- ১৪। সদস্যপদ
- ১৫। সদস্য হইবার যোগ্যতা
- ১৬। সদস্য হইবার ক্ষেত্রে অযোগ্যতা
- ১৭। সদস্য হইবার জন্য আবেদন
- ১৮। রেজিস্টার
- ১৯। প্রাইভেট প্র্যাকটিস (Private Practice)
- ২০। পেশাগত অসদাচরণ
- ২১। পেশাগত অসদাচরণের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ
- ২২। রেজিস্টার হইতে নাম অপসারণ
তৃতীয় অধ্যায় : সদস্যপদ, যোগ্যতা ও অযোগ্যতা এবং রেজিস্টার, ইত্যাদি ( ২৫ )
১৪। সদস্যপদ
(১) সদস্যপদ নিম্নরূপ দুই শ্রেণীতে বিভক্ত থাকিবে, যথা :
(ক) ফেলো; এবং
(খ) এসোসিয়েট।
(২) বিলুপ্ত ইনস্টিটিউটের ফেলো ও এসোসিয়েটগণ এই ইনস্টিটিউটের ফেলো ও এসোসিয়েট হিসাবে গণ্য হইবেন এবং তাহাদের নাম ফেলো ও এসোসিয়েট হিসাবে রেজিস্টারে অন্তর্ভুক্ত হইবে।
(৩) ইনস্টিটিউটের কোন সদস্যের নাম প্রথম বার রেজিস্টারে অন্তর্ভুক্ত হইলে তিনি ইনস্টিটিউটের একজন এসোসিয়েট হিসাবে গণ্য হইবেন এবং যতদিন তাহার নাম রেজিস্টারে অন্তর্ভুক্ত থাকিবে, ততদিন তিনি তাহার নামের পর এসোসিয়েট অব চার্টার্ড সেক্রেটারীজ(এসিএস) উপাধি ব্যবহার করিবার অধিকারী হইবেন।
(৪) কোন এসোসিয়েট তাহার সদস্যভুক্তির তারিখ হইতে একাদিক্রমে পাঁচ বৎসর চার্টার্ড সেক্রেটারী পেশায় বা তৎসংক্রান্ত চাকুরীতে নিয়োজিত থাকিলে, ফেলো সদস্যভুক্তির আবেদন ও ফি প্রদান সাপেক্ষে, কাউন্সিল কর্তৃক যোগ্য বিবেচিত হইলে, আবেদনের তারিখ হইতে তিনি ইনস্টিটিউটের ফেলো হিসাবে গণ্য হইবেন।
(৫) ফেলো হিসাবে কোন ব্যক্তির নাম রেজিস্টারে অন্তর্ভুক্ত থাকিলে, যতদিন তাহার নাম রেজিস্টারে অন্তর্ভুক্ত থাকিবে, ততদিন তিনি তাহার নামের পর ফেলো অব চার্টার্ড সেক্রেটারীজ (এফসিএস) উপাধি ব্যবহার করিবার অধিকারী হইবেন।
১৫। সদস্য হইবার যোগ্যতা
(১) নিম্নবর্ণিত ব্যক্তিগণ সদস্য হইবার যোগ্য হইবেন, যথা :-
(ক) বিলুপ্ত ইনস্টিটিউট কর্তৃক নির্ধারিত পরীক্ষায় যিনি উত্তীর্ণ হইয়াছেন এবং উক্ত ইনস্টিটিউট কর্তৃক প্রদত্ত প্রশিক্ষণ সফলতার সহিত সমাপ্ত করিয়াছেন
(খ) সদস্যপদের জন্য নির্ধারিত পরীক্ষায় যিনি উত্তীর্ণ হইয়াছেন এবং সফলতার সহিত প্রশিক্ষণ সমাপ্ত করিয়াছেন;
(গ) সদস্যপদের জন্য নির্ধারিত পরীক্ষা ও প্রশিক্ষণের সমতুল্য বলিয়া কাউন্সিল কর্তৃক স্বীকৃত বিদেশের কোন পরীক্ষায় যিনি উত্তীর্ণ হইয়াছেন এবং প্রশিক্ষণ গ্রহণ করিয়াছেন;
