নবম অধ্যায় : প্রশাসক, ইত্যাদি ( মাল্টি-লেভেল মার্কেটিং কার্যক্রম (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ )
৪৮। প্রশাসক নিয়োগ
(১) এই আইন বা আপাততঃ বলবৎ অন্য কোন আইনে যাহাই থাকুক না কেন, সরকার, লিখিতভাবে কারণ লিপিবদ্ধ করিয়া, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, তৎকর্তৃক নির্দিষ্টকৃত সময়ের জন্য এই আইনের অধীন লাইসেন্সপ্রাপ্ত কোন মাল্টি-লেভেল মার্কেটিং কার্যক্রম পরিচালনাকারী কোম্পানীর ব্যবস্থাপনার দায়িত্ব গ্রহণ করিতে পারিবে, এবং তদুদ্দেশ্যে সরকার উক্ত কোম্পানীর পরিচালনা পর্ষদ রহিত করিয়া এক বা একাধিক প্রশাসক নিয়োগ করিতে পারিবে, যদি, যথাযথ তদন্ত পরিচালনা সাপেক্ষে, সরকারের নিকট প্রতীয়মান হয় যে,—
(ক) উক্ত কোম্পানীর ব্যবসা ইহার পাওনাদার, শেয়ারহোল্ডার বা অন্য কোন ব্যক্তিকে প্রতারণার জন্য পরিচালিত হইতেছে অথবা ইহার প্রশাসনিক কার্যক্রম প্রতারণা বা অবৈধ উদ্দেশ্যে অথবা কোন সদস্যকে হয়রানির উদ্দেশ্যে অথবা কোম্পানীটি প্রতারণা বা অবৈধ উদ্দেশ্যে গঠিত হইয়াছে; অথব
(খ) উহার গঠন বা ব্যবস্থাপনার সহিত সংশ্লিষ্ট ব্যক্তিগণ প্রতারণা, অবৈধ কর্ম সম্পাদন অথবা অন্য কোন সদস্যের প্রতি অসদাচারণের দায়ে অভিযুক্ত হইয়াছে; অথবা
(গ) উহার শেয়ারহোল্ডার ও পাওনাদারদের স্বার্থ সুরক্ষার প্রয়োজন রহিয়াছে; অথবা
(ঘ) জনস্বার্থে উক্তরূপ ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয়তা রহিয়াছে।
(২) সংশ্লিষ্ট মাল্টি-লেভেল মার্কেটিং কার্যক্রম পরিচালনাকারী কোম্পানীকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ প্রদান না করিয়া উপ-ধারা (১) এর অধীন কোন ব্যবস্থা গ্রহণ করা যাইবে না।
(৩) ধারা ১৪ এর অধীন লাইসেন্স প্রাপ্তির জন্য আবেদন না করা সত্ত্বেও বা এই আইনের অধীন লাইসেন্সপ্রাপ্ত নহেন এমন কোন ব্যক্তির কৃত মাল্টি-লেভেল মার্কেটিং সংক্রান্ত কার্যক্রম পর্যবেক্ষণ বা অন্য কোনভাবে সরকারের নিকট যদি প্রতীয়মান হয় যে, এই ধারার অধীন প্রশাসক নিয়োগের প্রয়োজনীয় ক্ষেত্র বিদ্যমান রহিয়াছে, তাহা হইলে সরকার, উপ-ধারা (২) এর বিধান সাপেক্ষে, উপ-ধারা (১) এর অধীন প্রশাসক নিয়োগ করিতে পারিবে।
(৪) প্রশাসকের যোগ্যতা, মেয়াদ, কর্মপরিধি ও অন্যান্য বিষয়াদি সরকার কর্তৃক নির্ধারিত হইবে।
৪৯। জনসেবক
ধারা ৪৮ এর অধীন নিযুক্ত প্রশাসক Penal Code (Act XLV of 1860) এর section 21 এর Public Servant (জনসেবক) অভিব্যক্তিটি যে অর্থে ব্যবহৃত হইয়াছে সেই অর্থে জনসেবক বলিয়া গণ্য হইবেন।