- ১৭২। কোন সরকারী কর্মচারী কর্তৃক দেওয়া সমন প্রভৃতি এড়ানোর জন্য পলায়ন
- ১৭৩। সমন বা নোটিস জারি করিতে বা লটকাইয়া দিতে বাধা দেওয়া বা লটকানোর পর উহা অপসারণ করা বা কোন হুলিয়া জারি করিতে বাধা দেওয়া
- ১৭৪। কোন স্থানে ব্যক্তিগতভাবে বা প্রতিনিধি মারফত হাজির হওয়ার আইনসঙ্গত আদেশ অমান্য করা, বা বিনা অনুমতিতে সে স্থান ত্যাগ করা
- ১৭৫। কোন ব্যক্তি আইনতঃ বাধ্য হওয়া সত্বেও কোন সরকারী কর্মচারীর নিকট ইচ্ছাকৃতভাবে কোন দলিল পেশ না করা
- ১৭৬। কোন ব্যক্তি আইনতঃ বাধ্য হওয়া সত্ত্বেও ইচ্ছাকৃতভাবে সরকারী কর্মচারীকে নোটিস বা খবর না দেওয়া
- ১৭৭। সরকারী কর্মচারীকে জ্ঞাতসারে মিথ্যা খবর দেওয়া
- ১৭৮। সরকারী কর্মচারী কর্তৃক প্রয়োজনীয় শপথ গ্রহণ করিতে অস্বীকার করা
- ১৭৯। আইনতঃ সত্য বলিতে বাধ্য হওয়া সত্ত্বেও প্রশ্নের জবাব দিতে অস্বীকার করা
- ১৮০। আইনতঃ বাধ্য হওয়া সত্ত্বেও সরকারী কর্মচারীর নিকট দেওয়া বিবৃতি স্বাক্ষর করিতে অস্বীকার করা
- ১৮১। সরকারী কর্মচারীর নিকট শপথপূর্বক জ্ঞাতসারে সত্য বলিয়া মিথ্যা বিবৃতি দেওয়া
- ১৮২। কোন ব্যক্তির ক্ষতি বা বিরক্তির নিমিত্ত কোন সরকারী কর্মচারীর আইনসঙ্গত ক্ষমতা প্রয়োগের জন্য তাহাকে মিথ্যা খবর দেওয়া
- ১৮৩। সরকারী কর্মচারীর আইনসঙ্গত কর্তৃত্ববলে সম্পত্তি গ্রহণে বাধা দেওয়া
- ১৮৪। সরকারী কর্মচারীর কর্তৃত্ববলে বিক্রয়যোগ্য সম্পত্তি বিক্রয়ে বাধা দেওয়া
- ১৮৫।আইনতঃ অনুমোদিত নিলাম বিক্রয়ে আইনতঃ অপারগ ব্যক্তি কর্তৃক সম্পত্তির নিলাম ডাকা অথবা সংশ্লিষ্ট দায়িত্ব পালন না করিবার উদ্দেশ্য লইয়া নিলাম ডাকা
- ১৮৬। সরকারী কর্মচারীকে তাহার সরকারী কার্য সম্পাদনে বাধা দেওয়া
- ১৮৭। আইনতঃ বাধ্য হওয়া সত্ত্বেও সরকারী কর্মচারীকে সাহায্য না করা
- ১৮৮। সরকারী কর্মচারী কর্তৃক আইনসঙ্গতভাবে জারিকৃত কোন আদেশ অমান্য করা
- ১৮৯। সরকারী কর্মচারীকে ক্ষতিসাধনের হুমকি
- ১৯০। কোন ব্যক্তিকে ক্ষতি হইতে রক্ষা পাইবার উদ্দেশ্যে আইনসঙ্গত দরখাস্ত না করিতে বাধ্য করিবার জন্য হুমকি দেওয়া
: ( )
১৭২। কোন সরকারী কর্মচারী কর্তৃক দেওয়া সমন প্রভৃতি এড়ানোর জন্য পলায়ন
কোন ব্যক্তি যদি তার উপর কোন সমন, নোটিশ বা আদেশ জারী করার ক্ষমতাসম্পন্ন কোন সরকারী কর্মচারী কর্তৃক তার উপর অনুরূপ কোন সমন, নোটিশ বা আদেশ জারী এড়াবার উদ্দেশ্যে পলাতক হয় বা আত্মগোপন করে, তবে সে ব্যক্তি এক মাস পর্যন্ত যে কোন মেয়াদের সমশ্রম কারাদণ্ডে অথবা পাচশত টাকা পর্যন্ত যে কোন পরিমাণ অর্থ দণ্ডে, অথবা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত হবে; অথবা সমন বা নোটিশ বা আদেশ যদি স্বয়ং বা প্রতিনিধি মারফত উপস্থিত হওয়ার অথবা কোন আদালতে কোন দলিল পেশের নির্দেশমূলক হয়ে থাকে, তবে সে ব্যক্তি ছয় মাস পর্যন্ত যে কোন মেয়াদের বিনাশ্রম কারাদণ্ডে, অথবা এক হাজার টাকা পর্যন্ত যে কোন পরিমাণ অর্থ দণ্ডে, অথবা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত হবে।
