02 Mar 2026 +880 1886 456688
image

Laws & Rules

দন্ডবিধি, ১৮৬০
Click here for Deep-Dive

দন্ডবিধি, ১৮৬০

: ( )
১৯১। মিথ্যা সাক্ষ্যদান

কোন ব্যক্তি যদি কোন শপথক্রমে বা আইনে কোন প্রকাশ্য বিধান অনুযায়ী সত্য বলতে আইনত: বাধ্য হওয়া সত্ত্বেও, অথবা কোন বিষয়ে একটি ঘোষণা প্রদান করতে আইনানুসারে বাধ্য হওয়া সত্ত্বেও, এমন কোন উক্তি করে বা বিবৃতি দান করে যা মিথ্যা, এবং যা হয় সে মিথ্যা বলে জানে, না হয় সে মিথ্যা বলে বিশ্বাস করে অথবা যা সে সত্য বলে বিশ্বাস করে না, তবে উক্ত ব্যক্তি মিথ্যা সাক্ষ্য দান করে বলে পরিগণিত হয়।

ব্যাখ্যা (Explanation) ১:-  কোন উক্তি বা বিবৃতি মৌখিকভাবে অথবা অপর যেভাবেই করা হোক না কেন, এই ধারার অর্থানুসারে তা উক্তি বা বিবৃতি বলে বিবেচিত।

ব্যাখ্যা (Explanation) ২:- সত্যতা নিরূপণকারী ব্যক্তির বিশ্বাস বিষয়ক মিথ্যা উক্তি এই ধারার অর্থে অন্তর্ভুক্ত। কোন ব্যক্তি যা বিশ্বাস করে না, তা সে বিশ্বাস করে বলে এবং যা সে জানে বলে উক্তি করলে সে ব্যক্তি মিথ্যা সাক্ষ্য দানের জন্য অপরাধী হবে।

উদাহরণসমূহ – Illustrations

(ক) চ-এর বিরুদ্ধে খ-এর এক হাজার টাকার একটি ন্যায্য দাবি রয়েছে। খ-এর এই যথার্থ দাবির সমর্থনে ক এক মামলায় মিথ্যা শপথ গ্রহণ করে বলে যে, সে চ-কে খএর দাবির ন্যায্যতা স্বীকার করতে শুনিয়াছে । ক মিথ্যা সাক্ষ্যদান করল ।

(খ) ক একটি শপথ অনুযায়ী সত্য বলতে আইনত: বাধ্য হয়ে কোন একটি স্বাক্ষর চ-এর হস্তলিপি সে বিশ্বাস করে বলে উক্ত করে, কিন্তু স্বাক্ষরটি চ-এর হস্তলিপি বলে সে প্রকৃত প্রস্তাবে বিশ্বাস করে না। এখানে ক এমন উক্তি করল যা সে মিথ্যা বলে জানে। কাজেই ক মিথ্যা সাক্ষ্যদান করল।

(গ) ক, চ-এর হস্তলিপির সাধারণ প্রকৃতি সম্পর্কে অবহিত থেকে কোন একটি স্বাক্ষর চ-এর হস্তলিপি বলে উক্তি করে, ক সরল অন্তকরণেই বিশ্বাস করে যে, স্বাক্ষরটি চ-এরই হস্তলিপি। এখানে ক-এর উক্তিটি কেবল তার বিশ্বাস বিষয়ক এবং তার বিশ্বাস সম্পর্কে সত্য। কাজেই যদিও স্বাক্ষরটি বস্তুতঃ চ-এর হস্তাক্ষর না হয়, তথাপি ক মিথ্যা সাক্ষ্যদান করে নাই ।

(ঘ) ক একটি শপথ অনুযায়ী সত্য বলতে আইনত: বাধ্য হয়ে কোন একটি বিশেষ তারিখে একটি বিশেষ স্থানে চ ছিল বলে সে জানে বলে উক্তি করে, যদিও প্রকৃত প্রস্তাবে বিষয়টি সম্পর্কে সে কিছুই জানে না। চ উক্ত তারিখে উক্ত স্থানে থেকে থাকুক আর নাই থাকুক, ক মিথ্যা সাক্ষ্যদান করল।

(ঙ) ক জনৈক দোভাষী বা অনুবাদক। সে একটি শপথমূলে সঠিকভাবে অনুবাদ করতে বা দোভাষীর কার্য করতে আইনত: বাধ্য। এমতাবস্থায় সে কোন উক্তি বা বিবৃতি কিংবা দলিলের তরজমা বা অনুবাদকে সঠিক বলে সনাক্ত করে। কিন্তু উক্ত তরজমা বা অনুবাদ সঠিক নয় এবং সে উহা সটিক বলে বিশ্বাস করে না। ক মিথ্যা সাক্ষ্যদান করেছে ।

১৯২। মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন করা

কোন ব্যক্তি যদি কোন অবস্থার অস্তিত্ব সৃষ্টি বা উদ্ভাবন করে, অথবা কোন বইতে বা রেকর্ডে মিথ্যা কথা লিপিবদ্ধ করে অথবা মিথ্যা বিবরণ সাক্ষ্য হিসেবে কোন বিচারবিভাগীয় কার্যক্রমে অথবা কোন সালিসের সম্মুখে উত্থাপন করার উদ্দেশ্যেই যদি তা করা হয়ে থাকে এবং অনুরূপ অবস্থা বা মিথ্যা দলিল বা মিথ্যা বিবৃতি যদি এমন প্রকৃতির হয় যে, উক্ত কার্যক্রমে যিনি সাক্ষ্যের উপর ভিত্তি করে তার মতামত গঠন করবেন, তিনি উক্ত অবস্থা বা মিথ্যা দলিল বা মিথ্যা বিবৃতিজনিত সাক্ষ্যে প্রভাবিত হয়ে অনুরূপ কার্যক্রমের সাথে গুরুত্বপূর্ণভাবে জড়িত কোন বিষয় সম্পর্কে ভুল ধারণা বা মত পোষণ করবেন, তবে সে ব্যক্তি মিথ্যা সাক্ষ্য তৈরি করেছে বলে পরিগণিত হয়।

উদাহরণসমূহ – Illustrations

(ক) ক চ-এর বাক্সে কয়েকটি মুক্তা রেখে দেয়। সে চ-এর বাক্সে মুক্তাগুলি এই উদ্দেশ্যেই রেখে দেয়, যেন মুক্তাগুলি সম্পর্কে তল্লাশি করতে গিয়ে সেগুলি চ-এর বাক্সেই পাওয়া যায় এবং ইহার ফলে উদ্ভুত অবস্থাটির পরিপ্রেক্ষিতে চ চুরির অপরাধে দণ্ডিত হয়। ক মিথ্যা সাক্ষ্য তৈরি করেছে।

(খ) ক তার দোকানের খাতায় একটি মিথ্যা কথা লিপিবদ্ধ করে। কোন আদালতে সমর্থক সাক্ষ্য হিসেবে ব্যবহারের জন্যই ক এইরূপ মিথ্যা কথা লিপিবদ্ধ করে । ক মিথ্যা সাক্ষ্য তৈরি করেছে।

(গ) চ-কে একটি অপরাধজনক চক্রান্তে বা ষড়যন্ত্ৰে দণ্ডিত করানোর উদ্দেশ্যে ক চএর হস্তলিপি অনুকরণ করে উক্ত চক্রান্তের কোন সাহায্যকারীকে সম্বোধন করে একটি চিঠি লেখে এবং যে স্থানে পুলিশ কর্মকর্তাদের তলাশী চালাবার আশঙ্কা রয়েছে, এমন কোন স্থানে উহা রেখে দেয়। ক মিথ্যা সাক্ষ্য তৈরি করেছে।

১৯৩। মিথ্যা সাক্ষ্য দেওয়ার শাস্তি

কোন ব্যক্তি যদি কোন বিচার বিভাগীয় কার্যক্রমের যে কোন পর্যায়ে ইচ্ছাপূর্বক মিথ্যা সাক্ষাদান ব্যবহার করার জন্য ইচ্ছাপূর্বক মিথ্যা সাক্ষ্য তৈরি করে, তবে সে ব্যক্তি সাত বৎসর পর্যন্ত যে কোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে এবং এতদ্ব্যতীত তাকে অর্থদণ্ডেও দণ্ডিত করা যাবে;

এবং কোন ব্যক্তি যদি অপর কোন ক্ষেত্রে ইচ্ছাপূর্বক মিথ্যা সাক্ষ্য দান করে বা তৈরি করে, তবে সে ব্যক্তি তিন বৎসর পর্যন্ত যে কোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে এবং তাকে অর্থদণ্ডেও দণ্ডিত করা যাবে।

ব্যাখ্যা (Explanation) ১:- সামরিক আদালত (Court-martial) সংঘটিত বিচারও একটি বিচার বিভাগীয় কার্যক্রম।

ব্যাখ্যা (Explanation) ২:- কোন আদালতের কোন কার্যক্রম শুরু হওয়ার পূর্বে আইনের নির্দেশানুগ প্রারম্ভিক তদন্ত ও বিচারবিভাগীয় কার্যক্রমের একটি পর্যায় যদিও সে তদন্ত কোন আদালতে সংঘটিত নাও হতে পারে।

