- ৪। মাল্টি-লেভেল মার্কেটিং কার্যক্রম পরিচালনা ও লাইসেন্সের প্রয়োজনীয়তা
- ৫। লাইসেন্স প্রাপ্তির জন্য কোম্পানী গঠনের অপরিহার্যতা
- ৬। লাইসেন্সের জন্য আবেদন, ইত্যাদি
- ৭। লাইসেন্স ইস্যু, ইত্যাদি
- ৮। লাইসেন্স প্রদর্শন
- ৯। লাইসেন্সের শর্তাবলী
- ১১। লাইসেন্সের মেয়াদ ও নবায়ন
- ১২। লাইসেন্সের শর্তাবলী সংশোধন
- ১৩। লাইসেন্স স্থগিত, বাতিলকরণ ও পুনর্বহাল
- ১৪। আইন প্রবর্তনের পূর্বে পরিচালিত মাল্টি-লেভেল মার্কেটিং কার্যক্রম পরিচালনা সীমিত মেয়াদে অব্যাহত ও লাইসেন্স গ্রহণ
দ্বিতীয় অধ্যায় : মাল্টি-লেভেল মার্কেটিং কার্যক্রম পরিচালনার লাইসেন্স, ইত্যাদি ( মাল্টি-লেভেল মার্কেটিং কার্যক্রম (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ )
৪। মাল্টি-লেভেল মার্কেটিং কার্যক্রম পরিচালনা ও লাইসেন্সের প্রয়োজনীয়তা
(১) কোন ব্যক্তি লাইসেন্স ব্যতীত মাল্টি-লেভেল মার্কেটিং কার্যক্রম পরিচালনা করিতে পারিবেন না।
(২) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, লাইসেন্সের অধীন নিম্নবর্ণিত পণ্য বা সেবার ক্ষেত্রে মাল্টি-লেভেল মার্কেটিং কার্যক্রম পরিচালনা করা যাইবে, যথা:—
(ক) গৃহস্থালী পণ্য ;
(খ) ইলেকট্রিক ও ইলেকট্রনিক্স পণ্য ;
(গ) হোম এপ্লায়েন্স পণ্য ;
(ঘ) প্রসাধন ও টয়লেট্রিজ পণ্য ;
(ঙ) হারবাল পণ্য ;
(চ) টেলিযোগাযোগ সেবা বা উহার ব্যবহারযোগ্য পণ্য ;
(ছ) প্রশিক্ষণ সংক্রান্ত পণ্য ও সেবা ; এবং
(জ) কৃষিজ ও কৃষিজাত পণ্য।
(৩) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, উপ-ধারা (২) এ উল্লিখিত পণ্য বা সেবার তালিকা সংশোধন করিতে পারিবে।
৫। লাইসেন্স প্রাপ্তির জন্য কোম্পানী গঠনের অপরিহার্যতা
মাল্টি-লেভেল মার্কেটিং কার্যক্রম পরিচালনার জন্য এই আইনের অধীন লাইন্সেস প্রাপ্তির লক্ষ্যে প্রত্যেক আবেদনকারীকে, আবেদন দাখিলের পূর্বে, কোম্পানী আইন, ১৯৯৪ (১৯৯৪ সনের ১৮ নং আইন) এর অধীন একটি কোম্পানী গঠন করিতে হইবে।
৬। লাইসেন্সের জন্য আবেদন, ইত্যাদি
(১) মাল্টি-লেভেল মার্কেটিং কার্যক্রম পরিচালনার জন্য লাইসেন্স প্রদানের একক এখতিয়ার থাকিবে সরকারের; এবং এইরূপ লাইসেন্সের জন্য সরকারের নিকট, নির্ধারিত পদ্ধতিতে ও ফরমে, আবেদন করিতে হইবে।
(২) লাইসেন্সের জন্য আবেদনপত্রের সহিত নিম্নবর্ণিত কাগজপত্রাদি ও তথ্যসমূহ সংযুক্ত করিতে হইবে, যথা:
