03 Jun 2026 +880 1886 456688
image

Laws & Rules

মাল্টি-লেভেল মার্কেটিং কার্যক্রম (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩
Click here for Deep-Dive

মাল্টি-লেভেল মার্কেটিং কার্যক্রম (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩

চতুর্থ অধ্যায় : মাল্টি-লেভেল মার্কেটিং কার্যক্রম পরিচালনা ( মাল্টি-লেভেল মার্কেটিং কার্যক্রম (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ )
১৬। পণ্যের মোড়কাবদ্ধকরণ

(১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, মোড়কজাতকরণ ব্যতীত মাল্টি-লেভেল মার্কেটিং পদ্ধতিতে কোন পণ্য বিপণন করা যাইবে না।

(২) উপ-ধারা (১) এর অধীন মোড়কাবদ্ধকরণের ক্ষেত্রে প্রত্যেক মোড়কে, অন্যান্য বিষয়ের মধ্যে, স্পষ্টভাবে নিম্নবর্ণিত তথ্য লিপিবদ্ধ করিতে হইবে, যথা:—

(ক) পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ও দেশের নাম;

(খ) পণ্যের ওজন, পরিমাণ ও ব্যবহার বিধি;

(গ) পণ্যের সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য

(ঘ) পণ্য উৎপাদনের তারিখ;

(ঙ) পণ্য প্যাকেটজাতকরণের তারিখ;

(চ) পণ্যের মেয়াদোত্তীর্ণের তারিখ অথবা ওয়ারেন্টি বা গ্যারান্টির মেয়াদ; এবং

(ছ) পণ্যের গুণগতমান সংক্রান্ত তথ্য।

১৭। প্রতিশ্রুত পণ্য বা সেবা যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ

কোন ব্যক্তি এই আইনের অধীন মাল্টি-লেভেল মার্কেটিং কার্যক্রম পরিচালনার আওতায় মূল্যের বিনিময়ে প্রতিশ্রুত পণ্য বা সেবা, উক্ত পণ্যের মোড়কে উল্লিখিত নির্ধারিত মূল্য অপেক্ষা বেশী মূল্যে বিক্রয় বা সরবরাহ করিতে পারিবে না; এবং উক্তরূপে কোন পণ্য বা সেবার আংশিক সরবরাহ করিয়া সম্পূর্ণ মূল্য গ্রহণ করা যাইবে না।

১৮। অযৌক্তিক মূল্য বৃদ্ধি রোধ

মাল্টি-লেভেল মার্কেটিং কার্যক্রম পরিচালনার আওতায় মাল্টি-লেভেল মার্কেটিং কার্যক্রম পরিচালনাকারী কোন পণ্য বা সেবার মূল্য নির্ধারিত পদ্ধতি ব্যতিরেকে অন্য কোনভাবে অযৌক্তিক মাত্রা বা হারে নির্ধারণ করিতে পারিবে না।

১৯। নিম্নমানের পণ্য বিপণন নিষিদ্ধ

মাল্টি-লেভেল মার্কেটিং কার্যক্রম পরিচালনার আওতায় কোন ব্যক্তি পণ্য বা সেবার জন্য নির্ধারিত মান হইতে নিম্নমানের পণ্য বা সেবা বিপণন করিতে পারিবে না।

২০। বিক্রয়ের উদ্দেশ্যে বেআইনী অবস্থান

দ্বারে দ্বারে বিক্রয় বা অন্য যে কোন বিক্রয় পদ্ধতিতে পণ্য ও সেবা বিক্রয়ের লক্ষ্যে কোন ব্যক্তির ইচ্ছার বিরুদ্ধে কোন মাল্টি-লেভেল মার্কেটিং কার্যক্রম পরিচালনাকারীর কোন সদস্য কর্তৃক উক্ত ব্যক্তির নিয়ন্ত্রনাধীন বা মালিকানাধীন গৃহ বা আঙ্গিনায় বা স্থাপনায় অবস্থান করিয়া উক্ত ব্যক্তিকে পণ্য বা সেবা ক্রয় করিতে বাধ্য করা যাইবে না।

