- ৫০৩। অপরাধ ভীতিপ্রদর্শন
- ৫০৪। শাস্তিভঙ্গের জন্য উত্তেজনা সৃষ্টির উদ্দেশ্যে ইচ্ছাকৃত অপমান
- ৫০৫। জনগণের অনিষ্ট সাধনে সহায়ক বিবৃতিসমূহ
- ৫০৬। অপরাধমূলক ভীতি প্রদর্শনের শাস্তি
- ৫০৭। বেনামী চিঠিপত্রের সাহায্যে অপরাধমূলক ভীতিপ্রদর্শন
- ৫০৮। কোন ব্যক্তিকে সে দৈব আক্রোশ কবলিত হইবে বলিয়া বিশ্বাস করিবার জন্য প্ররোচিত করিয়া কোন কার্য সম্পাদন করা
- ৫০৯। কোন নারীর শালীনতার অমর্যাদার অভিপ্রায়ে কোন মন্তব্য, অঙ্গভঙ্গি বা কোন কার্য
- ৫১০। প্রকাশ্যে মাতাল ব্যক্তির অশোভন আচরণ
: ( )
৫০৩। অপরাধ ভীতিপ্রদর্শন
কোন ব্যক্তি যদি অপর কোন ব্যক্তিকে তার দেহের খ্যাতির বা সম্পত্তির অথবা সে ব্যক্তি যার সাথে স্বার্থ সংশ্লিষ্ট এমন কোন লোকের দেহের বা খ্যাতির ক্ষতি বা হানি করার ভীতি প্রদর্শন করে এবং সে ব্যক্তির ভয় সরকারের উদ্দেশ্যে অথবা সে ব্যক্তিকে হুমকি হতে বাঁচার জন্য সে আইনতঃ যা করতে বাধ্য নয়, তাকে তা করতে বাধ্য করায়, অথবা সে আইনত যা করার ক্ষমতা সম্পন্ন, তাকে তা করা হতে বিরত থাকতে বাধ্য করার উদ্দেশ্যে অনুরূপ ভীতি প্রদর্শন করে, তবে সে ব্যক্তি অপরাধমূলক ভীতি প্রদর্শন করে।
ব্যাখ্যা (Explanation):- ভীতি প্রদর্শিত ব্যক্তির স্বার্থ নিহিত আছে এমন কোন মৃত ব্যক্তির সুনাম নষ্ট করার ভীতি প্রদর্শন এই ধারার আওতাধীন হবে।
উদাহরণ
Illustration
ক খ-কে একটি দেওয়ানী মামলা পরিচালনা করা হতে বিরত করার জন্য খ-এর বাড়ি পুড়ে ফেলার ভীতি প্রদর্শন করে, ক অপরাধমূলক ভীতি প্রদর্শনের দায়ে অপরাধী হবে।
৫০৪। শাস্তিভঙ্গের জন্য উত্তেজনা সৃষ্টির উদ্দেশ্যে ইচ্ছাকৃত অপমান
কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে অন্য কোন ব্যক্তিকে অপমান করে এবং তদ্বারা তাকে উস্কানি দান করে এবং অনুরূপ উস্কানির ফলে যাতে সে ব্যক্তি শান্তিভঙ্গ বা অপর কোন অপরাধ করে, তদুদ্দেশ্যে কিংবা অনুরূপ উস্কানির ফলে সে ব্যক্তি শান্তিভঙ্গ করতে পারে বা অপর কোন অপরাধ করতে পারে বলে জানা সত্ত্বেও যদি তা করে, তবে সে ব্যক্তি দুই বৎসর পর্যন্ত যেকোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে অথবা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত হবে।
৫০৫। জনগণের অনিষ্ট সাধনে সহায়ক বিবৃতিসমূহ
কোন ব্যক্তি যদি কোন বিবৃতি, গুজন বা রিপোর্ট প্রণয়ন করে, প্রকাশ করে বা বিতরণ করে-
(ক) বাংলাদেশের সেনাবাহিনীর, নৌবাহিনীর বা বিমানবাহিনীর কোন অফিসার, সৈনিক, নাবিক বা বৈমানিককে বিদ্রোহ করার বা অপর কোনভাবে তার কর্তব্যে অবহেলা করার জন্য প্রবৃত্ত করার অভিপ্রায়ে বা এইরূপ ঘটতে পারে জানা সত্ত্বেও এইরূপ অভিপ্রায়ে; অথবা