(ঘ) বিলুপ্ত ইনস্টিটিউট বা কাউন্সিল কর্তৃক স্বীকৃত কোন বিদেশী ইনস্টিটিউট হইতে যিনি চার্টার্ড সেক্রেটারী সার্টিফিকেট অর্জন করিয়াছেন।
(২) উপ-ধারা (১) এ যাহা কিছুই থাকুক না কেন, উক্ত উপ-ধারার অধীন সদস্য হইবার যোগ্য কোন ব্যক্তি যদি বাংলাদেশে স্থায়ীভাবে বসবাস না করেন, তাহা হইলে তাহার সদস্য হইবার বা সদস্য পদ বহাল রাখিবার বিষয়ে কাউন্সিল বিশেষ শর্ত আরোপ করিতে পারিবে।
১৬। সদস্য হইবার ক্ষেত্রে অযোগ্যতা
ধারা ১৫ তে যাহা কিছুই থাকুক না কেন, কোন ব্যক্তি সদস্য হইবার যোগ্য হইবেন না, যদি-
(ক) তিনি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম স্নাতক ডিগ্রী অর্জন না করেন;
(খ) আবেদনের সময় তাহার বয়স একুশ বৎসর বা তদূধর্ব না হয়;
(গ) তিনি অপ্রকৃতিস্থ হন;
(ঘ) নৈতিক স্খলনজনিত অপরাধে উপযুক্ত আদালত কর্তৃক তিনি দোষী সাব্যস্ত হন এবং সাজা ভোগ করিবার পর অন্যূন দুই বৎসর অতিক্রান্ত না হইয়া থাকে; অথব
(ঙ) পেশাগত অসদাচরণের দায়ে তাহার নাম রেজিস্টার হইতে ইতোপূর্বে অপসারিত হইয়া থাকে।
১৭। সদস্য হইবার জন্য আবেদন
(১) কোন ব্যক্তি সদস্য হইতে ইচ্ছুক হইলে, তাহাকে নির্ধারিত ফিসসহ নির্ধারিত ফরমে, সচিবের নিকট আবেদন করিতে হইবে।
(২) উপ-ধারা (১) এর অধীন আবেদন প্রাপ্তির পর সচিব উহা কাউন্সিলে উপস্থাপন করিবেন এবং কাউন্সিল, নির্ধারিত পদ্ধতিতে, উক্ত আবেদন মঞ্জুর বা নামঞ্জুর করিতে পারিবে।
(৩) উপ-ধারা (২) এর অধীন কোন আবেদন নামঞ্জুর করা হইলে উক্তরূপ নামঞ্জুরের ত্রিশ দিনের মধ্যে কাউন্সিলের নিকট বিষয়টি পুনঃবিবেচনার জন্য আবেদন করা যাইবে এবং কাউন্সিল উক্তরূপ আবেদনের পঁয়তাল্লিশ দিনের মধ্যে, নির্ধারিত পদ্ধতিতে, সংশ্লিষ্ট আবেদন নিষ্পত্তি করিবে।
(৪) উপ-ধারা (২) বা, ক্ষেত্রমত, উপ-ধারা (৩) এর অধীন কোন আবেদন মঞ্জুর করা হইলে উক্ত নাম রেজিস্টারে অন্তর্ভুক্ত করা হইবে।
(৫) উপ-ধারা (১) এ যাহা কিছুই থাকুক না কেন, বিলুপ্ত ইনস্টিটিউটের সদস্যগণকে আবেদন বা ফি প্রদান ব্যতিরেকে ইনস্টিটিউটের সদস্য হিসাবে রেজিস্টারে নাম অন্তর্ভুক্ত করা হইবে।
১৮। রেজিস্টার
(১) সচিব, নিম্নবর্ণিত তথ্যাদি উল্লেখপূর্বক, নির্ধারিত পদ্ধতিতে, সদস্যগণের নাম রেজিস্টারে অন্তর্ভুক্ত ও সংরক্ষণ করিবেন, যথাঃ
