- ৩১। প্রশাসনিক জরিমানা ও জরিমানা আরোপের ক্ষমতা
- ৩২। প্রধান বয়লার পরিদর্শকের নিকট আপীল
- ৩৩। বোর্ডের নিকট আপিল
- ৩৪। ফি, ইত্যাদি আদায়
সপ্তম অধ্যায় : প্রশাসনিক জরিমানা, আপিল ও ফি আদায়, ইত্যাদি ( বয়লার আঃ, ২২ )
৩১। প্রশাসনিক জরিমানা ও জরিমানা আরোপের ক্ষমতা
(১) প্রধান বয়লার পরিদর্শক উপ-প্রধান বয়লার পরিদর্শক নিম্নবর্ণিত ক্ষেত্রে নির্ধারিত পদ্ধতিতে, কারণ দর্শানোর সুযোগ প্রদান করিয়া, অনধিক ১ (এক) লক্ষ টাকা এবং উক্তরূপ লঙ্ঘনের পুনরাবৃত্তিতে দ্বিগুণ প্রশাসনিক জরিমানা আরোপ করিতে পারিবেন, যথা:-
(ক) কোনো বয়লার ব্যবহারের সনদ নবায়ন ব্যতীত ব্যবহার;
(খ) কোনো নিবন্ধিত বয়লার নির্ধারিত সর্বোচ্চ কার্যকরী চাপ অপেক্ষা অধিক চাপে ব্যবহার বা বয়লারের নিরাপত্তা ভাল্ভ এইরূপে পরিবর্তন (temper) করা, যাহার ফলে উহা নির্ধারিত সর্বোচ্চ কার্যকরী চাপে ব্যবহার করা সম্ভব না হয়;
(গ) উপযুক্ত লাইসেন্সধারী ব্যতীত অন্য কাহারো দ্বারা বয়লার পরিচালনা;
(ঘ) বয়লারে ব্যবহৃত পানির মান-মাত্রা নিয়ন্ত্রণ ব্যতিরেকে উহা ব্যবহার; এবং
(ঙ) এই আইন বা বিধি দ্বারা অপরাধ হিসাবে চিহ্নিত করা হয় নাই এইরূপ কোনো কার্য সংঘটন।
(২) এই ধারার অধীন আরোপিত ও আদায়কৃত প্রশাসনিক জরিমানার অর্থ সরকার কর্তৃক নির্ধারিত খাতে জমা করিতে হইবে।
৩২। প্রধান বয়লার পরিদর্শকের নিকট আপীল
প্রধান বয়লার পরিদর্শক ব্যতীত অন্য কোনো কর্মকর্তা কর্তৃক প্রদত্ত আদেশ দ্বারা সংক্ষুদ্ধ ব্যক্তি উক্ত আদেশ প্রাপ্তির ৩০ (ত্রিশ) দিনের মধ্যে প্রধান বয়লার পরিদর্শকের নিকট আপিল আবেদন দাখিল করিতে পারিবেন।
(২) প্রধান বয়লার পরিদর্শক উক্ত আবেদন প্রাপ্তির ৩০ (ত্রিশ) দিনের মধ্যে উহা নিষ্পত্তি করিবেন।
(৩) আপিল নিষ্পত্তির পদ্ধতি এবং অন্যান্য বিষয়াদি বিধি দ্বারা নির্ধারিত হইবে।
৩৩। বোর্ডের নিকট আপিল
(১) প্রধান বয়লার পরিদর্শক কর্তৃক প্রদত্ত আদেশ দ্বারা সংক্ষুদ্ধ ব্যক্তি উক্ত আদেশ প্রাপ্তির ৩০ (ত্রিশ) দিনের মধ্যে বোর্ডের নিকট আপিল আবেদন দাখিল করিতে পারিবেন।
(২) বোর্ড উক্ত আপিল আবেদন প্রাপ্তির ৬০ (ষাট) দিনের মধ্যে উহা নিষ্পত্তি করিবে।
(৩) আপিল নিষ্পত্তির পদ্ধতি এবং অন্যান্য বিষয়াদি বিধি দ্বারা নির্ধারিত হইবে।
(৪) আপিল নিষ্পত্তির ক্ষেত্রে বোর্ডের সিদ্ধান্তই চূড়ান্ত বলিয়া গণ্য হইবে।
৩৪। ফি, ইত্যাদি আদায়
এই আইনের অধীন আরোপিত ফি, খরচ এবং প্রশাসনিক জরিমানা Public Demands Recovery Act, 1913 (Act No. III of 1913) এর বিধান অনুযায়ী সরকারি দাবি হিসাবে আদায়যোগ্য হইবে।