04 Mar 2026 +880 1886 456688
image

Laws & Rules

মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি আইন, ২০০৬
Click here for Deep-Dive

চতুর্থ অধ্যায় : সনদ, ইত্যাদি ( Microcredit Act, 2006 )
১৫। সনদ, ইত্যাদি

(১) কর্তৃপক্ষের সনদ ব্যতীত কোন ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান ক্ষুদ্রঋণ সংক্রান্ত কোন কার্যক্রম পরিচালনা করিতে পারিবে না৷

(২) এই আইন বলবত্ হইবার পূর্বে কোন ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনায় নিযুক্ত থাকিলে সংশ্লিষ্ট ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানকে এই আইন বলবত্ হইবার ৬ (ছয়) মাসের মধ্যে ধারা ১৬ এর বিধান অনুসারে কর্তৃপক্ষের নিকট সনদের জন্য আবেদনপত্র দাখিল করিতে হইবে৷

(৩) উপ-ধারা (১) এ যাহা কিছুই থাকুক না কেন, উপ-ধারা (২) এর অধীন দালিখকৃত আবেদনপত্র কর্তৃপক্ষ কর্তৃক মঞ্জুর বা নামঞ্জুর হওয়া পর্যন্ত আবেদনকারী তাহার কার্যক্রম অব্যাহত রাখিতে পারিবে৷

১৬। সনদ ইস্যুকরণ পদ্ধতি

(১) ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনার নিমিত্ত ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করিতে ইচ্ছুক ব্যক্তিকে কর্তৃপক্ষের নিকট নির্ধারিত ফরম ও পদ্ধতিতে আবেদনপত্র দাখিল করিতে হইবে৷

(২) এই ধারার অধীন সনদ ইস্যুকরণ বা নবায়নের জন্য আবেদনকারীকে নির্ধারিত ফিস প্রদান করিতে হইবে৷

(৩) উপ-ধারা (১) এর অধীন আবেদনপত্র প্রাপ্তির পর কর্তৃপক্ষ আবেদনপত্রের সাথে দাখিলীয় সকল তথ্যাদি সম্পর্কে নিশ্চিত হইবে এবং নির্ধারিত সময় ও পদ্ধতিতে আবেদনকারী বরাবরে নির্ধারিত ফরমে সনদ ইস্যু করিবে৷

(৪) কর্তৃপক্ষ কর্তৃক কোন আবেদনকারীর আবেদন যথাযথ বিবেচিত না হইলে আবেদনকারীকে যুক্তিসঙ্গত শুনানীর সুযোগ প্রদান করিয়া আবেদনটি নির্ধারিত সময় ও পদ্ধতিতে নামঞ্জুর করিতে হইবে এবং উক্ত সিদ্ধান্তের যথাযথ কারণ উল্লেখপূর্বক উহা আবেদনকারীকে লিখিতভাবে অবহিত করিতে হইবে৷

(৫) উপ-ধারা (৪) এর অধীন সনদ সংক্রান্ত আবেদন নামঞ্জুর করা হইলে সংক্ষুব্ধ ব্যক্তি সিদ্ধান্ত সম্পর্কে অবহিত হইবার অনধিক ৩০ (ত্রিশ) দিনের মধ্যে কর্তৃপক্ষের নিকট বিষয়টি পুনর্বিবেচনার জন্য আবেদন করিতে পারিবে এবং উক্তরূপ আবেদনের ভিত্তিতে কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত আদেশ চূড়ান্ত বলিয়া গণ্য হইবে৷

১৭। সনদের শর্ত, ইত্যাদি

(১) এই আইনের অধীন মঞ্জুরীকৃত সনদের শর্ত ও অধিক্ষেত্র, সনদ বাতিল বা সাময়িক স্থগিতকরণ, প্রত্যর্পণ এবং ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের মূলধনের পর্যাপ্ততা, উপার্জনের সম্ভাব্যতাসহ আনুষঙ্গিক সকল বিষয়াদি বিধি দ্বারা নির্ধারিত হইবে৷

(২) কোন সনদ বা উহার অধীন অর্জিত স্বত্ব, সম্পূর্ণ বা আংশিকভাবে, হস্তান্তরযোগ্য হইবে না এবং এইরূপ হস্তান্তর ফলবলবিহীন (void) হইবে৷

(৩) ধারা ১৬ এর উপ-ধারা (৩) এর অধীন সনদ ইস্যু করার সময় কর্তৃপক্ষ এই আইন বা তদধীন প্রণীত বিধির সহিত সঙ্গতিপূর্ণ যে কোন শর্ত সংশ্লিষ্ট সনদে উল্লেখ করিতে পারিবে এবং কর্তৃপক্ষ উক্ত শর্ত যে কোন সময় পরিবর্তন করিতে পারিবে৷

(৪) উপ-ধারা (৩) এর অধীন কোন শর্ত পরিবর্তন করা হইলে সনদপ্রাপ্ত প্রত্যেক প্রতিষ্ঠান উহা মানিয়া চলিতে বাধ্য থাকিবে৷

১৮। সনদপ্রাপ্ত ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান কর্তৃক বাত্সরিক ফিস প্রদান

এই আইনের অধীন সনদপ্রাপ্ত প্রতিটি ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানকে নির্ধারিত বাত্সরিক ফিস বা অন্য কোন ফি কর্তৃপক্ষ বরাবরে প্রদান করিতে হইবে৷

img