- ১৬১। সরকারী কর্মচারী হইয়া বা হওয়ার আশা করিয়া কোন সরকারী কার্যের জন্য ঘুষ লওয়া
- ১৬২। দুর্নীতিমূলক বা বেআইনী উপায়ে সরকারী কর্মচারীকে প্রভাবিত করার জন্য ঘুষ লওয়া
- ১৬৩। সরকারী কর্মচারীর উপর ব্যক্তিগত প্রভাব বিস্তারের জন্য ঘুষ লওয়া
- ১৬৪। সরকারী কর্মচারী কর্তৃক ১৬২ বা ১৬৩ ধারায় বর্ণিত অপরাধসমূহে সহায়তা করিবার শাস্তি
- ১৬৫। সরকারী কর্মচারী কর্তৃক তাহার কার্যের সহিত জড়িত কোন ব্যক্তির নিকট হইতে বিনামূল্যে কোন মূল্যবান বস্তু গ্রহণ করা
- ১৬৫ক। ১৬১ ও ১৬৫ ধারার অপরাধে প্ররোচনা দেওয়া
- ১৬৫খ। ১৬১ ও ১৬৫ ধারার অপরাধে প্ররোচনা দেওয়া
- ১৬৬। কোন ব্যক্তির ক্ষতি করার উদ্দেশ্যে সরকারী কর্মচারী কর্তৃক আইনের নির্দেশ লংঘন
- ১৬৭। ক্ষতি করার উদ্দেশ্যে সরকারী কর্মচারী কর্তৃক ভূল দলিল প্রণয়ন
- ১৬৮। সরকারী কর্মচারী কর্তৃক বেআইনীভাবে ব্যবসা করা
- ১৬৯। সরকারী কর্মচারী কর্তৃক বেআইনীভাবে সম্পত্তি ক্রয় বা নিলাম ডাকা
- ১৭০। ভুয়া সরকারী কর্মচারী বলিয়া পরিচয় দেওয়া
- ১৭১। অসৎ উদ্দেশ্যে সরকারী কর্মচারীর পোশাক পরিধান বা চিহ্ন বহন
: ( )
১৬১। সরকারী কর্মচারী হইয়া বা হওয়ার আশা করিয়া কোন সরকারী কার্যের জন্য ঘুষ লওয়া
কোন ব্যক্তি যদি সরকারী কর্মচারী হিসেবে অথবা সরকারী কর্মচারী হবে বলে আশা করে কোন সরকারী কাজ করার অথবা করা হতে বিরত থাকার উদ্দেশ্যে বা পুরস্কার হিসাবে, অথবা সরকারী দায়িত্ব সম্পাদনকালে কোন ব্যক্তিকে অনুগ্রহ প্রদর্শন বা নিগ্ৰহ প্রদর্শন করার জন্য বা করা হতে বিরত থাকার জন্য, অথবা বাংলাদেশের সরকার বা আইনসভা দ্বারা অথবা কোন সরকারী কর্মচারী দ্বারা কোন ব্যক্তির উপকার বা অপকার করার জন্য বা তা করার চেষ্টায় নিজের অথবা অপর কোন ব্যক্তির জন্য কারো নিকট থেকে আইনসম্মত পারিশ্রমিক ছাড়াই অপর যে কোনরূপ পারিতোষিক গ্রহণ করে বা লাভ বা গ্রহণ করতে সম্মত হয় বা লাভ করতে চেষ্টা করে, তবে উক্ত ব্যক্তি তিন বৎসর পর্যন্ত যেকোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে অথবা অর্থ দণ্ডে অথবা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত হবে।
ব্যাখ্যা (Explanation):- সরকারি কর্মচারী হবে বলে আশা করে কোন ব্যক্তি যদি সরকারী কর্মচারী হবে বলে আশা না করে কিন্তু প্রতারণার মাধ্যমে সরকারী কর্মচারী হবে এবং তখন কার্য করে দিবে এইরূপ ভ্রান্ত বিশ্বাস জন্মাইয়া কোন পারিতোষিক গ্রহণ করে, তবে উক্ত ব্যক্তি প্রতারণার অপরাধে অপরাধী সাব্যস্ত হতে পারে, কিন্তু এই ধারায় বর্ণিত অপরাধে অপরাধী সাব্যস্ত হবে না।