ব্যাখ্যা । - এই ধারার উদ্দেশ্য পূরণকল্পে, ‘‘দ্বারে দ্বারে বিক্রয়’’ অর্থ নিম্নবর্ণিত পদ্ধতিতে পণ্য বা সেবা বিক্রয়, যথা:—

(ক) কোন নির্দিষ্ট অবস্থানে ব্যবসা না চালাইয়া এক স্থান হইতে অন্য স্থানে গমন করিয়া বা টেলিফোনে যোগাযোগের মাধ্যমে এমন কোন ব্যক্তি বা ব্যক্তি সমষ্টিকে অনুসন্ধান করা যাহাতে উক্ত ব্যক্তি সাধারণভাবে পণ্য বা সেবা ক্রয় বা বিক্রয় চুক্তিতে আবদ্ধ হন বা হইতে সম্মত থাকেন; এবং

(খ) প্রথম ক্রেতা বা তৎপরবর্তী ক্রেতা বা পর্যায়ক্রমিকভাবে নিয়োজিত সম্ভাব্য নূতন ক্রেতার সহিত এইরূপ বিক্রয় চুক্তি সম্পাদনের জন্য আলোচনা বা চুক্তি সম্পাদন করা।

২১। পণ্য ও সেবার বাস্তব উপস্থিতি

কোন মাল্টি-লেভেল মার্কেটিং কার্যক্রম পরিচালনাকারী ব্যক্তি বা তদ্‌কর্তৃক নিয়োগকৃত কোন ব্যক্তি বা ক্রেতা পরিবেশক বা উক্ত কার্যক্রম পরিচালনাকারী প্রতিষ্ঠানের কোন স্তরের কোন অংশগ্রহণকারী কর্তৃক কাহাকেও প্রলুব্ধকরণের মাধ্যমে এইরূপ কোন চুক্তিতে আবদ্ধ করা যাইবে না, যাহাতে পণ্য বা সেবার বাস্তব উপস্থিতি বা নির্দিষ্ট সময়ে পণ্য বা সেবা পরিবেশনের বাস্তব ও বিশ্বাসযোগ্য আয়োজন বা প্রস্ত্ততি না থাকা সত্ত্বেও কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট হইতে উক্তরূপ কোন পণ্য বা সেবা পরিবেশনের নামে অর্থ আদায় করা হয়।

২২। পরিচয়পত্র বহন বা ধারণ

মাল্টি-লেভেল মার্কেটিং কার্যক্রম পরিচালনাকারী কর্তৃক সরবরাহকৃত ছবিযুক্ত লেমিনেটেড পরিচয়পত্র প্রকাশ্যে ধারণ ব্যতীত মাল্টি-লেভেল মার্কেটিং কার্যক্রমের আওতায় কোন ক্রেতা-পরিবেশক বা বিক্রেতা বা বিক্রয়কর্মী কোন প্রকার লেনদেন, ক্রয়-বিক্রয় বা অন্য কোন কার্যক্রম সম্পাদন বা পরিচালনা করিতে পারিবে না ।

২৩। ব্যবসার প্রচারণা সংক্রান্ত বিধি নিষেধ

কোন মাল্টি-লেভেল মার্কেটিং কার্যক্রম পরিচালনাকারীর ক্রেতা-পরিবেশক, কোন স্তরের কোন সদস্য বা কোন কর্মী —

(ক) মাল্টি-লেভেল মার্কেটিং কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে গঠিত কোম্পানীর সংঘবিধির পরিপন্থী তথ্য সম্বলিত কোন বিজ্ঞাপনের প্রচার বা অন্য কোন ধরনের প্রচারনা বা অন্য কোন ধরনের কার্যক্রম পরিচালনা করিতে পারিবেন না; বা

(খ) প্রলুব্ধ বা প্রতারিত করিবার উদ্দেশ্যে কোন অসত্য বা কাল্পনিক বা বিভ্রান্তিকর বিজ্ঞাপন প্রচার করিতে পারিবেন না।

img