- ৪৫। কপিরাইটের স্বত্বাধিকারী কর্তৃক প্রদত্ত লাইসেন্স, ইত্যাদি
- ৪৬। কপিরাইটের বাধ্যতামূলক লাইসেন্স প্রদান
- ৪৭। অপ্রকাশিত বাংলাদেশি কর্মের বাধ্যতামূলক লাইসেন্স
- ৪৮। অনুবাদ বা অভিযোজন তৈরি ও প্রকাশের লাইসেন্স
- ৪৯। কতিপয় উদ্দেশ্যে কর্ম পুনরুৎপাদন এবং প্রকাশ করিবার লাইসেন্স
- ৫০। সাহিত্য, সংগীত, চলচ্চিত্র ও শব্দ-ধ্বনি রেকর্ডিং, ইত্যাদি সাংস্কৃতিক কর্মের সম্প্রচার লাইসেন্স
- ৫১। দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য বাধ্যতামূলক লাইসেন্স
- ৫২। লাইসেন্স বাতিলকরণ
দশম অধ্যায় : লাইসেন্স ( কপিরাইট’২৩ )
৪৫। কপিরাইটের স্বত্বাধিকারী কর্তৃক প্রদত্ত লাইসেন্স, ইত্যাদি
(১) কোনো বিদ্যমান কর্মের কপিরাইটের স্বত্বাধিকারী বা কোনো ভবিষ্যৎ কর্মের কপিরাইটের সম্ভাব্য স্বত্বাধিকারী তাহার বা তাহার নিকট হইতে যথাযথভাবে ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধির স্বাক্ষরিত লাইসেন্সের মাধ্যমে কপিরাইটের যে কোনো স্বত্ব প্রদান করিতে পারিবে :
তবে শর্ত থাকে যে, কোনো ভবিষ্যৎ কর্মের কপিরাইট সম্পর্কিত লাইসেন্সের ক্ষেত্রে, কর্মটি অস্তিত্বশীল হইবার পর লাইসেন্স কার্যকর হইবে।
ব্যাখ্যা।- কোনো ভবিষ্যৎ কর্মের কপিরাইটের লাইসেন্সপ্রাপ্ত ব্যক্তি কর্মটি অস্তিত্বশীল হইবার পূর্বে মৃত্যুবরণ করিলে, তাহার আইনানুগ প্রতিনিধি, লাইসেন্সে ভিন্নরূপ কিছু না থাকিলে, লাইসেন্সের সুবিধা ভোগ করিবার অধিকারী হইবেন।
(২) এই ধারার অধীন লাইসেন্স প্রদানের ক্ষেত্রে কপিরাইটের স্বত্ব নিয়োগ সংক্রান্ত ধারা ১৬ এর বিধানাবলি প্রয়োজনীয় অভিযোজন সহকারে প্রযোজ্য হইবে।
(৩) কপিরাইট সম্পর্কিত লাইসেন্সের বিষয়ে কোনো বিরোধ উত্থাপিত হইলে উহা ধারা ১৮ এর বিধান অনুযায়ী নিষ্পত্তি করিতে হইবে।
৪৬। কপিরাইটের বাধ্যতামূলক লাইসেন্স প্রদান
(১) প্রকাশিত বা সম্পাদিত কোনো বাংলাদেশি কর্ম, ক্ষেত্রমত, বিদেশি কর্মের কপিরাইটের মেয়াদের মধ্যে, নিম্নবর্ণিত ক্ষেত্রে, কোনো আবেদনের প্রেক্ষিতে, বিধি দ্বারা নির্ধারিত শর্ত ও পদ্ধতিতে, বোর্ড আবেদনকারীকে কর্মটি পুনঃপ্রকাশ বা সম্পাদন অথবা সম্প্রচার করিবার লাইসেন্স প্রদান করিতে পারিবে, যথা :-
(ক) কপিরাইটের স্বত্বাধিকারী কর্মটি পুনঃপ্রকাশ করিতে বা পুনঃপ্রকাশ করিবার অনুমতি প্রদান করিতে অস্বীকার করিয়াছেন অথবা কর্মটি জনসাধারণ্যে সম্পাদন করিবার অনুমতি প্রদান করিতে অস্বীকার করিয়াছেন এবং এইরূপ অস্বীকৃতির কারণে কর্মটি জনসাধারণ্যের নিকট বারিত রহিয়াছে; অথবা
(খ) উক্তরূপ কর্মের সম্প্রচার দ্বারা গণযোগাযোগের অনুমতি প্রদান করিতে অস্বীকার করিয়াছেন।
