03 Jun 2026 +880 1886 456688
image

Laws & Rules

ডিঅক্সিরাইবোনিউক্লিক এসিড (ডিএনএ) আইন, ২০১৪
Click here for Deep-Dive

ডিঅক্সিরাইবোনিউক্লিক এসিড (ডিএনএ) আইন, ২০১৪

চতুর্থ অধ্যায় : উপদেষ্টা পরিষদ, কারিগরি কমিটি, ইত্যাদি ( ডিএনএ আইন, ২০১৪ )
১৬। উপদেষ্টা পরিষদ

(১) এই আইনের সুষ্ঠু বাস্তবায়নের লক্ষ্যে সরকারকে যথাযথ পরামর্শ প্রদানের উদ্দেশ্যে, সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, একটি ফরেনসিক ডিএনএ ল্যাবরেটরী উপদেষ্টা পরিষদ গঠন করিবে।

(২) নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে উপদেষ্টা পরিষদ গঠিত হইবে, যথা :-

(ক) মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী, যিনি ইহার চেয়ারম্যানও হইবেন;

(খ) মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, পদাধিকারবলে, যিনি ইহার ভাইস-চেয়ারম্যানও হইবেন;

(গ) মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অন্যূন যুগ্ম-সচিব পদমর্যাদার একজন কর্মকর্তা;

(ঘ) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অন্যূন যুগ্ম-সচিব পদমর্যাদার একজন কর্মকর্তা;

(ঙ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অন্যূন যুগ্ম-সচিব পদমর্যাদার একজন কর্মকর্তা;

(চ) লেজিসলটিভ ও সংসদ বিষয়ক বিভাগের অন্যূন যুগ্ম-সচিব পদমর্যাদার একজন কর্মকর্তা;

(ছ) প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন মহা-পরিচালক;

(জ) পুলিশের উপ-মহাপরিদর্শক পদমর্যাদার একজন কর্মকর্তা;

(ঝ) অ্যাটর্ণি জেনারেল কর্তৃক মনোনীত একজন ডেপুটি এটর্নী জেনারেল;

(ঞ) আইন ও বচার বিভাগ কর্তৃক মনোনীত নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে নিয়োজিত একজন বিশেষ পাবলিক প্রসিকিউটর;

(ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি ও মলিক্যুলার বায়োলজি বিভাগের চেয়ারম্যান;

(ঠ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি বিভাগের চেয়ারম্যান;

(ড) ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান;

(ঢ) ন্যাশনাল ইন্সটিটিউট অব বায়োটেকনোলজি এর মহাপরিচালক;

(ণ) ন্যাশনাল ফরেনসিক ডিএনএ প্রোফাইলিং ল্যাবরেটরী এর পরিচালক; এবং

(ত) সরকার কর্তৃক মনোনীত সংশ্লিষ্ট বিষয়ে পাণ্ডিত্যের অধিকারী ৩ (তিন) জন বিশিষ্ট নাগরিক।

(৩) উপ-ধারা (২) এর দফা (ত) এর অধীন মনোনীত সদস্যগণ সরকার কর্তৃক নির্ধারিত মেয়াদে বহাল থাকিবেন।

(৪) অধিদপ্তর, বা অধিদপ্তর গঠিত না হওয়া পর্যন্ত ধারা ২৩ এর অধীন গঠিত ডিএনএ ল্যাবরেটরী ব্যবস্থাপনা সেল, উপদেষ্টা পরিষদের কার্য সম্পাদনে সাচিবিক দায়িত্ব পালন করিবে।

১৭। উপদেষ্টা পরিষদের কার্যাবলী

 উপদেষ্টা পরিষদের কার্যাবলী হইবে, নিম্নরূপ, যথা:-

(ক) ডিএনএ ল্যাবরেটরী স্থাপন, উহাদের আকার, অবস্থান ও অন্যান্য বিষয়ে সরকারকে প্রয়োজনীয় পরামর্শ প্রদান;

(খ) জাতীয় ডিএনএ ডাটাবেইজ প্রতিষ্ঠা এবং ব্যবস্থাপনার বিষয়ে সরকারকে প্রয়োজনীয় পরামর্শ প্রদান;

(গ) ডিএনএ নমুনা বিশ্লেষণের বিশুদ্ধতা, সঠিকতা, গোপনীয়তা এবং ডিএনএ প্রোফাইলসমূহ সংরক্ষণের বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ প্রদান;

(ঘ) ডিএনএ ল্যাবরেটরীর উন্নয়ন এবং সম্প্রসারণের জন্য আর্থিক বরাদ্দের প্রয়োজনীয়তা সম্পর্কে সরকারকে প্রয়োজনীয় সুপারিশ প্রদান;

(ঙ) ডিএনএ ল্যাবরেটরীর কর্ম-পরিকল্পনা অনুমোদন;

(চ) বিধি দ্বারা নির্ধারিত অন্য কোন বিষয়।

১৮। উপদেষ্টা পরিষদের সভা

১) উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান কর্তৃক নির্ধারিত স্থান, তারিখ ও সময়ে, বৎসরে কমপক্ষে ১ (এক) বার, উহার সভা অনুষ্ঠিত হইবে।

(২) উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান, উহার সকল সভায় সভাপতিত্ব করিবেন এবং তাহার অনুপস্থিতিতে উপদেষ্টা পরিষদের ভাইস-চেয়ারম্যান উক্ত সভায় সভাপতিত্ব করিবেন।