(ক) সদস্য নম্বর;
(খ) সদস্যের নাম;
(গ) পিতার নাম, মাতার নাম এবং স্বামীর বা স্ত্রীর নাম;
(ঘ) জন্ম তারিখ ও জাতীয়তা;
(ঙ) জাতীয় পরিচিতি নম্বর;
(চ) টিআইএন নম্বর
(ছ) টেলিফোন, মোবাইল, ফ্যাক্স ও ই-মেইল নম্বরসহ (যদি থাকে) বর্তমান ও স্থায়ী ঠিকানা এবং পেশাগত কার্যালয়ের ঠিকানা;
(জ) রেজিস্টারে নাম অন্তর্ভুক্তির তারিখ;
(ঝ) শিক্ষাগত যোগ্যতা;
(ঞ) প্রাইভেট প্র্যাকটিস সনদপত্র (প্রযোজ্য ক্ষেত্রে); এবং
(ট) আনুষঙ্গিক বিষয় ও নির্ধারিত অন্যান্য বিষয়।
(২) কোন ব্যক্তির নাম রেজিস্টারে অন্তর্ভুক্ত থাকিলে তিনি ইনস্টিটিউটের সদস্য হইবেন এবং চার্টার্ড সেক্রেটারী নামে অভিহিত হইবেন।
(৩) প্রতি বৎসর জানুয়ারি মাসের এক তারিখে বা তৎপূর্বে, নির্ধারিত পদ্ধতিতে, ইনস্টিটিউট উহার সদস্যগণের তালিকা প্রকাশ করিবে।
(৪) উপ-ধারা (৩) এর অধীন প্রকাশিত তালিকার কপি সদস্যগণ, নির্ধারিত ফি প্রদান সাপেক্ষে, ইনস্টিটিউট হইতে সংগ্রহ করিতে পারিবেন।
(৫) প্রত্যেক সদস্যকে, নির্ধারিত পদ্ধতিতে, বাৎসরিক সদস্য-ফি প্রদান করিতে হইবে।
১৯। প্রাইভেট প্র্যাকটিস (Private Practice)
(১) ইনস্টিটিউট প্রদত্ত সনদপত্রের অধিকারী না হইলে কোন সদস্য বাংলাদেশের কোথাও প্রাইভেট প্র্যাকটিস করিতে পারিবেন না।
(২) কোন সদস্য প্রাইভেট প্র্যাকটিস করিতে আগ্রহী হইলে তাহাকে, নির্ধারিত ফিসহ নির্ধারিত ফরমে, সচিবের নিকট আবেদন করিতে হইবে।
(৩) উপ-ধারা (২) এর অধীন আবেদন প্রাপ্তির পর সচিব উহা কাউন্সিলে উপস্থাপন করিবেন এবং কাউন্সিল, নির্ধারিত পদ্ধতিতে, উক্ত আবেদন মঞ্জুর বা নামঞ্জুর করিতে পারিবে
(৪) উপ-ধারা (৩) এর অধীন কোন আবেদন নামঞ্জুর করা হইলে উক্তরূপ নামঞ্জুরে ত্রিশ দিনের মধ্যে কাউন্সিলের নিকট বিষয়টি পুনঃবিবেচনার জন্য আবেদন করা যাইবে এবং কাউন্সিল উক্তরূপ আবেদনের পঁয়তাল্লিশ দিনের মধ্যে, নির্ধারিত পদ্ধতিতে, সংশ্লিষ্ট আবেদন নিষ্পত্তি করিবে।
(৫) উপ-ধারা (৩) বা, ক্ষেত্রমত, উপ-ধারা (৪) এর অধীন কোন আবেদন মঞ্জুর করা হইলে সচিব, ইনস্টিটিউটের পক্ষে, সংশ্লিষ্ট সদস্যের অনুকূলে প্রাইভেট প্র্যাকটিস সনদ ইস্যু করিবেন।
(৬) প্রাইভেট প্র্যাকটিস সনদধারী প্রত্যেক সদস্যকে, নির্ধারিত সময়সীমার মধ্যে, নির্ধারিত বাৎসরিক ফি প্রদান করিতে হইবে।
