- ২৫। পরিদর্শন ও প্রবেশের ক্ষমতা
- ২৬। নিবন্ধন পত্র, সনদ ও অন্যান্য দলিল উপস্থাপন
- ২৭। বয়লার বন্ধকরণের ক্ষমতা
- ২৮। বয়লার দুর্ঘটনার প্রতিবেদন ও তদন্ত
- ২৯। দুর্ঘটনার দায়-দায়িত্ব
- ৩০। দুর্ঘটনার ক্ষতিপূরণ
ষষ্ঠ অধ্যায় : বয়লার পরিদর্শন, বয়লার বন্ধকরণ ও বয়লার দুর্ঘটনা ও ক্ষতিপূরণ, ইত্যাদি ( বয়লার আঃ, ২২ )
২৫। পরিদর্শন ও প্রবেশের ক্ষমতা
কোনো ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা বা স্বীয় অধিক্ষেত্রভুক্ত এলাকার বয়লার পরিদর্শক, কোনো বয়লার পরিদর্শন বা পরীক্ষা বা এই আইন, বিধি ও কোড প্রতিপালন নিশ্চিতকরণের উদ্দেশ্যে, যে কোনো স্থান বা ভবনে যুক্তিযুক্ত সময়ে প্রবেশ করিতে পারিবেন।
২৬। নিবন্ধন পত্র, সনদ ও অন্যান্য দলিল উপস্থাপন
কোনো ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা যে কোনো সময় কোনো বয়লারের নিবন্ধনপত্র, পরিচালনা লাইসেন্স, বয়লার ব্যবহারের সনদ বা অন্যান্য দলিলাদি উপস্থাপনের নির্দেশ প্রদান করিতে পারিবেন এবং উক্তরূপে নির্দেশপ্রাপ্ত হইলে সংশ্লিষ্ট ব্যক্তি উহা উপস্থাপন করিতে বাধ্য থাকিবেন।
২৭। বয়লার বন্ধকরণের ক্ষমতা
(১) এই আইন, বিধি বা কোড বহির্ভূতভাবে বয়লার ব্যবহারের তথ্য গোচরীভূত হইলে বা নিবন্ধনপত্র সনদ বা অন্যান্য দলিলাদি উপস্থাপনে ব্যর্থ হইলে বা বয়লারের ক্ষতিগ্রস্ততার কারণে দুর্ঘটনার আশঙ্খা পরিলক্ষিত হইলে ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা বা স্বীয় অধিক্ষেত্রভুক্ত এলাকার বয়লার পরিদর্শক উহার ব্যবহার তাৎক্ষণিকভাবে বন্ধ করিতে পারিবেন।
(২) উপ-ধারা (১) এর উদ্দেশ্য পূরণকল্পে, কোনো ক্ষমতা প্রয়োগ বা কার্য সম্পাদনের উদ্দেশ্যে প্রধান বয়লার পরিদর্শক বা তাহার নিকট হইতে ক্ষমতাপ্রাপ্ত কোনো কর্মকর্তা আইন প্রয়োগকারী সংস্থা বা অন্য কোনো সরকারি বা সংবিধিবদ্ধ কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সহায়তা করিবার জন্য অনুরোধ করিতে পারিবেন এবং এইরূপ অনুরোধ করা হইলে উক্ত সংস্থা বা কর্তৃপক্ষ উক্ত সহায়তা প্রদান করিবে।
২৮। বয়লার দুর্ঘটনার প্রতিবেদন ও তদন্ত
(১) যদি বয়লার সংশ্লিষ্ট কোনো দুর্ঘটনা ঘটে, তাহা হইলে উহার ব্যবহারকারীকে দুর্ঘটনা ঘটিবার পর তাৎক্ষণিকভাবে প্রধান বয়লার পরিদর্শক বা সংশ্লিষ্ট উপ-প্রধান বয়লার পরিদর্শকের নিকট লিখিতভাবে উক্ত দুর্ঘটনার তথ্য বা সংবাদ প্রদান করিতে হইবে।
(২) উক্ত সংবাদ বা তথ্য প্রাপ্তির পর সংশ্লিষ্ট উপ-প্রধান বয়লার পরিদর্শক বা, ক্ষেত্রমত, বয়লার পরিদর্শক ২৪ (চবিবশ) ঘণ্টার মধ্যে সরেজমিনে বয়লারটি পরিদর্শনপূর্বক প্রধান বয়লার পরিদর্শকের নিকট প্রতিবেদন পেশ করিবেন।
(৩) উপ-ধারা (২) এর উদ্দেশ্য পূরণকল্পে, উপ-প্রধান বয়লার পরিদর্শক বা, ক্ষেত্রমত, বয়লার পরিদর্শক দুর্ঘটনার কারণ, প্রকৃতি বা ব্যাপ্তি সম্পর্কে লিখিতভাবে যে তথ্য জানিতে চাহিবেন সংশ্লিষ্ট ব্যক্তি উহা প্রদান করিতে বাধ্য থাকিবেন।
(৪) উপ-ধারা (২) এর অধীন প্রতিবেদন প্রাপ্তির পর প্রধান বয়লার পরিদর্শক একটি তদন্ত কমিটি গঠন করিবেন এবং উক্ত কমিটি তদন্তপূর্বক তাহার নিকট সুপারিশ পেশ করিবে।
২৯। দুর্ঘটনার দায়-দায়িত্ব
(১) বয়লার সংশ্লিষ্ট কোনো দুর্ঘটনা সংঘটিত হইলে সংশ্লিষ্ট বয়লার ব্যবহারকারী, পরিচালক বা বয়লার পরিচালনার জন্য দায়িত্বপ্রাপ্ত কোনো ব্যক্তি উক্ত দুর্ঘটনার জন্য দায়ী হইবেন, যদি না তিনি প্রমাণ করিতে পারেন যে, উক্ত দুর্ঘটনা প্রতিরোধে তিনি যুক্তিসঙ্গত ব্যবস্থা গ্রহণ করিয়াছেন।
(২) কোনো দুর্ঘটনার জন্য প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয়ের কোনো কর্মচারী দায়িত্বে অবহেলা বা অন্য কোনো কারণে দায়ী হইলে প্রধান বয়লার পরিদর্শক উক্ত কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করিতে পারিবেন।
৩০। দুর্ঘটনার ক্ষতিপূরণ
ধারা ২৮ এর উপ-ধারা (৪) এর অধীন গঠিত তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে প্রধান বয়লার পরিদর্শক দুর্ঘটনার জন্য বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে দায়ী ব্যক্তি কর্তৃক ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে ক্ষতিপূরণের নির্দেশ প্রদান করিতে পারিবেন এবং ক্ষতিপূরণের পরিমাণ ও অন্যান্য বিষয় বিধি দ্বারা নির্ধারিত হইবে।