- ১৫। কপিরাইটের প্রথম স্বত্বাধিকারী
- ১৬। কপিরাইটের স্বত্ব নিয়োগ
- ১‘৭। স্বত্ব নিয়োগের শর্তাবলি
- ১৮। কপিরাইটের স্বত্ব নিয়োগ বিষয়ক বিরোধ নিষ্পত্তি
- ১৯। পান্ডুলিপির কপিরাইট উইলমূলে হস্তান্তর
- ২০। প্রণেতার কপিরাইট পরিত্যাগের অধিকার
- ২১। মূল অনুলিপির পুনঃবিক্রয়ের ক্ষেত্রে উহার মূল্যের বণ্টন
চতুর্থ অধ্যায় : কপিরাইটের স্বত্ব এবং মালিকদের অধিকার ( কপিরাইট’২৩ )
১৫। কপিরাইটের প্রথম স্বত্বাধিকারী
(১) এই আইনের অন্যান্য বিধানাবলি সাপেক্ষে, কোনো প্রণেতা তাহার কর্মের কপিরাইটের প্রথম স্বত্বাধিকারী হইবেন।
(২) উপধারা (১) এ যাহা কিছুই থাকুক না কেন,-
(ক) চাকুরি বা শিক্ষানবিশ চুক্তির অধীন সংবাদপত্র, ম্যাগাজিন বা সাময়িকীর মালিকের চাকুরিতে নিযুক্ত থাকাকালে প্রণেতা কর্তৃক সংবাদপত্র, ম্যাগাজিন বা সাময়িকীতে প্রকাশের উদ্দেশ্যে রচিত সাহিত্য, নাট্য বা শিল্প সম্পর্কিত কর্মের ক্ষেত্রে, উক্ত মালিক, ভিন্নরূপ কোনো চুক্তি না থাকিলে, কর্মটি সংবাদপত্র, ম্যাগাজিন বা সাময়িকীতে প্রকাশ বা পুনরুৎপাদনের সহিত যতখানি সম্পর্কযুক্ত ততখানি কপিরাইটের প্রথম স্বত্বাধিকারী হইবেন, কিন্তু অন্য সকল বিষয় প্রণেতা কর্মটির কপিরাইটের প্রথম স্বত্বাধিকারী হইবেন;
(খ) দফা (ক) এর বিধান সাপেক্ষে, কোনো ব্যক্তির উদ্যোগে এবং অর্থের বিনিময়ে ফটোগ্রাফ লওয়া, ছবি বা প্রতিকৃতি আাঁকা, খোদাই কাজ বা চলচ্চিত্র নির্মাণ করিবার ক্ষেত্রে, উক্ত ব্যক্তি, ভিন্নরূপ কোনো চুক্তি না থাকিলে, উহার কপিরাইটের প্রথম স্বত্বাধিকারী হইবেন;
(গ) চাকুরি বা শিক্ষানবিশ চুক্তির অধীন কোনো কর্মের প্রণেতার চাকুরিতে দফা (ক) বা (খ) প্রযোজ্য হয় না এইরূপ নিযুক্ত থাকাকালে নিয়োগকারী, ভিন্নরূপ কোনো চুক্তি না থাকিলে, উক্ত কর্মের কপিরাইটের প্রথম স্বত্বাধিকারী হইবেন;
(ঘ) জনসমক্ষে প্রদত্ত বক্তৃতা বা বিবৃতির ক্ষেত্রে, বক্তৃতা বা বিবৃতি প্রদানকারী ব্যক্তি অথবা উক্ত ব্যক্তি অন্য কোনো ব্যক্তির পক্ষে উক্ত বক্তৃতা বা বিবৃতি প্রদান করিয়া থাকিলে, উক্ত অপর ব্যক্তি, উক্ত বক্তৃতা বা বিবৃতি প্রদানকারী ব্যক্তি বা যাহার পক্ষে বক্তৃতা বা বিবৃতি প্রদান করা হইয়াছে সেই ব্যক্তি অপর কোনো এমন ব্যক্তির দ্বারা নিয়োগপ্রাপ্ত ছিলেন, যিনি সংশ্লিষ্ট বক্তৃতা বা বিবৃতির ব্যবস্থা করা বা বক্তৃতা বা বিবৃতি প্রদানের স্থানের ব্যবস্থা করা সত্ত্বেও যাহার পক্ষে বক্তৃতা দেওয়া হইয়াছে তিনি উহার কপিরাইটের প্রথম স্বত্বাধিকারী হইবেন;