১৭৩। সমন বা নোটিস জারি করিতে বা লটকাইয়া দিতে বাধা দেওয়া বা লটকানোর পর উহা অপসারণ করা বা কোন হুলিয়া জারি করিতে বাধা দেওয়া
কোন ব্যক্তি যদি ইচ্ছাপূর্বক তার বা অপর কোন ব্যক্তির উপর কোন সমন, নোটিশ বা আদেশ জারী করতে ক্ষমতাসম্পন্ন কোন সরকারী কর্মচারী কর্তৃক তার উপর বা অন্য কোন ব্যক্তির উপর অনুরূপ কোন সমন বা নোটিশ বা আদেশ জারি বন্ধ করে বা বাধার সৃষ্টি করে; অথবা ইচ্ছাপূর্বক অনুরূপ সমন, নোটিশ বা আদেশ কোন স্থানে আইনসম্মত ভাবে টানিয়ে বা লাগিয়ে দেওয়া বন্ধ করে বা বাধার সৃষ্টি করে, অথব ইচ্ছাপূর্বক যে স্থানে অনুরূপ সমন, নোটিশ বা আদেশ আইনসম্মতভাবে টানিয়ে বা লাগিয়ে দেওয়া হয়েছে সে স্থান হতে উহা অপসারিত করে। অথবা ইচ্ছাপূর্বক আইনসম্মতভাবে কোন ঘোষণা প্রচার বা প্রকাশ করার নির্দেশদানের আইনানুগ ক্ষমতাসম্পন্ন কোন সরকারী কর্মচারীর অনুমতানুসারে অনুরূপ কোন ঘোষণার আইনসম্মত প্রচার বা প্রকাশ বন্ধ করে বা বাধার সৃষ্টি করে, তবে সে ব্যক্তি এক মাস পর্যন্ত যে কোন মেয়াদের বিনাশ্রম কারাদণ্ডে, অথবা পাচশত টাকা পর্যন্ত যে কোন পরিমাণ অর্থ দণ্ডে অথবা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত হবে;
১৭৪। কোন স্থানে ব্যক্তিগতভাবে বা প্রতিনিধি মারফত হাজির হওয়ার আইনসঙ্গত আদেশ অমান্য করা, বা বিনা অনুমতিতে সে স্থান ত্যাগ করা
কোন ব্যক্তি সরকারী কর্মচারী হিসেবে আইনতঃ কোন সমন, বিজ্ঞপ্তি, আদেশ বা ঘোষণা জারি করার ক্ষমতাসম্পন্ন অনুরূপ সরকারী কর্মচারীর নিকট থেকে উদ্ভূত অনুরূপ সমন, বিজ্ঞপ্তি, আদেশ বা ঘোষণার আজ্ঞানুযায়ী স্বয়ং বা প্রতিনিধি মারফত কোন নির্দিষ্ট স্থানে এবং সময়ে হাজির হওয়ার জন্য আইনতঃ বাধ্য হওয়া সত্ত্বেও –
ইচ্ছাকৃত সে স্থানে ও সময়ে উপস্থিত না হয় অথবা যে স্থানে সে উপস্থিত থাকতে বাধ্য সে স্থান হতে যখন তার প্রস্থান করা আইনসম্মত হত তার আগেই প্রস্থান করে,
তবে সে ব্যক্তি এক মাস পর্যন্ত যে কোন মেয়াদের বিনাশ্রম কারাদণ্ডে, অথবা পাচশত টাকা পর্যন্ত যে কোন পরিমাণ অর্থ দণ্ডে অথবা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত হবে;
অথবা সমন, নোটিশ, আদেশ বা ঘোষণাটি যদি স্বয়ং বা প্রতিনিধি, মারফত কোন আদালতে উপস্থিত হওয়ার নির্দেশবাহী হয়ে থাকে, তবে সে ব্যক্তি ছয় মাস পর্যন্ত যে কোন মেয়াদের বিনাশ্রম কারাদণ্ডে অথবা এক হাজার টাকা পর্যন্ত যে কোন পরিমাণ অর্থ দণ্ডে অথবা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত হবে।
উদাহরণসমূহ – Illustrations