উদাহরণ

Illustration

চ-কে বিচারের জন্য সোপর্দ করা উচিত কিনা, তা নির্ণয়ের জন্য জনৈক ম্যাজিস্ট্রেটের সম্মুখে সম্পাদিত একটি তদন্তে ক শপথ গ্রহণান্তর এমন একটি বিবৃতি দান করে, যা সে মিথ্যা বলে জানে। যেহেতু এই তদন্তটি একটি বিচার বিভাগীয় কার্যক্রমেরই একটি পর্যায়, সেহেতু ক মিথ্যা সাক্ষ্য প্রদান করেছে বলে পরিগণিত হবে।

ব্যাখ্যা (Explanation) ৩:- কোন আদালত দ্বারা আইনানুসারে নির্দেশিত এবং কোন আদালতের ক্ষমতানুসারে পরিচালিত কোন তদন্ত বিচারবিভাগীয় কার্যক্রমের একটি পর্যায় যদিও সে তদন্ত কোন আদালতে সংঘটিত নাও হতে পারে।

উদাহরণ

Illustration

জমির সীমানা অকুস্থলে নির্ণয়কল্পে কোন আদালত দ্বারা প্রেরিত কর্মচারীর বা অফিসারের সম্মুখে সম্পাদিত তদন্তে ক শপথ গ্রহণান্তর এমন একটি বিবৃতি দান করে, যা সে মিথ্যা বলে জানে। যেহেতু উক্ত তদন্তটি একটি বিচারবিভাগীয় কার্যক্রমেরই একটি পর্যায়, সেহেতু ক মিথ্যা সাক্ষ্য প্রদান করেছে বলে অভিহিত হবে।

১৯৪। কোন লোককে মৃত্যুদন্ডে দণ্ডনীয় অপরাধে দন্ডিত করার উদ্দেশ্যে মিথ্যা সাক্ষ্য দেওয়া বা সৃষ্টি করা

কোন ব্যক্তি যদি মিথ্যা সনাক্ষ্যদান করে বা তৈরি করে এবং তদ্বারা কাউকে বর্তমানে বলবৎ কোন আইনবলে মৃত্যুদণ্ডে দণ্ডনীয় কোন অপরাধে দণ্ডিত করানোর উদ্দেশ্যেই তা করে থাকে কিংবা তার এইরূপ মিথ্যা সাক্ষ্য দান বা তৈরি করার ফলে কাউকে মৃত্যুদণ্ডে দণ্ডনীয় অপরাধে দণ্ডিত করা হতে পারে জেনেই যদিও তা করে থাকে, তবে সে ব্যক্তি যাবজ্জীবন কারাদণ্ডে অথবা দশ বৎসর পর্যন্ত যে কোন মেয়াদের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে; তাকে অর্থদণ্ডেও দণ্ডিত করা হবে।

যদি তার ফলে কোন নির্দোষ ব্যক্তি মৃত্যুদণ্ডে সাজাপ্রাপ্ত হয় এবং সাজা বলবৎ হয় (If innocent person be thereby convicted and executed):-

যদি অনুরূপ মিথ্যা সাক্ষ্যের ফলে কোন নির্দোষ ব্যক্তি সাজাপ্রাপ্ত হয় ও সাজা বলবৎ হয়, তবে যে ব্যক্তি অনুরূপ মিথ্যা সাক্ষাদান করেছে, সে ব্যক্তি হয় মৃত্যুদণ্ডে, না হয় এই ধরায় ইতোপূর্বে বর্ণিত সাজায় সাজাপ্রাপ্ত হবে।

১৯৫। যাবজ্জীবন কারাদণ্ড বা সাত বৎসর বা ততোধিক মেয়াদের কারাদন্ডে দণ্ডনীয় অপরাধে দন্ডিত করার উদ্দেশ্যে মিথ্যা সাক্ষ দেওয়া বা সৃষ্টি করা

কোন ব্যক্তি যদি বর্তমানে বলবৎ কোন আইনবলে মৃত্যুদণ্ডে দণ্ডনীয় নয়, কিন্তু যাবজীবন কিংবা সাত বৎসর বা তদূর্ধ্ব মেয়াদের কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধে অন্য কোন ব্যক্তিকে দণ্ডিত করানোর উদ্দেশ্যে অথবা উক্ত অন্য কোন ব্যক্তি অনুরূপ অপরাধে দণ্ডিত হতে পারে জানা সত্ত্বেও মিথ্যা সাক্ষ্য তৈরি করে, তবে সে ব্যক্তি পূর্বোলিখিত অপরাধে কোন ব্যক্তি অপরাধী সাব্যস্ত হলে তাকে যে দণ্ডে দণ্ডিত করা যেত, সে দণ্ডে দণ্ডিত হবে।

উদাহরণ

Illustration

মিথ্যা সাক্ষ্য কর্তৃক চ-কে ডাকাতির দায়ে দণ্ডিত করার মানসে ক আদালডে মিথ্যা সাক্ষ্য দান করে। ডাকাতির সাজা হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড অথবা অর্থদণ্ডসহ বা অর্থদণ্ড ছাড়া দশ বৎসর পর্যন্ত যে কোন মেয়াদের সশ্রম কারাদণ্ড । সুতরাং ক যাবজীবন কারাদণ্ডে বা অর্থদণ্ডসহ বা ছাড়া কারাদণ্ডে দণ্ডিত হবে।

১৯৬। বিচার বিষয়ক কার্যক্রমে মিথ্যা বা বানোয়াট বলিয়া জ্ঞাত বিষয় সাক্ষ্য হিসাবে ব্যবহার করা

কোন ব্যক্তি যদি কোন সাক্ষ্য মিথ্যা বা বানোয়াট বলে জানা সত্ত্বেও দুনীতিমূলকভাবে উহাকে সত্য, বা খাটি সাক্ষ্য হিসেবে ব্যবহার করে বা করার চেষ্টা করে, তবে সে ব্যক্তি স্বয়ং মিথ্যা সাক্ষ্যদান বা মিথ্যা সাক্ষ্য তৈরি করলে সে যেভাবে দণ্ডিত হত, এক্ষেত্রেও সেভাবেই দণ্ডিত হবে।

১৯৭। মিথ্যা সার্টিফিকেট দান করা বা উহাতে স্বাক্ষর করা

কোন ব্যক্তি যদি আইনের নির্দেশানুসারে কোন সার্টিফিকেট ইস্যু করে কিংবা উহাতে স্বাক্ষর করে কিংবা যে বিষয়ে আইনানুসারে কোন সার্টিফিকেট সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য, সে বিষয়ে অনুরূপ সার্টিফিকেট দান বা স্বাক্ষর করে এবং সার্টিফিকেটটি কোন বাস্তব গুরুত্বপূর্ণ বিষয়ের দিক হতে মিথ্যা বলে জানা সত্ত্বেও বা অনুরূপভাবে মিথ্যা বলে বিশ্বাস করা সত্ত্বেও অনুরূপভাবে উহা দান বা স্বাক্ষর করে থাকে, তবে সে ব্যক্তি স্বয়ং মিথ্যা সাক্ষ্যদান করলে যেভাবে দণ্ডিত হত, এক্ষেত্রেও সে সেভাবে দণ্ডিত হবে।

১৯৮। মিথ্যা বলিয়া জ্ঞাত কোন সার্টিফিকেট সত্য বলিয়া ব্যবহার করা

কোন ব্যক্তি যদি কোন সার্টিফিকেট বাস্তব গুরুত্বপূর্ণ কোন দিক হতে মিথ্যা বলে জানা সত্ত্বেও দূর্নীতিমূলকভাবে উহাকে সত্য বা খাঁটি সার্টিফিকেট হিসেবে ব্যবহার করে বা করার চেষ্টা করে, তবে সে ব্যক্তি স্বয়ং মিথ্যা সাক্ষ্যদান করলে যেভাবে দণ্ডিত হত, এক্ষেত্রেও সে সেভাবে দণ্ডিত হবে।

১৯৯। আইনতঃ সাক্ষ্য প্রমানে গ্রহণযোগ্য কোন ঘোষনায় মিথ্যা বিবৃতি দেওয়া

যদি কোন ব্যক্তি তৎকৃত বা তৎসমর্থিত এমন কোন ঘোষণায় মিথ্যা বিবৃতি দান করে যে ঘোষণাটি কোন ঘটনার বা বিষয়ের সাক্ষ্য হিসেবে গ্রহণ করতে কোন আদালত বা সরকারী কর্মচারী বা অন্য কোন ব্যক্তি আইনত: বাধ্য বা ক্ষমতাপ্রাপ্ত এবং যদি উক্ত ব্যক্তি বিবৃতি হয় মিথ্যা বলে জানে, না হয় মিথ্যা বলে বিশ্বাস করে, নতুবা সত্য বলে বিশ্বাস করে না এবং যদি সে বিবৃতি যে বিষয়ের জন্য ঘোষণাটি জারীকৃত বা ব্যবহৃত হয়েছে, সে বিষয় সম্পর্কে বাস্তব গুরুত্ব সম্পন্ন হয়, তবে সে ব্যক্তি স্বয়ং মিথ্যা সাক্ষ্য দান করলে তার যেরূপ সাজা হত, এই ক্ষেত্রেও তার তদ্রুপ সাজা হবে।

