- ৬৫। রয়্যালিটি নির্ধারণ
- ৬৬। কপিরাইট সমিতি কর্তৃক রয়্যালটি আদায়
- ৬৭। পাবলিক ডোমেইনভুক্ত যে কোনো কর্মের অধিগ্রহণ বা রয়্যালটি আরোপ
- ৬৮। লোকজ্ঞান ও লোকসংস্কৃতি বা, ক্ষেত্রমত, পাবলিক ডোমেইনভুক্ত কর্মের অনুমতি ব্যতিরেকে ব্যবহার
চতুর্দশ অধ্যায় : রয়্যালটি ( কপিরাইট’২৩ )
৬৫। রয়্যালিটি নির্ধারণ
বোর্ড কোনো কর্মের সম্পাদন, সম্প্রচার বা পরিবেশনের জন্য উক্ত কর্মের কপিরাইটের স্বত্বাধিকারী বা প্রণেতাকে পরিশোধের নিমিত্ত রয়্যালটি নির্ধারণ করিতে পারিবে:
তবে শর্ত থাকে যে, প্রণেতা বা ক্ষেত্রবিশেষে সম্পাদনকারী তাহার কর্মটি কোনো চুক্তির অধীনে অভিযোজন, সম্পাদন, পুনঃসম্পাদন বা পরিবেশনের জন্য চুক্তিতে উল্লিখিত পরিমাণের রয়্যালটি নির্ধারণ করিতে পারিবেন।
৬৬। কপিরাইট সমিতি কর্তৃক রয়্যালটি আদায়
(১) কোনো কপিরাইট সমিতি উহার সহিত নিবন্ধিত বা তালিকাভুক্ত কপিরাইটের স্বত্বাধিকারীর কোনো কর্ম, কোনো স্থির শব্দ-ধ্বনি বা দর্শনযোগ্য মাধ্যমে বা পুনঃআহরণযোগ্য অন্য কোনো মাধ্যমে পরিবেশন, প্রচার বা সম্প্রচারের জন্য সংশ্লিষ্ট পরিবেশন, প্রচার বা সম্প্রচার কিংবা পুনঃসম্প্রচার, স্ট্রিমিং (streaming), সাবসক্রিপশন (subscription), ডাউনলোড (download), ইত্যাদিতে নিয়োজিত ব্যক্তির নিকট হইতে নির্ধারিত রয়্যালটি আদায় করিতে পারিবে; তবে কপিরাইট সমিতি সক্রিয়ভাবে কার্যকর না থাকিলে, রয়্যালটি সংশ্লিষ্ট কর্মের প্রণেতা বা সম্পাদনকারী, ক্ষেত্র বিশেষে কপিরাইট অফিসের অনুকূলে পরিশোধ করিতে হইবে।
(২) কপিরাইট সমিতি উহার দায়িত্ব পালনের জন্য আদায়কৃত রয়্যালটি হইতে নির্ধারিত চার্জ সমিতির নামীয় হিসাবে জমা রাখিতে পারিবে এবং উক্তরূপ চার্জের বার্ষিক হিসাব কপিরাইট অফিসে দাখিল করিতে হইবে।
৬৭। পাবলিক ডোমেইনভুক্ত যে কোনো কর্মের অধিগ্রহণ বা রয়্যালটি আরোপ
(১) কোনো কর্মের কপিরাইটের মেয়াদ শেষ হইবার পরও সরকার, প্রয়োজনে, উহার উপর স্বত্ব আরোপ এবং পুনরুৎপাদন, পুনঃঅভিযোজন, ব্যবহার, পরিবেশন, সম্পাদন বা কোনো মাধ্যমে প্রচার বা সম্প্রচারের উপর রয়্যালটি আরোপ ও আদায় করিতে পারিবে।
(২) পাবলিক ডোমেইনভুক্ত কোনো কর্মের রয়্যালটি বাবদ অর্জিত অর্থ সরকার উক্ত কর্মের প্রসারের প্রণোদনা সৃষ্টি, গবেষণা ও সাংস্কৃতিক অবকাঠামো নির্মাণে ব্যয় করিবে :
তবে শর্ত থাকে যে, সরকার উক্তরূপ রয়্যালটি বাবদ অর্জিত অর্থের সমুদয় বা অংশবিশেষ কর্মটির প্রণেতা বা কপিরাইটের স্বত্বাধিকারীর উত্তরাধিকারীগণের মধ্যেও বণ্টন করিতে পারিবে।
৬৮। লোকজ্ঞান ও লোকসংস্কৃতি বা, ক্ষেত্রমত, পাবলিক ডোমেইনভুক্ত কর্মের অনুমতি ব্যতিরেকে ব্যবহার
লোকজ্ঞান ও লোকসংস্কৃতি বা, ক্ষেত্রমত, পাবলিক ডোমেইনভুক্ত কোনো কর্মের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মের কপিরাইটের স্বত্বাধিকারী অথবা সরকারকে কিংবা কপিরাইট সমিতির মাধ্যমে বা, ক্ষেত্রমত, কপিরাইট অফিসের মাধ্যমে রয়্যালটি পরিশোধ ব্যতিরেকে যদি উহার সম্পাদন বা সম্প্রচার করা হয়, তাহা হইলে উক্ত সম্প্রচার কপিরাইটের লঙ্ঘন মর্মে গণ্য হইবে, এবং এইরূপ লঙ্ঘিত সম্পাদন বা সম্প্রচার বাজেয়াপ্তযোগ্য হইবে।