(ঙ) ভিন্নতর কোনো চুক্তি না থাকিলে, কোনো সরকারি কর্মের ক্ষেত্রে, সরকার উক্ত কর্মের কপিরাইটের প্রথম স্বত্বাধিকারী হইবেন;
(চ) ধারা ৬৩ প্রযোজ্য হয় এইরূপ কর্মের ক্ষেত্রে, সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থা উহার কপিরাইটের প্রথম স্বত্বাধিকারী হইবে; এবং
(ছ) তথ্য প্রযুক্তি-ভিত্তিক ডিজিটাল কর্মের ক্ষেত্রে, উক্ত প্রোগ্রাম সম্পন্ন করিবার জন্য নিয়োগকারী ব্যক্তি বা প্রতিষ্ঠান প্রথম কপিরাইটের অধিকারী হইবেন, যদি না পক্ষগণের মধ্যে ভিন্নরূপ কোনো চুক্তি থাকে।
১৬। কপিরাইটের স্বত্ব নিয়োগ
(১) কোনো বিদ্যমান কর্মের কপিরাইটের স্বত্বাধিকারী বা ভবিষ্যৎ কর্মের কপিরাইটের স্বত্বাধিকারী যে কোনো ব্যক্তির অনুকূলে উহার কপিরাইটের সম্পূর্ণ বা আংশিক, সাধারণভাবে বা শর্তসাপেক্ষে, কপিরাইটের পূর্ণ মেয়াদ বা আংশিক মেয়াদের জন্য, স্বত্ব নিয়োগ করিতে পারিবেন:
তবে শর্ত থাকে যে, ভবিষ্যৎ কর্মের কপিরাইটের স্বত্ব নিয়োগের ক্ষেত্রে, কর্মটি অস্তিত্বশীল হইবার পর উহার স্বত্বনিয়োগ কার্যকর হইবে এবং এইরূপ কোনো কর্ম সম্পাদন বা প্রকাশের মাধ্যমে বা পদ্ধতি উক্ত স্বত্ব নিয়োগের ক্ষেত্রে অন্তর্ভুক্ত হইবে না, যদি স্বত্ব নিয়োগ দলিলে উক্ত মাধ্যম বা পদ্ধতির কথা সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকে:
আরও শর্ত থাকে যে, চলচ্চিত্র বা নাটকে অন্তর্ভুক্ত সংগীত কর্মের প্রণেতা তাহার বৈধ উত্তরাধিকারী অথবা রয়্যালটি আদায় ও বিতরণে নিয়োজিত কপিরাইট সমিতি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বা নাটকের অবিচ্ছিন্ন অংশ হিসাবে প্রদর্শন ব্যতীত অন্যান্য ক্ষেত্রে উহার শব্দ-ধ্বনি নির্মাণের উদ্দেশ্যে রয়্যালটি পরিহার সংক্রান্ত কোনো স্বত্ব নিয়োগ করিবেন না।
(২) কপিরাইট স্বত্বাধিকারীর সুনির্দিষ্টভাবে কপিরাইটের যে স্বত বা স্বত্বের অংশ কোনো ব্যক্তির অনুকূলে প্রদান করিবেন তিনি কেবল সেই স্বত্ব বা স্বত্বের অধিকারী হইবেন এবং স্বত্ব প্রদানকারী নিজে যে অংশ বা পরিমাণ স্বত্ব প্রদান করেন নাই, তিনি নিজেই সেই স্বত্বের অধিকারী থাকিবন।
(৩) উপধারা (২) এর বিধান সাপেক্ষে, কোনো কর্মের কপিরাইটের স্বত্বাধিকারীর মৃত্যু হইলে, তাহার আইনানুগ উত্তরাধিকারী বা উত্তরাধিকারীগণ উক্ত কপিরাইটের স্বত্বাধিকারী হইবেন।
