চতুর্থ অধ্যায় : ডিমিউচ্যুয়ালাইজেশন এর ফলাফল ( এক্সচেঞ্জেস ডিমিউচ্যুয়ালাইজেশন আইন, ২০১৩ )
১৮। চলমান কার্যধারা, ইত্যাদি
ডিমিউচ্যুয়ালাইজেশন এর ফলে বিদ্যমান এক্সচেঞ্জ এর-
(ক) সকল সিকিউরিটিজ ডিমিউচ্যুয়ালাইজড এক্সচেঞ্জ এ তালিকাভুক্ত সিকিউরিটিজ হিসাবে গণ্য হইবে;
(খ) প্রবিধান বা বিধি-বিধান অনুসারে প্রদত্ত কোন আদেশ বা নির্দেশ, অনুমোদিত স্কীম এর সহিত সাংঘর্ষিক না হওয়া সাপেক্ষে, ডিমিউচ্যুয়ালাইজড এক্সচেঞ্জ এর ক্ষেত্রে প্রযোজ্য হইবে;
(গ) অর্জিত কোন অধিকার, সুবিধা, দায়-দায়িত্ব, সম্পাদিত কোন চুক্তি বা দেনা-পাওনার কোন পরিবর্তন হইবে না, বা উহার বিরুদ্ধে সূচিত কোন আইনানুগ কার্যধারা ত্রুটিপূর্ণ বলিয়া গণ্য হইবে না, এবং উহার বিরুদ্ধে কোন আইনানুগ কার্যধারা অব্যাহত থাকিলে বা উহা দ্বারা সূচিত হইয়া থাকিলে উহা চলমান ও অব্যাহত থাকিবে;
(ঘ) কোন বিধি-বিধান লংঘনের কারণে কাহারও বিরুদ্ধে সূচিত হইতে পারে, এমন কোন আইনানুগ কার্যধারা গ্রহণে বাধা হইবে না;
(ঙ) নতুন কোন আইনগত সত্ত্বা প্রতিষ্ঠিত হইবে না বা উহার পরিচিতি বা ধারাবাহিকতায় কোন প্রকার বাধা সৃষ্টি হইবে না;
(চ) সকল সম্পদ সংশ্লিষ্ট ডিমিউচ্যুয়ালাইজড এক্সচেঞ্জ এর সম্পদ হিসাবে গণ্য হইবে;
(ছ) সকল কর্মকর্তা-কর্মচারী ডিমিউচ্যুয়ালাইজড এক্সচেঞ্জ এর কর্মকর্তা-কর্মচারী হিসাবে গণ্য হইবেন এবং তাহাদের বেতন-ভাতা, প্রভিডেন্ট ফাণ্ড, ছুটি, অবসর ও চাকুরীর অন্যান্য শর্তাদি একইরূপে বহাল থাকিবে
(জ) কোন অনুমোদন, দায়িত্ব ঘোষণা, দায়মুক্তি ঘোষণা, প্রদত্ত ছাড়পত্র, অব্যাহতি, গৃহীত সিদ্ধান্ত, ব্যবস্থা, প্রদত্ত ফিস, কৃত বন্ধক, হস্তান্তর, বহি বা অন্যবিধ দলিল বা কৃত কার্যাদি বা উহাদের অনুবলে সম্পাদিত কার্যাদি পূর্বের ন্যায় বহাল ও কার্যকর থাকিবে।
১৯। এক্সচেঞ্জ এর কার্যক্রম পরিচালনায় বাধ্যবাধকতা
এক্সচেঞ্জ সকল সময়,-
(ক) জনস্বার্থ তথা বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণের জন্য কাজ করিবে; এবং
(খ) উহার স্বার্থের সহিত সাংঘর্ষিক হইলে জনস্বার্থ তথা বিনিয়োগকারীদের স্বার্থকে প্রাধান্য প্রদান করিবে।