২০০। মিথ্যা বলিয়া জানা সত্ত্বেও উক্তরূপে কোন ঘোষনা সত্য বলিয়া ব্যবহার করা

অনুরূপ কোন দলিল কোন বাস্তব গুরুত্বসম্পন্ন দিক হতে মিথ্যা বলে জানা সত্ত্বেও কোন ব্যক্তি যদি দুনীতিমূলকভাবে উহাকে সত্য বা খাটি ঘোষণা হিসেবে ব্যবহার করে বা ব্যবহার করার চেষ্টা করে, তবে সে ব্যক্তি স্বয়ং মিথ্যা সাক্ষ্য দান করলে তজ্জন্য যেভাবে সাজাপ্রাপ্ত হত, এইক্ষেত্রেও সে সেভাবেই সাজাপ্রাপ্ত হবে।

ব্যাখ্যা (Explanation):-

যদি কোন ঘোষণা কেবলমাত্র কোন আনুষ্ঠানিক ক্রটির দিক হতে গ্রহণের অযোগ্য হয়, তবে সে ঘোষণাও ১৯৯ ও ২০০ ধারা দুইটির অর্থ মোতাবেক একটি ঘোষণা বলে কর্তব্য।

২০১। অপরাধকারীকে গোপন করিবার জন্য অপরাধের সাক্ষ্য অদৃশ্য করিয়া দেওয়া বা মিথ্যা তথ্য সরবরাহ করা

কোন ব্যক্তি যদি কোন অপরাধীকে আইনের সাজা হতে বাচাবার উদ্দেশ্যে, কোন অপরাধ অনুষ্ঠিত হয়েছে বলে জানা সত্ত্বেও অথবা অপরাধ অনুষ্ঠিত হয়েছে বলে তার বিশ্বাস করার কারণ থাকা সত্ত্বেও, সে অপরাধটি সংঘটনের কোন সাক্ষ্য বা প্রমাণ বিলুপ্ত করে বা করায়, অথবা সে উদ্দেশ্য নিয়ে সে অপরাধটি সম্পর্কে কোন খবর দেয়, যা সে মিথ্যা বলে জানে অথবা যা মিথ্যা বলে তার বিশ্বাস করার কারণ রয়েছে, তখন-

যদি অপরাধটি মৃত্যুদণ্ডে দণ্ডনীয় হয় (if a capital offence):-

যদি, যে অপরাধটি অনুষ্ঠিত হয়েছে বলে সে জানে বা যে অপরাধটি অনুষ্ঠিত হয়েছে বলে তার বিশ্বাস সে অপরাধটি মৃত্যুদণ্ডে দণ্ডনীয় হয়, তবে সে ব্যক্তি সাত বৎসর পর্যন্ত যেকোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে, এবং তাকে অর্থদণ্ডেও দণ্ডিত করা যাবে;

যদি যাবজ্জীবন কারাদন্ডে দন্ডনীয় হয় (if punishable with imrisonment for life):-

এবং যদি অপরাধটি যাবজীবন কারাদণ্ডে অথবা দশ বৎসর পর্যন্ত যেকোন মেয়াদের কারাদণ্ডে দণ্ডনীয় হয়, তবে সে ব্যক্তি তিন বৎসর পর্যন্ত যে কোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে, এবং তাকে অর্থদণ্ডেও দণ্ডিত করা যাবে;

যদি দশ বৎসর অপেক্ষা কম মেয়াদের কারাদণ্ডে দণ্ডনীয় হয় (if punishable with less thatn ten year’s imprisonment):-

এবং যদি অপরাধটি দশ বৎসর অপেক্ষা কম মেয়াদের কারাদণ্ডে দণ্ডনীয় হয়, তবে সে ব্যক্তি অপরাধটির জন্য যে ধরনের (সশ্রম অথবা বিনাশ্ৰম) কারাদণ্ডের বিধান করা হয়েছে, সে ধরনের কারাদণ্ডে দণ্ডিত হবে এবং অপরাধটির জন্য দীর্ঘতম যে মেয়াদের কারাদণ্ডের বিধান করা হয়েছে, তার কারাদণ্ডের মেয়াদ উহার এক চতুর্থাংশ পর্যন্ত যেকোন দৈর্ঘ্যের হবে, অথবা অর্থ দণ্ডে দণ্ডিত হবে অথবা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত হবে।

উদাহরণ

Illustration

খ চ-কে খুন করেছে জানা সত্ত্বেও ক, খ-কে সাজা হতে বাচাবার উদ্দেশ্যে খ-কে চএর মৃতদেহটি লুকিয়ে ফেলিতে সহায়তা করে। ক সাত বৎসর সশ্রম বা বিনাশ্ৰম কারাদণ্ডে দণ্ডিত হবে, এবং এতদ্ব্যতীত তাকে অর্থদণ্ডেও দণ্ডিত করা যাবে।

২০২। আইনতঃ বাধ্য হওয়া সত্ত্বেও কোন অপরাধ সম্পর্কে ইচ্ছাকৃতভাবে খবর না দেওয়া

কোন ব্যক্তি যদি কোন অপরাধ অনুষ্ঠিত হয়েছে বলে জানা সত্ত্বেও কিংবা কোন অপরাধ অনুষ্ঠিত হয়েছে বলে তার বিশ্বাস করার কারণ থাকা সত্ত্বেও এবং সে অপরাধটি সংঘটনের খবর দিতে সে আইনত: বাধ্য হওয়া সত্ত্বেও, ইচ্ছাপূর্বক সে অপরাধটি সংঘটনের খবর দিতে অন্যথা করে, তবে সে ব্যক্তি ছয় মাস পর্যন্ত যেকোন মেয়াদের সশ্রম কিংবা বিনাশ্রম কারাদণ্ডে, অথবা অর্থ দণ্ডে, অথবা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত হবে।

২০৩। সংঘটিত অপরাধ সম্পর্কে মিথ্যা খবর দেওয়া

কোন ব্যক্তি যদি কোন অপরাধ অনুষ্ঠিত হয়েছে বলে জানা সত্ত্বেও কিংবা কোন অপরাধ অনুষ্ঠিত হয়েছে বলে তার বিশ্বাস করার কারণ থাকা সত্ত্বেও সে অনুষ্ঠিত অপরাধ সম্পর্কে এমন কোন সংবাদ দেয় যা সে মিথ্যা বলে জানে কিংবা যা সে মিথ্যা বলে বিশ্বাস করে, তবে সে ব্যক্তি দুই বৎসর পর্যন্ত যেকোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে, অথবা অর্থ দণ্ডে, অথবা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত হবে।

ব্যাখ্যা (Explanation):-

২০১ ও ২০২ ধারায় এবং এই ধারায় ‘অপরাধ’ কথাটি বলতে বাংলাদেশের মধ্যে যে কাজ অনুষ্ঠিত হলে তা ৩০২, ৩০৪, ৩৮২, ৩৯২, ৩৯৩, ৩৯৪, ৩৯৫, ৩৯৬, ৩৯৭, ৩৯৮, ৩৯৯, ৪০২, ৪৩৫, ৪৩৬, ৪৪৯, ৪৫০, ৪৫৭, ৪৫৮, ৪৫৯ এবং ৪৬০ ধারার যেকোনটি অনুযায়ী দণ্ডনীয় হত, তা বিদেশের যেকোন স্থানে অনুষ্ঠিত হলে তাকেও বুঝাবে।

২০৪। প্রমাণ হিসাবে পেশ করিতে না দেওয়ার জন্য কোন দলিল গোপন বা বিনষ্ট করা

কোন ব্যক্তি যদি এমন কোন দলিল গোপন করে বা লুকিয়ে ফেলে কিংবা ধ্বংস করে বা বিনষ্ট করে, যা সে কোন আদালতে কিংবা কোন সরকারী কর্মচারীর সম্মুখে সরকারী কর্মচারী হিসেবে আইনসম্মতভাবে সংঘটিত কোন কার্যক্রমের প্রমাণ হিসেবে উপস্থাপন করতে আইনানুসারে বাধ্য হতে পারে, অথবা অনুরূপ দলিল যাতে সাক্ষ্য-প্রমাণ হিসেবে উপরোলিখিতরূপে কোন আদালতে বা সরকারী কর্মচারীর সম্মুখে উপস্থাপিত বা ব্যবহৃত হতে না পারে তদুদ্দেশ্যে উহার সমগ্র অংশ বা অংশবিশেষ অস্পষ্ট করে (বা মুছিয়া) ফেলে কিংবা পাঠের অযোগ্য করে দেয়, কিংবা অনুরূপ উদ্দেশ্যে দলিলটি উপস্থাপন করার জন্য আইনানুসারে সমন বা নির্দেশদানের পর, যাতে উহা উপস্থাপিত বা ব্যবহৃত হতে না পারে, তদুদ্দেশ্যে উক্তরূপ কাজ করে, তবে সে ব্যক্তি দুই বৎসর পর্যন্ত যে কোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে, অথবা অর্থ দণ্ডে, অথবা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত হবে।

২০৫। কোন কার্য বা দেওয়ানী মোকদ্দমা বা ফৌজদারী মামলার উদ্দেশ্যে বা জামিনদার হওয়ার উদ্দেশ্যে ভূয়া পরিচয় দেওয়া

