পঞ্চম অধ্যায় : ট্রেডমার্ক সম্পর্কিত বিশেষ বিধান ( ভৌগোলিক নির্দেশক পণ্য আইন, ২০১৩ )
২১। ট্রেডমার্ককে পণ্যের ভৌগোলিক নির্দেশক হিসাবে নিবন্ধনে বিধি-নিষেধ
(১) ট্রেডমার্ক আইন, ২০০৯ (২০০৯ সনের ১৯ নং আইন) এ যাহা কিছুই থাকুক না কেন, রেজিস্ট্রার, স্বতঃপ্রণোদিত হইয়া অথবা সংক্ষুব্ধ বা স্বার্থসংশ্লিষ্ট কোন পক্ষের অনুরোধের প্রেক্ষিতে, কোন ট্রেডমার্কের নিবন্ধন প্রত্যাখ্যান বা বাতিল করিতে পারিবেন, যদি
(ক) ট্রেডমার্কটি এইরূপ কোন পণ্য বা সেবার ভৌগোলিক নির্দেশক সংবলিত বা সমন্বয়ে গঠিত হয়, যাহা উক্ত ভৌগোলিক নির্দেশক যেই দেশের ভূখণ্ড বা উক্ত ভূখণ্ডের যেই অঞ্চল বা এলাকার জন্য ব্যবহৃত হয়, সেই দেশ বা উহার সেই ভূখণ্ড, অঞ্চল বা এলাকায় উৎপন্ন না হয়; এবং
(খ) এইরূপ পণ্য বা সেবার ট্রেডমার্কে ভৌগোলিক নির্দেশক এইরূপভাবে ব্যবহার করা হয়, যাহাতে উক্ত পণ্য বা সেবার প্রকৃত উৎপত্তিস্থল সম্পর্কে জনগণের বিভ্রান্ত হইবার বা ভুল বুঝিবার অবকাশ থাকে।
(২) সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, পণ্যের নাম উল্লেখপূর্বক কতিপয় পণ্যকে অধিকতর সুরক্ষা প্রদান করিতে পারিবে
২২। কতিপয় ট্রেডমার্ক সংরক্ষণ
(১) যেইক্ষেত্রে-
(ক) এই আইন প্রবর্তনের পূর্বে; বা
(খ) এই আইনের অধীন কোন ভৌগোলিক নির্দেশক পণ্য নিবন্ধনের আবেদন দাখিলের পূর্বে;
উক্ত ভৌগোলিক নির্দেশক সম্বলিত বা উহার সমন্বয়ে গঠিত কোন ট্রেডমার্ক নিবন্ধনের জন্য আবেদন করা হয়, অথবা ট্রেডমার্ক সম্পর্কিত আপাতত বলবৎ অন্য কোন আইনের অধীন সরল বিশ্বাসে নিবন্ধিত হয়, অথবা যেইক্ষেত্রে সরল বিশ্বাসে ব্যবহারের মাধ্যমে অনুরূপ ট্রেডমার্কের উপর অধিকার অর্জিত হয়, সেইক্ষেত্রে উক্ত ট্রেডমার্ক ও উক্ত ভৌগোলিক নির্দেশক অভিন্ন বা একই রকম এই অজুহাতে ট্রেডমার্ক সম্পর্কিত আপাতত বলবৎ কোন আইনের অধীন উক্ত ট্রেডমার্কের নিবন্ধনযোগ্যতা বা বৈতা অথবা উহা ব্যবহারের অধিকারকে ক্ষুণ্ণ করিবে না
(২) এই আইনের কোন কিছুই কোন ব্যক্তিকে কোন পণ্যের ব্যবসা পরিচালনাকালে সেই ব্যক্তির নাম অথবা তাহার ব্যবসায়িক পূর্বসূরীর নাম ব্যবহারের অধিকারকে ক্ষুণ্ণ করিবে না,
যদি না উক্ত নাম এইরূপভাবে ব্যবহৃত হয় যাহাতে জনগণের বিভ্রান্ত হইবার বা ভুল বুঝিবার অবকাশ থাকে।