03 Jun 2026 +880 1886 456688
image

Laws & Rules

মাল্টি-লেভেল মার্কেটিং কার্যক্রম (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩
Click here for Deep-Dive

মাল্টি-লেভেল মার্কেটিং কার্যক্রম (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩

ষষ্ঠ অধ্যায় : প্রশাসনিক তদন্ত পরিচালনা ( মাল্টি-লেভেল মার্কেটিং কার্যক্রম (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ )
৪০। প্রশাসনিক তদন্ত পরিচালনায় সরকারের ক্ষমতা

(১) প্রত্যেক মাল্টি-লেভেল মার্কেটিং কার্যক্রম পরিচালনাকারী এই আইনের অধীন মাল্টি-লেভেল মার্কেটিং কার্যক্রম পরিচালনার আওতায় কোন বিক্রয় বা সেবা সংশ্লিষ্ট বিষয়ে ক্রেতা বা সেবা গ্রহণকারীর অভিযোগ সম্পর্কে অবহিত হওয়ার জন্য সরকার কর্তৃক এতদুদ্দেশ্যে, সময় সময়, নির্ধারিত সংখ্যক অভিযোগ কেন্দ্রের ব্যবস্থা করিবে এবং উক্তরূপ কেন্দ্রের অবস্থান ও উহার সহিত যোগাযোগ সম্পর্কিত তথ্যাদিসহ উক্ত বিষয়ে সংশ্লিষ্ট সদস্যের অবগতির জন্য বিজ্ঞপ্তি প্রচার করিবে।

(২) উপ-ধারা (১) এর অধীন স্থাপিত অভিযোগ কেন্দ্রে অভিযোগ দায়ের পদ্ধতি ও অন্যান্য বিষয়াদি বিধি দ্বারা নির্ধারিত হইবে।

(৩) মাল্টি-লেভেল মার্কেটিং কার্যক্রম পরিচালনার আওতায় কোন ক্রেতা বা সেবা গ্রহণকারীর নিকট হইতে কোন অভিযোগ প্রাপ্তির পর সংশ্লিষ্ট কার্যক্রম বা সেবা পরিচালনাকারী অবিলম্বে উহা নিষ্পত্তি করিবে এবং এই বিষয়ে সরকার কর্তৃক নির্ধারিত কার্যপদ্ধতি অনুসরণ করিবে।

(৪) মাল্টি-লেভেল মার্কেটিং কার্যক্রম পরিচালনার আওতায় কোন ক্রেতা বা সেবা গ্রহণকারী তাহার অভিযোগ সম্পর্কে সংশ্লিষ্ট কার্যক্রম বা সেবা পরিচালনাকারীকে অবহিত করা সত্ত্বেও, যথাযথভাবে নিষ্পত্তি না করা হইলে উক্ত ক্রেতা বা সেবা গ্রহণকারী সরকার বা তদ্‌কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তার নিকট লিখিতভাবে বিষয়টি সম্পর্কে ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন করিতে পারিবেন।

(৫) উপ-ধারা (৪) এর অধীন আবেদন প্রাপ্তির অনধিক ৩০ (ত্রিশ) দিনের মধ্যে সরকার বা তদকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা উক্ত অভিযোগ সম্পর্কে প্রয়োজনীয় তদন্ত পরিচালনার পর সংশ্লিষ্ট কার্যক্রম বা সেবা পরিচালনাকারীকে করণীয় সম্পর্কে যথাযথ নির্দেশ প্রদান করিবে।

৪১। তদন্তকারী কর্মকর্তা নিয়োগ, ইত্যাদি

(১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, সরকার, আদেশ দ্বারা, ধারা ৪০ এর অধীন তদন্ত পরিচালনার জন্য, উহার যে কোন কর্মকর্তাকে তদন্তকারী কর্মকর্তা হিসাবে নিয়োগ করিতে পারিবে।

(২) এই আইনের অধীন তদন্ত কার্য পরিচালনাকারী তদন্তকারী কর্মকর্তা এই আইনের বিধানাবলী বাস্তবায়নের প্রয়োজনে মাল্টি-লেভেল মার্কেটিং কার্যক্রম পরিচালনাকারীর উক্তরূপ কার্যক্রমের সহিত সংশ্লিষ্ট যে কোন স্থানে যে কোন যুক্তিসঙ্গত সময়ে প্রবেশ করিতে পারিবেন।

(৩) তদন্তকারী কর্মকর্তা কোন মাল্টি-লেভেল মার্কেটিং কার্যক্রম পরিচালনাকারী কর্তৃক তদন্তকালে এই আইনের পরিপন্থী কোন কার্যক্রম পরিচালনা করার প্রমাণ পাইলে তিনি, নির্ধারিত পদ্ধতিতে, তদ্‌বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করিবেন।

(৪) তদন্তকারী কর্মকর্তা কোন মাল্টি-লেভেল মার্কেটিং কার্যক্রম পরিচালিত হয় এইরূপ কোন স্থানে প্রবেশ করিলে তাহাকে উহার দখলকার বা তত্ত্বাবধানকারী বা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি উক্ত কর্মকর্তার অনুরোধকৃত তথ্য সরবরাহ করিবেন যাহাতে উক্ত কর্মকর্তা এই আইনের অধীন যথাযথভাবে দায়িত্ব পালন করিতে পারেন।

৪২। প্রশাসনিক জরিমানা

(১) ধারা ৪০ এর অধীন কোন ব্যক্তিকে কোন নির্দেশ দেওয়া হইলে উক্ত ব্যক্তি উক্ত নির্দেশ মানিয়া চলিতে বাধ্য থাকিবেন এবং উক্ত ব্যক্তি উক্ত নির্দেশ পালনে ব্যর্থ হইলে সরকার নির্ধারিত পদ্ধতিতে উক্ত ব্যক্তির উপর অনধিক ৫(পাঁচ) লক্ষ টাকা প্রশাসনিক জরিমানা আরোপ করিতে পারিবে।

(২) উপ-ধারা (১) এ যাহা কিছুই থাকুক না কেন, ধারা ৪ লংঘনের ক্ষেত্রে এই ধারার অধীন প্রশাসনিক জরিমানা আরোপ করা যাইবে না।

(৩) কোন অভিযুক্ত ব্যক্তি এই ধারার অধীন তাহার উপর আরোপিত প্রশাসনিক জরিমানা পরিশোধ না করিলে উক্তরূপ লংঘন একটি অপরাধ হিসাবে গণ্য হইবে এবং তদনুসারে লংঘনকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা যাইবে।

img