দ্বিতীয় অধ্যায় : ভৌগোলিক নির্দেশক ইউনিট ( ভৌগোলিক নির্দেশক পণ্য আইন, ২০১৩ )
৪। ভৌগোলিক নির্দেশক ইউনিট
(১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তরের আওতাধীন একটি ভৌগোলিক নির্দেশক ইউনিট থাকিবে, যেখানে এই আইনের অধীন ভৌগোলিক নির্দেশক পণ্য সংশ্লিস্ট সকল কার্য সম্পাদিত হইবে
(২) ভৌগোলিক নির্দেশক ইউনিটের একটি দাপ্তরিক সীলমোহর থাকিব, যাহার মার্জিনে ‘‘ভৌগোলিক নির্দেশক পণ্য’’ শব্দাবলী উৎকীর্ণ থাকিবে এবং উক্ত সীলমোহরের ছাপ বিচারিকভাবে গ্রাহ্য এবং সাক্ষ্য হিসাবে গৃহীত হইবে।
৫। ভৌগোলিক নির্দেশক ইউনিট এর জনবল
(১) পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তরে নিযুক্ত রেজিস্ট্রার পদাধিকারবলে ভৌগোলিক নির্দেশক পণ্যের রেজিস্ট্রার হিসাবে দায়িত্ব পালন করিবেন এবং ভৌগোলিক নির্দেশক ইউনিটের কার্যাবলী তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ করিবেন।
(২) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, সরকার, ভৌগোলিক নির্দেশক ইউনিটের জন্য প্রয়োজনীয় সংখ্যক জনবল পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তরে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের মধ্য হইতে নিয়োগ করিতে পারিবেন এবং তাহাদের চাকুরীর শর্তাবলী বিধি দ্বারা নির্ধারিত হইবে।