(৪) কোনো কপিরাইটের স্বত্বাধিকারী মৃত্যুর পূর্বে যদি তিনি কোনো কর্মের স্বত্ব আইনানুগভাবে সম্পাদিত কোনো উইল, দলিল বা দানপত্রের মাধ্যমে স্বত্ব নিয়োগ করিয়া থাকেন, তাহা হইলে উহার গ্রহীতা উক্তরূপ উইল, দলিল বা দানপত্রে উল্লিখিত পরিমাণ অধিকারের স্বত্বাধিকারী হইবেন।
(৫) কোনো কর্মের কপিরাইটের স্বত্বাধিকারীর মৃত্যুর পর তাহার আইনানুগ উত্তরাধিকারী এই ধারা অনুযায়ী স্বত্বের অধিকারী না থাকিলে বা তাহার সন্ধান পাওয়া না গেলে বোর্ড কর্তৃক উহার স্বত্ব নির্ধারিত হইবে।
(৬) কপিরাইট স্বত্ব নিয়োগ বা হস্তান্তর দলিল কপিরাইট অফিস কর্তৃক রেজিস্ট্রিকৃত হইতে হইবে।
১‘৭। স্বত্ব নিয়োগের শর্তাবলি
(১) কোনো কর্মের কপিরাইটের স্বত্ব নিয়োগ বৈধ হইবে না, যদি না উহা স্বত্ব প্রদানকারী বা তাহার নিকট হইতে যথাযথভাবে ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি দ্বারা স্বাক্ষরিত হয়।
(২) কোনো কর্মের কপিরাইটের স্বত্ব নিয়োগ অবশ্যই কর্মটিকে চিহ্নিত করিবে এবং স্বত্ব নিয়োগকৃত অধিকার, অধিকারের মেয়াদ এবং স্বত্ব নিয়োগের ভৌগোলিক পরিধি দলিলে উল্লেখ থাকিবে:
তবে শর্ত থাকে যে, যদি কোনো স্বত্ব নিয়োগের মেয়াদ উল্লেখ না থাকে সেইক্ষেত্রে স্বত্ব নিয়োগের তারিখ হইতে পরবর্তী ৫ (পাঁচ) বৎসরের জন্য উহা করা হইয়াছে বলিয়া গণ্য হইবে, এবং যদি স্বত্ব নিয়োগের ভৌগোলিক পরিধি উল্লেখ না থাকে, সেইক্ষেত্রে উহার পরিধি সমগ্র বাংলাদেশ বলিয়া গণ্য হইবে।
(৩) কোনো কর্মের কপিরাইটের স্বত্ব নিয়োগ দলিলে প্রণেতা অথবা তাহার উত্তরাধিকারীকে স্বত্ব নিয়োগ কার্যকর থাকাকালীন রয়্যালটি বা অগ্রিম রয়্যালটি বা প্রদেয় এককালীন অর্থের উল্লেখ থাকিবে এবং পারস্পরিক স্বীকৃত মতে স্বত্ব নিয়োগ পুনঃপরীক্ষণ, বর্ধিতকরণ বা বাতিলের ব্যবস্থা রাখা সাপেক্ষে হইবে।
(৪) যেক্ষেত্রে নিয়োগপ্রাপ্ত স্বত্বাধিকারী স্বত্ব নিয়োগের তারিখ হইতে ১ (এক) বৎসর উহা ব্যবহার না করেন, উক্ত অধিকারের স্বত্ব নিয়োগ উক্ত সময়সীমা উত্তীর্ণের পর, স্বত্ব নিয়োগ দলিলে ভিন্নরূপ কিছু না থাকিলে, তামাদি হইয়াছে বলিয়া গণ্য হইবে।
১৮। কপিরাইটের স্বত্ব নিয়োগ বিষয়ক বিরোধ নিষ্পত্তি
(১) যদি কপিরাইটের কোনো স্বত্বের অথবা স্বত্ব নিয়োগের বিষয়ে কোনো বিরোধের উদ্ভব হয়, তাহা হইলে বোর্ড, সংক্ষুব্ধ পক্ষের নিকট হইতে অভিযোগ প্রাপ্তির পর তৎকর্তৃক যথাযথ তদন্তপূর্বক স্বীয় বিবেচনায় উপযুক্ত আদেশ প্রদান করিতে পারিবে।
