(১) কর্তৃপক্ষের একটি তহবিল থাকিবে, এবং উহাতে নিম্নবর্ণিত অর্থ জমা হইবে-
(ক) সরকার কর্তৃক প্রদত্ত অনুদান;
(খ) সনদ ফিস;
(গ) ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের উপর কর্তৃপক্ষ কর্তৃক আরোপিত জরিমানালব্ধ অর্থ;
(ঘ) কর্তৃপক্ষ কর্তৃক অন্য কোন উত্স হইতে প্রাপ্ত অর্থ;
(ঙ) ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান কর্তৃক কর্তৃপক্ষ বরাবরে প্রদেয় নির্ধারিত বাত্সরিক ফিস;
(চ) সরকারের পূর্বানুমোদনক্রমে, কোন বিদেশী সরকার, সংস্থা বা আন্তর্জাতিক সংস্থা হইতে প্রাপ্ত অনুদান৷
(২) পরিচালনা বোর্ডের অনুমোদনক্রমে তহবিলের সকল অর্থ কোন তফসিলি ব্যাংকে কর্তৃপক্ষের নামে রাখা হইবে এবং নির্ধারিত পদ্ধতিতে তহবিল পরিচালনা করা হইবে৷
(৩) এই আইনের অধীন সম্পাদিতব্য কার্যাবলীর এবং কর্তৃপক্ষের উদ্দেশ্য সাধন ও উন্নয়ন ব্যয় নির্বাহের জন্য উক্ত তহবিলের অর্থ ব্যবহৃত হইবেঃ
তবে শর্ত থাকে যে, তহবিলের অর্থ ব্যয়ের ক্ষেত্রে সরকারের নিয়মনীতি ও বিধি-বিধান, যদি থাকে, অনুসরণ করিতে হইবে৷
ব্যাখ্যাঃ “তফসিলি ব্যাংক” বলিতে Bangladesh Bank Order, 1972 (P. O. No. 127 of 1972) এর Article 2(J) তে সংজ্ঞায়িত Scheduled Bank কে বুঝাইবে৷
কর্তৃপক্ষ প্রতি অর্থ বত্সর সমাপ্ত হইবার পূর্বে সরকার কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে পরবর্তী বত্সরের বার্ষিক বাজেট বিবরণী অনুমোদনের জন্য সরকারের নিকট পেশ করিবে এবং উহাতে উক্ত বত্সরে সরকারের নিকট হইতে কি পরিমাণ অর্থের প্রয়োজন হইবে ইহার উল্লেখ থাকিবে৷
(১) কর্তৃপক্ষ যথাযথভাবে উহার হিসাব সংরক্ষণ করিবে এবং হিসাবের বার্ষিক বিবরণী প্রস্তুত করিবে৷
(২) বাংলাদেশের মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, অতঃপর মহা-হিসাব নিরীক্ষক নামে অভিহিত, প্রতি বত্সর কর্তৃপক্ষের হিসাব নিরীক্ষা করিবে এবং নিরীক্ষা রিপোর্টের একটি করিয়া অনুলিপি সরকার ও কর্তৃপক্ষের নিকট পেশ করিবে৷