দশম অধ্যায় : ড্রাগ অ্যানালিস্ট, ইত্যাদি ( ২৯ )
৫১। ড্রাগ অ্যানালিস্ট
সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, যেরূপ উপযুক্ত মনে করিবে সেইরূপ সংখ্যক নির্ধারিত যোগ্যতাসম্পন্ন ব্যক্তিকে যে কোনো শ্রেণির ঔষধের পরীক্ষা ও বিশ্লেষণের জন্য প্রজ্ঞাপনে উল্লিখিত স্থান বা অধিক্ষেত্রে ড্রাগ অ্যানালিস্ট হিসাবে নিয়োগ করিতে পারিবে।
৫২। ড্রাগ অ্যানালিস্টের প্রতিবেদন
(১) পরীক্ষা ও বিশ্লেষণের জন্য ধারা ৫০ এর উপধারা (৫) এর দফা (খ) মোতাবেক ড্রাগ অ্যানালিস্টের নিকট ঔষধের নমুনা প্রেরণ করা হইলে তিনি নির্ধারিত ফরমে প্রস্তুতকৃত প্রতিবেদনের তিনটি অনুলিপি স্বাক্ষরপূবর্ক সংশ্লিষ্ট পরিদর্শকের নিকট প্রেরণ করিবেন।
(২) উপধারা (১) এ বর্ণিত প্রতিবেদন প্রাপ্তির পর পরিদর্শক উক্ত প্রতিবেদনের একটি অনুলিপি নমুনা সম্পর্কিত যে কোনো মামলায় ব্যবহারের জন্য যথাস্থানে সংরক্ষণ করিবেন এবং অবশিষ্ট অনুলিপিসমূহ নমুনা প্রদানকারীর এবং উৎপাদনকারী, আমদানিকারক, বাজারজাতকারী বা নিশ্চয়তা প্রদানকারীর (warrantor), যদি থাকে, নিকট প্রেরণ করিবেন।
(৩) কোনো ব্যক্তি ড্রাগ অ্যানালিস্ট এর প্রতিবেদনের বিরুদ্ধে প্রমাণাদিসহ বিচারাধীন আদালতে আবেদন করিলে আদালত প্রয়োজনে উপধারা (২) এর অধীন পরিদর্শকের নিকট সংরক্ষিত নমুনা পুনরায় পরীক্ষা ও বিশ্লেষণের জন্য প্রেরণ করিতে পারিবে এবং ড্রাগ অ্যানালিস্ট উক্ত নমুনা জাতীয় নিয়ন্ত্রণ পরীক্ষাগার কর্তৃক পুনরায় পরীক্ষা ও বিশ্লেষণ করিয়া আদালতে প্রতিবেদন আকারে পেশ করিবেন।
(৪) উপধারা (৩) এর অধীন প্রাপ্ত প্রতিবেদন আদালতের নিকট চূড়ান্ত সাক্ষ্য হিসাবে বিবেচিত হইবে।
(৫) উপধারা (৩) এর অধীন জাতীয় নিয়ন্ত্রণ পরীক্ষাগার কর্তৃক পরীক্ষা ও বিশ্লেষণের খরচ, আদালতের নির্দেশ মোতাবেক, অভিযুক্ত ব্যক্তি কর্তৃক পরিশোধিত হইবে।
(৬) উপধারা (১) এর অধীন প্রাপ্ত প্রতিবেদন বিজ্ঞাপন হিসাবে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান ব্যবহার করিতে পারিবেন না।