(ক) আবেদনকারী কোম্পানীর নিবন্ধন সংক্রান্ত নিগমিতকরণ প্রত্যয়নপত্রের (Certificate of incorporation) অনুলিপি;
(খ) আবেদনকারী কোম্পানীর সংঘস্মারক ও সংঘবিধির অনুলিপি;
(গ) আবেদনকারী কোম্পানীর নিরীক্ষিত সর্বশেষ উদ্বৃত্তপত্র এবং লাভ-ক্ষতির হিসাবসহ নিরীক্ষা প্রতিবেদন;
(ঘ) যে সমস্ত পণ্য বা সেবা বিপণন করা হইবে উহার নামসহ বিস্তারিত বিপণন পদ্ধতি ও পরিকল্পনা ;
(ঙ) হালনাগাদ ট্রেড লাইসেন্সের অনুলিপি;
(চ) আয়কর সনদপত্রের অনুলিপি;
(ছ) আবেদনকারী কোম্পানীর পরিচালকবৃন্দের জাতীয় পরিচয়পত্রের অনুলিপি;
(জ) আবেদনকারী কোম্পানী কর্তৃক মাল্টি-লেভেল মার্কেটিং কার্যক্রম পরিচালনার জন্য আর্থিক সঙ্গতি থাকা মর্মে প্রয়োজনীয় তথ্য;
(ঝ) লাইসেন্সের জন্য আবেদনের নির্ধারিত ফি পরিশোধের রশিদের অনুলিপি;
(ঞ) আবেদনকারী কোম্পানীর নাম, ঠিকানা, ফোন, ফ্যাক্স ও ই-মেইল
(ট) আবেদনকারী কোম্পানী কর্তৃক পণ্য বা সেবার যথাযথ মান সংরক্ষণের বিষয়ে গৃহীতব্য ব্যবস্থাদির বিবরণ
(ঠ) আবেদনকারী কোম্পানী কর্তৃক বিপণনকৃত পণ্য বা সেবা ভোক্তা পর্যায়ে ন্যায্য মূল্য নিশ্চিতকরণকল্পে গৃহীত পদক্ষেপের বিবরণ;
(ড) পণ্যের সংগ্রহ, ক্রয়, উৎপাদন বা সেবার প্রকৃত খরচের উপর শতকরা কত হারে লভ্যাংশ যোগ করিয়া বিক্রয় মূল্য নির্ধারিত হইবে উহার সম্ভাব্য পরিমাণ সংক্রান্ত বিবরণ;
(ঢ) মাল্টি-লেভেল মার্কেটিং কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে আবেদনকারী কর্তৃক যে সকল স্তরে উহার পণ্য ও সেবা বিপণন করিবে উহার বিস্তারিত বিবরণ;
(ণ) আবেদনকারী কোম্পানী কর্তৃক নির্ধারিত পরিমাণ পয়েন্ট বা টার্গেট অর্জন বা নির্দিষ্ট পরিমাণ পণ্য বা সেবা বিপণনে ব্যর্থতার জন্য কোন অংশগ্রহণকারী সদস্য বা ক্রেতা-পরিবেশক বা বিক্রয়কর্মীকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করিতে পারে এইরূপ কোন স্তরের কোন অংশগ্রহণকারী সদস্য বা ক্রেতা-পরিবেশক বা বিক্রয়কর্মীকে এমন কোন চুক্তিতে আবদ্ধ করিবে না মর্মে একটি অঙ্গিকারপত্র; এবং
(ত) নির্ধারিত অন্যান্য কাগজপত্রাদি ও তথ্যসমূহ।
ব্যাখ্যা । - উপ-ধারা (২) এর দফা (ণ) এর উদ্দেশ্য পূরণকল্পে, ‘টার্গেট’ অর্থ বিক্রেতা বা ক্রেতা-পরিবেশক পর্যায়ে কোন পণ্য বা সেবা বিক্রয়ের জন্য একটি পূর্বনির্ধারিত সংখ্যাসূচক একক যাহার ভিত্তিতে নির্ধারিত হারে কমিশন বা মুনাফা প্রযোজ্য ক্ষেত্রে প্রদেয় হয়।
৭। লাইসেন্স ইস্যু, ইত্যাদি