(খ) জনসাধারণের বা জনসাধারণের শ্রেণীবিশেষের মধ্যে এমন আতঙ্ক সৃষ্টি করার অভিপ্রায়ে যার ফলে কেউ রাষ্ট্রের বিরুদ্ধে বা শান্তি বিরুদ্ধ কোন অপরাধ অনুষ্ঠানে প্রবৃত্ত হয়; অথবা
(গ) কোন জনসম্প্রদায় বা জনশ্রেণীবিশেষকে উত্তেজিত করে অপর কোন জনসম্প্রদায় বা জনশ্রেণীবিশেষের বিরুদ্ধে কোন অপরাধ অনুষ্ঠানে প্রবৃত্ত করার অভিপ্ৰায়ে বা অনুরূপ প্রবৃত্ত হতে পারে বলে জানা সত্ত্বেও এরূপ অভিপ্ৰায়ে; অথবা
(ঘ) বিভিন্ন ব্যক্তি সমাজ, শ্রেণী বা সম্প্রদায়ের ব্যক্তিদের মধ্যে শক্রতার অনুভূতি, ঘৃণা বা বিদ্বেষ সৃষ্টি বা বাড়ার অভিপ্ৰায়ে বা সৃষ্টি বা বাড়াতে পারে উহার অভিপ্ৰায়ে, তবে সে ব্যক্তি সাত বৎসর পর্যন্ত যে কোন মেয়াদের কারাদণ্ডে অথবা অর্থ দণ্ডে অথবা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত হবে।
ব্যতিক্রম (Exception)- কোন ব্যক্তি যদি অনুরূপ বিবৃতি, গুজব বা রিপোর্ট প্রণয়ন বা প্রকাশ বা বিতরণকালে অনুরূপ বিবৃতি, গুজব বা রিপোর্ট সত্য বলে তার বিশ্বাস করার যুক্তিসঙ্গত কারণ থাকে এবং উপরোক্তরূপ কোন অভিপ্রায় ছাড়া তা প্রণয়ন, প্রকাশ বা বিতরণ করে, তবে তা এই ধারা অনুসারে অপরাধ বলে পরিগণিত হবে না।
৫০৬। অপরাধমূলক ভীতি প্রদর্শনের শাস্তি
কোন ব্যক্তি যদি অপরাধমূলক ভীতি প্রদর্শনের অপরাধ করে, তবে সে ব্যক্তি দুই বৎসর পর্যন্ত যে কোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে অথবা অর্থ দণ্ডে অথবা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত হবে;
মৃত্যু অথবা গুরুতর আঘাত ইত্যাদির ভীতি প্রদর্শন করা (In threat be to cause death or grievous hurt, etc.):-
এবং যদি হুমকিটি মৃত্যু বা গুরুতর আঘাত ঘটাবার অথবা অগ্নি সংযোগে কোন সম্পত্তি ধ্বংস করার কিংবা মৃত্যুদণ্ডে বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় কোন অপরাধ অনুষ্ঠানের অথবা সাত বৎসর পর্যন্ত যেকোন মেয়াদের কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ অনুষ্ঠানের অথবা কোন স্ত্রীলোকের সতীত্ব নষ্ট হয়েছে বলে দুর্নাম আরোপের হুমকি হয়, তবে সে ব্যক্তি সাত বৎসর পর্যন্ত যেকোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে অথবা অর্থ দণ্ডে অথবা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত হবে।
৫০৭। বেনামী চিঠিপত্রের সাহায্যে অপরাধমূলক ভীতিপ্রদর্শন
কোন ব্যক্তি যদি বেনামী চিঠিপত্রযোগে বা বেনামীভাবে সংযোগ সাধন করে, অথবা যার নিকট থেকে ভীতি প্রদর্শন করা হল, তার নাম বা ঠিকানা গোপন রাখার জন্য সর্তকর্তা অবলম্বন করে অপরাধমূলক ভীতি প্রদর্শনের অপরাধ সংঘটন করে, তবে সে ব্যক্তি অপরাধটির জন্য পূর্ববর্তী সর্বশেষ ধারায় বিহিত সাজার অতিরিক্ত দুই বৎসর পর্যন্ত যেকোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে।
