17 Apr 2026 +880 1886 456688
image

Laws & Rules

স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯
Click here for Deep-Dive

স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯

পঞ্চম অধ্যায় : অন্যান্য স্থানীয় কর্তৃপক্ষ, অপরাধ ও শাস্তি ( স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ )
১০৬। যৌথ কমিটি

কোন পৌরসভা, যে কোন অভিন্ন উদ্দেশ্য সাধনের জন্য অন্য যে কোন পৌরসভা অথবা পৌরসভাসমূহের সহিত কোন স্থানীয় পরিষদ অথবা পরিষদসমূহের সহিত অথবা কোন স্থানীয় কর্তৃপক্ষ অথবা কর্তৃপক্ষসমূহের সহিত যৌথ স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে যৌথ কমিটি গঠন করিতে পারিবে।

১০৭। পৌরসভা ও স্থানীয় পরিষদের মধ্যে বিরোধ

যদি দুই বা ততোধিক পৌরসভা অথবা কোন পৌরসভা এবং কোন স্থানীয় কর্তৃপক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়, তাহা হইলে বিষয়টি মীমাংসার জন্য-

(ক) যদি সংশ্লিষ্ট পক্ষসমূহ একই বিভাগীয় হয়, তবে বিভাগীয় কমিশনারের নিকট পাঠাইতে হইবে; এবং

(খ) যদি সংশ্লিষ্ট পক্ষসমূহ ভিন্ন ভিন্ন বিভাগের হয় অথবা একটি পক্ষ ক্যান্টনমেন্ট বোর্ড হয়, তাহা হইলে সরকারের নিকট পাঠাইতে হইবে এবং, ক্ষেত্রমত, বিভাগীয় কমিশনার অথবা সরকারের সিদ্ধান্তই চূড়ান্ত হইবে।

১০৮। অপরাধ

চতুর্থ তফসিলে বর্ণিত প্রত্যেকটি কার্য এই আইনের অধীন একটি অপরাধ হিসাবে গণ্য হইবে৷

১০৯

এই আইনের অধীনে কোন অপরাধের শাস্তি হিসাবে অনধিক দুই হাজার টাকা জরিমানা করা যাইবে এবং অপরাধটি পুনরাবৃত্তি ঘটিলে প্রথমবার অপরাধ সংঘটনের পর ঐ অপরাধের সহিত পুনরায় জড়িত থাকিবার সময়কালে প্রতিদিনের জন্য অনধিক দুইশত টাকা জরিমানা করা যাইবে।

১১০। অপরাধের আপোষ রফা

মেয়র অথবা নির্ধারিত কর্তৃপক্ষ কর্তৃক সাধারণভাবে অথবা বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত কোন ব্যক্তি এই আইনের অধীনে কোন অপরাধের আপোষ মীমাংসা করিতে পারিবেন।

১১১। অপরাধ বিচারার্থে গ্রহণ

পৌরসভা অথবা কোন ব্যক্তির নিকট হইতে লিখিত কোন অভিযোগ ব্যতীত, কোন আদালত এই আইনের অধীন কোন অপরাধ বিচারার্থে গ্রহণ করিবে না।

img