(১) ধারা ৬ এর উপ-ধারা (১) এর অধীন আবেদন প্রাপ্তির অনধিক ৩০ (ত্রিশ) দিনের মধ্যে সরকার, নির্ধারিত পদ্ধতিতে, আবেদনে উল্লিখিত ব্যবসা প্রতিষ্ঠানের স্থান সরেজমিনে পরিদর্শন ও তদন্ত করিবে এবং প্রাপ্ত তথ্যাবলী পরীক্ষার পর, লাইসেন্স মঞ্জুর অথবা নামঞ্জুর করিবার সিদ্ধান্ত গ্রহণ করিবে।
(২) উপ-ধারা (১) এর অধীন পরিদর্শন ও তদন্তের পর সরকার সন্তুষ্ট হইলে অনধিক ৩০(ত্রিশ) দিনের মধ্যে আবেদনকারী বরাবরে লাইসেন্স ইস্যু করিবে, অথবা সন্তুষ্ট না হইলে কারণ উল্লেখপূর্বক লাইসেন্স নামঞ্জুর করিবার সিদ্ধান্ত আবেদনকারীকে অবহিত করিবে।
(৩) সরকার তৎকর্তৃক ইস্যুকৃত প্রতিটি লাইসেন্সের অনুলিপি সংরক্ষণ করিবে এবং যে কোন ব্যক্তি নির্ধারিত ফিস পরিশোধ সাপেক্ষে উক্ত অনুলিপি পরিদর্শন বা উহার প্রতিলিপি সংগ্রহ করিতে পারিবে।
৮। লাইসেন্স প্রদর্শন
লাইসেন্সি কর্তৃক, ধারা ৭ এর অধীন ইস্যুকৃত লাইসেন্স সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের একটি দৃষ্টিগ্রাহ্য স্থানে প্রদর্শনের ব্যবস্থা গ্রহণ করিতে হইবে।
৯। লাইসেন্সের শর্তাবলী
সরকার এই আইন ও বিধির সহিত সংগতিপূর্ণ যে কোন শর্ত লাইসেন্সে উল্লেখ করিতে পারিবে এবং লাইসেন্স ইস্যুর পর প্রয়োজনে, কোন নূতন বা অতিরিক্ত শর্ত আরোপ করিতে পারিবে, যাহা লাইসেন্সে উল্লিখিত হইয়াছে বলিয়া গণ্য হইবে।
১১। লাইসেন্সের মেয়াদ ও নবায়ন
(১) ধারা ৭ এর অধীন ইস্যুকৃত প্রতিটি লাইসেন্সের মেয়াদ হইবে উহা ইস্যুর তারিখ হইতে ১ (এক) বৎসর।
(২) উপ-ধারা (১) এ বর্ণিত লাইসেন্সের মেয়াদ শেষ হইবার ৩০ (ত্রিশ) দিন পূর্বে ইস্যুকৃত লাইসেন্স, নির্ধারিত পদ্ধতিতে ও ফিস প্রদান সাপেক্ষে, নবায়নযোগ্য হইবে।
(৩) এই ধারার অধীন লাইসেন্স নবায়নের জন্য আবেদন, নির্ধারিত পদ্ধতিতে, সরকারের নিকট দাখিল করিতে হইবে এবং উক্তরূপ আবেদন প্রাপ্তির পর সরকার ধারা ৭ এর উপ-ধারা (১) এর বিধান অনুসরণক্রমে নবায়নের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করিবে।
১২। লাইসেন্সের শর্তাবলী সংশোধন
এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে সরকার, তদ্কর্তৃক ইস্যুকৃত লাইসেন্সের যে কোন শর্ত সংশোধন করিতে পারিবে।
১৩। লাইসেন্স স্থগিত, বাতিলকরণ ও পুনর্বহাল
১) সরকার নিম্ন বর্ণিত যে কোন কারণে, যুক্তিসংগত মনে করিলে, কোন লাইসেন্স বাতিল বা স্থগিত করিতে পারিবে, যদি লাইসেন্সি—