৫০৮। কোন ব্যক্তিকে সে দৈব আক্রোশ কবলিত হইবে বলিয়া বিশ্বাস করিবার জন্য প্ররোচিত করিয়া কোন কার্য সম্পাদন করা
কোন ব্যক্তি যদি কাউকে এইরূপ বিশ্বাস করায় যে, সে যে কাজটি করতে আইনতঃ বাধ্য নয়, সে কাজটি যদি সে না করে কিংবা সে যে কাজ করতে আইনতঃ বাধ্য সে কাজটি করা হতে যদি সে বিরত না হয়, তবে প্রথমোক্ত ব্যক্তি স্বীয় কোন কাজ কর্তৃক তাকে বা সে যার সাথে স্বার্থসংশ্লিষ্ট, এমন অপর কাউকে বিধাতার রোষভাজন করবে এবং ইচ্ছাপূর্বক এইরূপ বিশ্বাস সৃষ্টি করে তাকে দিয়ে উদিষ্ট কাজটি করায় বা করা হতে বিরত রাখে অথবা করানোর বা করা হতে বিরত রাখার উদ্যোগ করে, তবে সে ব্যক্তি এক বৎসর পর্যন্ত যে কোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে অথবা অর্থ দণ্ডে অথবা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত হবে।
উদাহরণসমূহ – Illustrations
(ক) ক চ-এর দরজায় ধর্ণা দিয়ে বসে এবং তার এইরূপ বসার উদ্দেশ্য চ বিধাতার রোষে পড়বে বলে বিশ্বস সৃষ্টি করা। ক এই ধারায় উল্লেখিত অপরাধ করেছে বলে পরিগণিত হবে।
(খ) ক চ-কে এই বলে ভয় দেখায় যে, চ যদি কোন একটা বিশেষ কার্য না করে, তবে ক তার নিজের সন্তানদের একজনকে এমন অবস্থায় হত্যা করবে যে, তার ফলে চ বিধাতার রোষভাজন হবে। ক এই ধারায় অপরাধ সংঘটন করেছে বলে পরিগণিত হবে।
৫০৯। কোন নারীর শালীনতার অমর্যাদার অভিপ্রায়ে কোন মন্তব্য, অঙ্গভঙ্গি বা কোন কার্য
কোন ব্যক্তি যদি কোন নারীর শীলতাহানির উদ্দেশ্যে সে নারী যাতে শুনতে পায় এমন কোন কথা বলে বা শব্দ করে অথবা সে নারী যাতে দেখতে পায় এমন ভাবে কোন অঙ্গভঙ্গি করে বা কোন বস্তু প্রদর্শন করে অথবা অনুরূপ নারীর গোপনীয়তা অনধিকার লঙ্ঘন করে, তবে সে ব্যক্তি এক বৎসর পর্যন্ত যেকোন মেয়াদের বিনাশ্ৰম কারাদণ্ডে অথবা অর্থ দণ্ডে, অথবা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত হবে।
৫১০। প্রকাশ্যে মাতাল ব্যক্তির অশোভন আচরণ
কোন ব্যক্তি যদি নেশাগ্রস্ত অবস্থায় কোন প্রকাশ্য স্থানে গমন করে, বা যে স্থানে প্রবেশ করা তার পক্ষে অনধিকার প্রবেশ, সে স্থানে প্রবেশ করে এবং সে স্থানে এমন আচরণ করে, যার ফলে কারো বিরক্তি ঘটে, তবে সে ব্যক্তি চব্বিশ ঘন্টা পর্যন্ত যেকোন মেয়াদের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে অথবা দশ টাকা পর্যন্ত যেকোন পরিমাণ অর্থ দণ্ডে দণ্ডিত হবে, অথবা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত হবে ।