তৃতীয় অধ্যায় : ডিএনএ ল্যাবরেটরী প্রতিষ্ঠা, ইত্যাদি ( ডিএনএ আইন, ২০১৪ )
১৪। ডিএনএ ল্যাবরেটরী প্রতিষ্ঠা
(১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, সরকার, সরকারি গেজেট প্রজ্ঞাপন দ্বারা, এক বা একাধিক ডিএনএ ল্যাবরেটরী প্রতিষ্ঠা করিতে পারিবে।
(২) উপ-ধারা (১) এর অধীন ডিএনএ ল্যাবরেটরী প্রতিষ্ঠার ক্ষেত্রে, সরকার, প্রয়োজনে, উপদেষ্টা পরিষদের পরামর্শ গ্রহণ করিতে পারিবে।
(৩) ঢাকায় অবস্থিত ন্যাশনাল ফরেনসিক ডিএনএ প্রোফাইলিং ল্যাবরেটরী এই আইনের অধীন সরকার কর্তৃক প্রতিষ্ঠিত হইয়াছে বলিয়া গণ্য হইবে।
১৫। ডিএনএ কার্যক্রমের গুণগত মান নিশ্চিতকরণ
১) প্রত্যেক ডিএনএ ল্যাবরেটরী, বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে, ডিএনএ কার্যক্রমের গুণগত মান নিশ্চিত করিবে।১) প্রত্যেক ডিএনএ ল্যাবরেটরী, বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে, ডিএনএ কার্যক্রমের গুণগত মান নিশ্চিত করিবে।
(২) উপ-ধারা (১) এর অধীন গুণগত মান নিশ্চিত করিবার ক্ষেত্রে, অন্যান্য বিষয়ের মধ্যে, প্রত্যেক ডিএনএ ল্যাবরেটরী
(ক) যথোপযুক্ত যোগ্যতাসম্পন্ন ও প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের দ্বারা উহার কার্যক্রম পরিচালনা করিবে;
(খ) ডিএনএ কার্যক্রমের গুণগত মান বজায় রাখিবে;
(গ) উহার ভৌত অবকাঠামোগত সুযোগ-সুবিধার ব্যবস্থা রাখিবে;
(ঘ) ডিএনএ বিশ্লেষণের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করিবে;
(ঙ) উহার অধীন সংরক্ষিত তথ্যাদির নিরাপত্তা ও গোপনীয়তা বজায় রাখিবার সুষ্ঠু পদ্ধতি অনুসরণ করিবে;
(চ) উহার অধীন সম্পাদিত ডিএনএ বিশ্লেষণের জন্য এই আইন ও বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতি অনুসরণ করিবে; এবং
(ছ) ডিএনএ পরীক্ষার কারিগরি মান বজায় রাখিবার জন্য যথাযথ যন্ত্রপাতি ব্যবহার করিবে।