‘পারিতোষিক’ (Gratificaion):- এই ধারায় ‘পারিতোষিক’ বলতে শুধু আর্থিক পারিতোষিক অথবা অর্থের হিসেবে নির্ণেয় পারিতোষিক বুঝায় না।
‘আইনসংগত পারিশ্রমিক’ (Legal remuneration):- এই ধারায় ‘আইনসংগত পারিশ্রমিক’ বলতে কোন সরকারী কর্মচারী আইনসংগতভাবে যে পারিশ্রমিক দাবি করতে পারেন, কেবল তা বুঝায় না, যে কর্তৃপক্ষ কর্তৃক তিনি নিযুক্ত হয়েছেন সে কর্তৃপক্ষ তার যেসব পারিশ্রমিক গ্রহণ করতে অনুমতি দিয়েছেন সেসব পারিশ্রমিকও বুঝায়।
‘করার উদ্দেশ্যে অথবা পুরস্কার হিসাবে’ (A motive or reward for doing):- ষে ব্যক্তি সে যা করতে ইচ্ছক নয় তা করার উদ্দেশ্যে, অথবা সে যা করে নাই তা করার পুরস্কার হিসেবে পারিতোষিক গ্রহণ করে সে ব্যক্তিও এই কথাগুলির আওতায় আসবে।
উদাহরণসমূহ – Illustrations
(ক) ক একজন মুন্সেফ। চ জনৈক ব্যাংকার। ক একটি বিষয় চ-এর অনুকূলে নিস্পত্তি করে দেওয়ার পুরস্কারস্বরূপ চ-এর ব্যাংক তার (ক-এর) ভাইয়ের জন্য একটি চাকরি সংগ্রহ করে । ক এই ধারায় বর্ণিত অপরাধে অপরাধী হবে।
(খ) ক একটি বিদেশী রাষ্ট্রের রাজধানীতে বাণিজ্যদৃত পদে নিযুক্ত থাকাকালে ঐ বিদেশী রাষ্ট্রের মন্ত্রীর নিকট থেকে এক লক্ষ টাকা গ্রহণ করে। ক উক্ত টাকা নির্দিষ্ট কোন সরকারী কার্য করার বা করা হতে বিরত থাকার মতলবে বা পুরস্কারস্বরূপ, কিংবা বাংলাদেশ সরকারের সাথে জড়িত কোন ব্যাপারে উক্ত বিদেশী শক্তির নির্দিষ্ট কোন উপকার করার বা উপকারের চেষ্টা করার জন্য নিয়েছে তা প্রতীয়মান হয় না। কিন্তু একথা প্রতীয়মান হয় যে, উক্ত দেশে তার সরকারী কর্তব্য পালন প্রসঙ্গে উক্ত দেশের সাধারণ আনুকূল্য প্রদর্শনের উদ্দেশ্যে পুরস্কারস্বরূপ সে উক্ত টাকা নিয়েছে। ক এই ধারায় বর্ণিত অপরাধ করেছে।
(গ) ক জনৈক সরকারী কর্মচারী। তিনি চ-কে বিভ্রান্ত করে বিশ্বাস করান যে, সরকারের উপর তার (ক-এর) যে প্রভাব রয়েছে তার ফলেই চ একটি উপাধি লাভ করেছেন। এইভাবে ক-কে বিভ্রান্ত করে তার নিকট থেকে ক তার (চ-এর) কার্য করে দেওয়ার জন্য পুরস্কারস্বরূপ অর্থ গ্রহণ করেন । ক এই ধারায় বর্ণিত অপরাধে অপরাধী হবেন।
১৬২। দুর্নীতিমূলক বা বেআইনী উপায়ে সরকারী কর্মচারীকে প্রভাবিত করার জন্য ঘুষ লওয়া