কোন ব্যক্তি যদি অপর কোন ব্যক্তির নামে নিজের পরিচয় দেয় এবং এইরূপ মিথ্যা পরিচয় দিয়ে কোন মামলা-মোকদ্দমায় বা ফৌজদারী কার্যক্রমে কোনরূপ স্বীকৃতি বা বিবৃতিদান করে, কিংবা বিচার প্রার্থনা বা স্বীকারোক্তি করে কিংবা কোন সমনাদি জারি করায় বা জামানত হয় বা অপর কোনরূপ কাজ করে, তবে সে ব্যক্তি তিন বৎসর পর্যন্ত যেকোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে অথবা অর্থ দণ্ডে অথবা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত হবে।

২০৬। বাজেয়াফতকরণ বা জরিমানা বা ডিক্রীর অর্থ আদায় করিবার জন্য আটক নিবারণের উদ্দেশ্যে প্রবঞ্চনা-মূলকভাবে সম্পত্তি অপসারণ বা গোপন করা

কোন ব্যক্তি যদি কোন আদালত কর্তৃক বা অন্যকোন উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক যে সাজা প্রদত্ত হয়েছে কিংবা হতে পারে বলে সম্ভাবনা করা যাচ্ছে বলে সে জানে, তদনুসারে কোন সম্পত্তি বা উহাতে নিহিত কোন স্বত্ব যাতে বাজেয়াপ্ত সম্পত্তি হিসেবে কিংবা অর্থ আদায় বাবদ আটক হতে না পারে, তজ্জন্য প্রতারণামূলকভাবে উক্ত সম্পত্তি বা উহাতে নিহিত কোন স্বত্ব অপসারিত, লুক্কায়িত, হস্তান্তর বা অর্পিত করে, অথবা কোন আদালত কর্তৃক কোন দেওয়ানী মোকদ্দমায় যে ডিক্রি বা আদেশ প্রদত্ত হয়েছে কিংবা প্রদত্ত হওয়ার আশঙ্কা রয়েছে বলে সে জানে, উক্ত সম্পত্তি বা উহাতে নিহিত কোন স্বত্ব যাতে গৃহীত হতে না পারে তজ্জন্য সে অনুরূপে প্রতারণামূলকভাবে উক্ত সম্পত্তি বা উহাতে নিহিত কোন স্বত্ব অপসারণ, গোপন, হস্তান্তর বা অৰ্পণ করে, তবে উক্ত ব্যক্তি দুই বৎসর পর্যন্ত যেকোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে অথবা অর্থ দণ্ডে অথবা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত হবে।

বাজেয়াফতকরণ বা জরিমানা বা ডিক্রির অর্থ আদায় বাবদ সম্পত্তি লওয়া নিবারণের জন্য বিনা অধিকারে কোন সম্পত্তি দাবি করা বা সম্পত্তির অধিকার সম্পর্কে প্রবঞ্চনা করা কোন ব্যক্তি যদি কোন বিচারালয় বা অন্য কোন যথাযোগ্য কর্তৃপক্ষ দ্বারা ঘোষিত হয়েছে বা ঘোষিত হওয়ার আশঙ্কা আছে বলে সে জানে, এমন কোন দণ্ডাজ্ঞাধীনে কোন সম্পত্তি বা উহাতে নিহিত কোন স্বার্থ কোন বাজেয়াপ্তরূপে বা অর্থদণ্ড পরিশোধরূপে বা কোন দেওয়ানী মামলায় কোন বিচারালয় দ্বারা প্রদান করা হয়েছে বা প্রদান করার আশঙ্কা আছে বলে সে জানে, এইরূপ কোন ডিক্রি বা আদেশ কার্যকরী করার ব্যাপারে বাধাদান করার উদ্দেশ্যে এইরূপ কোন সম্পত্তি বা উহাতে কোন স্বার্থ প্রতারণামূলক ভাবে গ্রহণ করে, হস্ত গত করে বা দাবী করে কিংবা কোন সম্পত্তি বা উহাতে নিহিত কোন স্বার্থের অধিকার সম্পর্কে কোন প্রকার প্রতারণা করে, উক্ত সম্পত্তি বা উহাতে নিহিত কোন স্বার্থে তার কোন অধিকার নাই বলে সে জানে, তবে সে ব্যক্তি দুই বৎসর পর্যন্ত যে কোন মেয়াদের সশ্রম বা বিনাশ্ৰম কারাদণ্ডে অথবা অর্থ দণ্ডে অথবা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত হবে।

২০৭। বাজেয়াফতকরণ বা জরিমানা বা ডিক্রির অর্থ আদায় বাবদ সম্পত্তি লওয়া নিবারণের জন্য বিনা অধিকারে কোন সম্পত্তি দাবি করা বা সম্পত্তির অধিকার সম্পর্কে প্রবঞ্চনা করা

কোন ব্যক্তি যদি কোন বিচারালয় বা অন্য কোন যথাযোগ্য কর্তৃপক্ষ দ্বারা ঘোষিত হয়েছে বা ঘোষিত হওয়ার আশঙ্কা আছে বলে সে জানে, এমন কোন দণ্ডাজ্ঞাধীনে কোন সম্পত্তি বা উহাতে নিহিত কোন স্বার্থ কোন বাজেয়াপ্তরূপে বা অর্থদণ্ড পরিশোধরূপে বা কোন দেওয়ানী মামলায় কোন বিচারালয় দ্বারা প্রদান করা হয়েছে বা প্রদান করার আশঙ্কা আছে বলে সে জানে, এইরূপ কোন ডিক্রি বা আদেশ কার্যকরী করার ব্যাপারে বাধাদান করার উদ্দেশ্যে এইরূপ কোন সম্পত্তি বা উহাতে কোন স্বার্থ প্রতারণামূলক ভাবে গ্রহণ করে, হস্ত গত করে বা দাবী করে কিংবা কোন সম্পত্তি বা উহাতে নিহিত কোন স্বার্থের অধিকার সম্পর্কে কোন প্রকার প্রতারণা করে, উক্ত সম্পত্তি বা উহাতে নিহিত কোন স্বার্থে তার কোন অধিকার নাই বলে সে জানে, তবে সে ব্যক্তি দুই বৎসর পর্যন্ত যে কোন মেয়াদের সশ্রম বা বিনাশ্ৰম কারাদণ্ডে অথবা অর্থ দণ্ডে অথবা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত হবে।

২০৮। যে অর্থ পাওনা নয় তাহার জন্য প্রবঞ্চনামূলকভাবে ডিক্রী পাস হইতে দেওয়া বা অর্থ পরিশোধের পর ডিক্রী জারি হইতে দেওয়া

যে ব্যক্তি কোন ব্যক্তির মোকদ্দমায় যে অর্থ প্রাপ্য নয়, সে অর্থের জন্য, কিংবা অনুরূপ ব্যক্তির যে অর্থ প্রাপ্ত তদপেক্ষা বৃহত্তর পরিমাণের জন্য কিংবা যে সম্পত্তিতে বা যে সম্পত্তিতে নিহিত কোন স্বত্ব বা স্বার্থে অনুরূপ ব্যক্তির অধিকার বা স্বত্ব নাই, সে সম্পত্তির বা উহাতে নিহিত স্বত্ব বা স্বার্থের জন্য প্রতারণামূলকভাবে নিজের বিরুদ্ধে ডিক্রি বা আদেশ করায় অথবা কোন ডিক্রি বা আদেশ মূলে অর্থ পরিশোধ হওয়ার পর নিজের বিরুদ্ধে উহা জারি করায়, অথবা যে বিষয়টি সম্পর্কে ডিক্রি বা আদেশ মূলে অর্থ পরিশোধ হয়েছে, সে বিষয়েই উহা নিজের বিরুদ্ধে জারি করায়, তবে সে ব্যক্তি দুই বৎসর পর্যন্ত যেকোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে অথবা অর্থ দণ্ডে অথবা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত হবে।

উদাহরণ

Illustration

ক চ-এর বিরুদ্ধে একটি মোকদ্দমা দায়ের করে। ক চ-এর বিরুদ্ধে একটি ডিক্রি পেতে পারে বলে চ জেনে খ-এর মোকদ্দমায় নিজের বিরুদ্ধে বৃহত্তর অঙ্কের জন্য একটি ডিক্রি করায়, যাতে খ নিজের স্বার্থে অথবা চ-এর উপকারার্থে ক-এর ডিক্রিক্রমে চ-এর সম্পত্তি বিক্রয় হলে বিক্রয় মূল্যের অংশগ্রহণ করতে পারে। চ এই ধারামতে একটি অপরাধ করেছে।

২০৯। আদালতে মিথ্যা দাবি উত্থাপন করা

কোন ব্যক্তি যদি কোন দাবি মিথ্যা বলে জানা সত্ত্বেও প্রতারণামূলকভাবে বা অসাধুভাবে কিংবা কোন ব্যক্তিকে ক্ষতিগ্রস্ত বা বিরক্ত করার উদ্দেশ্যে কোন আদালতে অনুরূপ দাবি উত্থাপন করে, তবে সে ব্যক্তি দুই বৎসর পর্যন্ত যেকোন মেয়াদের সশ্রম বা বিনাশ্ৰম কারাদণ্ডে দণ্ডিত হবে এবং তাকে অর্থদণ্ডেও দণ্ডিত করা যাবে।

