীকে উহার নিবন্ধনপত্র বা বয়লার ব্যবহারের সনদ ও অন্যান্য দলিলাদি হস্তান্তর করিতে হইবে।
(৩) নূতন ব্যবহারকারীকে পূর্বের ব্যবহারকারীর নাম পরিবর্তন করিয়া তাহার নামে সনদ গ্রহণ করিতে হইবে।
(৪) বয়লার হস্তান্তর বা স্থানান্তর ও ব্যবহারকারীর নাম পরিবর্তনের পদ্ধতি বিধি দ্বারা নির্ধারিত হইবে।
২৪। বয়লার মেরামত
কোনো ব্যক্তি নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে তাহার অধীনে ব্যবহৃত বয়লার মেরামত করিতে পারিবেন, যথা:-
(ক) মেরামতের বিষয়ে প্রধান বয়লার পরিদর্শককে লিখিতভাবে অবহিত করিতে হইবে;
(খ) মেরামত কার্যে কোড অনুসরণ করিতে হইবে;
(গ) ধারা ১৪ এর অধীন তালিকাভুক্ত মেরামতকারী কর্তৃক মেরামত কার্য সম্পাদন করিতে হইবে; এবং
(ঘ) মেরামতের সময় বিভিন্ন ধাপে বয়লার পরিদর্শক কর্তৃক পরিদর্শন ও পরীক্ষণ করিতে হইবে।