কোন ব্যক্তি যদি অবৈধ উপায়ে কোন সরকারী কর্মচারীকে প্ররোচিত প্রভাবিত করে উক্ত সরকারী কর্মচারীকে দিয়ে কোন সরকারী কার্য করানোর বা করা হতে বিরত রাখার উদ্দেশ্যে বা পুরস্কার হিসাবে, অথবা সরকারী দায়িত্ব সম্পাদনকালে কোন ব্যক্তিকে অনুগ্রহ প্রদর্শন বা নিগ্রহ প্রদর্শন করানোর জন্য বা করা হতে বিরত রাখার জন্য, অথবা বাংলাদেশের সরকার ংবা আইনসভা দ্বারা কিংবা কোন সরকারী কর্মচারী দ্বারা কোন উপকার বা অপকার করার জন্য বা তা করানোর চেষ্টায় নিজের অপর কোন ব্যক্তির জন্য কারো নিকট থেকে কোনরূপ পারিতোষিক গ্রহণ করে, বা লাভ করে, বা গ্রহণ করতে সম্মত হয়, বা লাভ করতে চেষ্টা করে, তবে উক্ত ব্যক্তি তিন বৎসর পর্যন্ত যেকোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে অথবা অর্থ দণ্ডে অথবা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত হবে ।
১৬৩। সরকারী কর্মচারীর উপর ব্যক্তিগত প্রভাব বিস্তারের জন্য ঘুষ লওয়া
কোন ব্যক্তি যদি সরকারী কর্মচারীর উপর তার ব্যক্তিগত প্রভাব প্রয়োগ করে উক্ত সরকারী কর্মচারীকে দিয়ে কোন সরকারী কাজ করানোর বা করা হতে বিরত রাখার উদ্দেশ্যে বা পুরস্কার হিসাবে, অথবা সরকারী দায়িত্ব পালনকালে কোন ব্যক্তিকে অনুগ্রহ প্রদর্শন বা নিগ্রহ প্রদর্শন করানোর বা করা হতে বিরত রাখার জন্য, অথবা বাংলাদেশের সরকার বা আইনসভা দ্বারা কিংবা কোন সরকারী কর্মচারী দ্বারা কোন উপকার বা অপকার করানোর জন্য বা তা করানোর চেষ্টায় নিজের বা অপর কোন ব্যক্তির জন্য কারো নিকট থেকে কোনরূপ পারিতোষিক গ্রহণ করে, বা লাভ করে, বা গ্রহণ করতে সম্মত হয়, বা লাভ করতে চেষ্টা করে, তবে সে ব্যক্তি এক বৎসর পর্যন্ত যে কোন মেয়াদের বিনাশ্রম কারাদণ্ডে অথবা অর্থ দণ্ডে অথবা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত হবে।
উদাহরণ
Illustration
কোন বিচারকের কাছে মামলার সওয়াল জবাব করার জন্য যে আইনজীবী পারিশ্রমিক গ্রহণ করেন, সরকারের কাছে কোন স্মারকলিপি পেশকারীর কার্যাবলি ও দাবি-দাওয়া উত্থাপন করে স্মারকলিপি প্রণয়ন ও পরিশোধনের জন্য যে ব্যক্তি পারিশ্রমিক গ্রহণ করেন; কোন দণ্ডিত অপরাধীর বেতনভুক্ত প্রতিনিধি যিনি অপরাধীকে শাস্তি প্রদান অনুচিত বা অন্যায় হয়েছে বলে প্রতীয়মান করে সরকারের কাছে লিপি বা উক্তি দাখিল করেন, ইহাদের ক্ষেত্রে এই ধারাটি প্রয়োগযোগ্য হবে না, কেননা ইহারা ব্যক্তিগত প্রভাব প্রয়োগ করেন না, বা করেন বলে দাবি করেন না।
১৬৪। সরকারী কর্মচারী কর্তৃক ১৬২ বা ১৬৩ ধারায় বর্ণিত অপরাধসমূহে সহায়তা করিবার শাস্তি
যে সরকারী কর্মচারীকে জড়িত করে উপরে উল্লেখিত সর্বশেষ দুইটি ধারায় বর্ণিত অপরাধসমূহের কোনটি অনুষ্ঠিত হয়, সে সরকারী কর্মচারী যদি সে অপরাধ সংঘটনে সহায়তা করেন, তবে তিনি তিন বৎসর পর্যন্ত যে কোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে অথবা অর্থ দণ্ডে অথবা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত হবেন।