২১০। যে অর্থ পাওনা নয় তাহার জন্য প্রবঞ্চনামূলকভাবে ডিক্রী পাস করিয়া লওয়া, অর্থ পরিশোধের পর ডিক্রী জারি করা

কোন বক্তি যদি অন্য কোন ব্যক্তির বিরুদ্ধে তার যে অর্থ প্রাপ্য নয়, সে অর্থের জন্য, কিংবা তার যে অর্থ প্রাপ্য, তদাপেক্ষা বৃহত্তর অঙ্কের জন্য, কিংবা যে সম্পত্তিতে বা যে সম্পত্তিতে নিহিত কোন স্বত্ত্বে তার কোন অধিকার নাই, সে সম্পত্তিতে বা উহাতে নিহিত কোন স্বত্বের জন্য প্রতারণামূলকভাবে ডিক্রি বা আদেশ লাভ করে, কিংবা কোন অর্ডার বা ডিক্রির টাকা পরিশোধ হওয়ার পর অন্য কোন ব্যক্তির বিরুদ্ধে প্রতারণামূলকভাবে উহা জারি করায়, অথবা সে বিষয়টি সম্পর্কে ডিক্রি বা আদেশমূলে টাকা পরিশোধ হয়েছে, যে বিষয়েই উহা প্রতারণামূলকভাবে জারি করায়, অথবা প্রতারণামূলকভাবে অনুরূপ কোন কাজ অনুষ্ঠিত হতে দেয় বা তার নামে উহা অনুষ্ঠিত হওয়ার অনুমতি প্রদান করে, তবে উক্ত ব্যক্তি দুই বৎসর পর্যন্ত যেকোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে অথবা অর্থ দণ্ডে অথবা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত হবে।

২১১। ক্ষতি করিবার উদ্দেশ্যে অপরাধের মিথ্যা অভিযোগ

কোন ব্যক্তি যদি অন্য কোন ব্যক্তিকে ক্ষতিসাধনের জন্য উক্ত অন্য ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারী মামলা রুজু করার বা অপরাধ সংঘটনের অভিযোগ উত্থাপন করার কোন সংগত বা আইনানুগ যুক্তি নাই বলে জানা সত্ত্বেও উক্ত অন্য ব্যক্তির বিরুদ্ধে কোন ফৌজদারী মামলা রুজু করে বা অনুরূপ মামলা রুজু করায়, কিংবা উক্ত অন্য ব্যক্তির কোন অপরাধ করেছে বলে মিথ্যা অভিযোগ উত্থাপন করে, তবে সে ব্যক্তি দুই বৎসর পর্যন্ত যেকোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে, অথবা উভয় দণ্ডেই দণ্ডিত হবে;

এবং যদি অনুরূপ ফৌজদারি মামলায়, মৃত্যুদণ্ডে, যাবজ্জীবন কারাদণ্ডে, কিংবা সাত বৎসর বা তদূর্ধ্ব মেয়াদের কারাদণ্ডে দণ্ডনীয় কোন অপরাধ সংঘটনের মিথ্যা অভিযোগ রুজু করা হয়, তবে সে ব্যক্তি সাত বৎসর পর্যন্ত যেকোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে এবং এতদ্ব্যতীত তাকে অর্থদণ্ডেও দণ্ডিত করা যাবে।

২১২। অপরাধীকে আশ্রয় দেওয়া, অপরাধটি মৃত্যুদন্ডে দণ্ডনীয় হইলে

কোন অপরাধ অনুষ্ঠিত হওয়ার পর কোন ব্যক্তি যদি কাউকে দোষী বলে জ্ঞাত করা থাকা সত্ত্বেও অথবা সে দোষী বলে বিশ্বাস করার কারণ থাকা সত্ত্বেও তাকে আইনের সাজা হতে বাচাবার উদ্দেশ্যে লুকিয়ে রাখে বা আশ্রয়দান করে, সেক্ষেত্রে-

দোষী ব্যক্তি যদি মৃত্যুদণ্ডে দণ্ডনীয় হয় (if a capital offence):-

যদি অপরাধটি মৃত্যুদণ্ডে দণ্ডনীয় হয়, তবে সে ব্যক্তি পাঁচ বৎসর পর্যন্ত যেকোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে এবং তাকে অর্থদণ্ডেও দণ্ডিত করা যাবে।

দোষী ব্যক্তি যদি যাবজ্জীবন কারাদণ্ড অথবা কারাদণ্ডে দণ্ডনীয় হয় (if punishable with imprisonment for life or with imprisonment):-

যদি অপরাধটি যাবজ্জীবন কারাদণ্ডে কিংবা দশ বৎসর পর্যন্ত যেকোন মেয়াদের কারাদণ্ডে দণ্ডনীয় হয়, তবে সে ব্যক্তি তিন বৎসর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে এবং তাকে অর্থদণ্ডেও দণ্ডিত করা যাবে।

যদি অপরাধটি এক বৎসর পর্যন্ত যেকোন মেয়াদের কারাদণ্ডে দণ্ডনীয় হয় এবং দশ বৎসর পর্যন্ত যেকোন মেয়াদের কারাদণ্ডে দণ্ডনীয় না হয়, তবে সে ব্যক্তি সে অপরাধটির জন্য বিহিত প্রকারের কারাদণ্ডের দীর্ঘতম মেয়াদের এক-চতুর্থাংশ পর্যন্ত যেকোন মেয়াদের কারাদণ্ডে দণ্ডিত হবে অথবা অর্থ দণ্ডে দণ্ডিত হবে অথবা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত হবে।

অত্র ধারার অপরাধ বলতে বাংলাদেশের মধ্যে যে কাজ অনুষ্ঠিত হলে তা ৩০২, ৩০৪, ৩৮২, ৩৯২, ৩৯৩, ৩৯৪, ৩৯৫, ৩৯৬, ৩৯৭, ৩৯৮, ৩৯৯, ৪০২, ৪৩৫, ৪৩৬, ৪৪৯, ৪৫০, ৪৫৭, ৪৫৮, ৪৫৯ এবং ৪৬০ ধারায় যে কোনটি অনুযায়ী দণ্ডনীয় হত, তা বাংলাদেশের বাইরে যেকোন স্থানে অনুষ্ঠিত হলে তাকেও বুঝাবে এবং অনুরূপ যেকোন কাজ যেন অভিযুক্ত ব্যক্তি বাংলাদেশের অভ্যন্তরেই সংঘটনের জন্য দোষী সাব্যস্ত হয়েছে, এমনভাবেই দণ্ডনীয় বলে পরিগণিত হবে।

ব্যতিক্রম (Exception):-

দোষী ব্যক্তির স্বামী বা স্ত্রী অনুরূপ আশ্রয়দান করলে বা লুকিয়ে রাখলে তখন এই বিধান প্রয়োগযোগ্য হবে না।

উদাহরণ

Illustration

খ ডাকাতি করেছে জেনে ক জ্ঞাতসারে ক-কে লুকিয়ে রাখে। আইনের সাজা হতে খকে বাচাবার মানসেই ক এই কাজ করে। এক্ষেত্রে, যেহেতু খ যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় সেহেতু ক অনধিক তিন বৎসর মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে এবং এতদ্ব্যতীত তাকে অর্থদণ্ডেও দণ্ডিত করা যাবে।

২১৩। অপরাধীকে শাস্তি হইতে বাঁচাইবার জন্য উপহার প্রভৃতি গ্রহণ করা, অপরটি মৃত্যুদন্ডে দণ্ডনীয় হইলে

কোন ব্যক্তি যদি কোন অপরাধ গোপন করার বিনিময়ে বা অন্য কোন ব্যক্তিকে কোন অপরাধহেতু প্রাপ্য আইনের সাজা হতে বাঁচাবার বিনিময়ে বা অন্য কোন ব্যক্তিকে আইনের দণ্ডে দণ্ডিত করার জন্য তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ হতে বিরত থাকার বিনিময়ে নিজের জন্য বা অপর কারো জন্য কোন পারিতোষিক কিংবা নিজের জন্য বা অপর কারো জন্য কোন সম্পত্তিতে স্বত্বের পুনঃপ্রতিষ্ঠা গ্রহণ করে বা লাভ করার চেষ্টা করে, কিংবা গ্রহণ করতে স্বীকৃত হয়।

মৃত্যুদণ্ডে দণ্ডনীয় হওয়ার ক্ষেত্রে (if a capital offence):-

সে ব্যক্তি যদি অপরাধটি মৃত্যুদণ্ডে দণ্ডনীয় হয়, তবে সাত বৎসর পর্যন্ত যেকোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে এবং তাকে অর্থদণ্ডেও দণ্ডিত করা যাবে;

যাবজ্জীবন কারাবাস বা কারাদণ্ডে দণ্ডনীয় হওয়ার ক্ষেত্রে (if punishable with imprisonment for life, or with imprisonment):-

