06 Mar 2026 +880 1886 456688
image

Laws & Rules

ঔষধ ও কসমেটিকস্ আইন, ২০২৩
Click here for Deep-Dive

ঔষধ ও কসমেটিকস্ আইন, ২০২৩

নবম অধ্যায় : পরিদর্শক নিয়োগ, ক্ষমতা, ইত্যাদি ( ২৯ )
৪৭। পরিদর্শক

(১) সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, যেরূপ উপযুক্ত মনে করিবে সেইরূপ সংখ্যক নির্ধারিত যোগ্যতাসম্পন্ন ব্যক্তিকে পরিদর্শক হিসাবে নিয়োগ করিতে পারিবে:

তবে শর্ত থাকে, কোনো ব্যক্তিকে পরিদর্শক হিসাবে নিয়োগ করা যাইবে না, যদি ঔষধ ও কসমেটিকস্ এর উৎপাদন, আমদানি, রপ্তানি, বিক্রয় বা বিপণনের সহিত তাহার আর্থিক স্বার্থের সংশ্লিষ্টতা থাকে।

(২) প্রত্যেক পরিদর্শক Penal Code (Act XLV of 1860) এর section 21 এ public servant (জনসেবক) অভিব্যক্তিটি যে অর্থে ব্যবহৃত হইয়াছে সেই অর্থে public servant (জনসেবক) বলিয়া গণ্য হইবেন।

৪৮। পরিদর্শকের ক্ষমতা

(১) ধারা ৪৭ এর উদ্দেশ্য পূরণকল্পে নির্ধারিত পদ্ধতিতে, প্রত্যেক পরিদর্শক, লাইসেন্সিং কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত স্থানীয় অধিক্ষেত্রে এবং, লাইসেন্সিং কর্তৃপক্ষের অনুমতিক্রমে উক্ত অধিক্ষেত্র ছাড়াও অন্য এলাকা বা অধিক্ষেত্রে,-

(ক) যে কোনো ঔষধ ও কসমেটিকস্ এর উৎপাদনের স্থান, উৎপাদনের প্ল্যান্ট এবং উৎপাদন সক্ষমতা, উৎপাদন প্রক্রিয়া, নির্ধারিত মান প্রমিতীকরণ এবং পরীক্ষা ও বিশ্লেষণের জন্য ব্যবহৃত উপকরণ এবং তৎসংশ্লিষ্ট রেকর্ড ও রেজিস্টার পরিদর্শন ও যাচাই করিতে পারিবেন;

(খ) ঔষধ ও কসমেটিকস্ উৎপাদনের জন্য আমদানিকৃত কাঁচামাল ও মোড়ক সামগ্রী এবং আমদানিকৃত ঔষধ ও কসমেটিকস্ এর সংরক্ষণাগার ও সংশ্লিষ্ট রেকর্ডপত্র পরিদর্শন করিতে পারিবেন;

(গ) যে কোনো ঔষধ ও কসমেটিকস্ বিক্রয়ের স্থান অথবা বিক্রয়ের উদ্দেশ্যে মজুতকরণ, প্রদর্শন বা বিতরণের স্থান ও মজুতকরণের ব্যবস্থা এবং সংশ্লিষ্ট রেকর্ড ও রেজিস্টার পরিদর্শন করিতে পারিবেন;

(ঘ) যে কোনো ঔষধ ও কসমেটিকস্ এর নমুনা, যাহা উৎপাদন, বিক্রয় বা মজুত অথবা বিক্রয়ের জন্য প্রদর্শন বা বিতরণ করা হইতেছে, তাহা সংগ্রহ করিতে পারিবেন;

(ঙ) কোনো ভবন বা স্থানে অথবা স্থল, জল বা আকাশপথের কোনো যানবাহনে এই আইন বা বিধি মোতাবেক কোনো অপরাধ সংঘটিত হইয়াছে, সংঘটিত হইতেছে বা সংঘটনের সম্ভাবনা রহিয়াছে মর্মে প্রতীয়মান হইলে, স্বয়ং বা, প্রয়োজনে, যথাযথ কর্তৃপক্ষ বা আইন শৃঙ্খলা বাহিনীর নিকট যেরূপ সহায়তা প্রয়োজন মনে করিবেন, সেইরূপ সহায়তা গ্রহণক্রমে সংশ্লিষ্ট ভবন, স্থান বা যানবাহনে যুক্তিসংগত সময়ে প্রবেশ ও তল্লাশি করিতে পারিবেন এবং সংশ্লিষ্ট ঔষধ, কসমেটিকস্ ও সংশ্লিষ্ট অন্যান্য সামগ্রী জব্দ বা আটক করিতে পারিবেন;

(চ) এই আইন বা বিধির অধীন তল্লাশি বা জব্দকালে এবং এই আইন বা বিধি মোতাবেক সংঘটিত অপরাধের তদন্তকালে নিকটবর্তী এলাকা হইতে যে কোনো ব্যক্তিকে সাক্ষী হিসাবে ঘটনাস্থলে উপস্থিত থাকিবার জন্য তলব করিতে পারিবেন;