(ক) ক বাংলাদেশ সুপ্রীম কোর্ট হতে ইস্যুকৃত একটি নির্দেশ মোতাবেক উক্ত আদালতে উপস্থিত হতে আইনতঃ বাধ্য। কিন্তু সে ইচ্ছাকৃত আদালতে গরহাজির থাকে। ক এই ধারায় বর্ণিত অপরাধ করেছে।
(খ) ক-কে জনৈক জেলা জজ সাক্ষী হিসেবে উপস্থিত হওয়ার নির্দেশ দিয়ে সমন দিয়েছেন। ক এ সমন মোতাবেক সাক্ষী হিসেবে উক্ত জেলা জজের সম্মুখে উপস্থিত হতে আইনত: বাধ্য। কিন্তু ক ইচ্ছাকৃত গরহাজির থাকে। ক এই ধারায় বর্ণিত অপরাধ করেছে।
১৭৫। কোন ব্যক্তি আইনতঃ বাধ্য হওয়া সত্বেও কোন সরকারী কর্মচারীর নিকট ইচ্ছাকৃতভাবে কোন দলিল পেশ না করা
কোন ব্যক্তি যদি কোন সরকারী কর্মচারীর নিকট, তিনি সরকারী কর্মচারী বলেই, কোন দলিল দাখিল করতে বা হস্তান্তর করতে আইনতঃ বাধ্য হওয়া সত্ত্বেও ইচ্ছাকৃত তা দাখিল বা হস্তান্তর না করে, তবে সে ব্যক্তি এক মাস পর্যন্ত যে কোন মেয়াদের বিনাশ্রম কারাদণ্ডে অথবা পাচশত টাকা পর্যন্ত অর্থ অথবা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত হবে;
অথবা দলিলটি যদি কোন বিচারালয়ে দাখিল বা সমৰ্পিত হওয়ার নির্দেশ হয়ে থাকে, তবে সে ব্যক্তি ছয় মাস পর্যন্ত যে কোন মেয়াদের কারাদণ্ডে অথবা এক হাজার টাকা পর্যন্ত অর্থ অথবা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত হবে।
উদাহরণ
Illustration
ক কোন জেলা আদালতে একটি দলিল দাখিল করতে বাধ্য হওয়া সত্ত্বেও ইচ্ছাপূর্বক উহা দাখিল করে না। ক এই ধারায় বর্ণিত অপরাধ করেছে।
১৭৬। কোন ব্যক্তি আইনতঃ বাধ্য হওয়া সত্ত্বেও ইচ্ছাকৃতভাবে সরকারী কর্মচারীকে নোটিস বা খবর না দেওয়া
কোন ব্যক্তি যদি কোন সরকরী কর্মচারীর নিকট, তিনি সরকারী কর্মচারী বলেই কোন নোটিশ বা খবর দিতে আইনতঃ বাধ্য হওয়া সত্ত্বেও, আইনের নির্দেশিত পদ্ধতিতে ও সময়ে অনুরূপ নোটিশ বা খবর না দেয়, তবে সে ব্যক্তি এক মাস পর্যন্ত যে কোন মেয়াদের বিনাশ্রম কারাদণ্ডে বা পাচশত টাকা পর্যন্ত যে কোন পরিমাণ অর্থ দণ্ডে, অথবা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত হবে;
অথবা আবশ্যকীয় নোটিশ বা তথ্যটি যদি কোন অপরাধের সংঘটন বিষয়ক হয় বা কোন অপরাধের সংঘটন নিরোধের জন্য আবশ্যকীয় হয় বা কোন অপরাধীকে গ্রেফতার করার জন্য আবশ্যকীয় হয়, তবে সে ব্যক্তি ছয় মাস পর্যন্ত যেকোন মেয়াদের বিনাশ্রম কারাদণ্ডে অথবা এক হাজার টাকা পর্যন্ত যে কোন পরিমাণ অর্থ দণ্ডে অথবা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত হবে;
অথবা সংশ্লিষ্ট নোটিশ বা খবরটি যদি ১৮৯৮ সালের ফৌজদারী কার্যবিধির ৫৬৫ ধারার (১) উপধারামতে প্রদত্ত কোন আদেশ অনুযায়ী আবশ্যকীয় হয়ে থাকে, তবে সে ব্যক্তি ছয় মাস পর্যন্ত যেকোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে অথবা এক হাজার টাকা পর্যন্ত যে কোন পরিমাণ অর্থ দণ্ডে অথবা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত হবে।
