কোন সমবায় সমিতির নাম পরিবর্তন উক্ত সমিতি বা কোন সদস্য বা সাবেক সদস্য বা মৃত সদস্যের কোন অধিকার বা দায় কে প্রভাবিত করিবেনা এবং নাম পরিবর্তনের তারিখে অনিষ্পন্ন কোন মামলায় সমিতি পক্ষ থাকিলে সমিতির নতুন নামে মামলা চলিতে থাকিবে৷
। Limitation Act, 1908 (Act No. IX of 1908) এ ভিন্নতর যাহা কিছুই থাকুক না কেন,
(ক) কোন সদস্য বা সাবেক সদস্য বা বহিস্কৃত সদস্যের নিকট সমিতির কোন পাওনা থাকিলে উহা আদায়ের জন্য সংশ্লিষ্ট ব্যক্তির জীবদ্দশায় তাহার বিরুদ্ধে বা তাহার মৃত্যুর পর তাহার মনোনীত ব্যক্তি বা উত্তরাধিকারের বিরুদ্ধে যে কোন সময় মামলা রুজু করা যাইবে; এবং
(খ) সংশ্লিষ্ট সদস্যের মনোনীত ব্যক্তি বা তাহার উত্তরাধিকার না থাকিলে তাহার মৃত্যুর তারিখ হইতে বা বহিস্কার আদেশের তারিখ হইতে উক্ত Act এ বর্ণিত তামাদি মেয়াদ গণনা করিতে হইবে।]
কোন সমবায় সমিতি উহার এখ্তিয়ারভুক্ত এলাকার মধ্যে কোন সেবা বা সুবিধা সৃষ্টি করিলে উক্ত সুবিধা বা সেবার উপকারভোগী ব্যক্তির উপর সমিতি চার্জ বা সারচার্জ আরোপ এবং আদায় করিতে পারিবে৷
কোন সদস্য, সাবেক সদস্য বা মৃত সদস্যের নিকট কোন সমবায় সমিতির কোন পাওনা অপরিশোধিত থাকিলে উক্ত সমিতি উক্ত সদস্যের শেয়ার বাবদ প্রদত্ত অর্থ বা তাহার প্রদত্ত আমানত বা চাঁদা এবং তাহার অর্জিত সুদ হইতে সমিতি উহার পাওনা আদায় করিতে পারিবে৷
(১) প্রচলিত অন্যান্য আইনে ভিন্নতর যাহা কিছুই থাকুক না কেন, ধারা ৪৩(২) মোতাবেক ফি আদায়ের জন্য এবং ৫১ ও ৮১ ধারার প্রদত্ত নির্দেশ বাবদ কোন অর্থ আদায়ের উদ্দেশ্যে Public Demands Recovery Act, 1913 (Ben. Act III of 1913) এর অধীনে সার্টিফিকেট মামলা দায়ের করা যাইবে এবং উহার জন্য কোন কোর্ট ফি প্রদান করিতে হইবে না৷
(২) উক্ত ফি বা পাওনা আদায় বা রায় কার্যকর করার জন্য দেওয়ানী আদালতে ১০০ (একশত) টাকার কোর্ট ফি দিয়া মামলা দায়ের করা যাইবে৷