(৭) প্রাইভেট প্র্যাকটিসরত কোন চার্টার্ড সেক্রেটারী কোন কোম্পানীতে সার্বক্ষণিক চাকুরীতে নিয়োজিত হইতে পারিবেন না এবং কোন কোম্পানীতে সার্বক্ষণিক চাকুরীতে নিয়োজিত কোন চার্টার্ড সেক্রেটারী প্রাইভেট প্র্যাকটিস করিতে পারিবেন না।
(৮) এই আইনে ভিন্নরূপ কিছু না থাকিলে, কোন সদস্য চার্টার্ড সেক্রেটারী পেশায় সার্বক্ষণিক চাকুরীতে নিয়োজিত না হইয়া ব্যক্তিগতভাবে নিম্নরূপ কোন কার্যাদির সহিত সম্পৃক্ত থাকিলে তিনি প্রাইভেট প্র্যাকটিস করেন বলিয়া গণ্য হইবে, যদি তিনি,
(ক) ব্যক্তিগতভাবে বা চার্টার্ড সেক্রেটারী পেশায় নিযুক্ত অন্য কোন সদস্যের বা নির্ধারিত অন্য কোন পেশার সদস্যের অংশীদারী ফার্মে সম্মানীর বিনিময়ে কাজ করেন;
(খ) কোন কোম্পানীতে সার্বক্ষণিক চাকুরীরত না হইয়া চার্টার্ড সেক্রেটারী সংক্রান্ত পেশাগত সেবা প্রদান বা সেবা প্রদানে সহায়তা প্রদান করেন;
(গ) কোন কোম্পানী গঠন, নিগমবদ্ধকরণ, পুনর্গঠন, একত্রীকরণ বা বিলুপ্তিকরণের সহিত সংশ্লিষ্ট সেবা প্রদান করেন বা সেবা প্রদানে আগ্রহী হন;
(ঘ) কোম্পানীর পক্ষে নিম্নবর্ণিত বিষয়ে সেবা প্রদান করেন বা সেবা প্রদানে আগ্রহী হন, যথাঃ
(অ) কোম্পানীর পক্ষে উহার দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি হিসাবে কোম্পানীর ফরম, আবেদন এবং রিটার্ণসহ রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানীজ এন্ড ফার্মস বা অন্য কোন কর্তৃপক্ষের নিকট কোন দলিল জমাদান, নিবন্ধন, সত্যায়ন বা প্রত্যয়নের কাজ করেন
(আ) সিকিউরিটিজ ট্রান্সফার বা ট্রান্সমিশন সংক্রান্ত কাজ করেন;
(ই) সিকিউরিটিজ বা বন্ড ইস্যূ সংক্রান্ত কাজ করেন;
(ঈ) শেয়ার ও স্টক ব্রোকার সংক্রান্ত কাজ করেন;
(উ) আপাততঃ বলবৎ কোম্পানী আইন, সিকিউরিটিজ আইন বা Foreign Exchange Regulation Act, 1947 (Act No. VII of 1947) এর অধীনে কোন কোম্পানী পরিচালনায় উপদেষ্টা হিসাবে কাজ করেন;
(ঊ) কোম্পানীর পক্ষে বা কোম্পানীর উদ্দেশ্য পূরণকল্পে সনদ ইস্যূর কাজ করেন;
(ঋ) সেক্রেটারীয়েল অডিট বা কনসালটেন্ট হিসাবে কাজ করেন
(ঙ) চার্টার্ড সেক্রেটারী সংক্রান্ত পেশাগত সেবা প্রদান বা সেবা প্রদানে সহায়তা প্রদান করেন; এব
(চ) কাউন্সিলের বিবেচনায় অন্য কোন সেবা প্রদান করেন।
