13 Jun 2026 +880 1886 456688
image

Laws & Rules

এক্সচেঞ্জেস ডিমিউচ্যুয়ালাইজেশন আইন, ২০১৩
Click here for Deep-Dive

এক্সচেঞ্জেস ডিমিউচ্যুয়ালাইজেশন আইন, ২০১৩

ষষ্ঠ অধ্যায় : বিবিধ ( এক্সচেঞ্জেস ডিমিউচ্যুয়ালাইজেশন আইন, ২০১৩ )
২২। বিধি প্রণয়নের ক্ষমতা

(১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, কমিশন, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, উপ-ধারা (৪) এর বিধান সাপেক্ষে, বিধি প্রণয়ন করিতে পারিবে।

(২) উপ-ধারা (১) অনুযায়ী বিধি প্রণয়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিধি-বিধান অনুসরণ এবং প্রাক-প্রকাশনা করিতে হইবে।

(৩) প্রাক-প্রকাশনার ক্ষেত্রে প্রস্তাবিত বিধি, বা সংশোধনের নিমিত্ত উহার খসড়া অন্যূন ৩ (তিন) সপ্তাহের সময় প্রদানপূর্বক জনমত আহবান করিয়া সরকারি গেজেটের পাশাপাশি কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করিতে হইবে এবং কমপক্ষে ৩ (তিন)টি দৈনিক পত্রিকাতে উল্লিখিত ওয়েবসাইটের ঠিকানাসহ ওয়েবসাইটে প্রকাশিত বিধির প্রাক-প্রকাশনা সংক্রান্ত নোটিশ প্রকাশ করিতে হইবে।

(৪) উপ-ধারা (৩) অনুযায়ী প্রাক-প্রকাশনার পর নির্ধারিত সময়ের মধ্যে কোন মতামত, পরামর্শ বা আপত্তি, যদি কোন, পাওয়া গেলে উহা বিবেচনা করিয়া, কমিশন, খসড়া বিধি সংশোধনপূর্বক উপ-ধারা (১) এর বিধান অনুসারে চূড়ান্তভাবে সরকারি গেজেটে প্রকাশের ব্যবস্থা করিবে।

২৩। প্রবিধান প্রণয়নের ক্ষমতা

(১) এই আইনের উদ্দেশ্যপূরণকল্পে, এক্সচেঞ্জ, কমিশনের পূর্বানুমতিক্রমে, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, এই আইন বা উহার অধীন প্রণীত বিধির সহিত সংগতিপূর্ণ হওয়া সাপেক্ষে প্রবিধান প্রণয়ন করিতে পারিবে।

(২) যদি কমিশনের নিকট এই মর্মে প্রতীয়মান হয় যে কোন এক্সচেঞ্জ সংক্রান্ত কোন প্রবিধান প্রণয়ন অথবা বিদ্যমান কোন প্রবিধানের সংশোধন বা বাতিল করা প্রয়োজন তাহা হইলে কমিশন উক্ত কার্য সম্পাদনের জন্য এক্সচেঞ্জকে সুনির্দিষ্ট সময় উল্লেখপূর্বক লিখিত আদেশ প্রদান করিতে পারিবে।

(৩) যদি কোন এক্সচেঞ্জ উপ-ধারা (২) এ প্রদত্ত আদেশ নির্দিষ্ট সময়ের মধ্যে পালনে ব্যর্থ হয় তাহা হইলে কমিশন উক্ত প্রবিধান প্রণয়ন, সংশোধন বা বাতিল করিতে পারিবে এবং উক্তরূপে প্রণীত, সংশোধিত বা বাতিলকৃত প্রবিধান এই ধারার অধীন এক্সচেঞ্জ কর্তৃক প্রণীত, সংশোধিত বা বাতিল হইয়াছে বলিয়া গণ্য হইবে।

২৪। আদেশ বা নির্দেশ প্রদানে কমিশনের ক্ষমতা

এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে কোন আদেশ বা নির্দেশ প্রদান করিবার প্রয়োজন হইলে, কমিশন, কোন এক্সচেঞ্জ অথবা এক্সচেঞ্জের শেয়ারহোল্ডার অথবা ট্রেকহোল্ডার অথবা কোন কমিটি বা কমিটির সদস্যকে যথোপযুক্ত আদেশ বা নির্দেশ প্রদান করিতে পারিবে।

২৫। গোপনীয়তা সংরক্ষণ

এক্সচেঞ্জ বা বিদ্যমান এক্সচেঞ্জ এর কোন পরিচালক, সদস্য, প্রধান নির্বাহী কর্মকর্তা, কর্মকর্তা-কর্মচারী, কমিটির কোন সদস্য, শেয়ারহোল্ডার বা কোন ব্যক্তি এই আইনের বিধান অনুযায়ী কোন দায়িত্ব পালনকালে অথবা অন্য কোনভাবে কোন মূল্য সংবেদনশীল তথ্য, তদন্তাধীন কোন বিষয়ের তথ্য বা বাজার নজরদারি (Market surveillance) হইতে প্রাপ্ত কোন তথ্য অবগত হইলে উহা কমিশনের সম্মতি ব্যতীত অন্য কাহারও নিকট প্রকাশ করিতে পারিবেন না।

২৬। জটিলতা নিরসন

ই আইনের বিধানবলী কার্যকর করিবার ক্ষেত্রে এই আইনের কোন বিধানের অস্পষ্টতার কারণে কোন জটিলতা বা অসুবিধা দেখা দিলে সরকার, বিদ্যমান আইন ও বিধি-বিধানের সহিত সামঞ্জস্য রাখিয়া, স্পষ্টীকরণ বা ব্যাখ্যা প্রদানপূর্বক উক্ত বিষয়ে করণীয় সম্পর্কে সংশ্লিষ্টদের দিক-নির্দেশনা প্রদান করিতে পারিবে।

২৭। ইংরেজীতে অনূদিত পাঠ প্রকাশ

এই আইন প্রবর্তনের পর সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, এই আইনের ইংরেজীতে অনূদিত একটি নির্ভরযোগ্য পাঠ (Authentic English Text) প্রকাশ করিবেঃ

তবে শর্ত থাকে যে, এই আইন ও ইংরেজী পাঠের মধ্যে বিরোধের ক্ষেত্রে এই আইন প্রাধান্য পাইবে।

img