১৭৭। সরকারী কর্মচারীকে জ্ঞাতসারে মিথ্যা খবর দেওয়া
কোন তথ্য দিতে আইনত: বাধ্য হয়ে, সে বিষয়টির উপর সত্য বলে এমন কোন তথ্য পরিবেশন করে যা মিথ্যা বলে সে জানে বা যা মিথ্যা বলে বিশ্বাস করার তার কারণ রয়েছে, তবে সে ব্যক্তি ছয় মাস পর্যন্ত যে কোন মেয়াদের বিনাশ্রম কারাদণ্ডে অথবা এক হাজার টাকা পর্যন্ত যে কোন পরিমাণ অর্থ দণ্ডে অথবা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত হবে;
অথবা উক্ত ব্যক্তি যে তথ্য দিতে আইনত: বাধ্য, তা যদি কোন অপরাধের সংঘটন বিষয়ক হয়, বা কোন অপরাধের সংঘটন নিরোধের জন্য আবশ্যকীয় হয়, বা কোন অপরাধীকে গ্রেফতার করার জন্য আবশ্যকীয় হয়, তবে সে ব্যক্তি দুই বৎসর পর্যন্ত যে কোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে, অথবা অর্থ দণ্ডে অথবা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত হবে।
উদাহরণসমূহ -
Illustrations
(ক) ক জনৈক জমিদার। সে জানে যে, তার জমিদারীর এলাকার মধ্যে একটি খুনের অপরাধ অনুষ্ঠিত হয়েছে। কিন্তু সে জেলার ম্যাজিস্ট্রেটকে ইচ্ছাপূর্বক এইরূপ ভ্রান্ত খবর দেয় যে, সৰ্প দংশনের ফলে দুর্ঘটনা-ক্রমেই মৃত্যুটি অনুষ্ঠিত হয়েছে। ক এই ধারায় বর্ণিত অপরাধে অপরাধী হবে।
(খ) ক জনৈক গ্রাম্য চৌকিদার। সে জানে যে, বড় একদল অপরিচিত ব্যক্তি তার গ্রামের মধ্য দিয়ে পাশ্ববর্তী গ্রামের ধনী বাসিন্দা চ-এর বাড়িতে ডাকাতি করতে গিয়েছে। ক বৰ্তমানে কার্যকর কোন আইন অনুযায়ী অবিলম্বে ও যথাসময়ে নিকটতম থানার কর্মকর্তাকে এই খবর দিতে বাধ্য, কিন্তু সে ইচ্ছাপূর্বক থানার কর্মকর্তাকে এই বলে ভুল খবর দেয় যে, একদল সন্দেহভাজন চরিত্রের ব্যক্তি তার গ্রামের মধ্য দিয়ে ভিন্ন দিকে এক দুরবর্তী স্থানে ডাকাতি করতে গিয়েছে। এই ক্ষেত্রে ক এই ধারার শেষাংশে বর্ণিত অপরাধে অপরাধী হবে।
ব্যাখ্যা (Explanation): ১৭৬ ধারায় ও এই ধারায় অপরাধ’ কথাটি বলতে বাংলাদেশের মধ্যে অনুষ্ঠিত হলে যে কাজ নিম্নোক্ত ধারাসমূহে যে কোনটি অনুযায়ী দণ্ডনীয় হত, দেশের বাইরে যে কোন স্থানে অনুরূপ কোন কাজ অনুষ্ঠিত হলে তার বুঝাবে যথাঃ ৩০২, ৩০৪, ৩৮২, ৩৯২, ৩৯৩, ৩৯৪, ৩৯৫, ৩৯৬, ৩৯৭, ৩৯৮, ৩৯৯, ৪০২, ৪৩৫, ৪৩৬, ৪৪৯, ৪৫০, ৪৫৭, ৪৫৮, ৪৫৯ ও ৪৬০ ধারা; এবং অপরাধী বলতে অনুরূপ যে কোন কার্যের জন্য অপরাধী বলে অভিযুক্ত যে কোন ব্যক্তিকেও বুঝাবে।
১৭৮। সরকারী কর্মচারী কর্তৃক প্রয়োজনীয় শপথ গ্রহণ করিতে অস্বীকার করা
কোন ব্যক্তি যদি আইনানুগভাবে ক্ষমতাসম্পন্ন কোন সরকারী কর্মচারী কর্তৃক সত্য বলার শপথ বা অঙ্গীকারে আবদ্ধ হওয়ার জন্য নির্দেশিত হওয়ার পর অনুরূপ আবদ্ধ হতে অস্বীকার করে, তবে সে ব্যক্তি ছয় মাস পর্যন্ত যেকোন মেয়াদের বিনাশ্রম কারাদণ্ডে, অথবা এক হাজার টাকা পর্যন্ত যে কোন পরিমাণ জরিমানা দণ্ডে, অথবা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত হবে।