এবং যদি অপরাধটি যাবজ্জীবন কারাদণ্ড অথবা দশ বৎসর পর্যন্ত যেকোন মেয়াদের কারাদণ্ডে দণ্ডনীয় হয়, তবে সে ব্যক্তি তিন বৎসর পর্যন্ত যেকোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে, এবং এতদ্ব্যতীত তাকে অর্থদণ্ডেও দণ্ডিত করা যাবে, এবং যদি অপরাধটি যে কারাদণ্ডে দণ্ডনীয়, সে কারাদণ্ডের মেয়াদ দশ বৎসর পর্যন্ত না হয়, তবে সে ব্যক্তি অপরাধটির জন্য যে ধরনের কারাদণ্ডের বিধান করা হয়েছে, সে ধরনের কারাদণ্ডে অপরাধটির জন্য বিহিত দীর্ঘতম মেয়াদের এক-চতুর্থাংশ পর্যন্ত যেকোন মেয়াদের জন্য দণ্ডিত হবে অথবা অর্থ দণ্ডে দণ্ডিত হবে অথবা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত হবে। 

২১৪। অপরাধীকে শাস্তি হইতে বাঁচাইবার জন্য উপহার দেওয়ার বা সম্পত্তি ফিরাইয়া দেওয়ার প্রসত্মাব করা অপরাধটি মৃত্যুদন্ডে দণ্ডনীয় হইলে

ন ব্যক্তি যদি অন্য কোন ব্যক্তি দ্বারা কোন অপরাধ গোপন করার কিংবা কাউকে কোন অপরাধহেতু প্রাপ্য আইনের শাস্তি হতে বাচাবার কিংবা কাউকে আইনের দণ্ডে দণ্ডিত করার উদ্দেশ্যে তার বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ হতে বিরত রাখার পুরস্কার স্বরূপ উক্ত অন্য ব্যক্তিকে কোন পারিতোষিক প্রদান করে বা করায় বা প্রদান করার প্রস্তাব করে কিংবা প্রদান করতে বা করাতে স্বীকৃতি হয় অথবা উক্ত অন্য ব্যক্তিকে কোন সম্পত্তি প্রত্যাৰ্পণ করতে বা করাতে প্রস্তাব করে বা স্বীকৃত হয় তখন-

মৃত্যুদণ্ডে দণ্ডনীয় অপরাধের ক্ষেত্রে (if a capital offence):-

যদি অপরাধটি মৃত্যুদণ্ডে দণ্ডনীয় হয়, তবে সে ব্যক্তি সাত বৎসর পর্যন্ত যেকোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে এবং তাকে অর্থদণ্ডেও দণ্ডিত করা যাবে;

যাবজ্জীবন কারাবাস বা কারাদণ্ডে দণ্ডনীয় হওয়ার ক্ষেত্রে (if punishable with imprisonment for life, or with imprisonment):-

যদি অপরাধটি যাবজ্জীবন কারাদণ্ডে অথবা দশ বৎসর পর্যন্ত যেকোন মেয়াদের কারাদণ্ডে দণ্ডনীয় হয়। তবে সে ব্যক্তি তিন বৎসর পর্যন্ত যেকোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে এবং তাকে অর্থদণ্ডেও দণ্ডিত করা যাবে; এবং যদি অপরাধটি যে কারাদণ্ডে দণ্ডনীয়, তার মেয়াদ দশ পর্যন্ত না হয়, তবে সে ব্যক্তির অপরাধটির জন্য যে ধরনের কারাদণ্ডের বিধান করা ধরনের কারাদণ্ডে অপরাধটির জন্য বিহিত দীর্ঘতম মেয়াদের এক-চতুর্থাংশ ন মেয়াদের জন্য দণ্ডিত হবে, অথবা অর্থ দণ্ডে দণ্ডিত হবে অথবা উভয়বিধ গুই দণ্ডিত হবে।

ব্যতিক্রম (Exception):-

যেসব ক্ষেত্রে অপরাধটির অভিযোগ আইনানুগভাবে প্রত্যাহার করা যায়, সে সব ক্ষেত্রে ২১৩ ও ২১৪ ধারা দুইটির বিধান প্রয়োগযোগ্য হবে না। 

২১৫। অপরাধীকে গ্রেফতার না করিয়া তাহার দ্বারা কৃত অপরাধ মারফত কাহাকেও বঞ্চিত করিয়া গৃহীত অস্থাবর সম্পত্তি উদ্ধারে সাহায্য করার জন্য উপহার গ্রহণ করা

কোন ব্যক্তি এই বিধি বলে দণ্ডনীয় কোন অপরাধহেতু যে সম্পত্তি হতে বঞ্চিত হয়েছে তাকে সে সম্পত্তি উদ্ধারে সহায়তার ভান করে বা সহায়তা করার জন্য যদি কেউ কোন পারিতোষিক গ্রহণ করে কিংবা গ্রহণ করতে স্বীকৃত বা সম্মত হয়, তবে সে যদি না অপরাধীকে গ্রেফতার ও অপরাধের জন্য দণ্ডিত করানোর জন্য তার সাধ্যায়ত্ত সকল ব্যবস্থা গ্রহণ করে, তবে সে ব্যক্তি দুই বৎসর পর্যন্ত যেকোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে, অথবা অর্থ দণ্ডে অথবা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত হবে। 

২১৬। হাজত হইতে পলাতক বা গ্রেফতারের আদেশপ্রাপ্ত অপরাধীকে আশ্রয় দেওয়া, অপরাধটি মৃত্যুদন্ডে দণ্ডনীয় হইলে

কোন ব্যক্তি একটি অপরাধে দণ্ডিত বা অভিযুক্ত হয়ে উক্ত অপরাধের জন্য আইনানুসারে আটক হওয়ার পর হাজত হতে পলায়নান্তে অথবা কোন সরকারী কর্মচারী অনুরূপ সরকারী কর্মচারী হিসেবে যার আইনসম্মত ক্ষমতাগুলো প্রয়োগ করে কোন ব্যক্তিকে একটি অপরাধের জন্য গ্রেফতার করার আদেশ দান করার পর, যদি কেউ অনুরূপ পলায়ন বা গ্রেফতারের আদেশ সম্পর্কে অবহিত থাকা সত্ত্বেও যাতে সে ব্যক্তি গ্রেফতার না হতে পারে, তদুদ্দেশ্যে আশ্রয়দান করে বা লুকিয়ে রাখে, তবে সে নিম্নোক্তভাবে দণ্ডিত হবে। যথা:

মৃত্যুদণ্ডে দণ্ডনীয় অপরাধের ক্ষেত্রে (if a capital offence):-

যদি যে অপরাধটির জন্য উক্ত ব্যক্তি আটক ছিল বা উক্ত ব্যক্তিকে গ্রেফতার করার আদেশ করা হয়েছিল, সে অপরাধটি মৃত্যুদণ্ডে দণ্ডনীয় অপরাধ হয়, তবে উপযুক্তরূপে আশ্রয়দানকারী ব্যক্তি সাত । বৎসর পর্যন্ত যেকোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে এবং তাকে অর্থদণ্ডেও দণ্ডিত করা যাবে।

যাবজ্জীবন কারাবাস বা কারাদণ্ডে দণ্ডনীয় হওয়ার ক্ষেত্রে (if punishable with imprisonment for life, or with imprisonment):-

যদি অপরাধটি যাবজ্জীবন কিংবা দশ বৎসরের কারাদণ্ডে দণ্ডনীয় হয়, তবে তাকে অর্থসহ বা অর্থ ব্যতীত তিন বৎসর পর্যন্ত যেকোন মেয়াদের কারাদণ্ডে দণ্ডিত করা যাবে;

এবং যদি অপরাধটি এক বৎসর পর্যন্ত যেকোন মেয়াদের কারাদণ্ডে দণ্ডনীয় হয়, কিন্তু উহার মেয়াদ দশ বৎসর পর্যন্ত না হয়, তবে তাকে উক্ত অপরাধটির জন্য যে ধরনের রাদণ্ডের বিধান করা হয়েছে সে ধরনের কারাদণ্ডে উক্ত অপরাধটির জন্য বিহিত দীর্ঘতম মেয়াদের এক-চতুর্থাংশ পর্যন্ত যেকোন মেয়াদের জন্য দণ্ডিত করা হবে অথবা অর্থ দণ্ডে দণ্ডিত করা হবে অথবা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত করা হবে।

অত্র ধারায় “অপরাধ” কথাটি বলতে বাংলাদেশের মধ্যে যে কাজ অনুষ্ঠিত হলে বা যা সংঘটন না করলে একটি অপরাধ হিসেবে দণ্ডনীয় হত, বাংলাদেশের বাইরে সে জন্য কোন ব্যক্তি অপরাধী বলে অভিযুক্ত হলে তাকেও বুঝাবে, এবং বাংলাদেশের বাইরে যে কাজ অনুষ্ঠিত হলে বা যা সংঘটন না করলে অপরাধ বিনিময় (Extradition) বা ১৮৮১ সালের পলাতক অপরাধী আইন (fugitive offenders Act 1881) এর কোন আইন বলে বা অপর কোনভাবে কোন ব্যক্তি বাংলাদেশের মধ্যে গ্রেফতার বা আটক হত, তাকেও বুঝাবে, এবং অনুরূপ প্রত্যেক কাজের সম্পাদন করা বা না করা এই বিধির উদ্দেশ্যের দিক হতে যেন অপরাধী বা অভিযুক্ত ব্যক্তি বাংলাদেশের মধ্যে সেহেতু অপরাধী বা অভিযুক্ত হয়েছে, এইভাবেই দণ্ডনীয় বলে পরিগণিত হবে।