(ছ) এই আইন বা বিধি মোতাবেক সংঘটিত অপরাধের বিষয়ে বিবৃতি, সহায়তা বা তথ্য প্রদানের জন্য, যুক্তিসংগত সময়ে যে কোনো ব্যক্তিকে উপযুক্ত স্থানে তাহার সম্মুখে উপস্থিত হইবার জন্য তলব করিতে পারিবেন:

তবে শর্ত থাকে, এই দফার অধীন উপস্থিতির জন্য তলবের ক্ষেত্রে Code of Civil Procedure, 1908 (Act No. V of 1908) এর section 132 এবং 133 এ উল্লিখিত অব্যাহতির বিধান প্রযোজ্য হইবে;

(জ) কোনো কারখানা, পরীক্ষাগার, দোকান, ফার্মেসী, ভবন, মজুতাগার বা গোডাউনে, যে স্থানে এই আইনের অধীন প্রয়োজনীয় লাইসেন্স গ্রহণ ব্যতিরেকে ঔষধ ও কসমেটিকস্ উৎপাদন, বিক্রয়, মজুত বা বিক্রয়ের জন্য প্রদর্শন বা বিতরণ করা হইতেছে অথবা যে স্থানে এই আইন বা বিধি মোতাবেক কোনো অপরাধ সংঘটিত হইয়াছে, সংঘটিত হইতেছে বা সংঘটনের সম্ভাবনা রহিয়াছে মর্মে প্রতীয়মান হইলে, সেই স্থান বা স্থানসমূহ তালাবদ্ধ ও সিলগালা করিতে পারিবেন;

(ঝ) কোনো উৎপাদন স্থান হইতে উক্ত স্থানের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে, যুক্তিসংগত সময়ের জন্য, অনূর্ধ্ব ৩(তিন) মাস, তাহার ঔষধ, কসমেটিকস্ এবং এতদসংশ্লিষ্ট অন্যান্য সামগ্রী অথবা এই আইন বা বিধির অধীন কোনো অপরাধ সংক্রান্ত সাক্ষ্য হিসাবে ব্যবহার হইতে পারে এইরূপ কোনো ঔষধ, কসমেটিকস্ বা জিনিসপত্র অপসারণ করিবার ক্ষেত্রে বিধি-নিষেধ আরোপ করিতে পারিবেন; এবং

(ঞ) এই আইন বা বিধির উদ্দেশ্য পূরণকল্পে, প্রাসঙ্গিক হইতে পারে এইরূপ সকল বা যে কোনো ক্ষমতা প্রয়োগ করিতে পারিবেন।

(২) উপধারা (১) এর অধীন পরিদর্শক কর্তৃক ক্ষমতা প্রয়োগকালে তাহাকে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বাধা প্রদান করিতে পারিবেন না।

(৩) এই আইনের অধীন পরিচালিত তল্লাশি, জব্দ এবং আটকের ক্ষেত্রে, ফৌজদারি কার্যবিধির সংশ্লিষ্ট বিধানাবলি, এই আইনের বিধানাবলির সহিত সামঞ্জস্যপূর্ণ হওয়া সাপেক্ষে, প্রযোজ্য হইবে।

৪৯। ঔষধ ও কসমেটিকস্ উৎপাদন, সংরক্ষণ, বিক্রয়, বিতরণ, ইত্যাদির স্থান উন্মুক্তকরণ

ঔষধ ও কসমেটিকস্ উপাদন, সংরক্ষণ, বিক্রয় ও বিতরণের স্থানের দায়িত্বপ্রাপ্ত প্রত্যেক ব্যক্তি, সংশ্লিষ্ট সময়ের জন্য পরিদর্শক কর্তৃক নির্দেশিত হইলে, উক্ত উৎপাদন, সংরক্ষণ, বিক্রয় বা বিতরণের স্থান পরিদর্শকের নিকট উন্মুক্ত করিতে বাধ্য থাকিবেন।

৫০। পরিদর্শক কর্তৃক অনুসরণীয় পদ্ধতি

(১) কোনো পরিদর্শক এই অধ্যায়ের অধীন কোনো ঔষধ, কসমেটিকস্ বা অন্যান্য সামগ্রী জব্দ করিলে যাহার নিকট হইতে উক্ত ঔষধ, কসমেটিকস্ বা অন্যান্য সামগ্রী জব্দ করা হইবে তাহাকে নির্ধারিত ফরম পূরণক্রমে উহার একটি অনুলিপি প্রদান করিবেন।

(২) কোনো পরিদর্শক পরীক্ষা ও বিশ্লেষণের উদ্দেশ্যে কোনো ফার্মেসী, দোকান বা প্রতিষ্ঠানের নিকট হইতে ঔষধ বা কসমেটিকস্ এর নমুনা সংগ্রহ করিলে তিনি সংশ্লিষ্ট ফার্মেসী, দোকান বা প্রতিষ্ঠানের যে ব্যক্তির নিকট হইতে উক্ত নমুনা সংগ্রহ করিবেন সেই ব্যক্তিকে, নির্ধারিত ফরম ও পদ্ধতিতে উক্ত উদ্দেশ্য সম্পর্কে অবহিত করিবেন এবং তাহার উপস্থিতিতে উক্ত নমুনাকে চারটি অংশে বিভক্ত করিয়া উহার প্রতিটি অংশে পরিদর্শক স্বয়ং স্বাক্ষর ও সিলমোহর এবং নমুনা প্রদানকারী ব্যক্তির স্বাক্ষর ও পরিচিতি প্রদান করিবেন