উদাহরণ
Illustration
ক একজন সরকারী কর্মচারী। খ তার স্ত্রী। স্বামীকে প্রভাবিত করে চাকরির সংস্থান করে দেওয়ার উদ্দেশ্যে খ জনৈক ব্যক্তির নিকট থেকে একটি উপহার গ্রহণ করেন। ক তার স্ত্রীর কার্যে সহায়তা করেন। খ অনধিক এক বৎসর মেয়াদের জন্য কারাদণ্ডে অথবা অর্থ দণ্ডে অথবা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত হবেন । ক তিন বৎসর পর্যন্ত যে কোন মেয়াদের জন্য কারাদণ্ডে অথবা অর্থ দণ্ডে অথবা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত হবে।
১৬৫। সরকারী কর্মচারী কর্তৃক তাহার কার্যের সহিত জড়িত কোন ব্যক্তির নিকট হইতে বিনামূল্যে কোন মূল্যবান বস্তু গ্রহণ করা
যদি কোন সরকারী কর্মচারী বিনামূল্যে বা যে মূল্য অপর্যাপ্ত বলে তিনি অবগত এমন মূল্যে তার নিজের বা অপর কারে জন্য এমন কোন ব্যক্তির নিকট থেকে কোন মূল্যবান বস্তু গ্রহণ করেন বা আদায় করেন বা গ্রহণ করতে সম্মত হন বা যে ব্যক্তি তাঁর গৃহীত বা সম্পাদিত কার্যক্রমের সাথে অথবা তৎকর্তৃক অচিরে যে কার্যক্রম বিষয় গৃহীত বা সম্পাদিত হবে উহার সাথে সম্পর্কযুক্ত হয়েছে বা হচ্ছে বা হতে পারে বলে তিনি অবগত, অথবা তার বা তিনি যে সরকারী কর্মচারীর অধঃস্তন বেসরকারি কর্মচারীর সরকারী কার্যাবলির সাথে জড়িত আছে বলে জানেন, অথবা অনুরূপভাবে জড়িত ব্যক্তির সাথে যে ব্যক্তি সম্পর্কযুক্ত বা স্থার্থসংশ্লিষ্ট বলে তিনি অবগত, তা হলে তিনি তিন বৎসর পর্যন্ত যে কোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে অথবা অর্থ দণ্ডে অথবা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত হবেন।
উদাহরণসমূহ – Illustrations
(ক) ক জনৈক কালেক্টর। তিনি চ-এর একটি বাড়ি ভাড়া করেন। ক-এর কোর্টে চএর একটি সেটেলমেন্টের মামলা চলছে। ক চ-এর বাড়ি ভাড়া করে চুক্তি করেন যে, তিনি বাড়ি ভাড়া বাবদ চ-কে মাসিক পঞ্চাশ টাকা দিবেন। কিন্তু বাড়িটি এমন উন্নতমানের যে সততার সাথে চুক্তি করলে ক-কে উহার ভাড়াস্বরূপ মাসিক দুইশত টাকা ভাড়া দিতে হত। ক পর্যাপ্ত মূল্য বা যথোপযুক্ত মূল্য না দিয়ে চ-এর নিকট থেকে একটি মূল্যবান বস্তু লাভ করেছেন।
(খ) ক জনৈক বিচারক। তার আদালতে চ-এর একটি মামলা চলছে। ক চ-এর গভর্নমেন্ট প্রমিসরি নোট অধিক মূল্যে বিক্রয় হচ্ছে। ক পর্যাপ্ত বা যথোপযুক্ত মূল্য না দিয়ে চ-এর নিকট থেকে মূল্যবান বস্তু লাভ করেছেন।