(৩) উপদেষ্টা পরিষদ, প্রয়োজনবোধে, সংশ্লিষ্ট যে কোন ব্যক্তিকে উক্ত সভায় অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানাইতে পারিবে।

(৪) এই ধারার বিধানাবলী সাপেক্ষে, উপদেষ্টা পরিষদ উহার সভার কার্যপদ্ধতি নির্ধারণ করিতে পারিবে।

১৯। কারিগরি কমিটি

(১) সরকার, ডিএনএ ল্যাবরেটরীর কারিগরি মান নিশ্চিত করিবার এবং উক্ত ল্যাবরেটরীসমূহের কারিগরি কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে, একটি ফরেনসিক ডিএনএ ল্যাবরেটরী কারিগরি কমিটি গঠন করিবে

(২) উপ-ধারা (১) এর সামগ্রিকতাকে ক্ষণ্ণ না করিয়া, অন্যান্যের মধ্যে, উক্ত কমিটি নিম্নবর্ণিত কার্যাবলী সম্পাদন করিবে, যথা :-

(ক) ডিএনএ বিষয়ে নতুন গবেষণা, ডিএনএ নমুনা বিশ্লেষণের সময় ব্যবস্থাপনা এবং প্রাসঙ্গিক অন্যান্য বিষয়ে সংশ্লিষ্ট সকলকে পরামর্শ প্রদান;

(খ) ডিএনএ নমুনা বিশ্লেষণের উপাদান সঠিকভাবে সংরক্ষণ এবং অপ্রয়োজনীয় উপাদানসমূহ বিনষ্টকরণের বিষয়ে সরকারকে পরামর্শ প্রদান;

(গ) সঠিক পদ্ধতিতে ডিএনএ নমুনা বিশ্লেষণ নিশ্চিতকরণের বিষয়ে সংশ্লিষ্ট ডিএনএ ল্যাবরেটরীকে নির্দেশনা প্রদান;

(ঘ) বিধি দ্বারা নির্ধারিত অন্য কোন বিষয়।

(৩) কারিগরি কমিটি উহার সংখ্যাগরিষ্ঠ সদস্যের মতামত অনুযায়ী কার্যক্রম পরিচালনা করিবে।

(৪) কারিগরি কমিটির গঠন-কাঠামো ও দায়-দায়িত্বসহ আনুষঙ্গিক বিষয়াদি বিধি দ্বারা নির্ধারিত হইবে।

২০। অধিদপ্তর স্থাপন, ইত্যাদি

(১) এই আইনের উদ্দেশ্যে পূরণকল্পে, সরকার ‘‘ডিএনএ ল্যাবরেটরী ব্যবস্থাপনা অধিদপ্তর’’ নামে একটি অধিদপ্তর স্থাপন করিবে।

(২) অধিদপ্তরের প্রধান কার্যালয় ঢাকায় অবস্থিত হইবে।

(৩) অধিদপ্তর এই আইনের অধীন ডিএনএ ল্যাবরেটরী, জাতীয় ডিএনএ ডাটাবেইজ প্রতিষ্ঠা এবং তদ্‌সংক্রান্ত কার্যক্রম সমন্বয়, তত্ত্বাবধান ও পরিবীক্ষণসহ বিধি দ্বারা নির্ধারিত অন্যান্য কার্যাবলী সম্পাদন করিবে।

২১। মহাপরিচালক

(১) অধিদপ্তরের একজন মহাপরিচালক থাকিবেন।

(২) মহাপরিচালক সরকার কর্তৃক নিযুক্ত হইবেন এবং তাঁহার চাকুরীর শর্তাদি সরকার কর্তৃক স্থিরীকৃত হইবে।

(৩) মহাপরিচালকের পদ শূন্য হইলে, বা অনুপস্থিতিতে, অসুস্থতা বা অন্য কোন কারণে মহাপরিাচলক তাহার দায়িত্ব পালনে অসমর্থ হইলে, শূন্য পদে নবনিযুক্ত মহাপরিচালক কার্যভার গ্রহণ না করা পর্যন্ত বা মহাপরিচালক পুনরায় স্বীয় দায়িত্ব পালনে সমর্থ না হওয়া পর্যন্ত সরকার কর্তৃক নিযুক্ত কোন ব্যক্তি অস্থায়ীভাবে মহাপরিচালকের দায়িত্ব পালন করিবেন।

(৪) এই আইনের উদ্দেশ্যে পূরণকল্পে, মহাপরিচালকের ক্ষমতা ও কার্যাবলী বিধি ধারা নির্ধারিত হইবে।

২২। কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ

অধিদপ্তরের কার্যাবলী সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য প্রয়োজনীয় সংখ্যক কর্মকর্তা ও কর্মচারী, বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতি ও শর্তে নিয়োগ করা যাইবে।

২৩। সেল গঠন, ইত্যাদি

(১) অধিদপ্তর স্থাপিত না হওয়া পর্যন্ত, এই আইনের সুষ্ঠু বাস্তবায়নের উদ্দেশ্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এর অধীন ‘‘ডিএনএ ল্যাবরেটরী ব্যবস্থাপনা সেল’’ নামে একটি সেল থাকিবে।

(২) উক্ত সেলের গঠন, ক্ষমতা ও কার্যাবলী বিধি দ্বারা নির্ধারিত হইবে।

img