03 Jun 2026 +880 1886 456688
image

Laws & Rules

ডিঅক্সিরাইবোনিউক্লিক এসিড (ডিএনএ) আইন, ২০১৪
Click here for Deep-Dive

ডিঅক্সিরাইবোনিউক্লিক এসিড (ডিএনএ) আইন, ২০১৪

প্রথম অধ্যায় : প্রারম্ভিক ( ডিএনএ আইন, ২০১৪ )
১। সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন

(১) এই আইন ডিঅক্সিরাইবোনিউক্লিক এসিড (ডিএনএ) আইন, ২০১৪ নামে অভিহিত হইবে।

(২) সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, যে তারিখ নির্ধারণ করিবে সেই তারিখে ইহা কার্যকর হইবে।

* এস, আর, ও নং ৩৩০-আইন/২০১৫, তারিখ: ১২ নভেম্বর, ২০১৫ ইং দ্বারা ২৪ আশ্বিন ১৪২১ বঙ্গাব্দ মোতাবেক ৯ অক্টোবর ২০১৪ খ্রিস্টাব্দ উক্ত আইন কার্যকর হইয়াছে।

২। সংজ্ঞা

বিষয় বা প্রসঙ্গের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইনে-

(১) ‘‘অপরাধস্থল’’ অর্থ-

(ক) কোন অপরাধ সংঘটিত হইবার স্থান; বা

(খ) অপরাধ সংঘটনের ফলে ক্ষতিগ্রস্ত ব্যক্তি অথবা কোন সন্দেহভাজন বা অভিযুক্ত ব্যক্তির শরীর হইতে প্রাপ্ত কোন বস্তু বা উক্ত ব্যক্তি কর্তৃক বহনকৃত অন্য কোন বস্তু; বা

(গ) অপরাধ সংঘটনের সহিত সম্পর্কিত অন্য কোন স্থান হইতে প্রাপ্ত কোন বস্তু;

(২) ‘‘অধিদপ্তর’’ অর্থ ধারা ২০ এর অধীন গঠিত অধিদপ্তর

(৩) ‘‘উপদেষ্টা পরিষদ’’ অর্থ ধারা ১৬ এর অধীন গঠিত ফরেনসিক ডিএনএ ল্যাবরেটরী উপদেষ্টা পরিষদ;

(৪) ‘‘কারিগরি কমিটি’’ অর্থ ধারা ১৯ এর অধীন গঠিত ফরেনসিক ডিএনএ ল্যাবরেটরী কারিগরি কমিটি;

(৫) ‘‘ডিএনএ’’ অর্থ ডিঅক্সিরাইবোনিউক্লিক এসিড;

(৬) ‘‘ডিএনএ নমুনা’’ অর্থ ডিএনএ বিশ্লেষণের উদ্দেশ্যে কোন ব্যক্তির দেহ হইতে দ্বিতীয় অধ্যায়ে বিধৃত পদ্ধতিতে নিম্নবর্ণিত উৎস হইতে সংগৃহীত যে কোন ধরনের জৈব নমুনা, যথাঃ-

(ক) দেহগত পদার্থ;

(খ) কোষকলা নমুনা;

(গ) পরিধেয় বস্ত্র হইতে সংগৃহীত দেহগত পদার্থ;

(ঘ) ঘটনাস্থল হইতে সংগৃহীত দেহগত পদার্থ; এবং

(ঙ) বিধি দ্বারা নির্ধারিত অন্য কোন উৎস;

(৭) ‘‘ডিএনএ প্রোফাইল’’ অর্থ ডিএনএ অণুতে অবস্থিত অন্যূন ১০(দশ) টি জেনেটিক মার্কার হইতে প্রাপ্ত জেনোটাইপের সমন্বয়ে গঠিত ডিএনএ নমুনা বিশ্লেষণের ফলাফল যাহা আলফা-নিউমেরিক ভ্যালু হিসাবে প্রকাশ করা হয়;

(৮) ‘‘ডিএনএ ল্যাবরেটরী’’ অর্থ ধারা ১৪ এর অধীন সরকার কর্তৃক প্রতিষ্ঠিত কোন ফরেনসিক ডিএনএ ল্যাবরেটরী;

(৯) ‘‘নির্ধারিত ব্যক্তি’’ অর্থ ডিএনএ নমুনা সংগ্রহ সম্পর্কে জ্ঞান ও প্রশিক্ষণ রহিয়াছে এইরূপ কোন ফরেনসিক বিশেষজ্ঞ বা মেডিকো-লিগ্যাল পরীক্ষার জন্য সরকার কর্তৃক নির্ধারিত কোন চিকিৎসক, কোন পুলিশ কর্মকর্তা বা অন্য কোন ব্যাক্তি;

(১০) ‘‘পুলিশ কর্মকর্তা’’ অর্থ এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, সাব-ইন্সপেক্টর পদমর্যাদার নিম্নে নহেন এইরূপ কোন পুলিশ কর্মকর্তা;

(১১) ‘‘ফৌজদারী কার্যবিধি’’ অর্থ Code of Criminal Procedure, 1898 (Act V of 1898) ;

(১২) ‘‘বিধি’’ অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি;

(১৩) ‘‘ব্যক্তি’’ অর্থে কোন ব্যক্তি, কোম্পানী, সমিতি, অংশীদারী কারবার, সংবিধিবদ্ধ সংস্থা বা উহাদের প্রতিনিধিও ইহার অন্তর্ভুক্ত হইবে;

(১৪) ‘‘যোগ্যতাসম্পন্ন ব্যক্তি’’ অর্থ ডিএনএ ল্যাবরেটরীতে কর্মরত এইরূপ কোন ব্যক্তি, যাহার সরকার কর্তৃক স্বীকৃত কোন বিশ্ববিদ্যালয় হইতে বায়োকেমিস্ট্রি বা মলিক্যুলার বায়োলজি বা বায়োটেকনোলজিতে অন্যূন স্নাতক ডিগ্রী রহিয়াছে।

৩। আইনের প্রাধান্য

(১) আপাততঃ বলবৎ অন্য কোন আইন বা আইনের মর্যাদাসম্পন্ন অন্য কোন আইনগত দলিলে ভিন্নতর যাহা কিছুই থাকুক না কেন, এই আইনের বিধানাবলী প্রাধান্য পাইবে।

(২) উপ-ধারা (১) এ যাহা কিছুই থাকুক না কেন, এই আইনের কোন বিধান Evidence Act,1872 এর section 112 এর ব্যত্যয়কারী বলিয়া গণ্য হইবে না।

img