03 Jun 2026 +880 1886 456688
image

Laws & Rules

ভৌগোলিক নির্দেশক পণ্য (নিবন্ধন ও সুরক্ষা) আইন, ২০১৩
Click here for Deep-Dive

ভৌগোলিক নির্দেশক পণ্য (নিবন্ধন ও সুরক্ষা) আইন, ২০১৩

তৃতীয় অধ্যায় : ভৌগোলিক নির্দেশক পণ্যের সুরক্ষা ( ভৌগোলিক নির্দেশক পণ্য আইন, ২০১৩ )
৬ভৌগোলিক নির্দেশক পণ্যের সুরক্ষা

(১) কোন ভৌগোলিক নির্দেশক পণ্য এবং উহার সুনির্দিষ্ট ভূখন্ড, অঞ্চল বা ক্ষেত্রমত, এলাকা সম্পর্কিত কোন ভৌগোলিক নির্দেশক, এই আইনের অধীন নিবন্ধিত হউক বা না হউক, অপর এইরূপ কোন ভৌগোলিক নির্দেশক পণ্যের বিপরীতে সুরক্ষা পাইবে, যাহা আক্ষরিক অর্থে পণ্যটি উৎপত্তির ভূখন্ড, অঞ্চল বা এলাকা হিসাবে সঠিক হওয়া সত্ত্বেও, জনসাধারণকে মিথ্যাভাবে এমন ধারণা প্রদান করে যে, পণ্যটি অপর কোন দেশ, ভূখন্ড, অঞ্চল বা এলাকায় উৎপন্ন হইয়াছে।

(২) রেজিস্ট্রার ভৌগোলিক নির্দেশক পণ্য নিবন্ধনের উদ্দেশ্যে উহার আন্তর্জাতিক শ্রেণী অনুযায়ী শ্রেণীবিন্যাস করিবেন।

(৩) পণ্যের শ্রেণী অথবা উহার উৎপাদনকারী দেশ, ভূখন্ড, অঞ্চল, এলাকা বা জনপদ সম্পর্কে কোন প্রশ্ন উদ্ভূত হইলে, রেজিস্ট্রার কর্তৃক উহা নিষ্পত্তি হইবে এবং এইক্ষেত্রে তাহার সিদ্ধান্তই চূড়ান্ত বলিয়া গণ্য হইবে।

(৪) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, ভৌগোলিক নির্দেশক ইউনিট ভৌগোলিক নির্দেশক পণ্যের একটি তালিকা সংরক্ষণ করিবে।

৭। সমনামীয় ভৌগোলিক নির্দেশক পণ্যের নিবন্ধন ও সুরক্ষা

(১) এই আইনের অধীন সমনামীয় ভৌগোলিক নির্দেশক পণ্যের নিবন্ধন করা যাইবে

(২) একই শ্রেণীভুক্ত সমনামীয় ভৌগোলিক নির্দেশক পণ্যের নিবন্ধনের ক্ষেত্রে, অনুরূপ প্রত্যেক পণ্য উৎপাদনকারীকে প্রতিটি ভৌগোলিক নির্দেশক পণ্যের জন্য ন্যায়সংগত মূল্যায়ন ও সুরক্ষা প্রদান করিতে হইবে।

৮। কতিপয় ভৌগোলিক নির্দেশক পণ্য নিবন্ধনে নিষেধাজ্ঞা

আপাতত বলবৎ অন্য কোন আইনে যাহা কিছুই থাকুক না কেন, কোন ভৌগোলিক নির্দেশক পণ্য নিবন্ধিত হইবে না, যদি-

(ক) উহা এই আইনে প্রদত্ত সংজ্ঞার সহিত সামঞ্জস্যপূর্ণ না হয়; বা

(খ) উহার ব্যবহার দ্বারা বিভ্রান্তি সৃষ্টি বা প্রতারণার আশঙ্কা থাকে; বা

(গ) উহার ব্যবহার বাংলাদেশে প্রচলিত কোন আইনের পরিপন্থী হয়; বা

(ঘ) উহা জনশৃঙ্খলা বা নৈতিকতার পরিপন্থী হয়; বা

(ঙ) উহা এমন কোন বিষয় সমন্বয়ে গঠিত হয় বা উহাতে এমন কোন বিষয় থাকে, যাহাতে বাংলাদেশের কোন নাগরিকের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগিবার আশঙ্কা থাকে; বা

(চ) উহা অন্য কোনভাবে আদালতের সুরক্ষালাভের অধিকার খর্ব করে বা করিতে

পারে; বা

(ছ) উহা জেনেরিক নাম বা পরিচয় হিসাবে স্থিরীকৃত হয়, অথবা উহা উৎস দেশে সংরক্ষিত না হয়, বা সংরক্ষণের অধিকার হারায়, বা অপ্রচলিত হইয়া পড়ে; বা

(জ) পণ্যের উৎসস্থল হিসাবে আক্ষরিক অর্থে ভূখণ্ড, অঞ্চল বা এলাকার উল্লেখ সঠিক হইলেও, মিথ্যাভাবে প্রতীয়মান হয় যে, পণ্যটির উৎস স্থল অন্য কোন ভূখণ্ড, অঞ্চল বা এলাকা।

img