১৭৯। আইনতঃ সত্য বলিতে বাধ্য হওয়া সত্ত্বেও প্রশ্নের জবাব দিতে অস্বীকার করা
যদি কোন সরকারী কর্মচারীর কাছে কোন বিষয়ে সত্য বিবরণ দিতে আইনত: বাধ্য হওয়া সত্ত্বেও অনুরূপ সরকারী কর্মচারী তার সরকারী কর্মচারীর আইনানুগ ক্ষমতাবলে তার কাছে অনুরূপ বিষয় বিষয়ক কোন প্রশ্নের জবাব দাবী করার পর উহার জবাব দিতে অস্বীকার করে, তবে সে ব্যক্তি ছয় মাস পর্যন্ত যেকোন মেয়াদের বিনাশ্রম কারাদণ্ডে, অথবা এক হাজার টাকা পর্যন্ত যে কোন পরিমাণ অর্থ দণ্ডে অথবা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত হবে।
১৮০। আইনতঃ বাধ্য হওয়া সত্ত্বেও সরকারী কর্মচারীর নিকট দেওয়া বিবৃতি স্বাক্ষর করিতে অস্বীকার করা
যদি কোন ব্যক্তি যদি তাকে তার প্রদত্ত বিবৃতিতে স্বাক্ষর দান করার নির্দেশ দেওয়ার আইনানুগ স্বাক্ষর ক্ষমতাসম্পন্ন সরকারী কর্মচারী কর্তৃক অনুরূপ বিবৃতিতে স্বাক্ষরদান করতে নির্দেশিত হওয়ার পর স্বাক্ষরদানে অস্বীকৃত হয়, তবে সে ব্যক্তি তিন মাস পর্যন্ত যেকোন মেয়াদের বিনাশ্রম কারাদণ্ডে, অথবা পাচশত টাকা পর্যন্ত যেকোন পরিমাণ অর্থ দণ্ডে অথবা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত হবে।
১৮১। সরকারী কর্মচারীর নিকট শপথপূর্বক জ্ঞাতসারে সত্য বলিয়া মিথ্যা বিবৃতি দেওয়া
কোন ব্যক্তি যদি কোন বিষয়ে তার শপথ বা অঙ্গীকার গ্রহণের আইনানুগ ক্ষমতাপ্রাপ্ত কোন সরকারী কর্মচারীর বা অন্য কোন ব্যক্তির কাছে বিবৃতি দিতে আইনত: বাধ্য হয়েও শপথ বা অঙ্গীকার গ্ৰহণাত্তর উক্ত বিষয় সম্পর্কে উক্ত সরকারী কর্মচারী বা অনুরূপ ব্যক্তির কাছে এমন কোন বিবরণ বা বিবৃতি প্রদান করে, যা মিথ্যা এবং যা সত্য বলে সে বিশ্বাস করে না, তবে সে ব্যক্তি তিন বৎসর পর্যন্ত যে কোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে এবং তদুপরি অর্থদণ্ডেও দণ্ডিত হবে।
১৮২। কোন ব্যক্তির ক্ষতি বা বিরক্তির নিমিত্ত কোন সরকারী কর্মচারীর আইনসঙ্গত ক্ষমতা প্রয়োগের জন্য তাহাকে মিথ্যা খবর দেওয়া
কোন ব্যক্তি যদি কোন সরকারী কর্মচারীর কাছে এমন কোন খবর দেয়, যা মিথ্যা বলে সে জানে অথবা যা মিথ্যা বলে সে বিশ্বাস করে, এবং অনুরূপ সরকারী কর্মচারীকে নিম্নরূপ কাজ করতে প্রবৃত্ত করার উদ্দেশ্যেই অথবা অনুরূপ সরকারী কর্মচারী নিম্নরূপ কাজ করতে প্রবৃত্ত হতে পারে জেনেই তা করে
(ক) যে বিষয়ে খবর দেওয়া হয়েছে, সে বিষয়ে প্রকৃত তথ্য জানা থাকলে উক্ত সরকারী কর্মচারীর যা করা অথবা না করা উচিত হত না তা করতে প্রবৃত্ত করা, কিংবা
(খ) কারো পক্ষে ক্ষতিকর বা বিরক্তিকরভাবে অনুরূপ সরকারী কর্মচারীর আইনসঙ্গত ক্ষমতা প্রয়োগ করতে প্রবৃত্ত করা, তবে সে ব্যক্তি ছয় মাস পর্যন্ত যেকোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে, অথবা এক হাজার টাকা পর্যন্ত যেকোন পরিমাণ অর্থ দণ্ডে অথবা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত হবে।