(৯) এই আইনে ভিন্নরূপ যাহা কিছুই থাকুক না কেন, এই আইন কার্যকর হইবার অব্যবহিত পূর্বে কর্মরত কোন কোম্পানী সেক্রেটারীর চাকুরী অব্যাহত থাকিবার ক্ষেত্রে চার্টার্ড সেক্রেটারী সনদ বা প্রাইভেট প্র্যাকটিস সনদ কোন বাধা হইবে না।
২০। পেশাগত অসদাচরণ
(১) কোন চার্টার্ড সেক্রেটারী পেশাগত অসদাচরণ করিয়াছেন বলিয়া গণ্য হইবে, যদি তিনি-
(ক) অন্য কোন ব্যক্তিকে তাহার নামে চার্টার্ড সেক্রেটারী হিসাবে প্র্যাকটিস করিতে অনুমতি প্রদান করেন;
(খ) সদস্য নহেন এইরূপ কোন ব্যক্তিকে, প্রত্যক্ষ বা পরো্ক্ষভাবে, তাহার পেশাগত কাজ বাবদ প্রাপ্ত ফি এর অংশবিশেষ হিস্যা, কমিশন, পারিশ্রমিক বা ব্রোকারেজ হিসাবে প্রদান করেন, প্রদান করিবার জন্য অনুমতি প্রদান করেন বা প্রদান করিতে সম্মত হন;
(গ) পেশার কার্যক্রমে অংশীদার হইবার যোগ্যতা নাই এমন কোন ব্যক্তির মাধ্যমে বা চার্টার্ড সেক্রেটারীর জন্য শোভন নয় এমন কোন উপায়ে কোন পেশাগত কাজ অর্জন করেন;
(ঘ) সার্কুলার, বিজ্ঞাপন, বা অনুরূপ কোন উপায়ে মক্কেল পাওয়ার জন্য বা পেশাগত কাজ পাইবার জন্য চেষ্টা করেন;
(ঙ) পেশাগত সাফল্য প্রচারের উদ্দেশ্যে কোন দলিল, ভিজিটিং কার্ড, চিঠির প্যাড বা সাইন বোর্ডে এমন কোন ডিগ্রীর উল্লেখ করেন যাহার কোন আইনগত ভিত্তি নাই বা যাহা কাউন্সিল কর্তৃক অনুমোদিত নয়;
(চ) ইতোপূর্বে অন্য কোন চার্টার্ড সেক্রেটারী কর্তৃক ধারণ করা হইয়াছে, এমন কোন পেশাগত দায়িত্ব প্রথমোক্ত চার্টার্ড সেক্রেটারীকে লিখিতভাবে অবগত না করিয়া গ্রহণ করেন
(ছ) কাউন্সিল কর্তৃক অননুমোদিত এবং চার্টার্ড সেক্রেটারী পেশার সহিত সম্পর্কিত নয়, এমন কোন ব্যবসা বা কাজে নিজকে নিয়োজিত রাখেন;
(জ) প্রাইভেট প্র্যাকটিসরত অথচ সদস্য নহেন এমন কোন ব্যক্তিকে তাহার পক্ষে এমন কিছু দলিল সত্যায়িত বা সার্টিফাই করিবার জন্য অনুমতি দেন যাহা শুধুমাত্র চার্টার্ড সেক্রেটারীকেই সত্যায়িত বা সার্টিফাই করিতে হয়; এবং
(ঝ) তাহার চাকুরী বা দায়িত্ব পালনের সুবাদে জানা এমন কোন গোপন তথ্য, প্রচলিত কোন আইন অনুযায়ী বা নিয়োগকারী কর্তৃক অনুমতিপ্রাপ্ত না হইয়া, ফাঁস করিয়া দেন।
(২) প্রাইভেট প্র্যাকটিস না করিয়া বা চার্টার্ড সেক্রেটারী হিসাবে কর্মরত না থাকিয়া অন্য কোন চাকুরীতে নিয়োজিত আছেন বা থাকেন, এমন কোন সদস্য অসদাচরণ করিয়াছেন বলিয়া গণ্য হইবে, যদি তিনি,-