ব্যতিক্রম (Exception):-

যে ব্যক্তিকে গ্রেফতার করতে হবে, সে ব্যক্তির স্বামী বা স্ত্রী আশ্রয় দান করলে বা লুকিয়ে রাখলে সে ক্ষেত্রে এই বিধান প্রয়োগযোগ্য হবে না।

২১৭। কোন ব্যক্তিকে শাস্তি হইতে বা কোন সম্পত্তি বাজেয়াফত হওয়া হইতে রক্ষার জন্য সরকারী কর্মচারী কর্তৃক আইনের নির্দেশ লংঘন

কোন ব্যক্তি যদি সরকারী কর্মচারী হওয়ায় তার আচরণ সম্পর্কে যেরূপ আইনের নির্দেশ রয়েছে, তা জ্ঞাতসারে অমান্য করে এবং অমান্য করার উদ্দেশ্য হয় কোন ব্যক্তিকে সাজা হতে রক্ষা করা বা সে সাজা হতে যাতে রক্ষা পেতে পারে, জ্ঞাতসারে এইরূপ কাজ করা বা সে যে দণ্ডে দণ্ডনীয় তা অপেক্ষা লঘুদণ্ডে তাকে দণ্ডিত করা, অথবা কোন সম্পত্তি বাজেয়াপ্ত হতে কিংবা আইনানুসারে কোন দায় হতে রক্ষা করা বা উহা যাতে রক্ষা পেতে পারে জ্ঞাতসারে এইরূপ কাজ করা, তবে সে ব্যক্তি দুই বৎসর পর্যন্ত যেকোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে অথবা অর্থ দণ্ডে অথবা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত হবে।

২১৮। কোন ব্যক্তিকে শাস্তি হইতে বা কোন সম্পত্তি বাজেয়াফত হওয়া হইতে রক্ষার জন্য সরকারী কর্মচারী কর্তৃক ভূল দলিল বা লিপি প্রণয়ন

কোন ব্যক্তি যদি সরকারী কর্মচারী হওয়া সত্ত্বেও এবং অনুরূপ সরকারী কর্মচারী হিসেবে কোন নথি বা অন্যরূপ লিপি প্রণয়নের দায়িত্বসম্পন্ন হওয়া সত্ত্বেও উক্ত নথি বা লিপি এমনভাবে প্রণয়ন করে, যা ভুল বলে সে জানে, এবং তার এইভাবে নথি বা লিপি প্রণয়নের উদ্দেশ্য যদি হয়- জনসাধারণের বা যেকোন ব্যক্তির লোকসান লোকসান বা ক্ষতিসাধন করা, কিংবা যাতে জনসাধারণের বা যেকোন ব্যক্তির লোকসান বা ক্ষতি সাধিত হতে পারে জানা সত্ত্বেও তদনুরূপ বা কাজের সংঘটন করা, অথবা কোন ব্যক্তিকে আইনের সাজা হতে রক্ষা করা বা কোন ব্যক্তি আইনের সাজা হতে যাতে রক্ষা পেতে পারে বলে সে জানে, তদনুরূপ কাজের সংঘটন করা, অথবা কোন সম্পত্তি বাজেয়াপ্ত হওয়া হতে বা আইনানুসারে কোন দায় হতে রক্ষা করা কিংবা যাতে সম্পত্তিটি বাজেয়াপ্ত হওয়ার হাত হতে বা আইনানুসারে কোন দায় হতে রক্ষা পেতে পারে বলে সে জানে তদানুসারে কাজের সংঘটন করা, তবে সে ব্যক্তি তিন বৎসর পর্যন্ত যেকোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে অথবা অর্থ দণ্ডে অথবা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত হবে।

২১৯। বিচার বিষয়ক কার্যক্রম আইন বিরোধী বলিয়া জানা সত্ত্বেও সরকারী কর্মচারী কর্তৃক দুর্নীতিমূলক উপায়ে আদেশ, রির্পোট, রায় বা সিদ্ধান্ত প্রণয়ন বা ঘোষণা করা

কোন ব্যক্তি যদি কর্মচারী হিসেবে কোন বিচার বিভাগীয় কার্যক্রমের কোন পর্যায়ে কোন রিপোর্টক, আদেশ, রায় বা দুর্নীতিমূলকভাবে বা দুরভিসন্ধিমূলকভাবে প্রণয়ন করে বা ঘোষণা করে, যা আইন বিরুদ্ধ বলে সে জানে, তবে সে ব্যক্তি সাত বৎসর পর্যন্ত যেকোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে অথবা অর্থদণ্ডে অথবা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত হবে।

২২০। আইনের বিপরীত কার্যক্রম করিতেছেন বলিয়া জানা সত্ত্বেও কর্তৃত্বসম্পন্ন ব্যক্তি কর্তৃক কাহাকেও বিচারের জন্য সোপর্দ করা বা আটক রাখা

কোন ব্যক্তি যদি যে পদমর্যাদা বরে কোন ব্যক্তিকে বিচারে প্রেরণ করার বা আটকে সোপর্দ করার আইনানুগ ক্ষমতা লাভ করে, সে পদমর্যাদায় অধিষ্ঠিত ক্ষমতা লাভ করে, সে পদমর্যাদায় অধিষ্ঠিত হয়ে, সে ক্ষমতা প্রয়োগপূর্বক দুনীতিমূলকভাবে বা দুরভিসন্ধিমূলকভাবে কাউকে বিচারে বা আটকে সোপর্দ করে বা আটক করে রাখে, এবং এইরূপ কাজ দ্বারা সে আইনে বিরুদ্ধে কার্য করছে বলে জানা সত্ত্বেও তা করে, তবে সে ব্যক্তি সাত বৎসর পর্যন্ত যেকোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে অথবা অর্থ দত্ত্বে অথবা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত হবে।

২২১। আইনতঃ গ্রেফতার করিতে বাধ্য হওয়া সত্ত্বেও সরকারী কর্মচারী কর্তৃক ইচ্ছাকৃতভাবে অপরাধীকে গ্রেফতার না করা, অপরাধটি মৃত্যুদন্ডে দণ্ডনীয় হইলে

কোন ব্যক্তি যদি সরকারী কর্মচারী বিধায় অনুরূপ সরকারী কর্মচারী হিসেবে কোন অপরাধে অভিযুক্ত কোন ব্যক্তিকে গ্রেফতার করতে বা আটক করে রাখতে আইনত বাধ্য হওয়া সত্ত্বেও ইচ্ছাপূর্বক সে ব্যক্তিকে গ্রেফতার না করে, অথবা ইচ্ছাপূর্বক সে ব্যক্তিকে পলায়ন করতে দেয়, অথবা ইচ্ছাপূর্বক অনুরূপ ব্যক্তিকে আটক হতে পলায়ন করতে বা পলায়নের চেষ্টা করতে সহায়তা করে, তবে সে সরকারী কর্মচারী নিম্নরূপে দণ্ডিত হবে। যথা:

যে ব্যক্তি আটক ছিল বা গ্রেফতার হওয়া উচিত ছিল, সে ব্যক্তি যদি মৃত্যুদণ্ডে দণ্ডনীয় কোন অপরাধে অভিযুক্ত বা গ্রেফতারযোগ্য হয়, তবে সরকারী কর্মচারী অর্থদণ্ডসহ বা অর্থদণ্ড ছাড়াই সাত বৎসর পর্যন্ত যেকোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে; অথবা

যে ব্যক্তি আটক ছিল বা গ্রেফতার হওয়া উচিত ছিল, সে ব্যক্তি যদি যাবজ্জীবন কারাদণ্ডে অথবা দশ বৎসর পর্যন্ত যেকোন মেয়াদের কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধে অভিযুক্ত বা গ্রেফতারষোগ্য হয়, তবে উক্ত সরকারী কর্মচারী অর্থদণ্ডসহ বা অর্থদণ্ড ছাড়াই তিন বৎসর পর্যন্ত যেকোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে, অথবা

যে ব্যক্তি আটক ছিল বা গ্রেফতার হওয়া উচিত ছিল, সে ব্যক্তি যদি দশ বৎসর অপেক্ষা কম মেয়াদের কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধে অভিযুক্ত বা গ্রেফতারযোগ্য হয়, তবে উক্ত সরকারী কর্মচারী অর্থদণ্ডসহ বা অর্থদণ্ড ছাড়াই দুই বৎসর পর্যন্ত যেকোন মেয়াদের সশ্রম বা বিনাশ্ৰম কারাদণ্ডে দণ্ডিত হবে।

২২২। আইনতঃ বাধ্য হওয়া সত্ত্বেও সরকারী কর্মচারী কর্তৃক ইচ্ছাকৃতভবে কোন আদালত কর্তৃক দন্ডিত ব্যক্তিকে গ্রেফতার করা, উক্ত ব্যক্তি মৃত্যুদন্ডে দন্ডিত হইলে

কোন ব্যক্তি যদি সরকারী কর্মচারী হিসেবে কোন আদালত কর্তৃক কোন অপরাধের জন্য প্রদত্ত দণ্ডাজ্ঞা অনুযায়ী কোন ব্যক্তিকে অথাব আইনানুসারে আটকে সোপর্দ কোন ব্যক্তিকে গ্রেফতার করতে বা আটক করে রাখতে আইনানুসারে বাধ্য হওয়া সত্ত্বেও ইচ্ছাপূর্বক অনুরূপ ব্যক্তিকে গ্রেফতার না করে, অথবা ইচ্ছাপূর্বক অনুরূপ ব্যক্তিকে অনুরূপ আটক হতে পলায়ন করতে দেয়, অথবা ইচ্ছাপূর্বক অনুরূপ ব্যক্তিকে পলায়ন করতে বা পলায়ন করার চেষ্টা করতে সহায়তা করে, তবে অনুরূপ সরকারী কর্মচারী নিম্নরূপে দণ্ডিত হবে। যথা:

