তৃতীয় অধ্যায় : গ্যাস বিতরণ ( গ্যাস আইন, ২০১০ )
৬। গ্রাহক শ্রেণী
(১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে গ্যাস ব্যবহারের প্রকৃতি অনুযায়ী গ্যাস ব্যবহারকারীগণের শ্রেণীবিন্যাস হইবে নিম্নরূপ, যথা :-
(ক) গৃহস্থালী ;
(খ) বাণিজ্যিক
(গ) শিল্প ;
(ঘ) মৌসুমী ;
(ঙ) সিএনজি ;
(চ) চা-বাগান ;
(ছ) বিদ্যুৎ;
(জ) সার ; এবং
(ঝ) ক্যাপটিভ পাওয়ার।
(২) এই আইনের উদ্দেশ্যের সাথে সংগতি রাখিয়া সরকার, প্রয়োজনে, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, উপ-ধারা (১) এ উল্লিখিত গ্রাহক শ্রেণী পুনঃবিন্যাস এবং নূতন গ্রাহক শ্রেণী প্রবর্তন ও পুরাতন গ্রাহক শ্রেণী বিলুপ্ত করিতে পারিবে।
৭। গ্যাস বিতরণ
(১) লাইসেন্সপ্রাপ্ত ব্যক্তি বা প্রতিষ্ঠান গ্যাস বিতরণ ব্যবসা পরিচালনা করিতে পারিবে।
(২) গ্যাস বিতরণকারী লাইসেন্সীর দায়িত্ব হইবে, নিম্নরূপ, যথা :-
(ক) কমিশন কর্তৃক নির্ধারিত পদ্ধতিতে গ্যাসের মান, চাপ, পরিবেশ, নিরাপত্তা বজায় রাখা;
(খ) একই শ্রেণীর গ্রাহকদের মধ্যে বৈষম্যহীনতার নীতি অনুসরণ ;
(গ) গ্যাসের পরিমাণ পরিমাপনের জন্য মিটার স্থাপন ;
(ঘ) বিতরণ পাইপলাইন এবং তৎসহ রেগুলেটিং ও মিটারিং স্টেশনের (আরএমএস) যথাযথ রক্ষণাবেক্ষণ ও মেরামত নিশ্চিতকরণ ; এবং
(ঙ) মূল পাইপলাইন হইতে গ্রাহককে সংযোগ প্রদানের জন্য বিতরণ পাইপলাইন স্থাপন এবং বিদ্যমান বিতরণ পাইপলাইনের ক্ষমতা বৃদ্ধি।
(৩) নিম্নবর্ণিত ক্ষেত্রে গ্যাস সরবরাহ সীমিত অথবা স্থগিত করিবার অথবা গ্রাহকদের গ্যাস ব্যবহারের উপর সীমাবদ্ধতা আরোপ করিবার অথবা গ্যাস লাইন সংযোগ বিচ্ছিন্ন করিবার ক্ষমতা লাইসেন্সীর থাকিবে, যদি-
(ক) সংশ্লিষ্ট এলাকার জনগণের জীবন এবং সম্পদ বিপদাপন্ন হয় ;
(খ) গ্যাস নেটওয়ার্ক পরিচালনার ক্ষেত্রে পরিচালন ত্রুটি দেখা দেয়
(গ) জাতীয় পর্যায়ে গ্যাসের সংকট দেখা দেয় ;
(ঘ) বকেয়া পাওনা পরিশোধ না করা হয় ;
(ঙ) গ্যাসের অবৈধ ব্যবহার ঘটে ; অথবা
(চ) গ্যাস মিটারে অবৈধ হস্তক্ষেপ অথবা বাইপাস লাইনের মাধ্যমে গ্যাস ব্যবহার করা হয়;
(ছ) গ্যাস বিতরণে ব্যবহারকারীগণের মধ্যে অগ্রাধিকার নির্ধারণের প্রয়োজন হইলে
(জ) সরকার/কমিশন/কোম্পানী কর্তৃক নির্ধারিত দক্ষতার (efficiency) চাইতে কম দক্ষতায় গ্যাস ব্যবহৃত হয়।