(ক) কোন কোম্পানী, ফার্ম বা ব্যক্তির কর্মচারী হইয়া তাহার চাকুরীর বেতনের কোন অংশ, প্রত্যক্ষ বা পরো্ক্ষভাবে, অন্য কোন ব্যক্তিকে প্রদান করেন, প্রদান করিবার অনুমতি দেন বা তাহাতে সম্মতি প্রদান করেন;
(খ) দফা (ক) তে উল্লিখিত কোম্পানী, ফার্ম বা ব্যক্তি কর্তৃক নিযুক্ত আইনজীবী, চার্টার্ড সেক্রেটারী বা দালালের নিকট হইতে কমিশন বা বখশিস হিসাবে তাহার আয়ের কিছু অংশ গ্রহণ করেন বা করিতে সম্মত হন;
(৩) কোন সদস্য, পেশাগত অসদাচরণ করিয়াছেন বলিয়া গণ্য হইবে, যদি তিনি-
(ক) কাউন্সিলের নিকট প্রদত্ত কোন স্টেটমেন্ট, রিটার্ণ বা ফরমে এমন কিছু বিবরণ অন্তর্ভুক্ত করেন, যাহা তিনি মিথ্যা বলিয়া জানেন;
(খ) ফেলো না হইয়া নিজেকে ফেলো হিসাবে পরিচয় দেন;
(গ) কাউন্সিল বা কমিটি কর্তৃক প্রাথীর তথ্য সরবরাহ না করেন;
(ঘ) পেশাগত দায়িত্ব পালনের সূত্রে প্রাপ্ত অর্থ আত্মসাৎ বা তসরুফ করেন;
(ঙ) এই আইন বা তদধীন প্রণীত কোন প্রবিধানের কোন বিধান লংঘন করেন;
(চ) কাউন্সল কর্তৃক নির্ধারিত অন্য কোন কাজ করা হইতে বিরত থাকেন।
(৪) প্রাইভেট প্র্যাকটিসরত কোন চার্টার্ড সেক্রেটারী পেশাগত অসদাচরণ করিয়াছেন বলিয়া গণ্য হইবে, যদি তিনি-
(ক) দায়িত্ব পালনের সূত্রে প্রাপ্ত কোন তথ্য নিয়োগকারীর সম্মতি ব্যতিরেকে, অন্য কোন ব্যক্তির নিকট প্রকাশ করেন;
(খ) প্রাইভেট প্র্যাকটিস সম্পর্কিত কোন প্রতিবেদন, কোনরূপ পরীক্ষা-নিরীক্ষা না করিয়া, সত্যায়িত করেন;
(গ) কোন ব্যবসায়ী প্রতিষ্ঠানকে এমন কোন প্রতিবেদন বা মতামত প্রদান করেন যাহাতে তাহার, তাহার ফার্ম বা তাহার ফার্মের কোন অংশীদারের স্বার্থ রহিয়াছে অথচ প্রতিবেদনে উহার উল্লেখ নাই;
(ঘ) তাহার জানামতে কোন বাস্তব ঘটনা, প্রতিবেদন বা মতামত গোপন করিবার জন্য সাহায্য করেন, যদিও সংশ্লিষ্ট প্রতিবেদন বা মতামতকে বিভ্রান্তিমুক্ত করিবার জন্য উহা প্রকাশ করা প্রয়োজনীয় ছিল;
(ঙ) প্রতিবেদনে তাহার জানামতে এমন কোন তথ্য প্রকাশ করিতে ব্যর্থ হন যাহার সহিত তিনি তাহার পেশাগত ক্ষমতার কারণে সংশ্লিষ্ট ছিলেন;
(চ) তাহার পেশাগত দায়িত্ব পালনে গুরুতর অবহেলা করেন; এবং
(ছ) তাহার মক্কেলের অর্থ কোন আলাদা হিসাবে জমা রাখিতে বা উক্ত টাকা যে উদ্দেশ্যে খরচ করার কথা সে উদ্দেশ্যে খরচ করিতে ব্যর্থ হন।