যে ব্যক্তি আটক ছিল বা গ্রেফতার হওয়া উচিত ছিল, সে ব্যক্তি যদি মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়, তবে উক্ত সরকারী কর্মচারী যাবজ্জীবন কারাদণ্ডে অথবা অর্থদণ্ডসহ বা অর্থদণ্ড ছাড়াই চৌদ্দ বৎসর পর্যন্ত যেকোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে,

যে ব্যক্তি আটক ছিল বা গ্রেফতার হওয়া উচিত ছিল, সে ব্যক্তি কোন আদালতের দণ্ডাজ্ঞাবলে যাবজীবন কারাদণ্ড বা দশ বৎসর বা তদূৰ্ব্ব মেয়াদের কারাদণ্ডে দণ্ডনীয় হয়, তবে কোনরূপ সরকারী কর্মচারী অর্থদণ্ডসহ বা অর্থদণ্ড ছাড়াই সাত বৎসর পর্যন্ত যেকোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে,

অথবা যে ব্যক্তি আটক ছিল বা গ্রেফতার হওয়া উচিত ছিল, সে ব্যক্তি যদি কোন আদালতের দণ্ডাদেশক্রমে দশ বৎসর অপেক্ষা কম মেয়াদের জন্য কারাদণ্ডে দণ্ডিত কিংবা সে ব্যক্তি যদি আইনানুসারে আটকে সোপর্দ হয়, তবে উক্ত সরকারী কর্মচারী তিন বৎসর পর্যন্ত যেকোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে, অথবা অর্থ দণ্ডে, অথবা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত হবে।

২২৪। কোন ব্যক্তি কর্তৃক তাহার আইনসঙ্গত গ্রেফতার প্রতিরোধ করা

কোন ব্যক্তি যদি তাকে যে অপরাধে অভিযুক্ত করা হয়েছে সে অপরাধের জন্য তার নিজের আইনসম্মত গ্রেফতার কার্যে ইচ্ছাপূর্বক কোনরূপ প্রতিরোধ সৃষ্টি করে বা অবৈধ বাধার সৃষ্টি করে অথবা যে হাজতে তাকে কোন অপরাধের জন্য আটক করে রাখা হয়েছে, সে হাজত হতে পলায়নের চেষ্টা করে, তবে সে ব্যক্তি দুই বৎসর পর্যন্ত যেকোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে অথবা অর্থ দণ্ডে অথবা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত হবে।

ব্যাখ্যা (Explanation):-

উক্ত ব্যক্তি যে অপরাধের জন্য অভিযুক্ত হয়ে গ্রেফতারযোগ্য বা হাজতে আটকযোগ্য হয়েছিল বা যে অপরাধে সে দণ্ডিত হয়েছিল, সে অপরাধের জন্য সাজার অতিরিক্ত হিসেবে এই সাজা দেওয়া হবে।

২২৫ক। অপর কোন ব্যক্তির আইনসঙ্গত গ্রেফতার প্রতিরোধ করা বা তাহাকে আইনসঙ্গত হেফাজত হইতে উদ্ধার করা

কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে কোন অপরাধের জন্য অন্য কোন ব্যক্তিকে আইনসংগতভাবে গ্রেফতারের কাজে বাধা দান করে বা বেআইনীভাবে বিঘ্ন সৃষ্টি করে, অথবা অন্য কোন ব্যক্তি কোন অপরাধের জন্য আইনসংগতভাবে যে হাজতে আটক আছে, সে স্থান হতে তাকে উদ্ধার করে বা করার চেষ্টা করে, তবে সে ব্যক্তি দুই বৎসর পর্যন্ত যেকোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে, অথবা অর্থ দণ্ডে অথবা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত হবে; অথবা যে ব্যক্তিকে গ্রেফতার করার কথা বা যে ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে বা উদ্ধার করার চেষ্টা করা হয়েছে, সে ব্যক্তি যদি যাবজ্জীবন কারাদণ্ডে বা দশ বৎসর পর্যন্ত যেকোন মেয়াদের কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধে অভিযুক্ত বা গ্রেফতারযোগ্য হয়, তবে প্রথমোক্ত ব্যক্তি তিন বৎসর পর্যন্ত যেকোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে এবং তাকে অর্থদণ্ডেও দণ্ডিত করা যাবে;

অথবা যে ব্যক্তিকে গ্রেফতার করার কথা বা যে ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে বা উদ্ধার করার চেষ্টা করা হয়েছে সে ব্যক্তি যদি মৃত্যুদণ্ডে দণ্ডনীয় অপরাধে অভিযুক্ত বা গ্রেফতারযোগ্য হয়, তবে প্রথমোক্ত ব্যক্তি সাত বৎসর পর্যন্ত যেকোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে এবং তাকে অর্থদণ্ডেও দণ্ডিত করা যাবে;

অথবা যে ব্যক্তিকে গ্রেফতার করার কথা বা যে ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে বা উদ্ধার করার চেষ্টা করা হয়েছে, সে ব্যক্তি যদি কোন আদালতের দণ্ডাজ্ঞাক্ৰমে বা অনুরূপ দণ্ডাজ্ঞাক্ৰমে বা অনুরূপ দণ্ডাজ্ঞা হাসের ফলে যাবজ্জীবন কারাদণ্ডে কিংবা দশ বৎসর বা তদুধর্ব মেয়াদের কারাদণ্ডে দণ্ডনীয় হয়, তবে প্রথমোক্ত ব্যক্তি সাত বৎসর পর্যন্ত যেকোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে বং অর্থদণ্ডেও দণ্ডনীয় হবে;

অথবা, যে ব্যক্তিকে গ্রেফতার করার কথা বা যে ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে বা উদ্ধার করার চেষ্টা করা হয়েছে, সে ব্যক্তি যদি মৃত্যুদণ্ডাধীন থাকে, তবে প্রথমোক্ত ব্যক্তি যাবজ্জীবন কারাদণ্ডে অথবা অনধিক দশ বৎসর পর্যন্ত যেকোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে। 

২২৭। দণ্ড মওকুফের শর্ত লংঘন করা

কোন ব্যক্তি যদি শর্তাধীনে সাজা হাসের সুবিধা গ্রহণের পর, যে শর্তে অনুরূপ সাজা হাস করা হয়েছিল জ্ঞাতসারে সেরূপ কোন শর্ত লংঘন করে, তবে তাকে মূলত যে সাজায় দণ্ডিত করা হয়েছিল, সে যদি সে সাজার কোন অংশ ভোগ না করে থাকে, তবে সে সে সাজায় দণ্ডিত হবে, এবং তাত্ৰে মূলত যে সাজায় দণ্ডিত করা হয়েছিল, সে যদি সাজার অংশ বিশেষ ভোগ করে থাকে, তবে সে ব্যক্তি সাজার যে অবশিষ্ট অংশ ভোগ করে নাই, সে অবশিষ্ট অংশের সাজায় দণ্ডিত হবে।

২২৮। বিচার বিষয়ক কার্যক্রমের কোন পর্যায়ে বিচারকের আসন গ্রহণকারী কোন সরকারী কর্মচারীকে ইচ্ছাকৃতভাবে অপমান করা বা তাহার কার্যে বাধা দেওয়া

কোন সরকারী কর্মচারী কোন বিচার বিভাগীয় কার্যক্রমের যেকোন পর্যায়ে নিয়ত থাকাকালে কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে তাকে অপমান করে বা তার কাজে বাধা প্রদান করে, তবে সে ব্যক্তি ছয় মাস পর্যন্ত যেকোন মেয়াদের বিনাশ্রম কারাদণ্ডে অথবা এক হাজার টাকা পর্যন্ত যেকোন পরিমাণ অর্থ দণ্ডে, অথবা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত হবে।

২২৯। জুরি বা এসেসর হিসাবে মিথ্যা পরিচয় দেওয়া

কোন ব্যক্তি যদি মিথ্যা ছদ্মবেশ ধারণ করে বা অপর কোন উদ্দেশ্যমূলকভাবে বা জ্ঞাতসারে এমন কোন মামলায় অন্যতম জুরী বা এসেসর হিসেবে নির্বাচিত হয়, তালিকাভুক্ত বা শপথ প্রযুক্ত হওয়ার অধিকারী নয় বলে জানে, অথবা আইনবিরুদ্ধাভাবে নির্বাচিত, তালিকাভুক্ত বা শপথ প্রযুক্ত হয়েছে বলে জানাসত্ত্বেও স্বেচ্ছায় অনুরূপ জুরীর কার্যে বিরত হয় বা অনুরূপ এসেসর হিসেবে কার্য করে, তবে –

সেই ব্যক্তি দুই বৎসর পর্যন্ত যেকোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে অথবা অর্থ দণ্ডে অথবা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত হবে।

img