উদাহরণসমূহ – Illustrations
(ক) ক জনৈক ম্যাজিস্ট্রেটকে জানায় যে, উক্ত ম্যাজিস্ট্রেটের আওতায় পুলিশ কর্মকর্তা চ কৰ্তব্যে অবহেলার বা অসদাচরণের জন্য অপরাধী। ক জানে যে, এই তথ্যটি মিথ্যা এবং ক ইহার জানে যে, এই মিথ্যা খবর দেওয়ার ফলে সম্ভবতঃ উক্ত ম্যাজিস্ট্রেট চ-কে বরখাস্ত করবেন। ক এই ধারায় বর্ণিত অপরাধ করেছে।
(খ) ক জনৈক সরকারী কর্মচারীকে এই মর্মে মিথ্যা সংবাদ দেয় যে, চ কোন গোপন স্থানে বেআইনী লবণ লুকিয়েছে। ক জানে যে, সংবাদটি মিথ্যা এবং ক ইহার জানে যে, সরকারী কর্মচারীকে এই মিথ্যা সংবাদ দেওয়ার ফলে চ-এর গৃহাঙ্গনে তল্লাশি হবে এবং চ-এর বিরক্তি উৎপাদন করা হবে । ক এই ধারায় বর্ণিত অপরাধ করেছে।
(গ) ক জনৈক পুলিশের ব্যক্তিকে কোন বিশেষ গ্রামের পাশে সে প্রহৃত ও লুষ্ঠিত হয়েছে বলে মির্থ্যা সংবাদ দেয়। সে তার আক্রমণকারী হিসেবে কোন ব্যক্তির নামোলেখ করে না; কিন্তু সে জানে যে, তার এই মিথ্যা সংবাদ দেওয়ার ফলে পুলিশ তদন্ত করতে ও গ্রামে তল্লাশি চালাতে পারে এবং তাতে গ্রামবাসীদের সকলের বা কারো বিরক্তি উৎপাদন করা হবে । ক এই ধারামতে একটি অপরাধ করেছে।
১৮৩। সরকারী কর্মচারীর আইনসঙ্গত কর্তৃত্ববলে সম্পত্তি গ্রহণে বাধা দেওয়া
কোন ব্যক্তি যদি কোন সরকারী কর্মচারীর আইনসম্মত ক্ষমতাবলে কোন সম্পত্তি দখলে বাধাদান করে এবং উক্ত সরকারী কর্মচারী অনুরূপ সরকারী কর্মচারী বলে সে জানে বা সেরূপ বিশ্বাস করার তার কোন কারণ থাকে, তবে সে ব্যক্তি ছয় মাস পর্যন্ত যে কোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদেণ্ড অথবা এক হাজার টাকা পর্যন্ত যে কোন পরিমাণ অর্থ দণ্ডে অথবা উভয় দণ্ডেই দণ্ডিত হবে।
১৮৪। সরকারী কর্মচারীর কর্তৃত্ববলে বিক্রয়যোগ্য সম্পত্তি বিক্রয়ে বাধা দেওয়া
সরকারী কর্মচারী কর্তৃক সরকারী কর্মচারী হিসেবে আইনসম্মত ক্ষমতাবলে নিলামে বিক্রয়ের জন্য উপস্থাপিত সম্পত্তি বিক্রয়ে কোন ব্যক্তি যদি ইচ্ছাপূর্বক বাধাদান করে, তবে সে ব্যক্তি এক মাস পর্যন্ত যে কোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে, অথবা পাচশত টাকা পর্যন্ত যে কোন পরিমাণ অর্থ দণ্ডে অথবা উভয় দণ্ডেই দণ্ডিত হবে।
১৮৫।আইনতঃ অনুমোদিত নিলাম বিক্রয়ে আইনতঃ অপারগ ব্যক্তি কর্তৃক সম্পত্তির নিলাম ডাকা অথবা সংশ্লিষ্ট দায়িত্ব পালন না করিবার উদ্দেশ্য লইয়া নিলাম ডাকা