২১। পেশাগত অসদাচরণের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ
(১) কোন তথ্য বা অভিযোগের ভিত্তিতে বা কাউন্সিল নিজ উদ্যোগে যদি এই মর্মে সন্তুষ্ট হয় যে, কোন সদস্য পেশাগত বা অন্য কোনভাবে ধারা ২০ এর অধীন কোন অসদারচরণে লিপ্ত বা অসদাচরণের দায়ে অভিযুক্ত, তাহা হইলে কাউন্সিল বিষয়টি তদন্ত করিবার জন্য শৃঙ্খলা কমিটি গঠন করিতে পারিবে এবং শৃঙ্খলা কমিটি, নির্ধারিত পদ্ধতিতে, তদন্তপূর্বক উহার তদন্তের প্রতিবেদন কাউন্সিলের নিকট পেশ করিবে।
(২) উপ-ধারা (১) এর অধীন প্রতিবেদন প্রাপ্তির পর কাউন্সিল যদি এই মর্মে সিদ্ধান্ত গ্রহণ করে যে, সংশ্লিষ্ট সদস্য কোন পেশাগত অসদাচণের দায়ে দোষী নহেন, তাহা হইলে অভিযোগটি খারিজ করিয়া দিবে
(৩) উপ-ধারা (১) এর অধীন প্রতিবেদন প্রাপ্তির পর যদি কাউন্সিল মনে করে যে, সংশ্লিষ্ট সদস্য কোন পেশাগত অসদাচরণের দায়ে দোষী, তাহা হইলে কাউন্সিল তাহাকে যুক্তিসঙ্গত শুনানীর সুযোগ প্রদানপূর্বক নিম্নবর্ণিত ব্যবস্থা গ্রহণ করিতে পারিবে, যথা :-
(ক) তিরস্কার;
(খ) রেজিস্টার হইতে সাময়িকভাবে নাম অপসারণ; বা
(গ) রেজিস্টার হইতে স্থায়ীভাবে নাম অপসারণ
(৪) উপ-ধারা (৩) এর অধীন কোন আদেশ প্রদান করা হইলে উক্ত আদেশ প্রাপ্তির তারিখ হইতে ত্রিশ দিনের মধ্যে সংক্ষুব্ধ সদস্য সরকারের নিকট আপীল করিতে পারিবে এবং সরকার উক্ত আপীল দায়েরের তারিখ হইতে নব্বই দিনের মধ্যে আপীলটি নিষ্পত্তি করিবে এবং এই ক্ষেত্রে সরকারের সিদ্ধান্ত চূড়ান্ত হইবে।
(৫) সরকার উপ-ধারা (৪) এর উল্লিখিত সময়ের মধ্যে আপীলটি নিষ্পত্তি করিতে না পারিলে উহা মঞ্জুর হইয়াছে বলিয়া গণ্য হইবে।
২২। রেজিস্টার হইতে নাম অপসারণ
(১) কোন সদস্য,-
(ক) মৃত্যুবরণ করিলে;
(খ) স্বীয় নাম অপসারণের জন্য কাউন্সিলের নিকট লিখিতভাবে অনুরোধ করিলে;
(গ) নির্ধারিত সময়সীমার মধ্যে কোন নির্ধারিত ফি প্রদানে ব্যর্থ হইলে; বা
(ঘ) এই আইনের অধীন কোন অযোগ্যতা থাকিলে বা অর্জন করিলে বা অন্য কোন কারণে রেজিস্টারে নাম বহাল রাখিবার অধিকার হারাইলে-কাউন্সিল তাহার নাম রেজিস্টার হইতে অপসারণ করিবার জন্য নির্দেশ প্রদান করিতে পারিবে।
(২) কাউন্সিল, উপ-ধারা (১) এর অধীন, কোন সদস্যের নাম রেজিস্টার হইতে অপসারণের নির্দেশ প্রদান করিলে, সচিব উক্ত সদস্যের নাম রেজিস্টার হইতে অপসারণ করিবেন।