(২) যদি কোনো নিয়োগপ্রাপ্ত স্বত্বাধিকারী তাহার নিকট হস্তান্তরকৃত কোনো অধিকার ব্যবহার করিতে ব্যর্থ হন এবং উক্ত ব্যর্থতার জন্য স্বত্ব প্রদানকারীর কোনো কার্য বা কার্যহীনতা দায়ী না হয়, তাহা হইলে বোর্ড, স্বত্ব প্রদানকারীর নিকট হইতে প্রাপ্ত অভিযোগের প্রেক্ষিতে তৎকর্তৃক যথাযথ তদন্তের পর, উক্ত স্বত্ব নিয়োগ বাতিল করিতে পারিবে:
তবে শর্ত থাকে যে, বোর্ড উক্ত স্বত্বাধিকার বাতিল করিবার কোনো আদেশ প্রদান করিবে না, যদি না বোর্ড এই মর্মে সন্তুষ্ট হয় যে, স্বত্ব নিয়োগের শর্ত স্বত্ব প্রদানকারীর জন্য, যদি তিনি প্রণেতা হন, কঠোর হইয়াছে।
১৯। পান্ডুলিপির কপিরাইট উইলমূলে হস্তান্তর
কোনো ব্যক্তি কোনো কর্মের প্রণেতার মৃত্যুর পূর্বে অপ্রকাশিত কোনো কর্মের কোনো উইলমূলে পাণ্ডুলিপির অধিকারী হইলে, উইলে বা কডিসিলে (codicil) ভিন্নরূপ কোনো অভিপ্রায় প্রকাশ না পাইলে, মৃত্যুর অব্যবহিত পূর্বে উইলকারী উক্ত কর্মের যে পরিমাণ কপিরাইটের স্বত্বাধিকারী ছিলেন সেই পরিমাণ কপিরাইট উইলের অন্তর্ভুক্ত বলিয়া গণ্য হইবে।
২০। প্রণেতার কপিরাইট পরিত্যাগের অধিকার
(১) কোনো কর্মের প্রণেতা কপিরাইটে তাহার সকল বা যেকোনো স্বত্ব নির্ধারিত ফরমে কপিরাইট রেজিস্ট্রারের বরাবরে নোটিশ প্রদান করিয়া পরিত্যাগ করিতে পারিবেন এবং তৎপ্রেক্ষিতে উক্তরূপ স্বত্ব, নোটিশের তারিখ হইতে বিলুপ্ত হইবে:
তবে শর্ত থাকে যে, উক্তরূপ স্বত্ব পরিত্যাগের নোটিশ প্রদানের তারিখে উক্ত কর্মের উপর অন্য কোনো ব্যক্তির কোনো অধিকারকে প্রভাবিত করিবে না।
(২) উপধারা (১) এর নোটিশ প্রাপ্ত হইলে, রেজিস্ট্রার উহা সরকারি গেজেটে বা তাহার স্বীয় বিবেচনায় যথাযথ পদ্ধতিতে প্রকাশ করিবেন।
২১। মূল অনুলিপির পুনঃবিক্রয়ের ক্ষেত্রে উহার মূল্যের বণ্টন
(১) কোনো চিত্রকর্ম, ভাস্কর্য, রেখাচিত্র, নাটক, চলচ্চিত্র, সংগীত, সাহিত্য বা অন্য কোনো কর্মের মূল রচনা, প্রকাশনা বা পাণ্ডুলিপি পুনঃবিক্রয়ের ক্ষেত্রে উক্ত কর্মের প্রণেতা বা তাহার উত্তরাধিকারীগণ, সংশ্লিষ্ট কর্মের স্বত্ব নিয়োগ সত্ত্বেও, উক্ত কর্মের পুনঃবিক্রয় মূল্যের অংশ পাইবার অধিকারী হইবেন:
তবে শর্ত থাকে যে, কর্মটির কপিরাইটের মেয়াদ উত্তীর্ণ হইবার পর অনুরূপ অধিকার বিলুপ্ত হইবে।
(২) বোর্ড বিভিন্ন শ্রেণির কর্মের পুনঃবিক্রয় মূল্য বণ্টনের নিমিত্ত ভিন্ন ভিন্ন হার নির্ধারণ করিতে পারিবে:
তবে শর্ত থাকে যে, এইরূপ অংশ ২০ (বিশ) শতাংশের অধিক হইবে না।
(৩) এই ধারার অধীন কোনো কার্যক্রমের বিষয়ে কোনো বিরোধ উত্থাপিত হইলে উহা বোর্ডে প্রেরিত হইবে এবং উহাতে বোর্ডের সিদ্ধান্ত চূড়ান্ত বলিয়া গণ্য হইবে।