কোন সরকারী কর্মচারী কর্তৃক সরকারী কর্মচারী হিসেবে তাঁর আইনসম্মত ক্ষমতানুসারে কোন সম্পত্তির নিলাম বিক্রয়ে যদি এমন কোন ব্যক্তি তার নিজের বা অন্য কোন ব্যক্তির নামে উক্ত সম্পত্তি ক্রয় করে বা ক্রয় করার জন্য নিলাম ডাকে, সে জানে যে, সে ব্যক্তি উক্ত নিলামে সে সম্পত্তি ক্রয় করতে আইনের দিক হতে অপারগ, অথবা নিলাম ডাকার ফলে সে যে বাধ্যবাধকতায় আবদ্ধ হবে, তা পূরণ করবে না বলে মনস্থ করে নিলাম ডাকে, তবে সে ব্যক্তি একমাস পর্যন্ত যে কোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে, অথবা দুইশত টাকা পর্যন্ত যে কোন পরিমাণ অর্থ দণ্ডে অথবা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত হবে।
অথবা সমন, নোটিশ, আদেশ বা ঘোষণাটি যদি স্বয়ং বা প্রতিনিধি মারফত উপস্থিত হওয়ার কিংবা কোন আদালতে কোন দলিল পেশের নির্দেশমূলক হয়ে থাকে, তবে সে ব্যক্তি ছয় মাস পর্যন্ত যে কোন মেয়াদের বিনাশ্রম কারাদণ্ডে, অথবা এক হাজার টাকা পর্যন্ত যে কোন পরিমাণ অর্থ দণ্ডে, অথবা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত হবে।
১৮৬। সরকারী কর্মচারীকে তাহার সরকারী কার্য সম্পাদনে বাধা দেওয়া
কোন ব্যক্তি যদি কোন সরকারী কর্মচারীদের সরকারী কার্যাবলী সম্পাদনে ইচ্ছাপূর্বক বাধাদান করে, তবে সে ব্যক্তি তিন মাস পর্যন্ত যেকোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে অথবা পাচশত টাকা পর্যন্ত যেকোন পরিমাণ অর্থ দণ্ডে অথবা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত হবে।
১৮৭। আইনতঃ বাধ্য হওয়া সত্ত্বেও সরকারী কর্মচারীকে সাহায্য না করা
কোন ব্যক্তি যদি কোন সরকারী কর্মচারীকে তাঁর সরকারী কর্তব্য সম্পাদনে সহায়তা করতে বা সহায়তা সংগ্রহ করে দিতে আইনতঃ বাধ্য হওয়া সত্ত্বেও অনুরূপ সহায়তা দিতে ইচ্ছাপূর্বক অন্যথা করে, তবে সে ব্যক্তি একমাস পর্যন্ত যেকোন মেয়াদের বিনাশ্রম কারাদণ্ডে অথবা দুইশত টাকা পর্যন্ত যেকোন পরিমাণ অর্থ দণ্ডে অথবা উভয় দণ্ডেই দণ্ডিত হবে;
এবং অনুরূপ সহায়তা যদি কোন আদালত হতে আইনসম্মতভাবে দেওয়া সমনাদি বলবৎ করার জন্য অথবা কোন অপরাধের সংঘটন নিবারণের জন্য, অথবা কোন দাঙ্গা বা কলহ দমনের জন্য অথবা কোন অপরাধে বা আইনসম্মত আটক হতে পলায়নের দায়ে অভিযুক্ত বা অপরাধী ব্যক্তিকে গ্রেফতার করার জন্য সহায়তা দাবি করতে আইনসম্মতভাবে ক্ষমতাসম্পন্ন কোন সরকারী কর্মচারী দাবি করে থাকেন, তবে সে ব্যক্তি ছয় মাস অর্থ দণ্ডে অথবা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত হবে।
১৮৮। সরকারী কর্মচারী কর্তৃক আইনসঙ্গতভাবে জারিকৃত কোন আদেশ অমান্য করা
কোন ব্যক্তি যদি কোন আদেশ জারী করতে বিধিসঙ্গতভাবে ক্ষমতাপ্রাপ্ত কোন সরকারী কর্মচারী কর্তৃক জারীকৃত আদেশে তাকে কোন বিশেষ কাজ হতে বিরত থাকার অথবা তার দখলাধীন বা পরিচালনাধীন কোন সম্পত্তি সম্পর্কে কোন বিশেষ ব্যবস্থা গ্রহণের নির্দেশদান করা হয়েছে জানা সত্ত্বেও অনুরূপ নির্দেশ অমান্য করে, তবে, যদি অনুরূপ অবাধ্যতার ফলে আইনসম্মতভাবে নিযুক্ত কোন ব্যক্তির