(২) উপধারা (১) এর অধীন আবেদন প্রাপ্তির পর বোর্ড, উক্ত কর্মের কপিরাইটের স্বত্বাধিকারীকে শুনানির যুক্তিসংগত সুযোগ প্রদান করিয়া যদি এই মর্মে সন্তষ্ট হয় যে, এইরূপ অস্বীকৃতি জনস্বার্থের অনুকূল নহে, বা এইরূপ অস্বীকৃতির কারণ যুক্তিসংগত নহে, তাহা হইলে বোর্ড আবেদনকারীকে কর্মটি পুনঃপ্রকাশ করিবার জন্য বা সাধারণ্যে সম্পাদন করিবার জন্য বা সম্প্রচার করিবার জন্য লাইসেন্স প্রদানের জন্য রেজিস্ট্রারকে নির্দেশ দিতে পারিবে, এবং কপিরাইটের স্বত্বাধিকারীকে যথাযথ ক্ষতিপূরণ প্রদানের আদেশ দিতে পারিবে।
(৩) উপধারা (১) এর অধীনে দুই বা ততোধিক ব্যক্তি আবেদন পেশ করিলে, বোর্ডের মতে, যে ব্যক্তি জনসাধারণের স্বার্থে সর্বাপেক্ষা ভাল কাজ করিবে, সেই আবেদনকারীকে লাইসেন্স প্রদানের নির্দেশ প্রদান করিবে।
(৪) উপধারা (২) এর অধীন লাইসেন্স প্রদানের নির্দেশ প্রদান করা হইলে, রেজিস্ট্রার, বোর্ডের নির্দেশাবলি অনুসারে, আবেদনকারীকে নির্ধারিত ফি পরিশোধের বিনিময়ে লাইসেন্স প্রদান করিবেন।
৪৭। অপ্রকাশিত বাংলাদেশি কর্মের বাধ্যতামূলক লাইসেন্স
বোর্ড, বিধি দ্বারা নির্ধারিত শর্ত ও পদ্ধতিতে, কোনো আবেদনকারীকে অপ্রকাশিত বাংলাদেশি কর্মের বাধ্যতামূলক লাইসেন্স প্রদান করিতে পারিবে।
৪৮। অনুবাদ বা অভিযোজন তৈরি ও প্রকাশের লাইসেন্স
বোর্ড, বিধি দ্বারা নির্ধারিত শর্ত ও পদ্ধতিতে, কোনো আবেদনকারীকে অনুবাদ বা অভিযোজন তৈরি ও প্রকাশের লাইসেন্স প্রদান করিতে পারিবে।
৪৯। কতিপয় উদ্দেশ্যে কর্ম পুনরুৎপাদন এবং প্রকাশ করিবার লাইসেন্স
বোর্ড, বিধি দ্বারা নির্ধারিত শর্ত ও পদ্ধতিতে, কোনো আবেদনকারীকে কোনো সাহিত্য, নাটক, সংগীত, চিত্রকলা অথবা তৎসংশ্লিষ্ট কোনো কর্ম বিক্রয়ের নিমিত্ত পুনরুৎপাদন ও প্রকাশের জন্য লাইসেন্স প্রদান করিতে পারিবে।
৫০। সাহিত্য, সংগীত, চলচ্চিত্র ও শব্দ-ধ্বনি রেকর্ডিং, ইত্যাদি সাংস্কৃতিক কর্মের সম্প্রচার লাইসেন্স
বোর্ড, বিধি দ্বারা নির্ধারিত শর্ত ও পদ্ধতিতে, প্রকাশিত কোনো সাহিত্য বা সংগীতকর্ম, চলচ্চিত্র ও শব্দ-ধ্বনি রেকর্ডিং- কে কোনো সম্প্রচার সংস্থাকে সাংস্কৃতিক কনটেন্ট সম্প্রচার, প্রদর্শন বা সম্পাদন করিবার লাইসেন্স প্রদান করিতে পারিবে।
৫১। দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য বাধ্যতামূলক লাইসেন্স
এই আইনের অন্যান্য বিধানে যাহা কিছুই থাকুক না কেন, বোর্ড দৃষ্টি প্রতিবন্ধীদের পাঠ ও ব্যবহার উপযোগী প্রকাশনার জন্য বাধ্যতামূলক লাইসেন্স ইস্যু করিতে পারিবে।
৫২। লাইসেন্স বাতিলকরণ
বোর্ড, বিধি দ্বারা নির্ধারিত শর্ত ও পদ্ধতিতে, এই আইনের অধীন প্রদত্ত লাইসেন্স বাতিল বা স্থগিত করিতে পারিবে।