(ক) এই আইন বা বিধির কোন বিধান বা লাইসেন্সের কোন শর্ত ভংগ করিয়া থাকেন; বা
(খ) কোন অসত্য তথ্য প্রদান করিয়া বা কোন তথ্য গোপন করিয়া লাইসেন্স গ্রহণ করিয়া থাকেন; বা
(গ) লাইসেন্সে নির্ধারিত সময়সীমার মধ্যে উহাতে উল্লিখিত মাল্টি-লেভেল মার্কেটিং কার্যক্রম পরিচালনা শুরু করিতে ব্যর্থ হইয়া থাকেন; বা
(ঘ) লাইসেন্সে অনুমোদিত ব্যবসা পরিত্যাগ করিয়া থাকেন বা অনুমোদনহীন অন্য কোন ব্যবসা পরিচালনা করিয়া থাকেন বা পরিচালনার সহিত জড়িত বা সংশ্লিষ্ট থাকেন; বা
(ঙ) এই আইনের অধীন দণ্ডনীয় কোন অপরাধ করিয়া থাকেন।
(২) লাইসেন্সিকে যথাযথভাবে কারণ দর্শানো ও শুনানীর সুযোগ প্রদান না করিয়া উপ-ধারা (১) এর অধীন কোন লাইসেন্স বাতিল বা স্থগিত করা যাইবে না; এবং উক্তরূপে কোন লাইসেন্স বাতিল বা স্থগিত করা হইলে বাতিল বা স্থগিতাদেশে উহার উপযুক্ত কারণ লিপিবদ্ধ করিতে হইবে।
(৩) এই ধারার অধীন কোন লাইসেন্স বাতিল বা স্থগিত করা হইলে সংশ্লিষ্ট লাইসেন্সি যদি প্রমান করিতে সক্ষম হন যে, লাইসেন্স বাতিল বা স্থগিতের সিদ্ধান্ত আইনানুগ বা সঠিক ছিল না বা যে কারণে উহা বাতিল বা স্থগিত করা হইয়াছিল উহা যথাযথভাবে সংশোধিত হইয়াছে, তাহা হইলে এতদুদ্দেশ্যে লাইসেন্সির লিখিত বক্তব্য, যদি থাকে, বিবেচনার পর সরকার উক্ত লাইসেন্স পুনর্বহাল করিতে পারিবে।
(৪) উপ-ধারা (৩) এর অধীন গৃহীত ব্যবস্থার কারণে কোন প্রকার ক্ষতির জন্য লাইসেন্সি কোন আদালত বা কর্তৃপক্ষের নিকট কোন প্রকার ক্ষতিপূরণের দাবী উত্থাপন করিতে পারিবে না; এবং উক্তরূপ কোন দাবী উত্থাপিত হইলে উহা অগ্রাহ্য হইবে।
১৪। আইন প্রবর্তনের পূর্বে পরিচালিত মাল্টি-লেভেল মার্কেটিং কার্যক্রম পরিচালনা সীমিত মেয়াদে অব্যাহত ও লাইসেন্স গ্রহণ
(১) এই আইন কার্যকর হইবার তারিখে মাল্টি-লেভেল মার্কেটিং কার্যক্রম পরিচালনাকারী ব্যক্তিকে এই আইন কার্যকর হওয়ার ৯০ (নববই) দিনের মধ্যে এই আইনের বিধান অনুসারে লাইসেন্সের জন্য সরকারের নিকট আবেদন করিতে হইবে।
(২) উপ-ধারা (১) এর অধীন কোন আবেদন দাখিল করা হইলে সরকার উহা, এই আইনের বিধান অনুসারে মঞ্জুর বা নামঞ্জুর করিতে পারিবে।
(৩) মাল্টি-লেভেল মার্কেটিং কার্যক্রম পরিচালনাকারী কোন ব্যক্তি কর্তৃক উপ-ধারা (১) এর অধীন কোন আবেদন দাখিল করা না হইলে, তিনি উপ-ধারা (১) এ উল্লিখিত সময় অতিক্রান্ত হওয়ার পরে মাল্টি-লেভেল মার্কেটিং কার্যক্রম পরিচালনা করিতে পারিবেন না।