(গ) ক জনৈক ম্যাজিস্ট্রেট। মিথ্যা সাক্ষ্যদানের অভিযোগে চ-এর ভাইকে গ্রেফতার করে তার আদালতে উপস্থিত করা হয়। ক চ-এর কাছে কোন ব্যাংকের কয়েকটি শেয়ার অধিক মূল্যে বিক্রয় করেন। কিন্তু বাজারে উক্ত ব্যাংকের শেয়ার কম মূল্যে বিক্রয় হচ্ছে। , চ ক-কে অধিক মূল্যেই শেয়ারগুলির দাম চুকিয়ে দেয়। এইভাবে ক যে অর্থলাভ করলেন তা পর্যাপ্ত বা যথোপযুক্ত মূল্য ছাড়া প্রাপ্ত সম্পদ বলে পরিগণিত হবে।
১৬৫ক। ১৬১ ও ১৬৫ ধারার অপরাধে প্ররোচনা দেওয়া
কোন ব্যক্তি ১৬১ ধারামতে অথবা ১৬৫ ধারামতে দণ্ডনীয় কোন অপরাধ সংঘটনে সহায়তা করলে অপরাধ জন্য বিহিত দণ্ডে দণ্ডিত হবে-সহায়তার ফলে অপরাধটি অনুষ্ঠিত হোক বা না হোক তাতে কিছু যায় আসে না।
১৬৫খ। ১৬১ ও ১৬৫ ধারার অপরাধে প্ররোচনা দেওয়া
সম্পূর্ণ বর্ণনা: কোন ব্যক্তি যদি প্রকৃতপক্ষেই প্ররোচিত হয়ে, বাধ্য হয়ে, হুমকির ফলে বা ভীতি প্রদর্শনের ফলে ১৬৫ ধারায় উল্লেখিত কোন সরকারী কর্মচারীকে ১৬১ ধারায় উল্লেখিত উদ্দেশ্যগুলির অন্যতম উদ্দেশ্যে উক্ত ধারায় উল্লেখিত পারিতোষিক দেওয়ার প্রস্তাব করে বা দেয়, কিংবা বিনামূল্যে বা অপর্যাপ্ত মূল্যের বিনিময়ে কোন মূল্যবান বস্তু দেওয়ার প্রস্তাব করে বা দেয়, তবে সে ব্যক্তি ১৬১ ধারা বা ১৬৫ ধারা অনুযায়ী দণ্ডনীয় অপরাধ সংঘটনের সহায়তার দায়ে অপরাধী বলে পরিগণিত হবে না।
১৬৬। কোন ব্যক্তির ক্ষতি করার উদ্দেশ্যে সরকারী কর্মচারী কর্তৃক আইনের নির্দেশ লংঘন
কোন ব্যক্তি যদি সরকারী কর্মচারী হয়ে জ্ঞাতসারে আইনে তাকে সরকারী কর্মচারী হিসেবে যেরূপ আচরণের নির্দেশ দেওয়া হয়েছে কোন ব্যক্তির ক্ষতি সাধনের উদ্দেশ্যে সেরূপ কোন নির্দেশ অমান্য করেন, অথবা তার এইরূপ অমান্য করার দরুণ কোন ব্যক্তির ক্ষতি হতে পারে বলে জানা সত্ত্বেও সেরূপ কোন নির্দেশ অমান্য করেন, তবে তিনি এক বৎসর পর্যন্ত যে কোন মেয়াদের বিনাশ্রম কারাদণ্ডে অথবা অর্থ দণ্ডে অথবা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত হবেন।
উদাহরণ
Illustration
কোন বিচারালয়ে চ-এর স্বপক্ষে একটি ডিক্রি দেওয়া হয়েছে। ডিক্রিটি কার্যকরীকরণের উদ্দেশ্যে জনৈক কর্মকর্তা ক-কে নির্দেশ দান করা হয়েছে সম্পত্তি ক্রোক করতে । ক জ্ঞাতসারে এবং চ-এর ক্ষতি হতে পারে বলে জানা সত্ত্বেও আইনের এই নির্দেশটি অমান্য করে । ক এই ধারায় বর্ণিত অপরাধে অপরাধী হবে।
১৬৭। ক্ষতি করার উদ্দেশ্যে সরকারী কর্মচারী কর্তৃক ভূল দলিল প্রণয়ন
কোন ব্যক্তি যদি সরকারী কর্মচারী হয়ে এবং অনুরূপ সরকারী কর্মচারী হিসেবে কোন দলিল প্রণয়ন বা অনুবাদের ভারপ্রাপ্ত হয়ে অন্য কোন ব্যক্তির ক্ষতি সাধনের উদ্দেশ্যে এমনভাবে দলিলটি প্রণয়ন বা অনুবাদ করেন যা ভুল বলে তিনি জানেন এইরূপ ভুল দলিল প্রণয়ন বা অনুবাদের ফলে অন্য কোন ব্যক্তির ক্ষতি হতে পারে বলে জানা সত্ত্বেও তা করেন, তবে তিনি তিন বৎসর পর্যন্ত যে কোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে অথবা অর্থ দণ্ডে অথবা উভয়বিধ দন্ডেই দণ্ডিত হবেন।