বিঘ্ন হয়, বিরক্তি উৎপাদিত হয় বা ক্ষতি সাধিত হয় অথবা, বিঘ্ন, বিরক্তি বা ক্ষতির অনুষ্ঠিত হওয়ার আশঙ্কা দেখা দেয় তবে সে ব্যক্তি এক মাস পর্যন্ত যেকোন মেয়াদের বিনাশ্রম কারাদণ্ডে, অথবা দুইশত টাকা পর্যন্ত যেকোন পরিমাণ অর্থ দণ্ডে অথবা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত হবে। এবং যদি অনুরূপ অবাধ্যতার ফলে মানবদেহ, স্বাস্থ্য বা নিরাপত্তার প্রতি বিপদ অনুষ্ঠিত হয় কিংবা অনুরূপ বিপদ অনুষ্ঠিত হওয়ার আশঙ্কা দেখা দেয় অথবা কোন দাঙ্গা বা কলহ অনুষ্ঠিত হওয়ার আশঙ্কা দেখা দেয়, তবে সে ব্যক্তি ছয় মাস পর্যন্ত যেকোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে, অথবা এক হাজার টাকা পর্যন্ত যে কোন পরিমাণ অর্থ দণ্ডে অথবা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত হবে।
ব্যাখ্যা (Explanation):- অপরাধী কর্তৃক কোনরূপ ক্ষতিসাধনের ইচ্ছা পোষণ বা তার অবাধ্যতা কর্তৃক ক্ষতিসাধনের আশঙ্কা সৃষ্টির অভিসন্ধি থাকা আবশ্যিক নয়। যে আদেশ অমান্য করে তৎসম্পর্কে তার অবহিতি এবং তার অবাধ্যতা থেকে ক্ষতিসাধন বা ক্ষতিসাধনের আশঙ্কা সৃষ্টিই যথেষ্ট বলে পরিগণিত হবে।
উদাহরণ
Illustration
কোন আদেশ জারী করতে আিইনসম্মতভাবে ক্ষমতাসম্পন্ন জনৈক সরকারী কর্মচারী অনরূপ আদেশ জারী করে নির্দেশ দেয় যে, একটি ধর্মীয় শোভাযাত্রা বা মিছিল কোন বিশেষ রাস্তা দিয়ে যাবে না। ক জ্ঞাতসারে এই আদেশ অমান্য করে এবং তদ্বারা দাঙ্গার সম্ভাবনা সৃষ্টি করে। ক এই ধারায় বর্ণিত অপরাধ করেছে।
১৮৯। সরকারী কর্মচারীকে ক্ষতিসাধনের হুমকি
কোন সরকারী কর্মচারী হিসেবে তার সরকারী কর্তব্য সম্পাদনের সাথে সংশ্লিষ্ট কোন কাজ করতে প্রবৃত্ত করার উদ্দেশ্যে অথবা কোন কাজ করা হতে বিরত হওয়ার বা করতে বিলম্ব করার জন্য বাধ্য করার উদ্দেশ্যে, কোন ব্যক্তি যদি উক্ত সরকারী কর্মচারীকে অথবা অন্য যে কোন ব্যক্তির সাথে উক্ত সরকারী কর্মচারীর স্বার্থসংশ্লিষ্ট, সে অন্য ব্যক্তিকে ক্ষতিসাধনের হুমকি প্রদর্শন করে, তবে সে ব্যক্তি দুই বৎসর পর্যন্ত যেকোন মেয়াদের সশ্রম কারাদণ্ডে অথবা অর্থ দণ্ডে অথবা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত হবে।
১৯০। কোন ব্যক্তিকে ক্ষতি হইতে রক্ষা পাইবার উদ্দেশ্যে আইনসঙ্গত দরখাস্ত না করিতে বাধ্য করিবার জন্য হুমকি দেওয়া
কোন ব্যক্তি যদি কাউকে ক্ষতির হুমকি হতে আশ্রয় লাভের ব্যবস্থা করতে বা করাইত আইনসম্মত ক্ষমতাপ্রাপ্ত সরকারী কর্মচারীর কাছে আশ্রয়ের আবেদন করা হতে বিরত করার উদ্দেশ্যে তাকে অনুরূপ ক্ষতিসাধনের হুমকি প্রদর্শন করে, তবে সে ব্যক্তি এক বৎসর পর্যন্ত যেকোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে, অথবা অর্থ দণ্ডে, অথবা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত হবে।