তবে শর্ত থাকে যে, নমুনা সংগ্রহের সময় নমুনা প্রদানকারী ব্যক্তি অনুপস্থিত বা পলাতক থাকিলে অথবা উপস্থিত থাকিয়াও নমুনা ও ফরমে স্বাক্ষর করিতে অস্বীকৃতি জ্ঞাপন করিলে, পরিদর্শক দুইজন সাক্ষীর উপস্থিতিতে স্বয়ং স্বাক্ষর প্রদানপূর্বক বিষয়টি নিশ্চিত ও সিলমোহরকৃত করিবেন;

আরও শর্ত থাকে যে, নমুনা সংগ্রহের সময় কোনো প্রতিষ্ঠান বন্ধ বা সিলগালা অবস্থায় থাকিলে পরিদর্শক উক্ত প্রতিষ্ঠান, সংশ্লিষ্ট নিকটবর্তী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা এতদসংশ্লিষ্ট বিভাগ বা কর্তৃপক্ষের সহায়তা গ্রহণপূর্বক, উন্মুক্ত করিয়া এই উপধারায় বর্ণিত পদ্ধতিতে নমুনা সংগ্রহ করিতে পারিবেন;

আরও শর্ত থাকে যে, পরিদর্শক প্রয়োজনবোধে, এই উপধারায় বর্ণিত পূর্ণাঙ্গ নমুনা উত্তোলনের পূর্বে প্রাথমিক পরীক্ষার উদ্দেশ্যে বর্ণিত নমুনার কিয়দংশ উত্তোলনপূর্বক অনুমোদিত বৈজ্ঞানিক পদ্ধতিতে পরীক্ষা ও বিশ্লেষণ করিতে পারিবেন।

(৩) কোনো ঔষধ বা কসমেটিকস্ এর নমুনা উৎপাদনকারী প্রতিষ্ঠান বা ডিপো হইতে সংগ্রহ করা হইলে সংগৃহীত নমুনাকে কেবল তিনটি অংশে বিভক্ত করিবার প্রয়োজন হইবে এবং সেইক্ষেত্রে উপধারা (৫) এর দফা (ক), (খ) এবং (ঘ) এ উল্লিখিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট প্রদান করিবেন।

(৪) কোনো পরিদর্শক পর্যাপ্ত পরিমাণে ঔষধ বা কসমেটিকস্ এর নমুনা সংগ্রহ করিতে ব্যর্থ হইলে এবং সংশ্লিষ্ট ঔষধ বা কসমেটিকস্ এর নমুনা সংগ্রহ করা একান্ত অপরিহার্য হইলে, উপ-ধারা (২) এবং (৩) এ উল্লিখিত বিভাজন ব্যতিরেকে, মহাপরিচালকের অনুমতি গ্রহণ সাপেক্ষে, যে পরিমাণ নমুনা সংগ্রহ করা সম্ভবপর সেই পরিমাণ নমুনা সংগ্রহ করিয়া চিহ্নিত এবং প্রয়োজনবোধে, সিলমোহরযুক্ত করিবেন।

(৫) পরিদর্শক, উপধারা (২) এর অধীন, ঔষধ বা কসমেটিকস্ এর নমুনা সংগ্রহ ও বিভাজনের পর উহার অংশসমূহ যে উদ্দেশ্যে বা কারণে নিম্নবর্ণিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট সরবরাহ করিবেন তাহা নিম্নরূপ, যথা-

(ক) প্রথম অংশ: নমুনা প্রদানকারী ব্যক্তির নিকট সংরক্ষণের উদ্দেশ্যে;

(খ) দ্বিতীয় অংশ: ড্রাগ অ্যানালিস্ট বা ক্ষেত্রমত, অ্যানালিস্টের নিকট পরীক্ষা ও বিশ্লেষণের উদ্দেশ্যে;

(গ) তৃতীয় অংশ: উৎপাদনকারী, আমদানিকারক, বাজারজাতকারী বা নিশ্চয়তা প্রদানকারীর (warrantor), যদি থাকে, নিকট প্রেরণের উদ্দেশ্যে;

(ঘ) চতুর্থ অংশ: বিচারাধীন আদালতে উপস্থাপনের উদ্দেশ্যে।

ব্যাখ্যা: এই অধ্যায়ের উদ্দেশ্য পূরণকল্পে ‘অন্যান্য সামগ্রী’ অর্থে রেজিস্টার, রসিদ বহি, চালান রসিদ এবং বিলসহ উৎপাদনে ব্যবহৃত সরঞ্জাম, যাহা অপরাধ সংঘটনের বিষয়ে সাক্ষ্য হিসাবে বিবেচিত হইতে পারে, অন্তর্ভুক্ত হইবে।

img