১৬৮। সরকারী কর্মচারী কর্তৃক বেআইনীভাবে ব্যবসা করা
যদি কোন কর্মচারী সরকারী কর্মচারী হিসেবে ব্যবসায়ে লিপ্ত না হতে আইনত বাধ্য থাকা সত্ত্বেও ব্যবসায়ে লিপ্ত হন, তবে তিনি এক বৎসর পর্যন্ত যে কোন মেয়াদের বিনাশ্রম কারাদণ্ডে অথবা অর্থ দত্তে অথবা উভয়। দণ্ডেই দণ্ডিত হবেন।
১৬৯। সরকারী কর্মচারী কর্তৃক বেআইনীভাবে সম্পত্তি ক্রয় বা নিলাম ডাকা
যদি কোন সরকারী কর্মচারী হিসেবে কোন বিশেষ সম্পত্তি ক্রয় বা ক্রমের জন্য দরকষাকষি না করতে আইনতঃ বাধ্য থাকা সত্ত্বেও নিজের নামে অথবা অন্য কারো নামে অথবা যুক্তভাবে অথবা অন্যান্যের সাথে অংশ নিয়ে উক্ত সম্পত্তি ক্রয় করেন বা ক্রয় করার জন্য দরকষাকষি করেন, তবে তিনি দুই বৎসর পর্যন্ত যে কোন মেয়াদের বিনাশ্ৰম কারাদণ্ডে অথবা অর্থ দণ্ডে অথবা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত হবেন; এবং সম্পত্তিটি ক্রয় করা হয়ে থাকলে তা বাজেয়াপ্ত হবে।
১৭০। ভুয়া সরকারী কর্মচারী বলিয়া পরিচয় দেওয়া
কোন ব্যক্তি যদি কোন পদে অধিষ্ঠিত নয় বলে জানা সত্ত্বেও সে পদে অধিষ্ঠিত রয়েছে বলে পরিচয় দেয় অথবা অন্য যে ব্যক্তি যে পদে অধিষ্ঠিত আছে নিজেকে সে পদে অধিষ্ঠিত সে ব্যক্তি বলে ছদ্মবেশ ধারণ করে এবং এইরূপ মিথ্যা ছদ্মবেশ ধারণ করে সে পদের অধিকার বলে কোন কাজ করে বা করতে চেষ্টা করে, তবে সে ব্যক্তি দুই বৎসর পর্যন্ত যে কোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম করাদণ্ডে, অথবা অর্থ দণ্ডে অথবা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত হবে।
১৭১। অসৎ উদ্দেশ্যে সরকারী কর্মচারীর পোশাক পরিধান বা চিহ্ন বহন
কোন ব্যক্তি যদি সরকারী কর্মচারীদের কোন বিশেষ শ্রেণীর আওতাভুক্ত না হওয়া সত্ত্বেও উক্ত শ্রেণীর সরকারী কর্মচারীদের পরিধেয় বা ব্যবহার্য পোশাক বা প্রতীকের সদৃশ পোশাক বা প্রতীক পরিধান বা ব্যবহার করে এবং ইহার ফলে সে সরকারী কর্মচারীদের উক্ত শ্রেণীর আওতাভুক্ত বলে বিশ্বাস সৃষ্টি হবে এইরূপ উদ্দেশ্যে যদি তা করে, অথবা অনুরূপ বিশ্বাস সৃষ্টি হতে পারে বলে জেনেই তা করে, তবে সে ব্যক্তির তিন মাস পর্যন্ত যে কোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে অথবা দুইশত টাকা পর্যন্ত যে কোন পরিমাণ অর্থ দণ্ডে, অথবা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত হবে।