পঞ্চম-ক অধ্যায় : অপরাধমূলক ষড়যন্ত্র ( ৫৫ )
১২০ক। অপরাধমূলক ষড়যন্ত্রের সংজ্ঞা
দুই বা ততোধিক ব্যক্তি যদি –
(১) একটি বেআইনী কাজ; অথবা
(২) যে কার্যটি বেআইনী নয় এমন একটি কার্য বেআইনী উপায়ে করার জন্য কিংবা কার্যটি যাতে সম্পন্ন হয় তজ্জন্য সম্মত বা একমত হয় তবে-অনুরূপ সম্মতি বা ঐকমত্যকে অপরাধমূলক ষড়যন্ত্র বলে,
তবে শর্ত থাকে যে, একটি অপরাধ সংঘটনের জন্য উপনীত সম্মতি ছাড়াই অপর কোনরূপ সম্মতি অপরাধমূলক ষড়যন্ত্র বলে পরিগণিত হবে না, যদি না উপযুক্ত সম্মতি অনুযায়ী সম্মতিটির সাথে জড়িত এক বা একাধিক ব্যক্তি দ্বারা সম্মতিটির বহির্ভূত কোন কার্য সম্পন্ন হয়।
ব্যাখ্যা (Explanation):-
বেআইনী কাজটিই অনুরূপ সম্মতি বা ঐকমত্যের চূড়ান্ত লক্ষ্য অথবা তা শুধু উদ্দিষ্ট লক্ষ্যের আনুষঙ্গিকমাত্র, তাতে কিছু যায় আসে না।
১২০খ। অপরাধমূলক ষড়যন্ত্রের শাস্তি
(১) কোন ব্যক্তি যদি মৃত্যুদণ্ড, যাবজীবন কারাদণ্ড অথবা দুই বৎসর বা তদূধর্ব মেয়াদের সশ্রম কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ সংঘটনের জন্য পরিকল্পিত অপরাধমূলক ষড়যন্ত্রে শরীক হয় এবং যদি এই বিধিতে অনুরূপ ষড়যন্ত্রের সাজা দানের জন্য কোন স্পষ্ট বিধান না থেকে থাকে, তবে-সেই ব্যক্তি অনুরূপ অপরাধ সংঘটনে সহায়তা করলে তাকে যেভাবে সাজা প্রদান করা হত এই ক্ষেত্রেও তাকে সেভাবে সাজাদান করা হবে।
(২) কোন ব্যক্তি যদি উপযুক্ত দণ্ডসমূহের দণ্ডনীয় অপরাধ সংঘটনের জন্য পরিকল্পিত অপরাধমূলক ষড়যন্ত্র ছাড়াই অপর কোনরূপ অপরাধমূলক ষড়যন্ত্রে শরীক হয় তবে-সেই ব্যক্তিকে অনধিক ছয় মাস পর্যন্ত যে কোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা যাবে অথবা অর্থ দণ্ডে দণ্ডিত করা যাবে অথবা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত করা যাবে।